=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ৫১৫ বাংলাদেশি আটক

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ২, ২০১৭
news-image

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রথম দিন এক হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫১৫ জন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। রোববার মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আটকদের মধ্যে ১০১ জন নারী, তিনজন শিশু ও ১৬ জন স্থানীয় নিয়োগকারী রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, ‘দেশজুড়ে ১৫৫টি স্থানে অভিযান চালানো হয়। তিন হাজার ৩৯৩ জন সন্দেহভাজন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে এক হাজার ৩৫ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করা হয়।’

তিনি বলেন, ‘আটক হওয়া অবৈধ বিদেশি শ্রমিকের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ। এই সংখ্যা ৫১৫ জন। এছাড়া ইন্দোনেশিয়ার ১৩৫ জন, মিয়ানমারের ১০২ জন, ফিলিপাইনের ৫০ জন, থাইল্যান্ডের ৫ জন, ভিয়েতনামের দু’জন ও বাকিরা অন্যান্য দেশের নাগরিক।’

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক জানান, ই-কার্ডের জন্য আবেদন করার সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে তার বিভাগ অনড় অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘আবেদনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। ফলে সময়সীমা নতুন করে বাড়ানোর কোনো কারণ নেই। এই বিষয়ে চাকরিদাতা ও অবৈধ শ্রমিকদের কোনো ছাড় দেওয়া হবে না। এখন থেকে প্রতিদিনই অভিযান চালানো হবে।’
শুক্রবার মধ্যরাতে সাময়িক বৈধতার জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত এনফোর্সমেন্ট কার্ডের (ই-কার্ড) জন্য আবেদন করার সময়সীমা শেষ হয়। এরপরই বড় ধরনের অভিযানে নামে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ই-কার্ডের জন্য আবেদন শুরু হয়েছিল।

মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে প্রায় ৬ লাখ অবৈধ বিদেশি শ্রমিক অবস্থান করছেন। এ পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৬১ হাজার ৫৬ জন, অর্থাৎ মাত্র ২৩ শতাংশ।