All posts by lutfor

বাজারে জমজম কূপের পানি বিক্রি বন্ধ

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত পবিত্র জমজম কূপের পানি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। আজ সোমবার (৩০ জানুয়ারি) অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

বায়তুল মোকাররম মার্কেটের যেসব দোকানে এই জমজম কুপের পানি বিক্রি হয় সেসব দোকানী, ব্যবসায়ীদের সঙ্গে এই সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, খোলা বাজারে এটা কিভাবে এলো, কিসের উপর ভিত্তি করে আপনারা এই পবিত্র পানি বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। কোথায় থেকে, কাদের মাধ্যমে এই পানি আপনাদের হাতে আসছে। এই সব বিষয় নিয়ে এবং বাণিজ্যিকভাবে এই পবিত্র পানি বিক্রির বিষয় নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে বসবো। আর আপনারাও এই জমজমের পানির বিক্রির উৎস সম্পর্কে মালিক সমিতির সঙ্গে আলোচনা করে জানাবেন। তার আগ পর্যন্ত বাণিজ্যিকভাবে বায়তুল মোকাররম মার্কেটসহ খোলা বাজারে জমজম কুপের পানি বিক্রি বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করে যদি এরপরও কোনো ব্যবসায়ী এই পবিত্র পানি বিক্রি করেন তাহলে সেই দোকান আমরা সীলগালা করে দিবো। আমাদের গোয়েন্দা বিভাগ এটা নিয়ে কাজ করবে। এছাড়া ফেসবুক পেজের মাধ্যমেও যারা জমজম কুপের পানি বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে গতকাল বায়তুল মোকাররম মার্কেটে জমজমের পানি বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে জানতে পেরে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিষয়টি জানতে পেরে ছদ্মবেশে বিষয়টি পর্যবেক্ষণ করি। পরে দাম জিজ্ঞেস করলে ব্যবসায়ীরা জানান- ছোট বোতল ৩০০ আর ৫ লিটারের পানি ২৫০০ টাকায় বিক্রি করছেন তারা। কিন্তু পানির উৎস কোথায়, কে দিল তারা তা জানায়নি। এর ফলে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিই আমরা।

অপর দিকে সেমিনারে অংশ নেওয়া বায়তুল মোকাররম মার্কেটের এক ব্যবসায়ী সুলতান কবির বলেন, হজ থেকে ফেরা মোয়াল্লেমরা জমজমের পানি মার্কেটে দেয়। এরপর পাইকারি মার্কেট থেকে আমরা কিনে এনে বিক্রি করি। তবে এখন যেহেতু নতুন ঘোষণা এসেছে ফলে সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা জমজমের পানি বিক্রি করবো না। উল্লেখ্য, সেমিনারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাসহ বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

১৯১ অনলাইন পোর্টালের ডোমেইন বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

বর্তমানে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিল করাসহ লিংক বন্ধের জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এসব কথা জানান।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়। হাছান মাহমুদ বলেন, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টি, সর্বমোট ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন দেওয়া হয়েছে। দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনাও রয়েছে।তিনি বলেন, ইতোমধ্যে জণমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধ করার জন্য ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। অনলাইন সংবাদের মাধ্যমে দেশ বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের পদক্ষেপ নেওয়া হবে।

ডান্ডাবেড়ি-হাতকড়া পরানো নিয়ে হাইকোর্টের রুল

হাজতিদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানোর বিষয়ে যথাযথ নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া প্রিজন অ্যাক্ট ১৮৯৪ ও জেল কোডের স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক ব্যবহার করে সাধারণ কয়েদিদের ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযায় যাওয়া গাজীপুর ও শরীয়তপুরের দুই ব্যক্তিকে অমানবিকভাবে ডান্ডাবেড়ি ও হ্যান্ডকাফ পরানোয় কেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি, কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, কালিয়াকৈর থানার ওসি এবং শরিয়তপুরের পালং থানার ওসিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।কারাগারে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের প্যারোলে মুক্তির পর ডান্ডাবেড়ি পরানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৪ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোকুনুজ্জামান সুজা।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্প্রতি দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। তাতে দেখা যায়, প্যারোলে মুক্তি দেয়ার পর ডান্ডাবেড়ি পরিয়ে জানাজায় নেয়া হয়েছে এক ব্যক্তিকে। সংবাদ অনুযায়ী ঘটনাটি অসাংবিধানিক। বিষয়টি চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করি।

কায়সার কামাল বলেন, আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ডান্ডাবেড়ি পরানোয় নীতিমালা করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং তাদের ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিজার্ভ থেকে আর কোনো ফান্ড নয়: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আপাতত আর কোনো ফান্ড গঠন করা হবে না। চলমান ইডিএফ ফান্ড থেকে প্রদানকৃত অর্থ সমন্বয় করে এর আকার ধীরে ধীরে কমানো হবে। ইতোমধ্যে ইডিএফ ফান্ডে এক বিলিয়ন ডলার সমন্বয় হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দেশীয় মুদ্রায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে (ইএফপিএফ) অংশগ্রহণকারী ব্যাংকগুলোর সাথে চুক্তি সম্পাদনকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪৯টি তফসিলি ব্যাংক অংশ নিয়ে চুক্তিতে স্বাক্ষর করে।

এসময় গভর্নর আরও বলেন, কোভিড-১৯ বা করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ অবস্থা বিরাজ করছে। এ প্রেক্ষিতে দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি এ খাতের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণ অর্থায়নে ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইফপিএফ) গঠন করা হয়।

এছাড়া, সরকারের অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন কৌশলের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় ষান্মাসিকের বিচক্ষণ মুদ্রানীতি ঘোষণা করেছে।পাশাপাশি কৃষক, নারী উদ্যোক্তা, কুটির শিল্পসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তা এবং রপ্তানিকারক ও ব্যবসায়ীদের জন্য বেশ কয়েকটি প্রণোদনা ঋণ প্যাকেজ বাস্তবায়ন, ব্যাংকগুলোকে নীতি সহায়তা প্রদান, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় অধিকতর মানুষকে জাতীয় উৎপাদনের সঙ্গে সম্পৃক্তকরণ এবং সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়নে বাংলাদেশ ব্যাংক নিরন্তর কাজ করে চলেছে।

আব্দুর রউফ তালুকদার বলেন, নতুনভাবে গঠিত প্রাক-অর্থায়ন তহবিলটিও দেশের রপ্তানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ইএফপিএফ-এর অর্থায়ন কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাত্র ৪ শতাংশ সুদে এ তহবিল থেকে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিকারকদের দেশি মুদ্রায় ঋণ নেওয়ার সুযোগ থাকবে, যার মেয়াদ হবে ১৮০ দিন। ব্যাংক পর্যায়ে সুদহার হবে ১.৫ শতাংশ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে নতুন এই তহবিলের বৈশিষ্ট্য ও সুবিধাসমূহ বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী পরিচালক নূরুন নাহার তহবিল সম্পর্কে ধারণা সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

এছাড়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর. এফ. হোসেন তাদের বক্তৃতায় তহবিলটি যথাযথভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম, একই বিভাগের ইএফপিএম ইউনিটের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণ চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মাকসুদা বেগম এবং স্ব-স্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকগণ স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, রপ্তানি খাতকে সহায়তা করতে বর্তমানে আরও দুটি তহবিল চালু রয়েছে। এগুলো হচ্ছে- ৭০০ কোটি ডলারের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ), ৫ হাজার কোটি টাকার প্রাক জাহাজীকরণ তহবিল। এছাড়া দেশীয় শিল্প ও রপ্তানিমুখী শিল্পের যন্ত্রপাতি এবং কাঁচামাল আমদানির জন্য রয়েছে আরও তিনটি তহবিল। এর একটি মধ্যে ২০ কোটি ডলারের, একটি ২০ কোটি ইউরো ও বিশ্বব্যাংকের সহায়তায় রয়েছে আরও একটি তহবিল।

ইডিএফ থেকে বৈদেশিক মুদ্রায় রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণ দেওয়া হয়। এর চাহিদা ব্যাপক। কিন্তু আইএমএফ এ তহবিলের আকার ছোট করতে বলেছে। এছাড়া বিভিন্ন তহবিলে বরাদ্দ বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে বাদ দিতে বলেছে।এ ছাড়া বৈদেশিক মুদ্রায় গঠিত বাকি তিনটি তহবিলের ব্যবহার কম। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রায় গঠিত তিনটি তহবিলের আকার ছোট করে আনছে। প্রাক জাহাজীকরণ তহবিলের ব্যবহার কম হওয়ায় এর বিভিন্ন শর্ত শিথিল করেছে।

দেশীয় মুদ্রায় গঠিত নতুন ইএফপিএফ তহবিল থেকে অর্থ নিলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেড় শতাংশ সুদ দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে। এর বিপরীতে গ্রাহকদের কাছ থেকে ব্যাংক ৪ শতাংশ সুদ আদায় করতে পারবে। এটি একটি ঘূর্ণায়মান তহবিল হবে। তহবিলের বিনিয়োগ থেকে সুদ আদায় হয়ে এর আকার বাড়ানো হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ তহবিলের কার্যক্রম চলমান থাকবে। সরাসরি রপ্তানিকারক ও প্রচ্ছন্ন রপ্তানিকারকরা এ তহবিল থেকে ঋণ পাবেন।

তহবিল থেকে বস্ত্র, পোশাক, নিটওয়্যার শিল্পের উদ্যোক্তারা ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে কাঁচামাল আমদানি করতে যে অর্থের প্রয়োজন হবে তার পুরোটাই ঋণ হিসাবে পাবেন। তবে ২০০ কোটির বেশি ঋণ দেওয়া যাবে না। স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে সর্বোচ্চ ১৫০ কোটি টাকা ঋণ দেওয়া যাবে। ঋণের একটি কিস্তি পরিশোধের পর আবার ঋণ নেওয়া যাবে। তবে নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণে রপ্তানির মূল্য দেশে না এলে দ্বিতীয় দফায় ঋণ নিতে পারবেন।

প্যাকেজিং শিল্পের উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ কোটি টাকা, প্লাস্টিক শিল্পের উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ কোটি টাকা, সিরামিক খাতের উদ্যোক্তাদের সর্বোচ্চ ৭ কোটি টাকা এবং অন্য রপ্তানিকারকদেরকে সর্বোচ্চ ৫ কোটি টাকার ঋণ দেওয়া যাবে। ঋণের মেয়াদ হবে ছয় মাস। তবে যৌক্তিক কারণে রপ্তানির মূল্য দেশে না এলে এর মেয়াদ আরও তিন মাস বাড়ানো যাবে। কোনো ঋণখেলাপি আলোচ্য তহবিল থেকে ঋণ পাবেন না। ঋণ গ্রহীতাদের সার্বিক ঝুঁকি ও সম্ভাবনার বিষয়গুলো ব্যাংক বিশ্লেষণ করে গ্রাহক বাছাই করবে।

এক এগারোতে কারা পালিয়েছিল সবাই জানে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক এগারোতে কারা কারা পালিয়েছিল সবাই জানে। কিন্তু পালায়নি একজন তিনি হলেন, দেশনেত্রী খালেদা জিয়া। আওয়ামী লীগ পালিয়ে যায় না আগামীকাল রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রা কর্মসূচি উদ্বোধনের সময় তিনি একথা বলেন।মির্জা ফখরুল বলেন, এখানে দাদা (গয়েশ্বর চন্দ্র) আছেন ভাল বলতে পারবেন। এক এগারোতে কারা কারা পালিয়েছিল সবাই জানে। কিন্তু পালায়নি একজন তিনি হলেন, দেশনেত্রী খালেদা জিয়া। তিনি পরিষ্কার বলেছিলেন বিদেশে আমার কোনো জায়গা নেই। এই দেশ আমার এই মাটি আমার। আমার জন্ম এখানে মরলেও এখানে মরবো। এইদেশের মানুষ সব জানে। কে কখন কোথায় পালায়, কেমন করে পালায় সবাই জানে।

ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পদযাত্রাকে গণতন্ত্রের জয়যাত্রা দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের এই পদযাত্রা গণতন্ত্রের জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা সভ্যতার জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায় করার জয়যাত্রা, আমাদের এই পদযাত্রা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জয়যাত্রা, এই পদযাত্রা আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জয়যাত্রা।

 

তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা এখন প্রমাদ গুনছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে চালের দাম কত হয়েছে? দশ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল না? এখন কত খাচ্ছেন। ডালের দাম কত, লবনের দাম কত, আটার দাম কতো। 

 

পুরান ঢাকাসহ সারাদেশে গ্যাস নেই। সব খেয়ে ফেলেছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রতিটি দ্রব্যের মূল্য বাড়িয়েছে। দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে। আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করছে।তিনি আরো বলেন, এখনও সময় আছে গত ১৪/১৫ বছর ধরে এদেশের মানুষের ওপরে যে অত্যাচার করছেন সেই অত্যাচারে মানুষের পিঠ এমনভাবে দেয়ালে ঠেকে গেছে আপনারা আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। ওবায়দুল কাদের সাহেব-পালাবেন কোন দিকে। একটা কবিতা আছে- কোন দিকে পালাবে তুমি। কোনো দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তর পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর। কোন দিকে পালাবে তুমি।

তাই এখনও বলছি সময় আছে, আমাদের যে দশ দফা দাবি এই দাবি মানে মানে মেনে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বাতিল করুন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান আবার চালু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন করুন যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে। তিনি বলেন, গত দুইটা নির্বাচনে ভোট দিয়েছেন? কেউ ভোট দেয়নি। নিজেরা ভোট করেছে। একটা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আরেকটা করেছে আগের রাতে। এই ভোট আর জনগণ চায় না।

আপনাদের হাতে ভোট নিরাপদ কেমন করে? এই যে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের এমপি সাত্তার সাহেব পদত্যাগ করলেন। তারপর তিনি নিজে ভোট করতে গেলেন। আমরা তাকে বহিষ্কার করলাম। এখন তাকে জয়লাভ করানোর জন্য সমস্ত নীতি নৈতিকতা বাদ দিয়ে আপনারা আপনাদের প্রার্থীকে প্রত্যাহার করেছেন। স্বতন্ত্র প্রার্থীকে দুদিন ধরে পাওয়া যাচ্ছে না, গুম।

অর্থাৎ সাত্তারকে জেতানোর জন্য এখন সমস্ত নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনারা মাগুরার কথা বলেন? ব্রাহ্মনবাড়িয়াকে মাগুরার দাদা বানিয়েছেন। সুতরাং এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, নবী উল্লাহ নীব, ইশরাক হোসেন, সাইফুল আলম নীরব, মীর নেওয়াজ আলী, হাবিবুর রশীদ হাবিব, আনিসুর রহমান তালুকদার খোকন, তানভীর আহমেদ রবিন প্রমুখ।

বিএনপির মনের জোর কমে গলার জোর বেড়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের মনের জোর যখন কমে যায় তখন গলার জোর বেড়ে যায়। বিএনপির অবস্থা তাই হয়েছে। বিএনপি নেতাদের মনের জোর কমে যাওয়ায় গলার জোর বেড়ে গেছে। পথ হারিয়ে তারা পদযাত্রা শুরু করেছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সাধারণ সম্পাদক বলেন, হঠাৎ বিএনপি এতো শান্ত কেনো? পথ হারিয়ে তারা পদযাত্রা শুরু করেছে। এর মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের মরণ যাত্রা শুরু হয়েছে। ফখরুল ইসলামের গলার জোর বেড়ে গেছে। বিক্ষোভ কর্মসূচি এখন নিরব কেন? ফখরুল সাহের অনেক বিষদগার করেছেন।

‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কার পায়ের নিচে মাটি আছে, কার নেই তার প্রমাণের জন্য দরকার নির্বাচন। আসুন নির্বাচনে। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। খেলা হবে। নির্বাচনের খেলা হবে। তখন দেখা যাবে কার পায়ের নিচে মাটি আছে আর কার নেই।ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু’র (মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী) ঢাকা সফর শেষে বিএনপি হতাশায় ডুবে গেছে। বিএনপি ভেবেছিলো ডোনাল্ড লু তাদের পক্ষে কথা বলবে, তাদের আশা পূরণ হয়নি। হতাশায় ডুবতে ডুবতে বিএনপি নেতারা হাসপাতালে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো পালিয়ে যায়নি। ওয়ান ইলেভেনে পালানোর গল্প শুধু বিএনপির আছে। রাজনীতি না করার মুচলেকা দিয়ে পালিয়ে আছে। রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে চলা আন্দোলন করে বাংলাদেশে জয়ী হওয়া যাবে না।ফখরুলকে মিথ্যাচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে আটকাতে কত আয়োজন করেছিল বিএনপি, সেটা ভুলে গেলে চলবে না। ওয়ান ইলেভেনের পালানোর গল্প বিএনপির, মুচলেকা দিয়ে তারা লন্ডন পালিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

জাকাত কাকে দেবেন, কীভাবে দেবেন

জাকাত প্রাপ্যদের তালিকা দেওয়া হয়েছে কোরআনে। গরিব, নিঃস্ব ব্যক্তি, জাকাত আদায় ও বণ্টন ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথের পথিক এবং অভাবী মুসাফির জাকাতের অর্থ ও সম্পদ গ্রহণ করতে পারে।
নিকট আত্মীয়দের জাকাত দেওয়া উত্তম। তবে নিজের সন্তান বা তার অধস্তনকে কিংবা মা-বাবা বা তাদের ঊর্ধ্বতনকে, স্বামী-স্ত্রীকে জাকাত দেওয়া যায় না। এমনিভাবে রাসুলের বংশের কেউ জাকাত নিতে পারেন না।
জাকাত দেওয়ার সময় মনে মনে জাকাত দেওয়ার নিয়ত বা ইচ্ছা করলেই জাকাত আদায় হয়ে যাবে। জাকাত গ্রহিতাকে ‘এটা জাকাতের সম্পদ’ জানানোর প্রয়োজন নেই। অভাবীদের প্রয়োজনের প্রতি লক্ষ করে সারা বছরই জাকাত দেওয়া উচিত। বরং অত্যন্ত প্রয়োজনের সময় এগিয়ে আসায় তা রমজানে দানের চেয়ে কম হবে না। এ লক্ষ্যে অগ্রিম জাকাত দেওয়া যায়, বছর শেষে সারা বছর যা জাকাত দেওয়া হয়েছে তা সমন্বয় করে নেওয়া যায় জাকাতের হিসাব থেকে।
অনেক ক্ষেত্রে নগদ অর্থ কম থাকে, কিন্তু স্বর্ণ থাকায় অথবা জাকাতযোগ্য অন্যান্য মাল থাকায় জাকাত দেওয়া ফরজ হয়ে পড়ে। সে ক্ষেত্রে মোট কত টাকা জাকাত ওয়াজিব হয়েছে তা হিসাব করে নিয়ে অল্প অল্প করে সারা বছরই জাকাত দেওয়া যায়। কারও যদি ২০,০০০ টাকা জাকাত আসে তাহলে তা কয়েক মাসেও ভাগ করে দিতে পারে। আবার এক বারেও দিতে পারে। একজনকে দিতে পারে বা একাধিক জনকেও দিতে পারে।
জাকাত আদায়ের ক্ষেত্রে টাকা বা সম্পদের পূর্ণ মালিকানা জাকাত গ্রহিতাকে দিতে হবে। তাই যেসব ক্ষেত্রে কোনো ব্যক্তিমালিকানা হয় না যেমন মসজিদ, রাস্তাঘাট, মাদ্রাসার স্থাপনা, কবরস্থান, এতিমখানার বিল্ডিং ইত্যাদি এসব তৈরির কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না।
মাদ্রাসার গরিব-এতিম ছাত্রদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ জাকাতের টাকা উঠিয়ে থাকেন। তাই মাদ্রাসার ছাত্রদের প্রতিনিধির কাছে গরিব এতিম ছাত্রদের কাছে জাকাতের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকাতের টাকা দেওয়া যাবে। মাদ্রাসা কর্তৃপক্ষ এসব টাকা সরাসরি ছাত্রছাত্রীদের মালিকানায় দেবেন। পরবর্তী সময়ে ছাত্ররা তাদের থাকা-খাওয়া, বই-খাতা, চিকিৎসা, বস্ত্র বাবদ মাদ্রাসা কর্তৃপক্ষকে দিতে পারবে।
জাকাতের টাকায় ব্যক্তি বিশেষকে স্বাবলম্বী করার জন্য ক্ষুদ্র ব্যবসার পুঁজিও দেওয়া যায়। ব্যক্তিমালিকানায় নলকূপ, কৃষি সরঞ্জামাদি দেওয়া যায়। গৃহনির্মাণ করে অভাবী ব্যক্তিকে মালিকও বানিয়ে দেওয়া যায় জাকাতের টাকায়। বিধবা, এতিমের যত্ন, তাদের চিকিৎসা, গরিব ছেলেমেয়ের বিয়ে, গরিবদের লেখাপড়া এমন যেকোনো জনকল্যাণমূলক কাজ করা যাবে জাকাতের টাকায়, শর্ত একটাই- অভাবীকে মালিক করে দিতে হবে জাকাতের টাকার।

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সংবাদকর্মী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে দুর্বৃত্তদের গুলিতে মো. মহিউদ্দি সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হায়দারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দি সরকার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের বাসিন্দা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তার সঙ্গে একটি পত্রিকার আইডি কার্ড পাওয়া গেছে। তবে কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনো পরিষ্কার নয়। পরে বিস্তারিত জানানো হবে। বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাহিদ বলেন, রাত সাড়ে ১০টার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

চিংড়িতে জেলি পুশ করায় লাখ টাকা জরিমানা

চিংড়ি ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি, ওলোট কম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার অভিযোগে সাতক্ষীরার দেবহাটার গাজীরহাট মৎস্য আড়ত থেকে পাঁচ মাছ ব্যবসায়ীকে র‌্যাবের সহায়তায় আটক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ দল।

বুধবার (১৩ এপ্রিল) এ অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর ভ্রাম্যমাণ আদালত দুইটি প্রতিষ্ঠানের মালিক বাবলু গাজী ও সিরাজুল ইসলামকে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। বাকি তিনটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার আইনে মোট ১,০৫০০০ টাকা জরিমানা করেছেন। এছাড়া অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও গাজীরহাট মৎস্য সেডে চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযানে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন

অস্ট্রেলিয়ান পুরুষ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ ভন। রাজ্য দল তাসমানিয়ার কোচিংয়ের দায়িত্ব পালন করতে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। অস্ট্রেলিয়ান প্রধান কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের চাকরি পাকাপোক্ত হওয়ার পর পদত্যাগ করলেন ভন। তিনি বলেন, ‘সবকিছু যেভাবে হয়েছে তাতে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করছি।’জাতীয় দলে থাকায় যে সুযোগ সুবিধা পেয়েছেন তার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান ভন। ২০২১ সালের জুলাইয়ে মাইকেল ডি ভেনুতোর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পান ভন। গত বছর অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গেও ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ জয়েরও অংশ ছিলেন ভন। সম্প্রতি পাকিস্তানে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পান।