All posts by lutfor

কনের সাজে প্রেমিকের কবরে প্রেমিকা

দীর্ঘদিনের প্রেম থেকেই বিয়ের তারিখ ঠিক হয়েছিল জেসিকা ও কেন্ডালের। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় কেন্ডালের প্রাণ। মুহূর্তে ভেঙে যায় সাজানো স্বপ্ন। কিন্তু প্রেমও কি মানুষের সঙ্গে সঙ্গে মরে যায়?

উত্তর হচ্ছে- না, এরপরও ভালোবাসা ফুরোয়নি একটুও। জেসিকা যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতেন তিনি চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু ১০ মাস পর বিয়ের সাজে সাজলেন জেসিকা বউয়ের সাজে গেলেন প্রিয়জনের কবরের পাশে।

প্রেমিকের মৃত্যুর পর ভেবেছিলেন সামলে নিয়েছেন নিজেকে। কিন্তু কবরের কাছে যাওয়ার পথ কান্নার বাঁধ ধরে রাখা গেল না। ফুলের তোড়া পাশে রেখে অঝোরে কাঁদলেন তিনি।

এক মাতাল চালকের গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মারা জান কেন্ডাল মারফি। কেন্ডাল ছিলেন একজন দমকল কর্মী। সেপ্টেম্বরের ২৯ তারিখে ঘটে এই মর্মান্তিক ঘটনা। সেদিনই তাদের বিয়ের কথা ছিল। এই ঘটনার পর ১০ মাস কেটে গেছে।

কেন্ডালের কবরের পাশে ছবিও তোলেন জেসিকা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লাভিং লাইফ ফটোগ্রাফি থেকে এই সুন্দর মুহূর্তের ছবিগুলো তোলা হয়েছে।

জেসিকা বলেন, যদিও আমি আমার স্বপ্নের পুরুষকে বিয়ে করতে পারিনি। কিন্তু, এই দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। তার এই বিশেষ দিনটিকে সুন্দর করে তুলতে যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন জেসিকা। তিনি বলেন, আমি যা চেয়েছিলাম তা হয়তো পাইনি। কিন্তু সবাই মিলে আমাকে অনেক ভালোবাসায় পূর্ণ করেছেন।

চুল বেঁধে সাদা গাউন পরে খুব সেজে গিয়েছিলেন তিনি তার প্রেমিকের কবরে। কোনভাবেই যেন দিনটা নষ্ট না হয় সে চেষ্টা করেছেন তিনি। এমন নজির খুব একটা দেখা যায় না ইদানিং।

সাইকেল চালিয়ে বরযাত্রা

হাতি-ঘোড়া উড়োজাহজের সঙ্গে বরাযাত্রীর বাহণ হিসেবে যোগ হল এবার বাই সাইকেল। মৌলভীবাজার শহরে বরযাত্রী নিয়ে সাইকেল চালিয়ে কনে আনতে যান বর ও তার লোকজন। প্রায় একই ধরনের সাজে অর্ধশতাধিক বাইসাইকেল নিয়ে এই বরাযাত্রী দেখে কৌতুহল বাড়ে রাস্তার পাশে থাকা দোকানি ও পথচারীদের।

এ সময় অনেকের মনেই প্রশ্ন আসে, তারা কারা? কী বা করতে এসেছেন? মৌলভীবাজার শহরের সিলেট সড়ক হয়ে কুসুমবাগ এলাকা পাড়ি দেওয়ার সময় সাইকেল র‍্যালিটি যানজটে আটকা পড়লে জানা যায় এই র‌্যালির মূল রহস্য।

অনেকগুলো সাইকেলের ভিড়ে সেই র‍্যালিতে ছিলো একটি বড় চাকার সাইকেল। সেই সাইকেলে থাকা পাগড়িওয়ালা একজন মিষ্টি হেসে বলেন, ‘আমি নিজেই বর, কনে আনতে যাচ্ছি।’ সঙ্গে থাকা কয়েকজন বরযাত্রী হাসিমুখে সবার কাছে দোয়া চান।

বুধবার দুপুরে জেলা শহরের সাদিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো এমন ভিন্ন ধরনের বাইসাইকেল র‌্যালির বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, শহরের বড়হাটের মরহুম আশরাফ আলী ও রুবেনা সুলতানা দম্পতির ছেলে শহরের সাদী মোবারক ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী আহমদ আলী ছায়েমের সঙ্গে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজাফরাবাদ গ্রামের সজিব মিয়া ও হাজেরা বেগম দম্পতির মেয়ে সোনিয়া সুলতানা রুমার বিয়ে অনুষ্ঠিত হয়।

বর আহমদ আলী ছায়েম মুঠোফোনে জানান, এমন আয়োজনের ইচ্ছে আগে থেকেই ছিল। মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির আমার কাছের মানুষেরা তা বাস্তবায়নে আমাকে সহযোগিতা করেছেন।

এ সময় ছায়েম হেসে বলেন, ‘আমার সম্পূর্ণ ইচ্ছা পূরণ হয়নি। কারণ নতুন বউকে সাইকেলে করে নিয়ে আসতে পারিনি। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান হওয়ায় বাইসাইকেলে সেই ব্যবস্থা করতে পারিনি।’ তিনি আশা করেন, সাইক্লিংয়ের মাধ্যমে যুব সমাজ ভালো কাজে এগিয়ে যাবে।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ ও রাফসান রাজা জাওয়াদ জানান, বর তাদের সাইক্লিং কমিউনিটির নেতা। তাদের স্লোগান হচ্ছে, ‘সু-স্বাস্থ্যের জন্য সাইক্লিং’। পরিবেশবান্ধব সাইক্লিংয়ে তারা সব সময় তরুণ ও যুব সমাজকে উৎসাহিত করে থাকেন।

তাদের লক্ষ্য তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। সাইক্লিংয়ের মাধ্যমেই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে তারা ভালো কাজে নিয়োজিত করতে চান। জেলার মধ্যে এই ধরনের সাইকেল র‍্যালি এটিই প্রথম বলে তারা দাবি করেন।

এ ধরনের ব্যতিক্রমী বরযাত্রার র‌্যালিকে ‘বিবাহ র‌্যালি’ নাম দিয়ে শহরের লোকজন নানারকম মুখরোচক কথাবার্তায় মেতে ওঠে।

দুই মাসে বাণিজ্য ঘাটতি ১৭৭০০ কোটি টাকা

আমদানি বাড়ছে তবে সে অনুযায়ী বাড়ছে না রফতানি আয়। ফলে বহির্বিশ্বের সঙ্গে লেনদেনে বাংলাদেশের অবস্থার অবনতি হচ্ছে। বাড়ছে বাণিজ্য ঘাটতি। চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২১০ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৭০০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চলছে। এসব বড় বড় প্রকল্পের কাজ শুরু হওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে হচ্ছে। এতে করে আমদানি ব্যয় যে হারে বেড়েছে, সেই তুলনায় রফতানি আয় বাড়েনি। ফলে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের করা হালনাগাদ প্রতিবেদনে তথ্যানুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দুই মাসে ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে ৬৭১ কোটি ৮০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৮৮২ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসেবে আগস্ট শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ২১০ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (বিনিময় হার ৮৪ টাকা দরে) ১৭ হাজার ৬৯৮ কোটি ৮০ লাখ টাকা। গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময় ছিল ১৭৬ কোটি ৬০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাব ঋণাত্মক (-) রয়েছে। তবে গত বছরের তুলনায় এ ঋণাত্মক (-) হার কমেছে। অর্থবছরের প্রথম দুই মাসে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাই শেষে ঘাটতি ছিল ২৪ কোটি ৫০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়। সেই হিসাবে উন্নয়নশীল দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকা ভালো।

এদিকে আলোচিত সময়ে সেবাখাতে বেতন-ভাতা বাবদ বিদেশিদের পরিশোধ করা হয়েছে ১৪২ কোটি ডলার। আর বাংলাদেশ এ খাতে আয় করেছে ১০৩ কোটি ডলার। এ হিসাবে সেবায় বাণিজ্যে দেশে ঘাটতি দাঁড়িয়েছে ৩৯ কোটি ডলার। যা গত ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে ছিল (ঘাটতি) ৭৪ কোটি ৪০ লাখ ডলার।

প্রথম দুই মাসে প্রবাসীদের রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছর একই সময়ে ছিল ২৪৭ কোটি ৯০ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহে ৮ দশমিক ৩৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, আলোচিত সময়ে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ বেশি। এদিকে এফডিআই বাড়লেও দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ব্যাপক হারে কমেছে। অর্থবছরের প্রথম দুই মাসে শেয়ারবাজারে মাত্র ৫০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। যা তার আগের অর্থবছরে ছিল ৭ কোটি ৩০ লাখ ডলার।

এদিকে বেশ কয়েক মাস স্থিতিশীল থাকার পর সম্প্রতি বাড়ছে ডলারের দাম। প্রতি ডলারে পাঁচ পয়সা বেড়ে এখন আন্তঃব্যাংকে ডলারের দর উঠেছে ৮৩ টাকা ৮৩ পয়সা।

চট্টগ্রামে মায়ের কবরের পাশে শায়িত হবেন আইয়ুব বাচ্চু

জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে শুক্রবার জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেওয়া হবে। সেখান থেকে মরদেহ এনে আবার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যাবেন তার জন্মস্থান চট্টগ্রামে। সেখানে জানাজা শেষে মায়ের কবরের পাশে তার দাফন হবে।

বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।

প্রধানমন্ত্রী আজ সৌদি আরব সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের বাদশাহ এবং দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে চারদিনের সফরে আজ মঙ্গলবার রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বাসসকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে রওনা হবেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিল অব সৌদি চেম্বার (সিএসসি) এবং রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি রাজপ্রাসাদে দেশটির বাদশাহর সঙ্গে সাক্ষাৎ এবং মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সঙ্গেও বৈঠক করবেন।

পরে প্রধানমন্ত্রী রিয়াদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশ চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টায় পবিত্র নগরী মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করবেন এবং রাত ৯টায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছাবেন। এদিন রাতে তিনি পবিত্র মসজিদে নববীতে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং বেলা সোয়া ১১টায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এদিন দুপুরে প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে রওনা হবেন এবং বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরকালে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এগুলো হলো- প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ)।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠককালে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা হবে।

দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়গুলো ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আগামী দিনগুলোতে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

শিশুর ডেঙ্গু জ্বরে করণীয়

চারদিকে এখন ডেঙ্গুর প্রকোপ, এ থেকে শিশুদেরও রেহাই নেই। মশাবাহিত এ রোগটি সাধারণত বর্ষা এবং বর্ষা-পরবর্তী সময়ে দেখা দেয়। ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা কামড়ানোর পাঁচ থেকে সাত দিনের মধ্যে রোগের উপসর্গ দেখা দেয়। তবে কিছু কিছু ডেঙ্গু রোগী কোনো উপসর্গ ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

রোগের লক্ষণগুলো হলো— উচ্চ তাপমাত্রা (সাধারণত ১০২-১০৫ ডিগ্রি ফারেনহাইট), মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি এবং গিঁটে গিঁটে ব্যথা ও চামড়ার নিচে ছোট ছোট লাল ফুসকুড়ি। চার থেকে সাত দিন পর জ্বর কমে গেলে ছোট ছোট লাল দাগ দেখা দেয় যা চাপ দিলেও মিশে যায় না। এ ছাড়া দাঁতের গোড়া ও নাক থেকে রক্ত বের হতে পারে। ডেঙ্গু ভাইরাসের একটি বিশেষত্ব হলো এটি রক্তনালিতে পরিবর্তন ঘটিয়ে জলীয় অংশ বের করে দেয়, ফলে রোগী পানিশূন্যতায় আক্রান্ত হয়। বড়দের চেয়ে শিশুরা পানিশূন্য হয় বেশি। ফলে তীব্র পানিশূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়া এবং জটিলতার সম্ভাবনাও তাদের বেশি।

ডেঙ্গুর চিকিৎসা হলো পর্যাপ্ত পানি বা তরল খাবার বিশেষত ওরস্যালাইন। অনেকে মনে করেন ডেঙ্গু হলেই রোগীকে রক্ত বা প্লেটেলেট দিতে হবে। বাস্তবতা হলো, খুব অল্পসংখ্যক রোগীরই প্লেটেলেট প্রয়োজন হয়। তাই ডেঙ্গুতে বুকের দুধ, পানি, ডাবের পানি, স্যালাইন, জুস, লেবুর শরবত ইত্যাদি একটু পরপরই শিশুর মুখে তুলে দিন। খাওয়ার রুচি কমে যায় বলে এমন খাবার দিন যাতে যথেষ্ট পুষ্টি আছে, যেমন খিচুড়ি। জ্বর কমাতে প্যারাসিটামল বড়ি, সিরাপ বা সাপোজিটরি দিতে হবে। তবে এসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিকও এক্ষেত্রে অপ্রয়োজনীয়।

ডেঙ্গু আক্রান্ত বাচ্চাকে মশারির মধ্যে রেখে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। স্কুলে যাওয়া বা অন্য কাজ থেকে ৫-৭ দিন বিরত রাখুন চিকিৎসকের পরামর্শে। সুস্থ বাচ্চারও নিয়মিত পরীক্ষা করিয়ে দেখতে হবে প্লেটেলেট কমে যাচ্ছে কি-না। একই পরীক্ষা বারবার করছে বলে বিভ্রান্ত হবেন না। সময়মতো চিকিৎসা নিন। সুস্থ থাকুন।

অভাবে ঢাবির মেধাবী ছাত্রের আত্মহত্যা!

পারিবারিক অভাব-অনটনের কারণে সুইসাইড নোট লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ছাত্র জাকির হোসেন (২২) আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের হতদরিদ্র কৃষক মোস্তাফিজার রহমান বুদার তৃতীয় সন্তান জাকির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

পারিবারিক অভাব-অনটনের কারণে রোববার রাতে বাবা ও মায়ের সঙ্গে কথাকাটাকাটি হয় জাকির হোসেনের। পরে বাবা মায়ের ওপর অভিমান করে সোমবার ভোরে সবার অজান্তে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ব্যাপারে ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জাকির হোসেন মৃত্যুর আগে তার ডায়েরির পাতায় ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন সুসাইড নোট লিখে গেছে। তবে সংসারে অভাব-অনটন তার আত্মহত্যার মূল কারণ।

এ ঘটনায় নিহতের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাওয়া-দাওয়ায় অরুচি হলে যে দোয়া পড়বেন

বিভিন্ন কারণে ক্ষুধা মন্দা হতে পারে। অসুস্থতার কারণে ক্ষুধা মন্দা হলে অর্থাৎ খাওয়া-দাওয়া খেতে ইচ্ছা না করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। পাশাপাশি কুরআনের আমল করা যেতে পারে।

যদি কেউ ক্ষুধা থাকা সত্ত্বেও খাওয়া-দাওয়া করতে না পারে তবে প্রতিদিন এ দোয়াটি ২১ বার পড়বে। আল্লাহর রহমতে ওই ব্যক্তির শারীরিক কোনো সমস্যা না থাকলে খাওয়া-দাওয়ায় রুচি হবে। দোয়াটি হলো-

وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ وَأَنَّ اللَّهَ رَءُوفٌ رَّحِيمٌ
উচ্চারণ : ওয়া লাও লা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু; ওয়া ইন্নাল্লাহা তাওয়্যাবুন হাকিম।’
অর্থ : তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে (তোমরা ধ্বংস হয়ে যেতে); আল্লাহ তাওবা গ্রহণকারী ও বড়ই প্রজ্ঞাময়। (সুরা নুর : আয়াত ১০)

আল্লাহ তাআলা ক্ষুধামন্দা লোকদেরকে খাওয়া-দাওয়ার চাহিদা লাভে উল্লেখিত আয়াতের নিয়মত আমল করার তাওফিক দান করুন। এ আয়াতের যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

বিশ্বে ইন্টারনেট ভিত্তিক শ্রমশক্তির ১৫ শতাংশ বাংলাদেশের

প্রযুক্তি বদলে দিচ্ছে মানুষের জীবনধারা, বদলে যাচ্ছে কাজের ধরণ। পেশাগত কাজে আসছে পরিবর্তন। অনলাইনে কর্মসংস্থান ভৌগলিক বাধাকে অতিক্রম করেছে। এর বড় উদাহরণ ‘আউটসোর্সিং’। বিশ্বে এখন লাখ লাখ তরুণ অনলাইনে কাজ করছে। সারা বিশ্বে ইন্টারনেট ভিত্তিক শ্রমশক্তির ১৫ ভাগ রয়েছে বাংলাদেশে। যাদের সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি। ইন্টানেটের সুবাদে ভৌগলিক দূরত্ব মানুষের যোগাযোগে আর বাধা হয়ে দাঁড়াতে পারছে না।

বিশ্বব্যাংক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৯: দ্য চেঞ্জিং নেচার অব ওয়ার্ক’ শীর্ষক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে প্রযুক্তির অগ্রগতির ফলে কাজের প্রকৃতি পরিবর্তনের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, উত্পাদন খাতে প্রযুক্তিগত ব্যবহার বৃদ্ধির সঙ্গে বাজার সম্প্রসারণ এবং সামাজিক অংশগ্রহণ বাড়ছে। এর মধ্যে কিছু পরিবর্তন ভাবনার কারণও হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত বিশ্বে দক্ষ শ্রমিকের অনেক চাহিদা বেড়েছে। উন্নয়নশীল দেশেও এর চাহিদা বাড়তে দেখা যাচ্ছে। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইথিওপিয়া, বলিভিয়া এবং দক্ষিণ আফ্রিকায় দক্ষ জনশক্তির চাহিদা প্রায় ৮ শতাংশ বেড়েছে। কিন্তু মধ্য ও নিম্ন দক্ষতা সম্পন্ন শ্রমিকের চাহিদা সেভাবে বাড়েনি। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালে জর্ডানে আধা-দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে মাত্র সাড়ে ৭ ভাগ। অন্যদিকে বাংলাদেশে এর চাহিদা না বেড়ে উল্টো ২০ ভাগ কমেছে। এসময়কালে বাংলাদেশে নিম্ন দক্ষ শ্রমিকের চাহিদা বেড়েছে ব্যাপক হারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রযুক্তিগত ব্যবহার বৃদ্ধির কারণে উন্নতবিশ্বে কারখানায় শ্রমিক নিয়োগের হার কমেছে। নিম্ন আয়ের দেশের নিয়োগ খুব একটা বাড়ছে না। তবে কারখানায় পূর্ব এশিয়ার দেশগুলোর নিয়োগ বাড়ছে বেশি হারে। বিশ্বকে এখন মানবসম্পদ খাতে আরো বিনিয়োগ করতে হবে। শিশুকাল থেকেই তাদের প্রতি মনোযোগ দিতে হবে। এতে উদাহরণ দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে যে শিশুরা প্রাক প্রাথমিক স্কুলে গিয়েছে তারা পরবর্তীতে স্কুল শিক্ষায় ভালো ফল করেছে। শিশুদের পেছনে বিনিয়োগ করা হলে সেটি পরবর্তীতে ভালো ফল বয়ে আনে।

প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী জীবনযাত্রার মান উন্নয়নে ১৭ শতাংশ নতুন প্রযুক্তি বেশ ভালো ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জীবনযাত্রায় মাঝারি পর্যায়ে ইতিবাচক প্রভাব আছে ৫০ ভাগ প্রযুক্তির। আর চূড়ান্ত পর্যায়ে নেতিবাচক প্রভাব রয়েছে ৪ শতাংশ প্রযুক্তি ব্যবহারে। ২৩ শতাংশ নতুন প্রযুক্তি বিশ্ব অর্থনীতিতে খুবই ইতিবাচকভাবে প্রভাবিত করছে। ১০ শতাংশ নতুন প্রযুক্তি খুবই নেতিবাচকভাবে প্রভাবিত করছে বিশ্ব অর্থনীতিকে। একইভাবে সামাজিক খাতে ১৫ শতাংশ প্রযুক্তির খুবই ইতিবাচক প্রভাব রয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য দেশগুলোকে বাড়তি বিনিয়োগ করতে হবে। এরজন্য আয়ও বাড়াতে হবে। নতুন আয়ের খাত খুঁজে বের করতে হবে। বিশেষ করে মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক (তামাক, পানীয়, চিনি, ইত্যাদি), কার্বন কর, কর্পোরেট কর, সম্পত্তি কর, জ্বালানি ভর্তুকি কমিয়ে আনাসহ ডিজিটাল অর্থনীতির উপর কর আয়ের বাড়তি উত্স হতে পারে।

ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন, ২৩ অক্টোবর জনসভা

জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। ২৩ অক্টোবর সিলেটে জনসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুর করবে।
গুলশানে জেএসডি সভাপতি আ স ম রবের বাসভবনে আজ মঙ্গলবার ঐক্যফ্রন্টের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তা জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। এ সময় তার স্ত্রী তানিয়া রব উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মইনুল হোসেমন, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ বাড়াতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের নেতারা বলেছেন, আলোচনার দ্বার উন্মুক্ত রেখেই আন্দোলন কর্মসূচিতে যাবেন তারা। যদি সরকার জনগণের চাওয়া আঁচ করতে না পারে, সে ক্ষেত্রে পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে।

জানা গেছে, প্রাথমিকভাবে রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী সপ্তাহে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে বৈঠক করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ তৈরির কর্মকৌশল চূড়ান্ত করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। একইসাথে জাতীয় ঐক্যফ্রন্টের কলেবর আরো বাড়ানো হবে। ২০ দলীয় জোটের আরো বেশ কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে। বামঘরানার কিছু দলকেও ফ্রন্টে ভেড়ানোর প্রচেষ্টা চলছে।

গত ১৩ অক্টোবর বিএনপিকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের পর শীর্ষ নেতারা আগামী দিনের কর্মসূচি ও কর্মকৌশল কী হবে তা নিয়ে নিজেদের মধ্যে শলাপরামর্শ করছেন। আজ-কালের মধ্যে তারা আবারো একসাথে বসবেন। জানা গেছে, জোটগঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না ফ্রন্টের নেতারা। যে সাতটি দাবি আদায়ে একমত হয়ে তারা জোট গঠন করেছেন, তা চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাওয়াই এখন তাদের লক্ষ্য।

কোনো দল বা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য না দিয়ে তারা সমন্বিত কৌশলে এগোতে চান। যেকোনো কর্মসূচি গ্রহণ করা হবে ফ্রন্টভুক্ত দলগুলোর যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে। এ ক্ষেত্রে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির শীর্ষ তিন নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রধান ভূমিকা পালন করবেন। পরামর্শ নেয়া হবে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী ও ব্যারিস্টার মইনুল হোসেনের। পরিমিত কথা বলায় পারঙ্গম মাহমুদুর রহমান মান্নাকে ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেয়া হতে পারে।

ফ্রন্টের এক নেতা  আলাপকালে বলেন, বিকল্পধারাকে বাদ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সিদ্ধান্তটা ছিল খুবই দূরদর্শী। কারণ বি চৌধুরী ও তার পুত্র মাহি বি চৌধুরী পুরো প্রক্রিয়াটাকে ভিন্ন খাতে ব্যবহার করতে চেয়েছেন। লক্ষ্য যেখানে সুষ্ঠু নির্বাচন, সেখানে তারা বিএনপিকে ঘায়েল করতে একটি প্রতিশোধমূলক পরিকল্পনায় ছিলেন। তারা যেসব শর্ত জুড়ে দিয়েছিলেন, সেগুলোও ওই পরিকল্পনারই অংশ। নেতৃত্ব নিয়েও তারা যথেষ্ট ঝামেলা তৈরি করেছিলেন। তারা কোনো একটি পক্ষের উদ্দেশ্য হাসিল করতে ধূম্রজাল তৈরি করছেন, এমনটা স্পষ্ট হয়ে যাওয়ায় তাদেরকে ত্বরিত সিদ্ধান্তে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয়েছে।

ওই নেতা বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি কী হবে তা এক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হবে। সিলেট অথবা শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হতে পারে। রোডমার্চ সমাবেশের ডাক দেবেন তারা।

জানা গেছে, ২০ দলীয় জোটে থাকা আরো বেশ কয়েকটি দল জাতীয় ঐক্যফ্রন্টের মঞ্চে আসবে। এলডিপি, জাপা, বিজেপির সাথে এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। এসব দল একইসাথে ২০ দলীয় জোটেও থাকবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের চাপ আরো বেড়েছে। আগামী দিনে তারা সঠিক কর্মসূচি গ্রহণ করবেন। সেই কর্মসূচির মধ্য দিয়ে জনগণের যে চাওয়া, সেটি অর্জিত হবে।

জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবির মধ্যে তিনটি প্রধান দাবিকে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বেগম খালেদা জিয়াসহ আটক রাজবন্দীদের মুক্তি ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন। এসব দাবি আদায়ের পথে ‘উইন উইন’ পরিস্থিতি দেখা দিলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবেন তারা।

সূত্র মতে, ২০ দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় বিএনপি এই দুই জোটের মধ্যে ভারসাম্যমূলক নীতি গ্রহণ করে এগোতে চায়। দলটির নেতারা এ ক্ষেত্রে নির্বাচনে অংশ নিলে আসনবণ্টনের কাজটিকে চ্যালেঞ্জ মনে করছে। এক দিকে নিজ দলের দুঃসময়ের নেতাদেরকে তাদের মূল্যায়ন করতে হবে, অন্য দিকে জোট ও ফ্রন্টের নেতাদেরও জায়গা করে দিতে হবে।