All posts by lutfor

ডিআইজি মিজানকে দুদক কেন গ্রেফতার করছে না: সুপ্রিম কোর্ট

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান কি দুদকের চাইতে শক্তিশালী, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না বলে দুদকের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন হাইকোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেশের জন্য অ্যালার্মিং বলেও মন্তব্য করেছে আপিল বিভাগ।

রবিবার (১৬ জুন) দুদকের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময় জেসমিনের জামিনও বাতিল করেন আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের বিষয়ে প্রশ্ন তুলে আপিল বিভাগ বলেন, ‘ডিআইজি মিজানকে এখনো গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী?’

এর পরিপ্রেক্ষিতে দুদকের আইনজীবী বলেন, ‘তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালত বলেন, ‘দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি দেশের জন্য অ্যালার্মিং।’

আদালত বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে, আবার ওই টাকার বিপরীতে বন্ধকীকৃত সম্পত্তি ছাড়িয়ে নিতে হাইকোর্টে রিট করছেন। এসব নিয়ে ভাবার সময় এসেছে। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, জেসমিন ইসলাম হলমার্ক গ্রুপের চেয়ারম্যান পদে থাকাকালে প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্ত শেষ না হওয়ায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন, এটা কোনো জামিন মঞ্জুরের কারণ হতে পারে না।

এ সময় আপিল বিভাগ জেসমিন ইসলামের জামিন বাতিল করে নিম্ন আদালতে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘হলমার্কের চেয়ারপারসন জেসমিন ইসলামকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে আমরা লিভ টু আপিল করেছিলাম। আজকে শুনানির সময় আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন। জামিন বাতিল করে তাকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে সারেন্ডার করার জন্য নির্দেশ দিলেন।’

তিনি বলেন, ‘এ মামলার শুনানিকালে আদালত আমাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। আদালত বলেছে- আপনাদের (দুদক) একজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এটা তো অ্যালার্মিং দেশের জন্য। আমি বলেছি-তার বিরুদ্ধে পিউনেটিভ অ্যাকশন নেয়া হয়েছে।’

পরিপ্রেক্ষিতে আদালত বলেন ‘কিসের পিউনেটিভ অ্যাকশন নিয়েছেন? আপনি শৃঙ্খলা ভঙ্গ আর তথ্য পাচারের জন্য অ্যাকশন নিয়েছেন, ঘুষের কোনো অ্যালিগেশন আপনি নেননি, অ্যাকশন নেননি। কোনো কিছু করেননি।’

এছাড়া আদালত বলেন, আমি বলেছি-ঘুষের জন্য নিতে হলে আমাকে একটু অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করে আমাকে এফআইআর দায়ের করতে হবে। আইনের বাইরে তো আমি কোনো কিছু করতে পারব না। আদালত বলেন, ডিআইজি মিজান কি দুদকের চাইতে বড়? তাকে তো আপনি অ্যারেস্ট করতে পারছেন না। হ্যাঁ তাকে কেন অ্যারেস্ট করছেন না? এই মামলায় তাকে কেন আপনি (দুদক) অ্যারেস্ট করছেন না?’

‘আমি বলেছি -আমার যে লোক (দুদকের কর্মকর্তা) আমি তাকে সাসপেন্ড করেছি। আর যে মামলায় তার (ডিআইজি মিজানুর রহমান) অ্যারেস্ট হওয়ার কথা সে মামলাতে অলরেডি চার্জশিট মেমো অব অ্যাভিডেন্স দেয়া হয়েছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা তাকে নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে দুদক একটা অ্যাকশন নিয়েছে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নতুন একজনকে নিয়োগ দেয়া হয়েছে। সে নতুনভাবে কাজ শুরু করেছে। বিষয়টি অত্যন্ত আইনানুগভাবে গুরুত্বসহকারে দুদক দেখছে। কোনো ব্যত্যয় ঘটবে না।

উল্লেখ্য, পুলিশ সদর দফতরে সংযুক্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কিছু অভিযোগে দুদকের পক্ষ থেকে অনুসন্ধান করছিলেন খন্দকার এনামুল বাছির। সেই অনুসন্ধান চলার মধ্যেই ডিআইজি মিজান দাবি করেন, তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন দুদক কর্মকর্তা বাছির। এ বিষয়ে ডিআইজি মিজান দুদক পরিচালক এনামুল বাছিরের সঙ্গে ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস করেন।

এছাড়া দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে প্রভাব খাটিয়ে গ্রেফতার এবং এক সংবাদ পাঠিকা ও এক নারী রিপোর্টারকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের নিয়োগ, বদলিতেও একসময় ভূমিকা রাখতেন তিনি। গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি করে টাকা আদায়ের অভিযোগও আছে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

যত্রতত্র রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল গজিয়ে উঠছে: প্রধানমন্ত্রী

যত্রতত্র অনলাইন নিউজপোর্টাল গজিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজপোর্টালগুলো নিবন্ধনের উপর তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।

সংবাদ সম্মেলনে একটি অনলাইন নিউজপোর্টালের এক সাংবাদিক  প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে সরকারপ্রধান জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি-না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।

বাংলাদেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ বাজেট উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের সরকারের বিগত দুই মেয়াদে ১০ বছরের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার মাধ্যমে জনগণের মাঝে আমাদের প্রতি আস্থা বেড়েছে। তার প্রতিফলন ঘটেছে গত ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে।’

সংবাদ সম্মেলনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।

রীতি অনুযায়ী প্রতিবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী। এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হওয়ায় সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।

`সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

বেলা ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

দাঁড়িয়ে বাজেট বক্তৃতা শুরু করলেও পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী নিজ আসনে বসে বাজেট উপস্থাপন করেন। কিন্তু বিকেল ৪টার পর অসুস্থ অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাবিত বাজেট উপস্থাপন সম্ভব না হওয়ায় স্পিকারের অনুমতি নিয়ে বাকি অংশ সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তীব্র দাবদাহে বিহারে মারা গেছেন অন্তত ৭০ জন

তীব্র দাবদাহে উত্তর ভারতের বিহারেই মারা গেছেন অন্তত ৭০ জন মানুষ। রাজ্য সরকারের তথ্যমতে গত তিন দিনে রাজ্যের চার জেলায় তারা মারা যান।

তাপপ্রবাহের ফলে সবচেয়ে খারাপ অবস্থা বিহারের ঔরাঙ্গবাদ, গয়া, পাটনা ও নওদা জেলায়। গরমের দাপটে শুধু গয়াতেই মারা গেছেন ১৩ জন। পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে তুলনামূলক কম তাপমাত্রা রয়েছে পূর্ণিয়ায়, সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের জেরে নওদা জেলায় প্রাউ এলাকায় ১২ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় সেখানে জরুরি বৈঠকে বসেছেন জেলা প্রশাসক কুশল কুমার।

অন্যদিকে, বিহারের ঔরাঙ্গবাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। গত দুদিনে সেখানে মৃত্যু হয়েছে ২৫ জনের। প্রতিদিনই গরমের দাপটে বিহারের বিভিন্ন জেলায় বাড়ছে মৃতের সংখ্যা। যাদের বেশিরভাগের মৃত্যু ঘটেছে হিটস্ট্রোকে।

এরই মধ্যে মৃতদের পরিবারপ্রতি চার লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গরম মোকাবিলায় প্রতিটি জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রচণ্ড গরমে বিহারের সব সরকারি স্কুল-কলেজে ছুটির মেয়াদ বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে।

রুমিনের বক্তব্যে সংসদে ফের উত্তাপ

জাতীয় সংসদে চলতি ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় আবারো বর্তমান সরকারের বৈধতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বক্তব্য দিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বক্তব্যে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তার বক্তব্য বিরোধিতা করে সরকারি দলের সংসদ সদস্যরা উত্তপ্ত হন। এমনকি সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াও রুমিনকে বারবার থামিয়ে দিয়ে অসংসদীয় শব্দ ব্যবহার না করার আহ্বান জানান। পরে তার বক্তব্য শেষ হলে ডেপুটি স্পিকার ‘অসংসদীয় শব্দ ও বাক্যগুলো’ সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেন।

সম্পূরক বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় এক পর্যায় রুমিন ফারহানা বলেন, এখানে যারা আছেন তারা আল্লাহকে হাজির-নাজির করে বলুন, নির্বাচন কীভাবে হয়েছে? তারা ক’জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? কীভাবে এই সংসদে এসেছেন সেই প্রশ্ন বিবেকের কাছে করুন। আমাদের কথা বলতে দেওয়া হবে বলে এই সংসদ নির্বাচিত নয় জেনেও এসেছি। ভেবেছিলাম সংসদে একটি জায়গা পাবো যেখানে দেশের কথা, জনগণের কথা বলতে পারবো। কিন্তু আমার দুর্ভাগ্য, এই তিনশ’ আসন- যেটা লুট করে নেওয়া হয়েছে। তাদের এতটুকু ধৈর্য নেই, আমার মতো একজন সাধারণ মানুষের কথা শুনবেন।’

তিনি আরো বলেন, এই সংসদে আসার সময় আমাদের বলা হয়েছিল আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা কথা ধৈর্য সহকারে শুনবেন। সংসদ নেতা এটা বলেছিলেন। কিন্তু আমার প্রথম দিনের বক্তব্যের সময় এক মিনিটও শান্তিতে কথা বলতে পারিনি। একই ঘটনা আজকেও ঘটছে। যদি তাই হয় তাহলে কোন গণতন্ত্রের কথা আমরা বলছি, কোন বাকস্বাধীনতার কথা বলছি। কোন সংসদের কথা বলি- এভাবে একটি সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবেন। কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়। ৩০০ সদস্য যদি মারমুখী হয়ে যান তাহলে কী করে বক্তব্য রাখবো?’

এ সময় ডেপুটি স্পিকার রুমিনকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এমন কোনও কথা বলবেন না যাতে অপর পক্ষ উত্তেজিত হবে এবং সংসদ পরিচালনায় ব্যত্যয় ঘটবে। আমি চাই সংসদ প্রাণবন্ত হোক। সংসদের কার্যপ্রণালী বিধির বাইরে কোনও কথা বলবেন না। আপনি এমন কোনও কথা বলবেন না যা এক্সপাঞ্জ (প্রত্যাহার) করতে হয়।’ একপর্যায় তাকে বসতেও বলা হয়। তবে তার মাইক বন্ধ করা হয়নি।

ওসি মোয়াজ্জেমকে সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আইসিটি আইনের মামলায় গ্রেফতার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে শাহবাগ থানা পুলিশ তাকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী থানার ওসি মাঈন উদ্দিন। তিনি জানান, একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে সোনাগাজী থানা পুলিশের একটি টিম ঢাকায় অবস্থান করছে। তাদের কাছেই মোয়াজ্জেম হোসেনকে হস্তান্তর করা হয়েছে। তারাই তাকে আদালতে নিয়ে যাবে।

এদিকে ওসি মোয়াজ্জেমকে আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার গণমাধ্যমকে জানান, ‘ওসি মোয়াজ্জেম হোসেনকে কিছুক্ষণ পর আদালতে হাজির করা হবে।’

প্রসঙ্গত গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর রোববার মোয়াজ্জেম হোসেনকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরীন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। এর পর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তিনি।

ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১৫ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। বাদীর জবানবন্দি গ্রহণ ও মামলার নথি পর্যালোচনা করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর পরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আত্মসমর্পণও করেননি। বহু নাটকীয়তার পর রোববার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সদর দফতরের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, গত ৮ মে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। মে মাসের তৃতীয় সপ্তাহে তিনি রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। ঈদের আগে সেখান থেকে নিরুদ্দেশ হন ওসি মোয়াজ্জেম।

২৬ মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার অফিসকক্ষে ডেকে নিয়ে মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি করেন।

রাফি এর প্রতিবাদ করেন এবং এ বিষয়ে রাফির মা শিরীন আক্তার মামলা করলে পুলিশ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠান।

ওই মামলা প্রত্যাহার করার জন্য চাপ দেয়া হচ্ছিল নুসরাত ও তার পরিবারকে। কিন্তু মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার একটি ভবনের ছাদে ডেকে নিয়ে রাফির গায়ে আগুন দেয় বোরকাপরা কয়েকজন। আগুনে শরীরের ৮৫ শতাংশ পুড়ে যাওয়া রাফি ১০ এপ্রিল রাতে হাসপাতালে মারা যান। তিনি বলেন, রাফির গায়ে আগুন দেয়ার পর ৮ এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান অধ্যক্ষ সিরাজকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।

রাফির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, তাদের দলের নেতৃত্বেই দেশে গণতন্ত্রের শুভদিন ফিরবে।  আজ (শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি বিভেদ-বিভাজন ও হতাশায় বিশ্বাস করে না। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের শুভদিন বিএনপিই ফিরিয়ে আনবে। মানুষ ফিরে পাবে তার নাগরিক স্বাধীনতা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হবে আরও শক্তিশালী।’

তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘অবশ্যই বিএনপির নেতৃত্বে রাষ্ট্রের প্রকৃত বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হবেই। খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার নয়। কোনো বাধা-বিপত্তি-প্রতিবন্ধকতা-উস্কানিমূলক কথাবার্তা, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না। বর্তমান শ্বাসরোধী দুঃশাসনের অবসান হবেই।’

বিএনপির এ নেতা আরও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে। নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার রয়েছে।

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে সুপরিকল্পিত ও দূরদর্শী সিদ্ধান্তে দল পরিচালনা করছেন বলে রিজভী জানান।

তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করা হচ্ছে বলেও জানান তিনি।

রিজভী বলেন, তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সর্বস্তরের নেতাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটিগুলো গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন।

তিনি আরও বলেন, সারা দেশে কাউন্সিল হচ্ছে। তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডে এসেছে নতুন গতি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রস্তুত হচ্ছেন সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকরা।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লক্ষ্যে পৌঁছাতে বাধা-বিপত্তি আসবেই। এসব অতিক্রম করে আমাদেরকে শিড়দাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এর আগে গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে সরকার। আওয়ামী লীগ সরকার চেয়েছিল খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখে বিএনপিকে নিঃশেষ করতে, ধ্বংস করে দিতে। কিন্তু সরকারের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে, গ্রেফতার করে, নির্যাতন করে, গুম করে, খুন করেও বিএনপির নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে ভাঙার সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি।

ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

১ জুন (শনিবার) থেকে ১০ জুন পর্যন্ত ওই বন্দরে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১১ জুন থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সোনাহাট স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, ঈদুল ফিতর উপলক্ষে শনিবার থেকে টানা ১০ দিন দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়টি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ভারতের গোলকগঞ্জ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।

ছাত্রলীগের জটিলতা কাটবে অচিরেই : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি অচিরেই কেটে যাবে। এ ব্যাপারে সব পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।

শনিবার (১ জুন) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কেন্দ্রীয় সম্মেলনের এক বছর পর ১৩ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩০১ সদস্যের কমিটিতে বিবাহিত, মাদক কারবারি, হত্যা মামলার আসামি, বিএনপি-জামায়াত পরিবারের সন্তানসহ বিতর্কিত অনেকে স্থান পেয়েছেন বলে অভিযোগ পদবঞ্চিতদের। এরপর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে রয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষুব্ধ কর্মীরা অবস্থান কর্মসূচিও পালন করছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, কমিটি গঠন ও সাংগঠনিক সমস্যা নিরসনে নেত্রী শেখ হাসিনা দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন। কমিটির সদস্যদের আলাপ হয়েছে। আমি আশা করছি, অচিরেই এ বিষয়ে সমাধান করা হবে।

কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন চলছে: মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন চলছে। কৃষক ধান কাটার লোক চায় না, ধানের লাভজনক মূল্য চায়।

শনিবার জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিতব্য ১৫ জুনের কৃষক- ক্ষেতমজুর কনভেনশনের সংগঠকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, বিদ্যুৎ, মেট্রোরেল, বন্দর নির্মাণের মেগা-প্রকল্পের মতো কৃষিপণ্য গুদামজাতকরণের জন্য কৃষিক্ষেত্রেও প্রতি ইউনিয়নে সাইলো নির্মাণের মেগা-প্রকল্প এই বাজেটেই নিতে হবে।

তিনি বলেন, কৃষক-ক্ষেতমজুর সংগঠনের শক্তিহীনতার কারণে সব সরকারই কৃষক-ক্ষেতমজুদের তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে। তাদের নিয়ে প্রহসন করতেও তারা কম যায় না। কামলা দেয়ার নামে ক্ষমতাসীনদের ফটোসেশন তার প্রমাণ।

কৃষক ধান কাটার লোক চায় না, ধানের লাভজনক মূল্য চায়। তার বদলে মন্ত্রী, কর্তাব্যক্তিরা কামলার দাম বেশি হওয়ার আজগুবি দোষ খুঁজে পেয়েছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, কৃষক-ক্ষেতমজুরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এই ধান কাটা ক্ষেতমজুর বছরে ছয়মাস কাজ না পেয়ে দিন কাটান। শহরে এসে রিকশা চালান, ইটের ভাটায় কাজ করে কিছু উপার্জন করে জীবন বাঁচান। কৃষককে নিয়ে এ ধরনের প্রহসনের খেলা বন্ধ করতে হবে।

এসব প্রহসন বন্ধে আন্দোলন ও সংগঠন গড়ে তুলতে হবে। কৃষক-ক্ষেতমজুর কনভেনশন সেই লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেনন বলেন, দেশের জনসংখ্যার বৃহদাংশ কৃষকের স্বার্থ রক্ষার্থে সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে কৃষক কেবল ক্ষেতেই আগুন দেবে না, ভারতের কৃষকের মতো মৃত্যুর পথ বেছে নেবে।

খালেদার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মিছিলেন নেতৃত্ব দেন।

বিএনপির  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নয়াপল্টনে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বক্তব্য দেন।

রিজভী বলেন, ‘ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকার আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। আওয়ামী লীগ সরকার চেয়েছিল তাকে (খালেদা জিয়া) কারাগারে বন্দি করে রেখে বিএনপিকে নিঃশেষ করতে, ধ্বংস করে দিতে। কিন্তু সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।’

শত চেষ্টা করেও বিএনপি ভাঙতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএনপিকে ভাঙার জন্য সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি তাই বিভিন্ন সংস্থা দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটানোর অপচেষ্টা করছে। কিন্তু তাতে লাভ হয়নি। কারাবন্দি থাকলেও দেশব্যাপী বিএনপি’র লাখ লাখ নেতাকর্মী খালেদা জিয়ার উপস্থিতি অনুভব করেন।’

এ সময় রিজভী জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করেই কর্মসূচি প্রণয়ন করছেন। রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ। দলের কমিটি গঠন, বিভিন্ন কর্মসূচি প্রণয়ন সবই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন করছেন।’

সরকারের ইন্ধনে কিছু গণমাধ্যম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে অভিযোগ রিজভীর। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘সম্প্রতি কিছু গণমাধ্যম সরকারের ইন্ধনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়েও নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। সরকার ও গোয়েন্দা সংস্থা নানা কূটকৌশল করে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পেরে এখন কিছু গণমাধ্যমকে দিয়ে মনগড়া কল্পকাহিনি রচনা করছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য টিএস আইয়ুব, ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন সোহান, সহ-সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইফতে খায়রুজ্জামান শিমুল প্রমুখ।