=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নজরুলের সঙ্গে বঙ্গবন্ধুর অনেক মিল ছিলো: হানিফ

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৫, ২০১৯
news-image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধুর অনেক মিল ছিলো। দুজনেই বাঙালির মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন।

শনিবার জাতীয় কবির ১২০তম জন্ম বার্ষিকীতে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের হানিফ বলেন, কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু দুজনেই ছিলেন পরম আশাবাদী মানুষ। বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা নিয়ে এদের মত করে আর কেউ স্বপ্ন দেখেনি। সেই স্বপ্নকে কালি ও কলমের মাধ্যমে কবিতায় রূপ দিয়েছেন নজরুল, আর বঙ্গবন্ধু করেছেন বাস্তব।

নজরুলকে অসাম্প্রদায়িক চেতনার কবি আখ্যা দিয়ে তিনি বলেন, নজরুল সাম্যের কবি। তিনি অসাম্প্রদায়িক চেতনার বাংলা চেয়েছিলেন, যে কারণে তার পাঠ এখনো প্রাসঙ্গিক। এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে নজরুলের চিন্তাকে কাজে লাগাতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, নজরুল স্বদেশের মুক্তি প্রত্যাশা করতেন। লেখনীর মাধ্যমে তিনি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সমগ্র ভারতের জনগোষ্ঠীকে জাগ্রত হওয়ার আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সচেতনভাবে হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রদায় নিরপেক্ষ সম্প্রীতিও প্রত্যাশা করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আব্দুস সালামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বরা নজরুলের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজারে ফুল দিয়ে সম্মান জানান সর্বস্তরের মানুষ।