All posts by lutfor

প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে তার ১২ দিনের ত্রিদেশীয় সফরের উদ্দেশে জাপান পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় (জাপান সময়) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাপানের হানিদা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। খবর বাসসের

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এবং টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনী প্রধানগণ, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী তার সফরের প্রথমে জাপানে ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠেয় ফিউচার এশিয়া শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দেবেন। তিনি সেখানে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

ৱশেখ হাসিনা সেখানে তার সম্মানে বাংলাদেশী কমিউনিটির দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়াও, তিনি হোলি আর্টিজানে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

জাপানের সফর শেষ করে শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ৩ জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

সৌদি আরবে সফরকালে প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৪তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে মক্কা নগরীতে ৩১মে ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী সেখানে পবিত্র উমরাহ পালন করবেন। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী আগামী ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাপান সফরের প্রথম দিনে মঙ্গলবার প্রধানমন্ত্রী জাপানি সময় ৮টা ৩০ মিনিটে হোটেল ওকুরাতে কমিউনিটি অভ্যর্থনায় যোগ দিবেন।

২৯ মে সকালে হোটেল নিউ অটনিতে প্রধানমন্ত্রী জাপানী ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রধান নির্বাহীদের সঙ্গে প্রাতঃরাশ গোলটেবিল সভা করবেন। একই দিন বাংলাদেশে হোলি আর্টিজানে ক্ষতিগ্রস্ত জাপানিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে তিনি জাপানি প্রধানমন্ত্রী সিনজো আবে’র সাথে দ্বি-পাক্ষিক আলোচনা সভায় মিলিত হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছলে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। আলোচনা শেষে দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত এবং যৌথ ঘোষণা পাঠ করা হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানি প্রধানমন্ত্রীর বাসায় রাষ্ট্রীয় নৈশভোজ সভায় অংশগ্রহণ করবেন।

আগামী ৩০ মে প্রধানমন্ত্রী ইমপেরিয়াল হোটেলে নিক্কেই সম্মেলনে যোগদান করবেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মূল প্রবন্ধ পাঠ করবেন। শেখ হাসিনা পরে একই স্থানে ভবিষ্যৎ এশিয়া বিষয়ক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং ভাষণ দেবেন। পরে জাইকা’র সভাপতি শিনিচি কিতাওকা প্রধানমন্ত্রীর অবস্থানস্থলে তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিক্কেই কনফারেন্স নৈশভোজে অংশ নেবেন। এখানে জাপানের প্রধানমন্ত্রী থাকবেন প্রধান বক্তা। ৩১ মে সকাল ৯টা ২৫ মিনিটে (জাপান সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় ওআইসির ইসলামিক শীর্ষ সম্মেলনের ১৪তম অধিবেশনে যোগদানের জন্য জেদ্দার উদ্দেশে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন। শেখ হাসিনা স্থানীয় সময় ৫টা ২৫ মিনিটে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এবং সন্ধ্যায় তিনি মক্কার সাফা প্রাসাদে ওআইসি শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৩১মে মক্কায় ওআইসির ইসলামিক সম্মেলনের ১৪তম অধিবেশনের আয়োজন করেছে সৌদি আরব। ৩১ মে ও ১ জুন রাত সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী সম্মেলনের প্রথম কর্ম অধিবেশনে অংশ নেবেন এবং রাত দেড়টায় অংশ নেবেন দ্বিতীয় কর্ম অধিবেশনে।

তিনি রাত আড়াইটায় সমাপনী অধিবেশনে এবং পরে সাফা প্রাসাদে সুহুর ভোজে অংশ নেবেন। সন্ধ্যায় তিনি ওমরাহ পালন করবেন।

প্রধানমন্ত্রী ২ জুন সকালে বিমানযোগে মদিনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন এবং হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারকে ফাতেহা পাঠ করবেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। ৩ জুন ভোর ১টা ১০ মিনিটে তিনি ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। স্থানীয় সময় দুপুর ১টায় তিনি হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

৪ জুন তিনি ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাত করবেন। ৭ জুন ফিনল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফিনল্যান্ডের বিমান ফিনএয়ার যোগে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে হেলসিংকি বিমানবন্দর ত্যাগ করবেন। একই দিনে তিনি দেশে ফিরে আসাবেন বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সফরে কাল ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল বুধবার দুপুরে ভারতে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আগামীকাল বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

তিনি বলেন, শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রী সভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপি’র নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় অর্জন লাভ করায় ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকালে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

রাজনীতিবিদদের নিয়ে ৩০ টাকা মূল্যের ইফতার করল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইফতারে কারাবিধি অনুযায়ী মাত্র ৩০ টাকা। এই খাবার দিয়ে প্রতিদিন ইফতার করতে হচ্ছে তাকে। তাই তাকে সম্মান জানাতে ৩০ টাকার খাদ্যদ্রব্য দিয়েই ইফতার করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার অনুষ্ঠান আয়োজন করে বিএনপি।

এর আগে আরও দুটি ইফতার অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। প্রথমটি এতিমদের জন্য ও দ্বিতীয়টি কূটনীতিক ও সম্পাদকদের জন্যে।

এতিমদের জন্য যেটি আয়োজন করা হয় সেটিতে ছিল বিরিয়ানীসহ বিভিন্ন রকম খাদ্যদ্রব্য। আর গুলশানের ওয়েস্টিন হোটেলে যেটি আয়োজন করা হয়, সেটিতে ব্যক্তিপ্রতি হাজার টাকার ইফতার দেওয়া হয়।

তবে আজকের ইফতারে ছিল দুটি খেজুর, একটি জিলাপি, একটি বেগুনি, একটা পেঁয়াজু, ছোলা ভাজি, মুড়ি এবং ছোট এক বোতল পানি। সব মিলিয়ে মোট ৩০ টাকার ইফতার সরবরাহ করে বিএনপি।

ইফতারের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য বলেন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের এই আয়োজনে অংশ নিতে হচ্ছে। আপনারা সবাই জানেন, গণতন্ত্রের মাতা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এই রমজান মাসে যখন আমরা এখানে সমবেত হয়েছি, তখন তিনিও কারাগারে থেকে বন্দি অবস্থায় হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারের বরাদ্দ মাত্র ৩০ টাকা।

এ সময় খালেদা জিয়াসহ আটক নেতা-কর্মী এবং তাদের পরিবারের জন্য দোয়া চেয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে জগদ্দল পাথরের মতো একটা জগদ্দল সরকার চেপে বসে আছে। সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, রাষ্ট্রের স্তম্ভ ভেঙে দিয়েছে। আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি।

ইফতারে দোয়া পরিচালনা করেন উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার।

বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বরকতউল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, নিতাই রায় চৌধুরী, আমনউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, ফরহাদ হালিম ডোনার, ফজলুর রহমান, নাজমুল হক নান্নু, আবদুর রেজ্জাক খান, জিয়াউর রহমান খান, শাহিদা রফিক, বিজন কান্তি সরকার, আবদুল হাই শিকদার, খায়রুল কবির খোকন, এসএম ফজলুল হক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মফিকুল হাসান তৃপ্তিসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা। সদ্য সংসদে যোগ দেওয়া উকিল আবদুস সাত্তারও ইফতারে অংশ নেন।

ইফতারে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের মধ্যে গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মহসিন রশিদ, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, আফসারী আমিন আহমেদ, জেএসডির আবদুল মালেক রতন, শহিদ উদ্দিন

মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এসএম আকবর, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল উপস্থিত ছিলেন।

২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান, হামিদুর রহমান আজাদ, আবদুল হালিম, তাসনীম আহমেদ, সেলিমুদ্দিন, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, খেলাফত মজলিশের অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির শাহাদৎ হোসেন সেলিম, এমএম আমিনুর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপের এমএন সাওন সাদেকীন প্রমুখ।

পেশাজীবী নেতাদের মধ্যে ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক শরীফউদ্দিন।

বিএনপির সংরক্ষিত আসনে রুমিন ফারহানা

নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে । মঙ্গলবার (২৮ মে) বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম।

তিনি বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত রুমিন ফারহানার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। কিন্তু তিনি তা করেননি। তাই তাকে আমরা বিজয়ী ঘোষণা করেছি।

ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম বলেন, আমরা আগামীকালকেই এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করব। দু-একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

পদটিতে ভোট হওয়ার কথা ছিল ১৬ জুন। তবে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। তবে দলটির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন সেটি শূন্য ছিল।

সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে : তথ্যমন্ত্রী

নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, আজ থেকে সাড়ে ৪ বছর পর যথা সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের যে দাবি জানিয়েছিল সে দাবি নাকচ করে দিয়ে এ কথা জানান তথ্যমন্ত্রী।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে হাসুমণি’র পাঠশালা আয়োজিত ‘ঐতিহাসিক ১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী, বিএনপিকে সংগঠিত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বিএনপি গত দুই নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে। সাড়ে ৪ বছর আপনাদের (বিএনপি) দলকে সংগঠিত করুন। বিএনপিতে যারা দুর্নীতির দায়ে, সন্ত্রাসের দায়ে সাজাপ্রাপ্ত তাদেরকে নেতৃত্ব থেকে অপসারণ করুন। দলে নতুন নেতৃত্ব তৈরি করুন, তাহলে দল ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, অপরাজনীতি পরিহার করুন। দেশের স্বার্থে, উন্নয়ন অগ্রগতি স্বার্থে রাজনীতি করুন। অবশ্যই আপনারা সমালোচনা করবেন, সংসদে ও রাজপথে।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ন্যায়-নিষ্ঠা থাকলে কারাগারে যেতে হতো না। এতিমের টাকা আত্মসাৎ না করলে তার বিরুদ্ধে মামলাই হতো না।

আয়োজক সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

রোজায় প্রস্রাবে জ্বালাপোড়া হলে যা করবেন

গরমে সারা দিন রোজা রাখার পর শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানিশূন্যতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতারে শরবতের সঙ্গে খেতে পারেন ইসুবগুলের ভুসি। ইসুবগুলের ভুসি আপনার প্রস্রাব হলুদ ও জ্বালাপোড়া, ডায়েরিয়া, কোষ্ঠকাঠিন্য, পাইলস, আমাশয় ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। ইসুবগুলের ভুসির রয়েছে বেশ স্বাস্থ্যসম্মত উপাদান, যা শরীরের জন্য উপকারী। তাই প্রতিদিনের ইফতারের আয়োজনে ইসুবগুলের ভুসি রাখতে পারেন শরবতে। আসুন জেনে নেই রোজায় কেন খাবেন ইসুবগুলের ভুসি?

কোষ্ঠকাঠিন্য:
কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে ৫-১০ গ্রাম ইসুবগুল নিয়ে এক কাপ ঠাণ্ডা বা হালকা গরম পানিতে আধঘণ্টা ভিজিয়ে তাতে দু-তিন চামচ চিনি মিশিয়ে সকালে খালি পেটে খেলে বা রাতে শোয়ার আগে খেলে উপকার পাওয়া যায়।

পাইলস:
কোষ্ঠবদ্ধতা পাইলসের প্রধান কারণ। তাই পাইলসের রোগীদের নিত্যদিনের ওষুধ এই ইসুবগুল। প্রতি রাতে পানিতে এক টিপ ইসুবগুলের ভুসি দিয়ে খেয়ে শুতে যাওয়া অভ্যাস করলে উপকার পাওয়া যায়।

আমাশয়:
যারা আমাশয়ে ভুগছেন, তাদের জন্যও ইসুবগুল ভালো। ইসুবগুল আমাশয়ের জীবাণু ধ্বংস করতে পারবে না, তবে বের করে দিতে পারবে। আমাশয়ের রোগীরা সকালে ও রাতে একবার শরবতের সঙ্গে খাবেন।

উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ:
কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে চাইলে ইসুবগুলের ভুসি খান। পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটা এক দারুণ পথ্য।

ডায়েরিয়া:
ডায়েরিয়া উপশমে বেশ উপকারে আসে ইসুবগুল ভুসি। এজন্য ৭-২০ গ্রাম ভুসি দিনে দুবার খাওয়া যেতে পারে।

প্রস্রাব হলুদ ও জ্বালাপোড়া:
যে কোনো কারণে প্রস্রাব হলুদ হয়ে জ্বালাপোড়া হলে সকালে এক গ্লাস ও বিকালে এক গ্লাস শরবতের সঙ্গে ইসুবগুলের ভুসি খেলে প্রস্রাবের জ্বালাপোড়া চলে যায়।

মাথা ব্যথা:
যে কোনো কারণে মাথা ব্যথা রোগ হলে বা হাত-পা জ্বালাপোড়া হলে সকাল-বিকালে এক গ্লাস আখের গুড়ের শরবতের সঙ্গে ইসুবগুলের ভুসি মিশিয়ে এক সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়।

যশোরে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

যশোরের শার্শা উপজেলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার জেরে ২ সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী। রবিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের চা দোকানি ইব্রাহিমের স্ত্রী হামিদা খাতুন (৩৫), তার মেয়ে শরিফা খাতুন (১২) ও ছেলে সোহান হোসেন (৫)।জানা গেছে, সন্তানদের কীটনাশক ট্যাবলেট খাইয়ে হত্যার পর নিজেও ওই ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন হামিদা। ঘটনার সময় ইব্রাহিম দোকানে ছিলেন।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ৩টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হবে।

আগামীকাল থেকে শুরু ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন

আগমীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনের অনলাইন আবেদন। সকাল ১০টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) নির্ধারিত ওযেবসাইটে ১৬তম শিক্ষক নিবন্ধনের আবেদন করা যাবে।আবেদনে শেষ সময় ১৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর ২২ জুন পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন প্রার্থীরা। ১৬তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

গত বৃহস্পতিবার (২৩ মে) ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬ তম শিক্ষক নিবন্ধনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ দিন ধার্য করেছে।জানা গেছে, আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে। আবেদন করুন এই লিংকে http://http://ntrca.teletalk.com.bdএর আগে গত ১৯ মে প্রকাশিত হয়েছে ১৫তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫২ হাজার পরীক্ষার্থী। মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জনের মধ্যে ৮০ শতাংশ পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। পাসের হার ২০ দশমিক ৫৩ শতাংশ।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নুসরাত জাহান রাফি হত্যায় সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার ট্রাইব্যুনালের বিচারপতি এএসএইচ শামস জগলুল হোসেন এই পরওয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআই সদর দপ্তরের সিনিয়র এএসপি রিমা সুলতানা।

তিনি বলেন, তদন্তে থানায় নুসরাতের জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়াসহ প্রতিটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্তে প্রমাণিত সব তথ্য-উপাত্তসহ প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এমন অভিযোগ উঠলে দু’জনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন। মৌখিক অভিযোগ গ্রহণের সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনো নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যের বিষয়টি স্পষ্ট হয়।

নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ১৩ এপ্রিল ডিআইজি এসএম রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ২ মে তাদের প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে জমা দেয়।

ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার এবং সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল ও এসআই ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

গত ৬ এপ্রিল সকাল ৯টার দিকে আলিম শ্রেণির (এইচএসসি সমমান) আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে চার-পাঁচজন বোরকা পরিহিত ব্যক্তি ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এরপর চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যান।

মালিবাগে বিস্ফোরণের দায় স্বীকার করল ‘আইএস’

রাজধানী ঢাকার মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট (আইএস)।রবিবার রাতে ওই বিস্ফোরণে একজন নারী পুলিশ কর্মকর্তা ও একজন রিকশাচালক আহত হয়েছিলেন।

ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারি করে, যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।টুইটারে সাইট ইনটেল গ্রুপের অ্যাকাউন্ট থেকে এ দায় স্বীকারের কথা জানিয়ে টুইট করা হয়েছে।এর আগে গত ২৯ এপ্রিল ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশের আহত হওয়ার ঘটনাটিও কথিত ইসলামিক স্টেট গ্রুপ দায় স্বীকার করেছিল।পুলিশ তখন আইএসের দাবির বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছিল।