All posts by lutfor

তফশিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবিকে নাকচ করে দিয়ে বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ)’র সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান ও নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ওবায়দুল কাদের বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হয়ে যাবে। নির্বাচন কমিশন (ইসি) মোটামুটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নির্বাচনের আগে আর বেশি সময় হাতে নেই। এ অল্প সময়ের মধ্যে সংলাপ করার মত যেমন পর্যাপ্ত সময় নেই তেমনি সংলাপের বাস্তব কোন কারণও নেই।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার দাবীরও কোন অবাস্তব ও অপ্রয়োজনীয়। কাজেই তাদের এ ধরনের দাবি মানারও কোন যৌক্তিকতা নেই।

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, তাঁর দেশ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বন্ধুপ্রতিম। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত থাকুক, যুক্তরাষ্ট্র সেটাই প্রত্যাশা করে। অবাধ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হয়।

বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি, এবারও যদি দলটি নির্বাচনে না আসে, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে, নিশ্চিন্তে কেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে পারলেই সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়।’

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ভাবছি না।’

নির্বাচনে প্রার্থী হওয়ার বা রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই : ড. কামাল

গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার বা কোনো রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেন, যাঁরা ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ করে চলেছেন তাঁদের আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই যে, নির্বাচনে প্রার্থী হওয়ার বা কোনো রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব।

এই প্রবীণ আইনজীবী বলেন, জনগণের এই উদ্বেগ ও আগ্রহের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য গণফোরাম ব্যাপক আলোচনার ভিত্তিতে সাতটি দাবির ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি।

সাতটি দাবি হলো- বর্তমান সংসদ ভেঙে দেওয়া, মন্ত্রিসভার পদত্যাগ, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাহী বিভাগ বা সরকার গঠন, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া, বাকস্বাধীনতা ও রাজনীতির সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করা, জনগণের আস্থা আছে- এমন ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করা।

ড. কামাল হোসেন বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমাদের সাত দফা দাবি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিগণ জাতীয় পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে মতৈক্যে পৌঁছেছি, যার ফলে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা লাভ করেছে।

ড. কামাল বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের ঐক্য বজায় রাখার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট কাজ করে যাবে, যাতে রাষ্ট্র ও সমাজের সর্বত্র গণতান্ত্রিক চর্চার জন্য একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে আমাদের দাবিগুলো আদায়ের জন্য আমরা এমন ব্যক্তি ও দলের সাথে কাজ করব, যারা একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ এবং যারা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান যেখানে ধর্ম, জাতিগত পরিচয় ও লিঙ্গের ভিত্তিতে কারো বিরুদ্ধে বৈষম্য করা হবে না। আমরা বিভাগ ও জেলাপর্যায়ে সমাবেশ করব।

সংবিধান প্রণেতা বলেন, আমাদের এই ঐক্যের সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নাই। এটা আগেও পরিষ্কার করে বলা হয়েছে। এখনো বলছি, স্বাধীনতাবিরোধী কোনো শক্তির সঙ্গে আমাদের ঐক্য নয়। আর একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই- আমরা ঐক্য করেছি কয়েকটি রাজনৈতিক দল মিলে। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের সাথে আমাদের ঐক্যের কোনো সম্পর্ক নাই। বিশেষ করে তারেক রহমানের সাথে।

গণফোরামের সভাপতি বলেন, আমরা দল হিসেবে বিএনপির সাথে ঐক্য করেছি। কিন্তু ব্যক্তি তারেক রহমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা কয়েকটি দল নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্য করেছি। আর সেই জন্য জনমত গঠনে কাজ করছি।

গতকাল জাতীয় সংসদে ড. কামাল হোসেনকে নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে মন্তব্য করার প্রয়োজন মনে করছি না। যদি কখনো প্রয়োজন মনে করি তাহলে তখন মন্তব্য করব। আর সংসদে তারা অনেক কিছু নিয়ে আলোচনা করতেই পারে।

সংবিধানের বাইরে কোনো দাবি মানা হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, এই সংবিধান তো তারা সংশোধন করছে। আগের সংবিধানে আমাদের দাবিগুলো ছিল। আমরা আগের সংবিধানে যেগুলো ছিল সেগুলোই বলেছি।

দাবি মানা না হলে কর্মসূচি কেমন হবে জানতে চাইলে ড. কামাল বলেন, আমরা আপাতত সারা দেশে যে জনমত গঠন করব তার মাধ্যমে আশা করি দাবি আদায় হবে। তারপরও যদি দাবি আদায় না হয়, তাহলে গভীরভাবে ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব।

নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য শেষে এক প্রশ্নে তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় সকলেরই অধিকার আছে ঐক্যবব্ধ হওয়ার। দেশে এখন গণতান্ত্রিক ধারা অব্যহত আছে। তাদের সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিরোধী যে জোট হয়েছে তার সঙ্গে স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধুর খুনে মদদদাতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা রয়েছে।

নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ ছোট হলে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হতে পারে। বর্তমান মন্ত্রিপরিষদ থাকলে সমস্যা কোথায়?

আগামী নির্বাচন প্রশ্নে তিনি বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্টু নির্বাচন করতে সক্ষম হব। নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

সৌদি আরব সফর বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে সৌদি সফর বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

মা বলে গো বলার সুযোগ দেব না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাই এক থাকেন। যারা আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তাদের সাথে রাজনৈতিক চর্চা তো দূরের কথা, কোন আপোষ নেই। ২৭ অক্টোবর হলো ঘন্টা বাজানোর মিটিং। সেদিন ‘মা’ বলে ‘গো’ বলার সুযোগ দেব না বিএনপি-জামায়াতকে।

শনিবার সন্ধ্যায় জালকুড়িস্থ প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী বিষয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জ হলো রাজনীতির সূতিকাগার। নারায়ণগঞ্জ থেকে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। সারাদেশে তা ছড়িয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সানাউল্লাহ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, তোলারাম কলেজে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, আতাউর রহমান নান্নু প্রমুখ।

নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান সংঘর্ষে নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি বিপণিবিতানে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।

রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির বরাতে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবারের ওই ঘটনার খবরটি শুক্রবার স্থানীয় পুলিশ জানালে রোববার প্রেসিডেন্টের মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার খবরটির সত্যতা জানানো হয়।

এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মাঝে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় জানান, গোত্রগুলোর নেতৃস্থানীয়দের প্রতি দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেছেন, ‘গোত্রগত ভিন্নতার কারণে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন করতে না পারলে আমাদের দৈনন্দিন অগ্রগতি ব্যাহত হবে।’

বিশ্বের সর্ববৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখন বাংলাদেশে

বিশ্বের সর্ববৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখন বাংলাদেশে। আগুনে পোড়ার চিকিৎসার লক্ষ্যে নতুন দিগন্ত উন্মোচনকারী শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রোগীদেরকে সর্বোত্তম সেবা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণকৃত বিশ্বের সর্ববৃহৎ বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আগামী বুধবার উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (২৪ অক্টোবর ২০১৮) রাজধানীর চাঁনখাঁরপুল এলাকায় অবস্থিত এই হাসপাতালটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসসের।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারি ডা. সামন্ত লাল সেন বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাশে অবস্থিত ১২তলা এই ইনস্টিটিউটে পোড়ার রোগিরা যেমন উন্নততর সেবা পাবেন, তেমনি ডাক্তার ও নার্সরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন পাবেন।

এই ইনস্টিটিউটে আরও অধিক পোড়ার রোগীকে চিকিৎসা দেয়ার সুযোগ হবে এবং এখানকার প্লাস্টিক সার্জনরা দেশের চাহিদা পূরণে সক্ষম হবেন বলে জানান এই ইনস্টিটিউটের চিফ কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আশা প্রকাশ করেছেন, এই বিশেষায়িত হাসপাতাল থেকে পোড়ার রোগিরা উন্নততর চিকিৎসা সেবা পাবেন। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্বলিত এই ইনস্টিটিউটটি চিকিৎসা, গবেষনা ও অধ্যয়নের কেন্দ্রে পরিনত হবে।

তিনি বলেন, পাঁচশ’ শয্যা, ৫০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট, ১২টি অপারেশন থিয়েটার বিশিষ্ট এই ইনস্টিটিউটটি বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিনত হবে। বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসা সেবার উন্নয়নের প্রতি আন্তরিকতার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় এই ইনস্টিটিউটের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইনস্টিটিউটটি নির্মাণ করেছে।

এই ইনস্টিটিউটটি নির্মান করতে ব্যয় হয়েছে আনুমানিক ৫২২ কোটি টাকা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ৬ এপ্রিল এই ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মূলভবনের নির্মানকাজ শুরু হয় ২০১৬ সালের ২৭ এপ্রিল।

বছরে ২শতাংশ হারে দারিদ্র নিরসন করতে পারছি না : অর্থমন্ত্রী

আগামী ১০বছরে দেশ থেকে দারিদ্র্যতা দূর করতে হলে বছরে ২ শতাংশ হারে দরিদ্রতা কমাতে হবে। কিন্তু আমরা এখনো সেটা পারিনি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এখনো দরিদ্রতার হার ১৪ শতাংশ। মালয়েশিয়াতে সব চেয়ে কম ৭ শতাংশ।

আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিকেএসএফ আয়োজিত বাংলাদেশ কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ অভিমত দেন। পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খুলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, পর্ষদ সদস্য নাজনীন সুলতানা, ডিএমডি মো: ফজলুল কাদের।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৭১ সালে জীবন রক্ষার্থে এক কোটি মানুষ দেশ থেকে পালিয়ে যায়। পালিয়ে বেড়ায় ২ কোটি মানুষ। তিনি বলেন, এখন দরিদ্র মানুষের পরিমাণ ৩ কোটি। যার মধ্যে এক কোটি হতদরিদ্র। বর্তমানে যে হারে কাজ করা হচ্ছে তাতে আগামী ৭/৮ বছর চলমান থাকলে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।

আমীর খসরুর জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দেন।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, আইসিটি আইনে করা এ মামলায় আজ পর্যন্ত আমীর খসরু জামিনে ছিলেন। সকালে আদালতে হাজির হলে মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়। এ সময় যে অডিওটির সূত্র ধরে মামলাটি হয়, তার পরিপ্রেক্ষিতে আমীর খসরুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। কিন্তু অডিওর কণ্ঠস্বরটি নিজের নন বলে দাবি করেছেন বিএনপি নেতা। তিনি বলেছেন, এটা প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের। আর সেখানে রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য নেই। এদিকে আজ আদালতজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের সময় মুঠোফোন কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। ওই কথোপকথনে উসকানি দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। বাদী দাবি করেন, অডিওর একটি কণ্ঠস্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীর। সে কারণে তাঁকে মামলার আসামি করা হয়।

মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে এক মাসের জামিন নেন আমীর খসরু। জামিনের মেয়াদের মধ্যে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদনের শুনানিতে আজ ২১ অক্টোবর পর্যন্ত আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেন এবং পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ আদালতের জামিনের পূর্ণাঙ্গ শুনানি হয়।

সমাবেশ করার অনুমতি নিয়ে নাটক করছে ঐক্যফ্রন্ট : কাদের

সমাবেশ করার অনুমতি নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নাটক করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ‘বাংলাদেশে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক’ শীর্ষক এক আলোচনা শেষে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী সব দলকে যেকোনো স্থানে সমাবেশ করার অনুমতি দিতে পুলিশ বাহিনীকে বলেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সমাবেশ করা নিয়ে এরই মধ্যে ঐক্যফ্রন্ট ইঙ্গিত পেয়েছে। এরপরও তারা এ বিষয়ে চিঠি চালাচালি করে নাটক করছে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, তারা যেখানে সভা-সমাবেশ করতে চায়, এ ব্যাপারে কোনো বাধা থাকবে না। নিরাপত্তার যে বিষয়টা, এখানে বড় বড় নেতা যাবেন, এটা তো পুলিশ একটু খতিয়ে দেখে। কিন্তু অনুমতির ব্যাপারে তারা কিন্তু ইঙ্গিতও পেয়ে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা ছাড়া নির্বাচন কমিশনে একজন কমিশনার নোট অব ডিসেন্ট দিলেও নির্বাচন কমিশন দ্বিধাবিভক্ত হবে না, বরং এটি গণতন্ত্রের সৌন্দর্য।

জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ২৩ অক্টোবর সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু সিলেট মহানগর পুলিশ তাদের সেদিন সমাবেশ করার অনুমতি দেয়নি। এ কারণে সমাবেশ একদিন পিছিয়ে ২৪ অক্টোবর করতে চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গত শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের বাসায় ঐক্যফ্রন্ট নেতাদের এক দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।