All posts by lutfor

সাতক্ষীরায় প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ৩৬ সদস্য আটক

সাতক্ষীরার কলারোয়া থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকাল ৮টার দিকে কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করে র‌্যাব ৬-এর একটি দল।

আটককৃতদের মধ্যে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আটকের পর তাদের সবাইকে খুলনায় নিয়ে গেছে র‌্যাব। সেখানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার সকাল ১০টায়।

তৃতীয় সপ্তাহেও কমেছে সবজির দাম

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহের মতো তৃতীয় সপ্তাহেও এসে রাজধানীর কাঁচাবাজারগুলোতে কিছুটা দাম কমেছে বিভিন্ন শাকসবজির৷

শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার সিটি করপোরেশন বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা গেছে, বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। কচুরলতি ৪০ টাকা, করলা ৫০ টাকা, পটল ৩৫ টাকা, বরবটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৫৫ টাকা, টমেটো ৪০ টাকা। এ ছাড়া, কাঁকরোল ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ধুন্দুল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪৫ টাকা। কাঁচা মরিচের কেজি ৭০ টাকা।

তবে পেঁপে ও শসার দাম ৫ টাকা বেড়েছে। পেঁপে ৬০ টাকা, শসা ৪০ টাকায় বিক্রি হচ্ছে৷ লেবু হালি মান ভেদে ২০ থেকে ৪০ টাকা। এ ছাড়া, লাউ প্রতি পিস ৬০ টাকা, পুঁই শাক ২০ টাকা, লাল শাক ১০ টাকা আটি।

বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। রসুনের দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা। আদা আগের দামে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের: সাকিব

বিশ্বকাপের আগে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তিনি বলেছেন, এবার বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ আছে টাইগারদের।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ধারাবাহিক পারফরম্যান্স লাল-সবুজ জার্সিধারীদের নকআউট পর্ব উতরাতে সহায়তা করবে। এমনকি টুর্নামেন্টও।

বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমি মনে করি, এবার বাংলাদেশের বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা আছে। তবে টুর্নামেন্টের ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমরা আমাদের যদি সেরাটা দিতে পারি এবং সেটা করতে পারি, তা হলে অবশ্যই নকআউটে কোয়ালিফাইং করতে পারব। এর পর পরের পর্বে যেতে পারব। আমি আত্মবিশ্বাসী, এ আসরে আমরা ভালো করব।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, অবশ্যই এবার শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা আছে আমাদের। তবে স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য আমাদের একত্রে অনেক বিষয় ক্লিক করতে হবে। এবারের আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। তবে আমি কঠোর পরিশ্রম করেছি। নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশে। সেখানে দারুণ করেছেন তরুণ ক্রিকেটার সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেনরা। বিশ্বমঞ্চেও তাদের কাছ থেকে সেটা চান সাকিব। তার বিশ্বাস, অভিজ্ঞ ও তরুণরা মিলে নিজেদের সর্বোচ্চটা দিতে পারলেই বৈশ্বিক এ ট্রফি জেতা সম্ভব।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, প্রতিপক্ষ সেই প্রোটিয়ারা।

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

আজ শুক্রবার ডাউনিং স্ট্রিটে এক আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ সময় মে জানান, আগামী ৭ জুন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

মে আরো জানান, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্রেক্সিট ইস্যুতে বারবার ব্যর্থ হয়ে বেশ চাপের মুখে রয়েছেন থেরেসা মে।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তাঁর নতুন পরিকল্পনা মন্ত্রিসভায় ও পার্লামেন্টে অনুমোদিত না হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে।

আগামী ৩১ অক্টোবর ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার তারিখ নির্ধারিত থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির পার্লামেন্ট।

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের প্রচণ্ড ভিড়

ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড় করেছেন আগ্রহীরা। শুক্রবার সকাল থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। অনেকেই রাত থেকে ভিড় করেছেন টিকিট কিনতে। আজ দেওয়া হচ্ছে ২ জুনের টিকিট। একজন যাত্রী চারটি টিকিট সংগ্রহ করতে পারছেন। কালোবাজারি এড়াতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।

কমলাপুর থেকে বিক্রি হচ্ছে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

ঢাকা থেকে সবগুলো আন্তঃনগর ট্রেন মিলিয়ে দিনে প্রায় ৩০ হাজার ট্রেনের টিকিট রয়েছে। এর মধ্যে ৫ ভাগ রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও ৫ ভাগ ভিআইপি ছাড়া বাকি সব টিকিটের ৫০ শতাংশ অনলাইন ও এসএমএস ও অ্যাপে পাওয়ার কথা থাকলেও অ্যাপে টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবহারকারীদের। অনেকে বলেন, রেলসেবা অ্যাপে টিকিট সংগ্রহের চেষ্টা করে না পেয়ে আজ ভোরে বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছেন। লাইনে দাঁড়িয়েও অ্যাপে চেষ্টা চলছে টিকিট কাটার।

উল্লেখ্য, আগামীকাল ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে ৪ জুনের টিকেট বিক্রি করা হবে। আর ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের এবং ২ জুন ১১ জুনের ফিরতি টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা  হচ্ছে।

সাহায্য ছাড়া খালেদা জিয়া বিছানা থেকে উঠতে পারছেন না: ফখরুল

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তিনি অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেই পারছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি নেতা অভিযোগ করেন, ‘চিকিৎসা না হলে যে পরিণতি হতে পারে, বিএনপির চেয়ারপাসন কারাবন্দি খালেদা জিয়াকে সরকার এখন সেদিকেই নিয়ে যাচ্ছে। তাঁর প্রতি সরকারের আচরণ অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

আজ শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সরকার রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার প্রাপ্য জামিন না দিয়ে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাবন্দি করে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘সরকার এত দুর্বল কেন? রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সবকিছুতে আইন-আদালত ব্যবহার করছে সরকার। যেসব মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়ার কথা, সরকার আদালতকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে সেগুলোতেও জামিন দিচ্ছে না।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘উনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকেও উঠতে পারছেন না। আগে বাঁ হাত নাড়াতে পারতেন না, এখন ডান হাতও নড়াচড়া করতে পারেন না।’

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারের উচিত ছিল খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে বুলেটিন দেওয়া। কিন্তু আজ পর্যন্ত তারা এমন কিছু করেনি। তারা কি খালেদা জিয়াকে জেলখানায় মেরে ফেলতে চাচ্ছে? আমি আবারও বলতে চাই, দেশনেত্রীর কোনো ক্ষতি হলে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সরকার।’

ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ভারতের নির্বাচন নিয়ে পরে বিবৃতি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, এম এ কাইয়ূম প্রমুখ।

আওয়ামী লীগ সরকার অমানবিক নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সরকার অমানবিক নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়া আইনগত কারণেই কারাগারে আছেন। শুক্রবার (২৪ মে) সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় ভারতে পুনরায় বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হবে, এমন অমানবিক নিষ্ঠুর কাজ এ সরকার করবে না।

তিনি আরও বলেন, আমরা আশা করব তিস্তার অমীমাংসিত বিষয়গুলো বাস্তবায়ন করতে যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হবে।

এ কী অদ্ভুত সাজে প্রিয়াঙ্কা ও দীপিকা!

সোশ্যাল মিডিয়াতে একটাই খবর। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত মেট গালায় এ কোন সাজে বলিউড নায়িকারা! ওই অনুষ্ঠানে লাল গালিচায় হেঁটে আসা প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনের সাজ এখন ভাইরাল। বিশেষ করে প্রিয়াঙ্কার।এই বছর, এই নিয়ে তৃতীয়বার মতো মেট গালায় যোগ দিচ্ছেন প্রিয়াঙ্কা। এবার তার সঙ্গী স্বামী নিক জোনাসও। দম্পতির সাজ বলাবাহুল্য একেবারে অন্যরকম ও অদ্ভুত। প্রিয়াঙ্কা চোপড়ার পরণে একটি পালকের স্তরের পোশাক এবং নিক জোনাসের পরণে পুরনো দিনের স্টাইলের সাদা স্যুট।অন্যদিকে, দীপিকা পাডুকোন পরেছিলেন একটি জ্যাক পোসেন কাস্টম মেটালিক গোলাপী গাউন বেছে নিয়েছেন। প্রিয়াঙ্কার হেয়ার স্টাইলিস্টরা মুকুটের মতো একটি অলঙ্কার দিয়ে প্রিয়াঙ্কার চুল কোঁকড়ানো করে দিয়েছিলেন এবং দীপিকার স্টাইলে ছিল উঁচু করে পাফ করা পনিটেল।এখানে চলতি বছরের মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোন ছবি রইল কিছু। ৩৬ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নেটের একটি গাউন, যেটা আবার থাই হাই স্লিটযুক্ত, সঙ্গে নকশা করা পালকের হেমসমেত পোশাক পরেছিলেন। পুরো পোশাকের সঙ্গে একটি পাতলা ফিনিফিনে জ্যাকেটও পরেছিলেন। প্রিয়াঙ্কার মেকআপ ও পোশাক দুই নিয়েই বিস্তর হাসাহাসি করেছেন নেটিজেনদের একাংশ।গত দুই বারই নিরাপদ ম্যাচ খেলেছেন দীপিকা পাডুকোন, এই বছর একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনিও। তার পোশাকের চেয়েও তার অতিরঞ্জিত মেকআপ ছিল চোখে পড়ার মতো। দীপিকার স্টাইলিস্টদের দল ঠোঁটের রঙ হিসেবে বেছে নিয়েছিলেন গাঢ় রঙ এবং চোখের মেকআপে ব্যবহার করেছিলেন গ্লিটার।এই বছর মেটা গালার থিম ছিল ১৯৬৪ সালে আমেরিকান লেখক সুসান সোন্তগের লেখা প্রবন্ধ, ‘নোটস অন ক্যাম্পে’র উপর ভিত্তি করে এবং থিমটির পোশাকি নাম ছিল ‘ক্যাম্প: নোটস অন ফ্যাশন’।মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রধান কিউরেটার অ্যান্ড্রু বোল্টন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “ক্যাম্পটির বৈশিষ্ট্যই হল বিপর্যয়কর অবস্থা। তথাকথিত স্টেটাসের মুখোমুখি হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতা করা…এবং শেষমেশ, ক্যাম্পের উদ্দেশ্য আমাদের মুখে হাসি ফোটানো এবং আমাদের অন্তরে আনন্দের উষ্ণতা নিয়ে আসা।”

রাজধানীতে ডিসেম্বরেই চলবে মেট্রোরেল

দেশের প্রথম মেট্রোরেল সেবা আর কিছুদিনের মধ্যেই উপভোগ করতে পারবে রাজধানীবাসী। সবকিছু ঠিকমত পূর্ব ঘোষণা অনুসারে ২০১৯ সালের ডিসেম্বরেই বহুল প্রত্যাশিত রাজধানীবাসীর মেট্রোরেল ‘এমআরটি লাইন সিক্স’ বাস্তব রূপ পেতে শুরু করেছে।

উত্তরার দিয়াবাড়ি হতে পল্লবী হয়ে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪০ ভাগ। জুলাই মাসের পর শুরু হবে রেল লাইন বাসানোর কাজ।

সরেজমিন দেখা যায় মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া শেঁওড়াপাড়া হয়ে আগারগাঁও পর্যন্ত বিরামহীন কাজ চলছে। শুধু তাই নয়, সাড়ে তিন কিলোমিটার ভায়া-ডাক্টের সাথে সাথে এগিয়েছে চলছে নয়টি স্টেশন নিমার্ণের কাজও। জুলাই মাসে শুরু হবে রেললাইন ও বিদ্যুতের যন্ত্রপাতি স্থাপন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন ছিদ্দিক বলেন, কাজের গতি আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। চলতি মাস পর্যন্ত এ অংশে কাজ এগিয়েছে ৪০ ভাগের ওপরে। যে জায়গাগুলোতে ভায়ালাইল হয়ে গেছে সে জায়গাগুলোতে রেললাইন বসানো শুরু হবে।

যথা সময়ে শুরু হওয়া ও বাধাহীনভাবে আটটি প্যাকেজে বিভক্ত প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ায়, সময়মতো প্রথম পর্যায়ে মেট্রো চালু করতে কোনো প্রতিবন্ধকতা দেখছেন না যোগাযোগ বিশেষজ্ঞরা।

৮ নম্বর প্যাকেজের আওতায়, জাপানোর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিৎসুবিশি রোলিং স্টক বা রেল কোচ ও ডিপোর নকশা চূড়ান্ত হয়ে নিমার্ণ কাজ চলছে। চলতি বছরের শেষে অন্তত ৪ সেট ট্রেন দিয়ে শুরু হচ্ছে প্রথম মেট্রোরেল যুগের।

৫২ ভেজাল পণ্যের বিষয়ে সরকার কী করছে : প্রশ্ন হাইকোর্টের

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ল্যাবে পরীক্ষায় অনুত্তীর্ণ ৫২টি মানহীন পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং এসব পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছে কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)।

বৃহস্পতিবার (৯ মে) ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটির’ (সিসিএস) পক্ষে উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

রিট আবেদনের সঙ্গে বিএসটিআই কর্তৃক প্রকাশিত ভেজাল ৫২টি পণ্যের তালিকা সংযুক্ত করা হয়েছে। পণ্যের গুণগতমান বিএসটিআই কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ৫২টি পণ্যের উৎপাদন বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

ভোক্তা অধিকার সংস্থা সিসিএস’র রিটে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটের শুনানির শুরুতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার শিহাব আদালতের উদ্দেশে বলেন, আমি, আপনি (বিচারপতিগণ) ও আমাদের শিশুরা ভেজাল খাদ্যপণ্য গ্রহণ করছে। বিএসটিআই প্রেস ব্রিফিং করে এসব ভেজাল পণ্যের তথ্য তুলে ধরলেও, তারা পণ্যগুলো এখনও জব্দ করেনি।

রিটকারী আইনজীবীর এ কথার প্রেক্ষিতে আদালত বলেন, এসবের মধ্যে কমন পণ্য কি কি রয়েছে? রুপচাঁদা ও তীরের সয়াবিন তেলসহ অনেক নামি-দামি ব্র্যান্ডের পণ্য আছে দেখছি! প্রাণ, ফ্রেশের হলুদের গুঁড়াতেও ভেজাল, তাহলে আমরা কোথায় আছি?

এ পর্যায়ে ব্যারিস্টার শিহাব প্রশ্ন করেন, আমাদের শিশুরাও এসব খাদ্যপণ্য গ্রহণ করছে, আমরা তাহলে কী করব?

ভেজাল পণ্য রোধ করা বা জব্দ করার কাজ সরকারের উল্লেখ করে আদালত বলেন, এগুলো তাদের দেখা উচিত। আমরা সাধারণ মানুষের মামলা দেখব, নাকি এসব মামলা দেখব? ডেপুটি অ্যাটর্নি জেনারেল কোথায়?

এ পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান শুনানির জন্য দাঁড়ালে আদালত তার উদ্দেশে প্রশ্ন করেন, কী ব্যাপার? প্রতিদিন এসব ভেজাল ও নিম্নমানের পণ্য নিয়ে আদালতে মামলা আসছে। সরকার কী করছে? বিশেষ ক্ষমতা আইনে এসব বিষয়ে সাজার বিধান নেই? উত্তরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

বিএসটিআইয়ের অনুত্তীর্ণ তালিকায় রূপচাঁদা, তীরের মতো ব্র্যান্ডের নিত্যপ্রয়োজনীয় পণ্যের নাম আসছে, বিএসটিআই শুধু শোকজ করেছে মন্তব্য করে আদালত বলেন, ভেজাল নির্ণয়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে পণ্যগুলো তুলে নেয়া উচিত ছিল, এটাই নিয়ম। আমরা কি দেশ চালাই? কোর্ট কি দেশ চালায়? এটা সরকারের কাজ। তবুও এসব কীভাবে হয়? অথচ আমরা (আদালত) আদেশ দেই আর আমাদের সেই আদেশের সমালোচনা করা হয়। তাহলে এ মামলায় কাদেরকে তলব করা যায়?

রিটকারী ব্যারিস্টার শিহাব আদালতকে বলেন, বিএসটিআইয়ের মহাপরিচালককে বিষয়টির জন্য তলব করা যেতে পারে। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ডেপুটি পদস্থ কাউকে তলব করা যেতে পারে।

এরপর বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদফতরের ডেপুটি ডিরেক্টরের নিচে নয় এমন পদস্থ কর্মকর্তাদের কোর্টে আসতে বলে আদালত বলেন, এভাবে চলা যায় না। এই ব্র্যান্ডগুলো দেশ ছাড়াও বিদেশে রফতানি হচ্ছে। প্রাণ লাচ্ছা সেমাইতেও ভেজাল। তারা (বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তারা) কী করছেন? দেশে ভোক্তা অধিকার আইন রয়েছে। তা সত্ত্বেও কেন আমাদের (হাইকোর্টে) কাছে আসতে হবে? সেখানে কেন যাওয়া হয় না? ঠিক আছে, ওই দুই কর্মকর্তাকে তলব করা হোক এবং আমরা এ বিষয়ে আগামী রবিবার মামলাটি আদেশের জন্য রাখছি।