All posts by lutfor

মধ্যপ্রাচ্যে যেকোনো যুদ্ধের বিরুদ্ধে ইমরান খানের হুশিয়ারি

আঞ্চলিক সংঘাতের ঝুঁকির বিরুদ্ধে হুশিয়ারি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের পাকিস্তান সফরে তিনি এ কথা বলেন।-খবর রয়টার্সের

চলতি মাসে উপসাগরীয় অঞ্চলে সৌদি তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন এখন চরমে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আধিপত্য বিস্তারে সৌদি আরবকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

ওই তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করছে ওয়াশিংটন।

আঞ্চলিক অস্থিরতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও দেড় হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে দেশটি।

ইরানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চললেও তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে পাকিস্তান। ইমরান খান বলেন, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ায় আমি উদ্বিগ্ন। কিন্তু এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের নাম মুখে নেননি তিনি।

শুক্রবার এক বিবৃতিতে যেকোনো সংকটে যুদ্ধ কোনো সমাধান নয় বলে জোর দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, ইতিমধ্যে অস্থিতিশীল একটি অঞ্চলে আরও উত্তেজনা বেড়ে গেলে কারও স্বার্থই হাসিল হবে না। বর্তমান পরিস্থিতিতে সব পক্ষকেই সর্বোচ্চ সংযম অবলম্বন করতে হবে।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়াতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। দুই দিনের সফরে পাকিস্তানে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার বাড়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন।

তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই উত্তেজনা বড় হুমকি।

তিনশ’ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরাল ফেসবুক

তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রতিষ্ঠানের সর্বশেষ এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

২০১৮ সালের অক্টোবর হতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কী পরিমাণ পোস্ট এবং অ্যাকাউন্টের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। এই ছয় মাসের মধ্যে তিনশ’ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে ফেসবুক।

ভুয়া অ্যাকাউন্টের পাশাপাশি এই সময়ের মধ্যে রেকর্ড ৭০ লাখ “ঘৃণামূলক বক্তব্যের” পোস্ট সরিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটি।এছাড়া কী পরিমাণ মুছে ফেলা পোস্টের জন্য আপিল করা হয়েছে এবং যাচাইয়ের পর তা অনলাইনে ফেরত আনা হয়েছে তাও প্রথমবারের মতো জানিয়েছে ফেইসবুক।

ভালোকিছু পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকায় যানজটে জনগণ কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বলেছেন, ভালোকিছু পেতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে, মেট্রোরেল নির্মাণকাজ শেষ হলে যানজট কমে যাবে।

শনিবার গণভবনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২য় মেঘনা ও ২য় গোমতী সেতু জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে ২টি ফ্লাইওভার, ৪টি আন্ডারপাস গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন: মেট্রোরেলের কারণে যে জনদুর্ভোগ তার জন্য একটু কষ্ট হবেই। কিন্তু এর সুফল পরে পাওয়া যাবে। এখানে ১৬টা স্টেশন থাকবে। এর মাধ্যমে প্রায় ৬০ হাজার জনগণ চলাচল করতে পারবে।

আমাদের লক্ষ্য কাজের মধ্য দিয়ে দেশের মানুষের উন্নতি করা। আর এ লক্ষ্যেই আমরা কাজ কাজ করছি। জাতির পিতার দেখানো সেই নীতি সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরীতা নয়, সেই পথেই আমরা হাঁটছি।

প্রধানমন্ত্রী বলেন: আজ যে সেতুগুলো উদ্বোধন করতে যাচ্ছি সেগুলো আর্থ সামাজিক উন্নয়নসহ আঞ্চলিক সহযোগিতায় বিরাট অবদান রাখবে। যার কাছ থেকে আমরা উন্নয়ন সহযোগিতা পাচ্ছি তার কাছ থেকে আমরা তা গ্রহণ করছি। এর মাধ্যমে সাউথ এশিয়ান ও সাইথ ইস্ট দেশগুলোর সাথে আমরা যোগাযোগ করতে পারছি।

এখন যে সেতুগুলির উন্নয়ন করছি আশাকরি ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবো। আমরা পরিকল্পনা নিয়েছি সুষ্ঠুভাবে। সড়ক, নৌ, রেল, বিমান সবদিক থেকে যাতে মানুষের যোগাযোগ সহজ হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।

সড়ক দুর্ঘটনা রোধে নানা পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন: চালকদের বিশ্রামের জন্য মহাসড়কের পাশে আলাদা ব্যবস্থা করে দিচ্ছি। যাতে করে তারা একটা নির্দিষ্ট সময় পর বিশ্রাম নিতে পারে।

নজরুলের সঙ্গে বঙ্গবন্ধুর অনেক মিল ছিলো: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধুর অনেক মিল ছিলো। দুজনেই বাঙালির মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন।

শনিবার জাতীয় কবির ১২০তম জন্ম বার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের হানিফ বলেন, কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু দুজনেই ছিলেন পরম আশাবাদী মানুষ। বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা নিয়ে এদের মত করে আর কেউ স্বপ্ন দেখেনি। সেই স্বপ্নকে কালি ও কলমের মাধ্যমে কবিতায় রূপ দিয়েছেন নজরুল, আর বঙ্গবন্ধু করেছেন বাস্তব।

নজরুলকে অসাম্প্রদায়িক চেতনার কবি আখ্যা দিয়ে তিনি বলেন, নজরুল সাম্যের কবি। তিনি অসাম্প্রদায়িক চেতনার বাংলা চেয়েছিলেন, যে কারণে তার পাঠ এখনো প্রাসঙ্গিক। এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে নজরুলের চিন্তাকে কাজে লাগাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, নজরুল স্বদেশের মুক্তি প্রত্যাশা করতেন। লেখনীর মাধ্যমে তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সমগ্র ভারতের জনগোষ্ঠীকে জাগ্রত হওয়ার আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সচেতনভাবে হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রদায় নিরপেক্ষ সম্প্রীতিও প্রত্যাশা করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আব্দুস সালামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বরা নজরুলের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে ফুল দিয়ে সম্মান জানান সর্বস্তরের মানুষ।

দলীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বিজেপি

ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছিল রবিবার (১৯ মে)। মোট ৫৪৩ আসনের মধ্যে ৫৪২ আসনে ভোটগ্রহণ হয়। সরকার গঠন করতে কোনও দল বা জোটকে পেতে হবে ২৭২ আসন। সাত দফায় ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার(২৩ মে) ভোটযুদ্ধের ফলাফল ঘোষণা করার কথা থাকলেও ‘ইলেকসন কমিশন অব ইন্ডিয়া’ (ইসিআই) এর ফলাফল প্রকাশ করেছে শুক্রবারের প্রথম প্রহরে।

ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি( বিজেপি) একাই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে বেশি আসন পেয়েছে। ১৭ তম লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছে ৩০৩ টি আসন। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট মোট আসন ৩৫০ টি আসনে জয় পেয়েছে। ভরাডুবি হয়েছে বিজেপির বিরোধী শিবিরে। প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর কংগ্রেস পেয়েছে মাত্র ৫২ টি আসন। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯২ টি আসন। প্রধানমন্ত্রীকে জয়ের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। সুতরাং আগামী পাঁচ বছরের জন্য দিল্লির মসনদে বসতে যাচ্ছে ৩৫০ আসনে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ।

হিন্দি বলয়ে অর্থাৎ গুজরাট, এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে ভাল সাড়া পেয়েছে বিজেপি। । অন্যদিকে, বাংলা, ওড়িশা ও উত্তর-পূর্বেও প্রতিদ্বন্দ্বিতামূলক আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস-কুমারস্বামীর জোট ক্ষমতায় থাকা রাজ্য কর্ণাটকেও ভাল ফল করেছে বিজেপি।

নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমরা একসঙ্গে বেড়েছি। একসঙ্গে সমৃদ্ধ হচ্ছি। আমরা একসঙ্গে শক্তিশালী এবং সমৃদ্ধ ভারত তৈরি করব।

বিজেপি সভাপতি অমিত শাহ টুইট করেন, এটা ভারতের জয়। এই বড় জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এবং তার প্রতি আস্থার জয়।কোটি কোটি বিজেপি কর্মীর তরফে আমি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানাচ্ছি।

দ্বিতীয়বার জিতে ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ‘দেশের স্বার্থ’ রক্ষায় নজর দিতে বলেছেন। আমেঠিতে পরাজয় স্বীকার করে নেন তিনি এবং স্মৃতি ইরানিকে ওই অঞ্চলকে ভালোবাসার সাথে রক্ষা করতে বলেছেন।

রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিতে চেয়েছেন বলে খবর পাওয়া গেলেও তা গ্রহণ করতে চায় নি দল। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্ণাটকের ২৮ আসনের মধ্যে ২৫টি আসন পেয়েছে বিজেপি। সেখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ও কুমারস্বামীর জনতা দল সেকুলারের জোট। বৃহস্পতিবার এক বছর পূর্ণ করল কংগ্রেস সরকার।

রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে

খালেদা জিয়ার কারাগারে থাকা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় সঙ্কট। রাজনৈতিক কারণে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চিকিৎসা না হলে যে পরিণতি হতে পারে, খালেদা জিয়াকে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে।

শুক্রবার (২৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের আচরণ অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।’ তাই সুচিকিৎসার জন্য অবিলম্বে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবি জানান তিনি।

বিজেপিকে অভিনন্দন জানিয়ে চিঠি দিল বিএনপি

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় চিঠিতে অভিনন্দন জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে বলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

তিনি আরও জানান, বিএনপির এই অভিনন্দন বার্তা সংবলিত চিঠি আগামী দু-একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনে পৌঁছে যাবে।

শুক্রবার (২৪ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর গুলশানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমির খসরু এসব বলেন।

বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় এর প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের জনগণ সে দেশের সরকার নির্বাচিত করতে পেরেছে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।

ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, আমরা চাই দুই দেশের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্র এবং জনগণের সঙ্গে হবে।

প্রসঙ্গত, ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে বিজয় নিশ্চিত করেছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৯১ আসন। বিজেপি একাই তিনশ এর বেশি আসনে জয় পেতে যাচ্ছে।

তিস্তাসহ অমীমাংসিত সব সমস্যার সমাধান হবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোদীর সরকারের সময় অনেক সমস্যার সমাধান হয়েছে তাই ভারতে বিজেপি আবারও ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত সব সমস্যারও সমাধান হবে।

শুক্রবার (২৩ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক বিজয় নিয়ে অধিক শক্তিশালী হয়ে ক্ষমতায় আসছেন। আশাকরি এবার ভারতের সঙ্গে তিস্তাসহ বাংলাদেশের অমীমাংসিক সব সমস্যা সমাধান হবে।

খালেদার চিকিৎসার নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্ক কাদের বলেন, ‘বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মারবে এমন মানসিকতা পোষণ করে না সরকার। শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক নয়।’

এসময় ওবায়দুল কাদের জানান, ঈদের পর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

৮ বছর বয়সে ১০৬ ভাষা রপ্ত!

আট বছর বয়সে ১০৬টি ভাষা রপ্ত করে শোরগোল ফেলে দিয়েছে ভারতের চেন্নাইয়ের এক শিশু। এ বয়সে সে ১০৬টি ভাষায় লিখতে পড়তে ও বলতে পারে।

তাক লাগানো এই বিস্ময় বালক এখন চেন্নাইয়ের সুপারহিরো। নাম তার নিয়াল থগুলুভা।

এনডিটিভি জানায়, শুধু ভাষা রপ্ত করেই থেমে থাকেনি নিয়াল। ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে নিয়ে ইতিমধ্যেই সে ১০৬টি ভাষায় অনর্গল কথা বলতে পারে। শুধু কথা বলায় নয়; এসব ভাষায় নিজের মাতৃভাষার মতো লিখতেও পারে সে।

এ বিষয়ে নিলালের ভাষ্য, ‘আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। এভাবেই একসময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি।’

ছেলের এই বিরল প্রতিভার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন বাবা শঙ্কর নারায়ণন। নিয়াল পড়াশুনার পাশাপাশি এখন ভাষা নিয়েই মজে আছে। তার লক্ষ্য, পৃথিবীর সব ভাষা রপ্ত করা।

আজ বসছে পদ্মা সেতুর ১৩তম স্প্যান

কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ বসছে পদ্মা সেতুর ১৩তম স্প্যান। নদীর মাওয়া প্রান্তে আগে বসানো দশম স্প্যানের পাশে বসানো হবে এ স্প্যানটি। দুইটি স্প্যান পাশাপাশি বসাতে হলে যে লিফটিং ক্রেন ব্যবহার করা হয়, সেটিতে যান্ত্রিক জটিলতা দেখা দেয়ায় স্প্যান বসাতে বিলম্ব হয়। ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হলে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে প্রায় দুই কিলোমিটার সেতু।

স্বপ্নের সেতু ডানা মেলছে। কাজে আসছে দ্রুত দৃশ্যমান অগ্রগতি। জাজিরা প্রান্তে এক সাথে দৃশ্যমান প্রায় ১ কিলোমিটার সেতুর আদলে এখন দ্রুত মাওয়া প্রান্তের কাজও এগিয়ে নেয়া হচ্ছে।

আগে বসানো ১২টি স্প্যানের ৯টি একসাথে জাজিরা প্রান্তে। একটি স্প্যান বসানো হয়েছে মাঝনদীতে। আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে ২টি স্প্যান। এখন সেগুলোর একটির পাশেই যোগ করা হবে নতুন স্প্যানটি।

আগে এখানকার ১৩ ও ১৪ নম্বর পিলারে বসানো হয়েছিলো দশম স্প্যান। এখন তার পাশে ১৩তম স্প্যানটি বসানোর জন্য এরমধ্যে প্রস্তুত করে তোলা হয়েছে ১৫ নম্বর পিলারও। এ স্প্যানটি বসলে দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে ১ হাজার ৯৫০ মিটার সেতু।

আপাতত মূল নদীর মাওয়া প্রান্তে পুরো গতিতে কাজ চালিয়ে নেয়া গেলেও সমানের বর্ষা মৌসুমে তীব্র স্রোতের কারণে ব্যাহত হবে কাজ। সেটাকে ঘিরে তাই নিতে হচ্ছে বিশেষ পরিকল্পনা।

প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমাদের লোকেরা এই রাতের বেলা ঢেউ হোক বা তুফান, তারা তো নদীর মাঝে ছোট ছোট স্পিডবোট দিয়ে আসা যাওয়া করছে। এটাও তো সমস্যা কিন্তু সমস্যা নিয়েই তো চলতে হবে।

চীন থেকে আনা স্প্যানের ছোট টুকরোগুলো মাওয়ার ইয়ার্ডে জোড়া লাগিয়ে প্রায় মাসখানেক সময় নিয়ে ধূসর রং করার কাজও সেরে ফেলা হয়েছে। প্রায় ৪ হাজার মেট্রিক টন ওজন বহনে সক্ষম ভাসমান ক্রেনে তুলে নেয়া হয়েছে স্প্যানটি। জাজিরা প্রান্তে দূরত্বের কারণে স্প্যান নিয়ে রওয়ানা দেয়ার পর বসাতে ২ দিন সময় লাগলেও মাওয়া প্রান্তে একদিনেই স্প্যান বসিয়ে দেয়া সম্ভব হচ্ছে।