All posts by lutfor

পারসোনা ও শাকিলসকে ৩৬ লাখ টাকা জরিমানা

আমদানি তথ্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় ঢাকায় রূপচর্চার নামি প্রতিষ্ঠান পারসোনা ও ফারজানা শাকিলস মেকওভার সেলুনকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি এলাকায় পারসোনার দুটি আউটলেটে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া গুলশানে পারসোনার আরেকটি আউটলেটকে ১৫ লাখ টাকা জরিমানা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গুলশানে ফারজানা শাকিলস মেকওয়ার সেলুনকেও ১৫ লাখ টাকা জরিমানা করেন একই আদালত।

পারসোনাকে জরিমানা করার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, পারসোনার মতো একটি প্রতিষ্ঠানে মানুষ বিশ্বাস করে যায়, তাদের সেই বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে। রোজার ঈদের আগে বৃহস্পতিবার ধানমন্ডি ২৭ নম্বর সড়কসংলগ্ন এলাকায় রূপচর্চার প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এই অভিযানেই পারসোনা এডামস পার্লার ও পারসোনা বিউটি পার্লারে যান তারা।

মনজুর শাহরিয়ার বলেন, তারা পারসোনায় বিপুল পরিমাণ প্রসাধন পণ্য পান, যেগুলোতে আমদানিকারকের সিল কিংবা অন্য কোনো তথ্য ছিল না। কোন দেশের তৈরি, তাও লেখা ছিল না। ‘তাদের পণ্যগুলোর কোনো জবাবদিহিতা নেই। এটা হয় অবৈধ অথবা নকল পণ্য। সরকারের ভ্যাট-ট্যাক্স দেওয়ার কোনো তথ্য নেই। এগুলো ভেজাল নাকি নকল, তারা সেটা প্রমাণ করতে পারেনি।’

ভোক্তার স্বার্থহানির জন্য পারসোনা এডামস পার্লার ও পারসোনা বিউটি পার্লারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান অধিদফতরের উপপরিচালক। এ বিষয়ে পারসোনা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে শাহরিয়ার বলেন, পারসোনা কর্তৃপক্ষ তাদের ভুল সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা স্বীকার করেছেন, তারা ৫০ শতাংশ ঠিক হয়েছে। কিন্তু আরো ৫০ শতাংশ সংশোধনের বাকি। ওই এলাকায় আলভিরাস বিউটি পার্লারকেও ৩ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের এক কর্মকর্তা বলেন, আলভিরাস বিউটি পারলারের সমস্যাও পারসোনার মতোই। তাদের পণ্যগুলোর একটির গায়েও কোনো আমদানি তথ্য নেই। তবে আলভিরাসের ব্যবস্থাপক দাবি করেন, তাদের অধিকাংশ পণ্যের গায়েই আমদানি তথ্য রয়েছে। কিছু কিছু পণ্যের গায়ে আমদানি তথ্য ‘যোগ করা সম্ভব হয়নি’।

মনজুর শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধায়নে এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান অংশ নেন।

গুলশান এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে। সেখানে পারসোনা ও ফারজানা শাকিলসের আউটলেটে আমদানি তথ্যবিহীন প্রসাধন পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যও পাওয়া যায় বলে জানান র‌্যাবের নির্বাহী হাকিম। সারওয়ার আলম বলেন, প্রতিষ্ঠান দুটি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিকস উদ্ধার করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তাদের ১৫ লাখ টাকা করে জরিমানা করে নগদে তা আদায় করা হয়।

যেভাবে এলো শবে কদর সন্ধানের রীতি

কুরআন নাজিলের মাস রমজান। এ মাসের এক পবিত্র ও মর্যাদার রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিম নাজিল করেছেন। যাতে মানুষ সঠিক পথ ও মতাদর্শে নিজেদের পরিচালিত করতে পারে।

এ কারণেই রমজান হেদায়েত লাভের মাস। আল্লাহর নৈকট্য অর্জনের মাস। দুনিয়া ও পরকালের সফলতা লাভের মাস। রহমত বরকত লাভের মাস। মাগফেরাত ও নাজাত লাভের মাস। এ মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
‘রমজান হলো সেই মাস, যাতে নাজিল হয়েছে আল-কুরআন। যা মানুষের জন্য হেদায়েত এবং সঠিক পথের যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক এবং (ন্যায় ও অন্যায়ের) পার্থক্য বিধানকারী।’

রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন সেরা পুরস্কার। যে পুরস্কার অন্য কোনো জাতির জন্য নাজিল করা হয়নি। আর তাহলো পবিত্র লাইলাতুল কদর অর্থাৎ কররের রাত। এ রাতে ইবাদত হাজার মাসের সমান। কারণ এ রাতেই নাজিল হয়েছে পবিত্র কুরআনুল কারিম।

এ রাতের মর্যাদা বর্ণনায় আল্লাহ তাআলা পুরো একটি সুরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন-
‘নিশ্চয়ই আমি একে নাজিল করেছি শবে কদরে। (হে রাসুল!) শবে কদর সম্পর্কে আপনি জানেন কি? শবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে (এ রাতে) প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ (জিবরিল আমিন) তার পালনকর্তার নির্দেশে অবতীর্ণ হয়। এটা নিরাপদ, শান্তি। যা ফজর হওয়ার সময় পর্যন্ত অব্যাহত থাকে।’ (সুরা কদর)

পুরো রমজান মাসের মধ্যে একটি রাত মাত্র শবে কদর। কিন্তু এ শবে কদর কোন দিন? মানুষ কীভাবে পাবে শবে কদরের সন্ধান? শবে কদর লাভে বিশ্বনবির সেই রীতি ও নসিহতই বা কী?
যেহেতু লাইলাতুল কদর কবে হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ উল্লেখ নেই। তবে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টায় প্রিয়নবি করেছেন আপ্রাণ চেষ্টা সাধনা করেছেন, বসেছেন ইতেকাফে। শবে কদর লাভে বিশ্বনবি যে রীতি অনুসরণ করেছেন। তাহলো-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
> আমি কদরের রাত পেতে (রমজানের) প্রথম দশদিন ইতেকাফ করলাম।
> এরপর (রমজানের) মধ্যবর্তী দশদিন ইতেকাফ করলাম।
অতপর ওহির মাধ্যমে আমাকে জানানো হল যে-
> তা (শবে কদর রমজানের) শেষ দশ দিনে (নিহিত)।
সুতরাং তোমাদের যে ইতেকাফ পছন্দ করবে, সে যেন (রমজানের শেষ দশকে) ইতেকাফ করে। ফলে, মানুষ তার সঙ্গে ইতেকাফ করলো।’ (মুসলিম)

এ কারণে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। হাদিসে এসেছে- হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত শেষ দশ দিন ইতেকাফ করেছেন।’ (বুখারি)

হাদিসের আলোকে বুঝা যায় যে, রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর নিহিত। সুতরাং লাইলাতুল কদর লাভে রমজানের শেষ দশকে তা সন্ধান করা। রাত জেগে ইবাদত-বন্দেগি করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইতেকাফ ও লাইলাতুল কদর লাভে আজীবন চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। বিশেষ করে রমজানের শেষ দশকে ইতেকাফ পালনের মাধ্যমে লাইলাতুল কদর লাভের পাশাপাশি দুই হজ ও দুই ওমরা লাভের তাওফিক দান করুন। আমিন।

বাংলাদেশ ভালো করবে, বিশ্বাস গাঙ্গুলির

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফরম্যান্স উপহার দেবে বলে বিশ্বাস টাইগার ক্রিকেটপ্রেমীদের। বিশ্লেষকরাও বলছেন সম্ভাবনার কথা। অন্য অনেকের মতো সৌরভ গাঙ্গুলিও বিশ্বাস করেন, মাশরাফীর দল ভালো পারফরম্যান্স প্রদর্শন করবে।

রোববার বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৯৫ রানের বড় ব্যবধানে হেরেছেন সাকিব-মুশফিকরা।

গা গরমের ম্যাচের ওই হারকে অবশ্য খুব বেশি গুরুত্বের সঙ্গে নেয়ার কারণ দেখছেন না গাঙ্গুলি। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলছেন, ‘এটি ছিল প্রস্তুতি ম্যাচ। তারা বড় ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন কম্বিনেশনে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তাদের যোগ্যতা প্রমাণ করেছে। (পরীক্ষা-নিরীক্ষা চালানোয়) তারা বড় ব্যবধানে হেরেছে। কিন্তু বিশ্বকাপ শুরু হলেই তারা ছন্দে ফিরবে এবং দারুণ পারফরম্যান্স উপহার দেবে।’

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ইতিবাচক অনেককিছুই খুঁজে পাচ্ছে বাংলাদেশ। রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন মিলে ২১ ওভারে ১০২ রানে ভারতের টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। সাকিব ও সাব্বিরও উইকেটের দেখা পেয়েছেন। তবে স্পিনাররা বেশ ব্যয়বহুল ছিলেন, যেটি টাইগারদের ভাবাচ্ছে।

শুরুতে ভারতকে যেভাবে চেপে ধরেছে বাংলাদেশ সেটির প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি গাঙ্গুলি। এ বিষয়ে বললেন, ‘তাদের ইনিংসে সবচেয়ে ইতিবাচক দিক হল নতুন বলে পেসাররা পুরোপুরি সুবিধা তুলে নিয়েছে। কিন্তু তারা শেষদিকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।’

মোদী সরকারে কোন মন্ত্রী কোন দফতরে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

দেশের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে এবার প্রতিরক্ষা দফতর সামলাবেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমণ।

মোদীর মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন হয়ে গেল। দেশের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রক ছেড়ে এবার প্রতিরক্ষা দফতর সামলাবেন রাজনাথ সিং। বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। অর্থমন্ত্রী হচ্ছেন নির্মলা সীতারমণ। গতবার মোদী সরকারে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সীতারমণ।

কে কোন মন্ত্রী হলেন, দেখে নিন একনজরে…

* নরেন্দ্র মোদী- প্রধানমন্ত্রী
* অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী
*রাজনাথ সিং- প্রতিরক্ষামন্ত্রী
* নির্মলা সীতারমণ- অর্থমন্ত্রী, কর্পোরেট বিষয়ক মন্ত্রী
* নিতিন গড়করি- সড়ক ও পরিবহণ মন্ত্রী
*ডি ভি সদানন্দ গৌড়া- রাসায়নিক ও সার মন্ত্রক
* রামবিলাস পাসোয়ান- উপভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য
* নরেন্দ্র সিং তোমার- কৃষি, গ্রামোন্নয়ন, পঞ্চায়েত রাজ
* রবিশংকর প্রসাদ- আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
* হরসিমরত কউর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক
* তাওয়ারচাঁদ গেহলোত- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
*এস জয়শংকর- বিদেশ মন্ত্রক
* রমেশ পোখরিয়াল নিশাঙ্ক- মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক
* অর্জুন মুন্ডা- আদিবাসী বিষয়ক মন্ত্রক
* স্মৃতি ইরানি- নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, বস্ত্র মন্ত্রক
* হর্ষবর্ধন- স্বাস্থ্য মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক
* প্রকাশ জাভড়েকর- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক
* পীযূষ গোয়েল- রেলমন্ত্রী
* ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, ইস্পাত
* মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক
* প্রহ্লাদ যোশী- সংসদ বিষয়ক মন্ত্রক, কয়লা মন্ত্রক
* মহেন্দ্রনাথ পাণ্ডে- দক্ষতা উন্নয়ন মন্ত্রক
* অরবিন্দ সাওয়ান্ত- ভারী শিল্প মন্ত্রক
* গিরিরাজ সিং- প্রাণিসম্পদ মন্ত্রক
* গজেন্দ্র সিং শেখাওয়াত- জলসম্পদ মন্ত্রক

একনজরে জেনে কোন প্রতিমন্ত্রী(স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কী দফতর পেলেন?

* সন্তোষ কুমার গাঙ্গোয়ার- শ্রমমন্ত্রক
* ইন্দ্রজিৎ সিং- পরিসংখ্যান মন্ত্রক
* শ্রীপদ নায়েক- প্রতিরক্ষামন্ত্রক, আয়ুর্বেদ
* জীতেন্দ্র সিং- প্রধানমন্ত্রীর দফতর, মহাকাশ, পারমাণবিক শক্তি, উত্তর-পূর্বের রাজ্যের উন্নয়ন
*আর কে সিং- বিদ্যুৎ মন্ত্রক, দক্ষতা উন্নয়ন
* কিরেণ রিজিজু- সংখ্যালঘু বিষয়ক, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
* প্রহ্লাদ সিং প্যাটেল- সংস্কৃত মন্ত্রক, পর্যটন
* হরদীপ সিং পুরী- নগরোন্নয়ন ও আবাসন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, বাণিজ্য মন্ত্রক
* মনসুখ মান্ডভিয়া- জাহাজ মন্ত্রক, রাসায়নিক ও সার মন্ত্রক

একনজরে জেনে নিন, বাকি প্রতিমন্ত্রীরা কে কোন দফতরে?

* ফগন সিং কুলস্তে- ইস্পাত মন্ত্রক
* অশ্বীনি কুমার চৌবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
*অর্জুন রাম মেঘওয়াল- সংসদ বিষয়ক মন্ত্রক, ভারী শিল্প, ইস্পাত মন্ত্রক
*ভি কে সিং- সড়ক ও পরিবহণ মন্ত্রক
* কৃষ্ণপাল গুর্জর- সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* রাওসাহেব দানবে- উপভোক্তা বিষয়ক, খাদ্য
* জি কিষাণ রেড্ডি- স্বরাষ্ট্রমন্ত্রক
* পুরুষোত্তম রূপালা- কৃষি উন্নয়ন
* রামদাস আঠাওয়ালে-সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* সাধ্বী নিরঞ্জন জ্যোতি- গ্রামীণ উন্নয়ন
* বাবুল সুপ্রিয়- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক
*সঞ্জীব কুমার- প্রাণিসম্পদ
*সঞ্জয় সামরেও- মানবসম্পদ, তথ্য প্রযুক্তি, যোগাযোগ মন্ত্রক
* অনুরাগ সিং ঠাকুর- অর্থ মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রক
* সুরেশচন্দ্র বসপ্পা- রেল মন্ত্রক
* নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্রমন্ত্রক
*রতনলাল কাটারিয়া- জলসম্পদ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* বি মুরলীধরন- বিদেশ মন্ত্রক, সংসদ বিষয়ক মন্ত্রক
* রেণুকা সিং- আদিবাসী বিষয়ক
*সোমপ্রকাশ- বাণিজ্য মন্ত্রক
*রামেশ্বর তেলি- খাদ্য প্রক্রিয়াকরণ
*প্রতাপচন্দ্র সারেঙ্গি- প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
* কৈলাশ চৌধুরি- কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রক
* দেবশ্রী চৌধুরী- নারী ও শিশু কল্যাণ

ইউক্রেনের প্রেসিডেন্ট হলেন এই কৌতুক অভিনেতা

মাত্র ১৭ বছর বয়সেই থিয়েটারে কৌতুক অভিনেতা হিসেবে জীবন শুরু করেন ভ্লদিমির জেলেনস্কি। পরবর্তীতে কাজ করেছেন বেশ কয়েকটি টিভি সিরিজ ও সিনেমায়। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করেছেন ‘কাভারটাল ৯৫’ নামের নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। এই অভিনেতা এখন প্রেসিডেন্ট! একজন কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিতে পরিণত হয়েছেন ভ্লাদিমির। কি অবার হচ্ছেন? এমনই একটি ঘটনা ঘটেছে ইউক্রেনে।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট হয়েছেন ভ্লদিমির জেলেনস্কি। দেশটিতে তিনিই এখন সবচেয়ে জনপ্রিয় নাম। এই প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা এখন সারা বিশ্বে।
শুধু তাই নয়, প্রেসিডেন্ট হবার পর জাতির উদ্দেশ্যে দেয়া তার একটি ভাষণও সাড়া ফেলে দিয়েছে দুনিয়া জুড়ে। বিশেষ করে দেশের সরকারি অফিস আদালতে প্রেসিডেন্ট হিসেবে তার ছবি না টানানোর জন্য আহ্বান করেছেন তিনি।
পরিবর্তে পরামর্শ দিয়েছেন নিজেদের সন্তানের ছবি যেন টানান কর্মকর্তারা। সেই সন্তানের মুখ দেখে প্রতিদিনের কাজ শুরু করতে পারবেন সবাই। তাহলে কেউ মন্দ কাজে উৎসাহ পাবেন না। তার এই বক্তব্য হৃদয় ছুঁয়ে নিয়েছে মানুষের।
এদিকে এর আগে জেলেনস্কি আলোচনায় আসেন তার নির্মিত ও অভিনীত টিভি সিরিজ ‘সারভেন্ট অব দ্য পিপল’- এ প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করে। সিরিজটি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত প্রচারিত হয় ইউক্রেনের একটি চ্যানেলে। এই সিরিজটির নামেই নিজের রাজনৈতিক দলের নাম দিয়েছেন জেলেনস্কি। মাত্র ৪১ বছর বয়সেই ৭৩ শতাংশ বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷
শোবিজের ক্যারিয়ারে জেলেনস্কি কাজ করেছেন ‘লাভ ইন দ্য বিগ সিটি’, ‘অফিস রোমান্স’ ও ‘রেজভেস্কি ভার্সেস নেপোলিয়ান’ নামক তিনটি চলচ্চিত্রেও।

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ক্ষমা চাইলেন মন্ত্রী

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা শুরুর প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রেলওয়ে। শিডিউলের এ বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলমন্ত্রী নুরুন ইসলাম সুজন।

শুক্রবার (৩১ মে) সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ১৮টি ট্রেন ছেড়ে গেছে। তন্মধ্যে ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। সুন্দরবন, ধূমকেতু ও রংপুর এক্সপ্রেসসহ উত্তরবঙ্গগামী চারটি ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। রংপুর এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে ছাড়বে। এজন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশে পরিবহনের সক্ষমতার চেয়ে যাত্রী বেশি। অতিরিক্ত সক্ষমতা ব্যবহার করে যাত্রীদের সেবা দিচ্ছে রেলওয়ে। সার্বিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ঈদের পাঁচদিন যাত্রী পরিবহন করতে সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি।

দুর্ঘটনা এড়াতে স্টেশনে কোনো মই থাকবে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, কেউ যদি ছাদে যায়, তাহলে নিজ দায়িত্বে ঝুঁকি নিয়ে যাবে। এতে কোনো অঘটন ঘটলে রেল মন্ত্রণালয় দায় নেবে না। তিনি ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান।

এদিকে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

যারা ২২ মে প্রথম দিন আগাম টিকিট কেটেছেন, তারাই শুক্রবার (৩১ মে) বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। এটি এই ঈদে আগাম টিকিটের প্রথম যাত্রা।

কমলাপুর রেলস্টেশনে শুক্রবার (৩১ মে) রাজশাহীগামী ধূমকেতু ভোর ৬টায় ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও সকাল সাড়ে ৮টা পর্যন্ত কমলাপুর ছেড়ে যায়নি। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় নির্ধারিত সময় থাকলেও সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়বে বলে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।

চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও কমলাপুর থেকে ছেড়ে যায় সকাল সোয়া ৮টায়। সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ছেড়ে যায় সাড়ে ৭টায়। রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছাড়ার নির্ধারিত সময় থাকলেও দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে যাবে বলে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।

৩৩টি নির্ধারিত আন্ত‍ঃনগর ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে কমলাপুর থেকে আর সবকটি ট্রেনেই শিডিউল বিপর্যয় দেখা দেবে, কারণ অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা পৌঁছাতে পারছে না।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক সাংবাদিকদের বলেন, ট্রেন কিছুটা দেরিতে ছেড়ে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করছি, যাতে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যেতে পারে।

পার্লামেন্টে যাওয়া নিয়ে চাপের চেয়ে লোভ বেশি ছিল: গয়েশ্বর

বিএনপির নির্বাচিতদের পার্লামেন্টে যাওয়া নিয়ে চাপের চেয়ে লোভ বেশি ছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাতী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি পার্লামেন্টে যাবে না, আবার পার্লামেন্টে গেলাম কেনো? এখান থেকে বুঝতে হবে আমাদের প্রতিশ্রুতির অভাব আছে। আমরা অবাধ্যকে বাধ্য করতে পারি না। কারণ তাদের দলের প্রতি ও রাজনীতির প্রতি কোনো প্রতিশ্রুতি নেই। যারা শপথ নিয়েছে এই ৫টা লোককে আমরা যদি বাধ্য করতে পারতাম তাহলে আজকে আপনাদের এই দুঃখটা থাকত না। মানুষের কাছেও আজকে জবাব দিতে হত না।

তিনি বলেন, তারা বলে পার্লামেন্টে যাওয়াতে চাপ আছে। চাপের চেয়ে লোভ বেশি।

এরা একটা দিনও কি বলেছে খালেদা জিয়া মুক্ত না হলে পার্লামেন্টে যাবো না। ৫ জনের একজন বলেছে একদিন? তাহলে তাদের কাছে পার্লামেন্ট জরুরি, খালেদা জিয়ার মুক্তি জরুরি না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোট যদি রাতের আধারে চলে যায় সবারই বদনাম হয়। সামাজিক ক্ষেত্রেও অনেক অন্যায় আবদার মেনে নিতে হয়। এখন এই ৫ জন যদি দল ছেড়ে চলে যেত তাহলে অন্য রকম পরিস্থিতি হত। সেই কারণেই আমাদের প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আইন আছে আইনের প্রয়োগ নাই। বিচার বিভাগ যদি স্বাধীন হত, বিবেকতারিত হত তাহলে খালেদা জিয়াকে ১৪ মাস না ১৪ দিনেও জেলে রাখতে পারত না। আমি ধরে নিলাম উনি অপরাধী। কিন্তু উনার যে সাজা হয়েছে। এরকম সাজাপ্রাপ্ত লোকের সংখ্যা বাংলাদেশে শতশত, হাজার হাজার। তারা জামিনে মুক্ত কিন্তু খালেদা জিয়ার জামিন হচ্ছে না কেনো?

তিনি বলেন, সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী বলেছিলেন, তারেককে বেশী বারাবারি করতে না বলো, তাহলে কিন্তু তার মাকে আর ছাড়বো না। তার মানে খালেদা জিয়াকে ছাড়ার মালিক শেখ হাসিনা। এটা কি আদালত অবমাননা না? আদালত কি শেখ হাসিনাকে ডাকছে, জিজ্ঞেস করেছে।

জাতীয়তাবাদী তাতীদলের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, তাঁতী বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অদক্ষ সেলিম ভুইয়া, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা ছিল না: সেতুমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসে এতো ভালো রাস্তা কখন ছিল না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও ‍সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবার সড়কে যানজটের আশঙ্কা নেই। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। সড়কে যাতে চাঁদাবাজি না হয় সেজন্য আগেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি। কোথাও কোনো অভিযোগ এলে আমরা ব্যবস্থা নেবো। আপনারাও আমাদের জানাতে পারেন।

এসি বাসের ভাড়া প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ভাড়া আদায়ের একটা সীমা রেখা থাকবে। ৮০০ টাকার ভাড়া কোনোভাবেই ১৩০০ টাকা হতে পারে না। আপনি তাদের সঙ্গে বসুন। দ্রুত এর সমাধান করুন।

তিনি আরও বলেন, ফেরি পারাপারে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

এসময় বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির চেয়ারম্যান মশিয়ার রহমানসহ পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।

ইমরানের আমন্ত্রণ না পাওয়া নিয়ে যা বললেন পাক পররাষ্ট্রমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ না জানানোর বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনীতি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

কোরেশি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভারতের ‘অভ্যন্তরীণ রাজনীতি’ অনুমোদন করে না।

সোমবার রাতে জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের জাতীয় নির্বাচনে পাকিস্তান একটি বড় ইস্যু ছিল জানিয়ে মাহমুদ কোরেশি বলেন, নির্বাচনে সমর্থন আদায়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধজিগির ছিল নরেন্দ্র মোদির অন্যতম হাতিয়ার। তাই খুব দ্রুত মোদি তার এমন অবস্থান থেকে সরে যাবেন, এমন চিন্তা করাটা বোকামি হবে।

তবে ভারতের নতুন সরকার পুরোনো বিভেদ ভুলে নতুনভাবে চলবে বলেও আশা পাক পররাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, খুব শিগগির ভারত নতুন পন্থা অবলম্বন করবে বলে আমরা আশা করি। কারণ এই অঞ্চলটি অশান্ত থাকুক, পাকিস্তান এটা চায় না।

উত্তেজনা বা যুদ্ধ কোনো বিষয়ের সমাধান নয়। আলোচনার মাধ্যমেই সংকটের নিরসন করতে হবে।

প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে ভূমিধস জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তবে সেই শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়নি।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি।

সেই সময় সার্কের সদস্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে মোদির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

তবে এবার মোদির অভিষেক অনুষ্ঠানে বিমসটেক জোটভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে পাশে রেখে গত কয়েক বছর ধরেই বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট বিমসটেককে গুরুত্ব দিচ্ছে ভারত।

ভারতের সংবাদমাধ্যম বলছে, এবার পাকিস্তানকে বাদ দিতেই সার্কের বদলে বিমসটেককে সামনে আনা হয়েছে।

চলতি মাসে প্রবাসী আয়ে রেকর্ড

ঈদকে সামনে রেখে গতি বেড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে যা প্রতিদিন গড় হিসাবে পাঁচ কোটি ৬২ লাখ ডলারের মতো। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যাবে যা মাসের হিসাবে এযাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ। এদিকে ঈদুল ফিতরের আগে গত বছর মে মাসে প্রবাসীরা ১৫০ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ১৪৩ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১ হাজার ৫৫৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের তুলনায় ২০৪ কোটি ডলার বেশি। আর ২০১৭ সালে এসেছিল ১ হাজার ৩৫৩ কোটি ডলার। রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময় রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।