All posts by lutfor

দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের উদ্দেশে বলেছেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণ আপনাদেরকে যে বিশ্বাস এবং আস্থা নিয়ে নির্বাচিত করেছেন তাদের সে বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে। কাজ করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

এ সময় দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না জানিয়ে তিনি আরও বলেন, আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করবেন। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না।

সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আমরা দেশের মানুষের উন্নয়নে কাজ করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে এদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার। কাজের মাধ্যমে আপনারা সরকারের সুনাম বৃদ্ধি করবেন।

নবনির্বাচিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ৪৪ জন নবনির্বাচিত কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।

চলতি মাসের ৫ তারিখে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

বগুড়া-৬ আসনে ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

বগুড়া-৬ (সদর) শূন্য আসনে নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনীত ৩ প্রার্থীর মধ্যে একজনসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র দাখিলকারী ১১ জনের মধ্যে ৮ জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।

যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. জাফর আলী ও আবুল হাসান।

রিটার্নিং কর্মকর্তা জানান, পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি মনোনীত অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষরের গড়মিল থাকার কারণে।

যাচাই-বাছাই শেষে যে ৮জনের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ কংগ্রেসের মো. মনসুর রহমান, আওয়ামী লীগ মনোনীত এসএমটি জামান নিকেতা, বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, একই দলের রেজাউল করিম বাদশা, বাংলাদেশ মুসলিম লীগের মো. রফিকুল ইসলাম এবং দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও মো. মিনহাজ।

বগুড়া-৬ (সদর) আসনের সাংসদ নির্বাচিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শপথগ্রহণ না করায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮ মে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তাতে ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়-সীমা বেঁধে দেওয়া হয়। ওইদিন পর্যন্ত মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, আগামী ৩ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রতীক বরাদ্দ শেষে আগামী ২৪ জুন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।

শয়তানের ব্রিজের’ সঙ্গে বিয়ে

রূপকথার মতো প্রেম আর বিয়ের স্বপ্ন মানুষকে কোথায় না নিয়ে যায়! এমনি করে এক অস্ট্রেলীয় নারী তার ভালোবাসাকে খুঁজে পেলেন ফ্রান্সে, আর ঠিক করলেন তাকেই বিয়ে করবেন।

কিন্তু জোডি রোজ নামের ওই নারীর জীবনসঙ্গী কোনো মানুষ নয়, একটি প্রাচীন ব্রিজ বা সেতু!

রোজ ছিলেন সিডনির অধিবাসী। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত সেরেটের টেক নদীর ওপর অবস্থিত ‘লা পন্ত দ্যুঁ দিয়াবলে’ (অর্থ: শয়তানের সেতু) সেতুর সঙ্গে ২০১৩ সালে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

ফ্রান্স ভ্রমণে গিয়ে ১৪ শতকে নির্মিত প্রাচীন এই পাথুরে সেতুটির প্রেমে পড়ে যান রোজ। সিদ্ধান্ত নেন তার স্বামী হবে এই ব্রিজটিই।ব্রিজ-বিয়ে-ফ্রান্স

তাই ওই বছরই ১৪ জন অতিথির উপস্থিতিতে আয়োজিত ছোট্ট একটি অনুষ্ঠানে বিয়েটা সেরে ফেলেন। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে আসেন খোদ প্রতিবেশী শহর সেইন্ট জ্যঁ-দ্য-ফোস’র মেয়র।

সানডে নাইট পত্রিকাকে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে জোডি রোজ বলেন, ব্রিজকে বিয়ে করার সেই অনুভূতি ছিল ‘খুব সুন্দর’। জড়বস্তুকে মানুষের বৈশিষ্ট্য দিয়ে বিশেষায়িত করার এক ধরনের মানসিক অবস্থা ‘সিনেস্থেসিয়া’ নিয়ে প্রতিবেদন তৈরির অংশ হিসেবে রোজের সঙ্গে কথা বলেছিল পত্রিকাটি।

‘আমি আসলে খুবই নার্ভাস ছিলাম… নিজেকে বিয়ের কনে মনে হচ্ছিল। আমি চাইছিলাম আমার বিয়ের দিনটা হোক রাজকন্যার বিয়ের মতো,’ বলেন রোজ।

ছয় বছর পর রোজ এখনো বিয়ের সেই আংটি গর্বভরে পরে আছেন। অন্যদিকে বিশেষভাবে বানানো বিশাল একটা আংটি বসানো আছে সেতুটির একটি অংশে।ব্রিজ-বিয়ে-ফ্রান্স

সাক্ষাতকারে রোজ বলেন, ‘আমি ওকে বিয়ের আংটি পরিয়ে দিয়েছিলাম… মানে, আপনি তো তাকে দেখেছেন। ও সুদর্শন, শক্তিশালী ও দৃঢ়। তাকে দেখে আমার মনে হয়েছিল, হ্যাঁ, এমন কারও সঙ্গেই আমার মনের মিল হবে, এবং এমন একজনই আমাকে ধরে রাখতে পারবে।’

বিয়ের সময় নিজের ব্লগে রোজ লিখেছিলেন, সেতু নিয়ে একটি মিউজিক প্রজেক্টের কাজের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় লা পন্ত দ্যুঁ দিয়াবলে’কে দেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সে-ই তার ‘জীবনসঙ্গী’ হবে।

‘ও আমাকে মাটির কাছাকাছি থাকার অনুভূতি দেয়। আমার ভবঘুরে জীবন থেকে বিরাম নিতে আগ্রহী করে তোলে,’ বলেন রোজ, ‘ও স্থির, শান্ত, মাঠির কাছাকাছি তার শেকড়। যেখানে আমি ভবঘুরে, অস্থির, সবসময় পথে পথে ঘুরি।’ব্রিজ-বিয়ে-ফ্রান্স

জীবনসঙ্গীরূপী সেতুটি তাকে নিরাপত্তা আর অস্থির জীবনে বিরতির অনুভূতি দেয় উল্লেখ করে রোজ বলেন, ‘ও বোঝে আমি অন্য সেতু এবং পুরুষকে ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসা জীবনের হরেক খেয়ালের মিশেলে তৈরি হয়েছে।’

রোজ বলেন, ‘শয়তানের সেতু’ নামের ব্রিজটির মাঝে সেই সব ধরনের বৈশিষ্ট্য আছে যা তিনি নিজের স্বামীর মধ্যে চেয়েছিলেন।

ব্রিজের সঙ্গে এই বিয়েকে ফ্রান্সে আইনত বৈধতা দেয়া না হলেও রোজের দাবি তাদের বৈবাহিক বন্ধন খুবই দৃঢ়।

নিরাপত্তা আইনে ওসি মোয়াজ্জেমের ‘দোষ’ প্রমাণিত

রোববার সাইবার আদালতে এ সংশ্লিষ্ট মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেছেন পিবিআই সদর দফতরের সিনিয়র এএসপি রিমা সুলতানা।

রিমা সুলতানা বলেন, গত ১৫ এপ্রিল ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে  নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমনের মামলাটি প্রথমে অভিযোগ আকারে ছিল। পরে পিটিশন মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয় আদালত।

ওসির বিরুদ্ধে থানায় নুসরাতের বক্তব্য ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়াসহ প্রত্যেকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তে প্রমাণিত সব তথ্য-উপাত্তসহ প্রতিবেদন আদালতকে দেয়া হয়েছে।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী রাফিকে অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এ অভিযোগে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে রাফি ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী উপস্থিত ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যতার ব্যাপারটি স্পষ্ট হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, ওসির সামনে অঝোরে কাঁদছেন রাফি। সেই কান্নার ভিডিও করেন থানার ওসি। রাফি তার মুখ দুই হাতে ঢেকে রেখেছেন। তাতেও ওসির আপত্তি। বারবার ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’ বলার পাশাপাশি তিনি বলেন, ‘এমন কিছু হয়নি যে এখন তোমাকে কাঁদতে হবে।’

মামলায় অভিযোগ করা হয়েছে, ওসি মোয়াজ্জেম অনুমতি ছাড়া নিয়ম ভেঙে রাফিকে জেরা ও তা ভিডিও করেন। পরে ভিডিওটি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায় ওসি মোয়াজ্জেম অপমানজনক ও আপত্তিকর ভাষায় একের পর প্রশ্ন করছেন রাফিকে। রাফির গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়েছে কি না এমন প্রশ্নও করেন ওসি।

এর আগে ওসি মোয়াজ্জেম হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার স্পর্শকাতর মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ে স্থানান্তর হয়।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিতে যান ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেয়া হয়। সেখানে চার-পাঁচজন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাফি মারা যান।

পরিকল্পিতভাবে রাফিকে পুড়িয়ে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত ২১ জন কারাগারে রয়েছেন। হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন মূল আসামিরা। যেখানে ওঠে আসে অধ্যক্ষ সিরাজ উদদৌলার নির্দেশনায় হত্যাকাণ্ডের পেছনে সংশ্লিষ্টদের নাম। এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

খালেদার সম্মানে ৩০ টাকার ইফতার, দাওয়াত পেলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানের জনপ্রতি ৩০ টাকার ইফতারের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (২৮ মে) রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রবিবার (২৬ মে) বিকাল সোয়া চারটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাওয়াতপত্রটি গ্রহণ করেছেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, আজ আমরা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দাওয়াতপত্রটি পৌঁছে দিয়েছি। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের থেকে দাওয়াপত্র গ্রহণ করেন।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, কারাবিধি মতে প্রত্যেক কয়েদিকে ৩০ টাকার ইফতার দেওয়া হয়, তাই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপি মঙ্গলবার (২৮ মে) ঢাকার লেডিস ক্লাবে ইফতার মাহফিল করবে। সেই ইফতারে দামি কোনও খাবার রাখা হবে না। অতিথিদের ইফতারে খুবই সাদামাটা আইটেম রাখবে তারা। কারাবন্দি খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, এ ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার সময় বিএনপির কয়েকজন নেতা অতিথি রাজনীতিবিদদের জন্য দামি খাবারের প্রস্তাব দেন। যেহেতু একই টেবিলে অতিথি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসবেন, তাই দুই ধরনের ইফতার আইটেম রাখা খারাপ দেখায়। সে কারণে শেষ পর্যন্ত ৩০ টাকার ইফতার আইটেম রাখার সিদ্ধান্ত নেন বিএনপির নেতারা।

জানা গেছে, ৩০ টাকার ইফতারের মধ্যে ৬ টাকা মূল্যের ছোট পানির বোতল, এক পিস করে খেজুর, পেয়াজু, বেগুনি, ছোট জিলাপি এবং এক মুঠো মুড়ি, সামান্য ছোলা থাকবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে ইফতার কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

ওইদিন এ ব্যাপারে বরকত উল্যা বুলু বলেন, বিএনপির চেয়ারপারসন কারাগারে রয়েছেন। সেখানে তিনি ৩০ টাকা মূল্যের ইফতার খান। তাই বিএনপির ইফতারও এখন ৩০ টাকার। আমরা ২৮ মে রাজনীতিবিদদের জন্য ইফতার মাহফিরের আয়োজন করছি। সেখানেও ৩০ টাকার ইফতার থাকবে। ক্যাটারিংকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।

এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে : কাদের

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদ উপলক্ষে যাত্রীদের দুর্ভোগ কমাতে গাজীপুর-চৌরাস্তায় ঈদ পর্যন্ত বিআরটি লেনের পাইলিং বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

রবিবার (২৬ মে) দুপুরে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময় সভা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে গ্রাচ্যুইটির চেক বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে।

তবে দুর্ভোগ কমাতে গাজীপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না বলে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া বাকি রাস্তায় যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পথে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পারি, সে জন্য এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে।

বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।’

তিনি বলেন, বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না।

সেতুমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না?

এসময় তিনি বলেন, বিআরটিসির ৬০০ গাড়ি এসেছে। তবে ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি।

ঈদের সময় বিআরটিসিতে ভাড়া বেশি আদায়ের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকারি গাড়িতে যদি এমন হয়, তাহলে বেসরকারি গাড়ির কী হবে?’

এছাড়া বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি সহিংস রাজনীতি করে তাহলে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

মহাসড়ক এবার ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক এবার ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। ঈদযাত্রায় যানজট হওয়ার কোনো কারণ নেই।’

আজ রোববার রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে ঈদের বিশেষ সার্ভিস ও অবসরপ্রাপ্তদের পাওনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সরকার কৃষকবান্ধব। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু সরকার করবে না।’ ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে যা যা দরকার, তা করা হবে বলেন জানান তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার পর সরকারের সমালোচনা না করলে বিএনপির রাজনীতি টিকে না।’ বিএনপির সমালোচনায় সত্যতা থাকলে সরকার নিজেদের সংশোধন করবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন রাজনৈতিক হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’ সহিংসতা হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীই মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন কাদের।

হেলালুদ্দীনকে সরিয়ে ইসির নতুন সচিব আলমগীর

সরকারি চার কর্মকর্তার রদবদল করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশে নির্বাচন কমিশনে (ইসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর। আর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদকে (ইসি) সচিব থেকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (২৬ মে) পৃথক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) কেএম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

রাহুলের পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান ওয়ার্কিং কমিটির

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দলের ওয়ার্কিং কমিটি। ১৭তম লোকসভা নির্বাচনে লজ্জাজনক হারের শতভাগ দায় কাঁধে নিয়ে পদত্যাগের প্রস্তাব করেন তিনি।

শনিবার (২৫ মে) সকালে রাজধানী দিল্লিতে, নির্বাচনে লজ্জাজনক হারের কারণ খুঁজতে ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ওয়ার্কিং কমিটির ৫২ সদস্য বৈঠকে বসেন। কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে রাহুল বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান।

এদিকে লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাষ্ট্রপতি দেশে ফিরছেন কাল

রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে চিকিৎসা শেষে রবিবার (২৭ মে) দেশে ফিরছেন।

শনিবার (১৩ মে) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ এ তথ্য দিয়েছে।

প্রেস অনুবিভাগ জানায়, রাষ্ট্রপতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেবেন। তাকে বহন করা ফ্লাইটটি রবিবার সকাল সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

১৫ মে বুধবার চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে লন্ডনে যান রাষ্ট্রপতি। ওইদিন সকাল নয়টায় বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন।