All posts by lutfor

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সুপ্রিমকোর্ট বারের

 

ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো চ্যালেঞ্জ করে সম্পাদক পরিষদ হাইকোর্টে এলে তাদেরকে বিনা ফি’তে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলোসহ দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এই আইনের নিবর্তনমূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি।

আইনটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জয়নুল আবেদীন বলেন, এই আইন দ্বারা শুধু সাংবাদিক সমাজই নয়, আইনজীবী সহ অন্যান্য শ্রেণীপেশা এবং সাধারণ মানুষসহ প্রায় সকলেই এই আইনের ব্যাপারে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই আমরা দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এই আইনের নিবর্তন মূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবী করছি।

সম্পাদক পরিষদের ৭টি দাবির সঙ্গে একাত্ততা ঘোষণা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, বর্তমানে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন পূর্বের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক। বর্তমান আইনে আইন-শৃংখলা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে অপরিসীম। হরণ করা হয়েছে সংবিধান প্রদত্ত অনুচ্ছেদ ৩৯(১) এবং ৩৯(২) এর সকল অধিকার। তাই আমরা সম্পাদক পরিষদ কর্তৃক প্রদত্ত ৭ দফা দাবীগুলোর প্রতি সমর্থন করছি।

তিনি বলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি অতীতে দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থা সমুন্নত রাখায় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে। অতি সম্প্রতি বিভিন্ন মহলের ব্যাপক আপত্তি ও মতামত উপেক্ষা করে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই আইন নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্ট হয়েছে। দিন দিন সকল মহলের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি বলেও মনে করেন তিনি।

সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া,কোষাধ্যক্ষ নাসরিন আক্তার,সিনিয়র সহ সম্পাদক কাজী মো.জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ,ব্যারিস্টার শফিউল আলম মাহবুব,আহসান উল্লাহ,মেহেদী হাসান, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান সহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

 

 

ছবি দেখতে গিয়ে বাজে অভিজ্ঞতা হয়েছে: চম্পা

তিনকন্যা’খ্যাত এককন্যা চম্পা। ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা তিনি। চলচ্চিত্রে অভিনয় করছেন এখনও। তবে নিয়মিত নন, চরিত্র ও গল্পে মান সায় দিলেই অভিনয়ে দেখা যায় তাকে। পরিবার নিয়েই এখন তার বেশি ব্যস্ততা। নাতির সঙ্গেই অবসর সময়ের বেশির ভাগটা কাটাচ্ছেন বলে  জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

বর্তমান সময়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় চুক্তিবদ্ধ হয়েছেন চম্পা। এর মধ্যে কয়েকটির শুটিংও শেষ করেছেন বলে জানালেন । ইতোমধ্যে ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’ ছবির শুটিং শেষ করেছেন। পাশাপাশি শুটিং করবেন ‘সেভ ফর লাইফ’ নামের নতুন একটি ছবির।

সম্প্রতি  চলচ্চিত্রের অনেক বিষয় শেয়ার করলেন এ অভিনেত্রী।

জানালেন, দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়ে বাজে অভিজ্ঞতার কাথা। চম্পা বলেন, ‘প্রায় তিন বছর পর হলে ছবি দেখতে গিয়েছিলাম। শাকিব-বুবলীর একটি ছবি। মূলত হলে আগের অবস্থা আর বর্তমান অবস্থা জানা এবং এখন কেমন ছবি হচ্ছে এটা জানার জন্যই হলে যাই ছবি দেখতে। গিয়ে বেশ বাজে অবস্থার মুখোমুখি হই। হলের যে অবস্থা তাতে বেশিক্ষণ থাকা আমার জন্য সম্ভব হয়নি। পর্দায় ঝাপসা ছবি আর জঘন্য সাউন্ড সিস্টেম। তার উপর প্রচন্ড গরমে গায়ের জামা ভিজে যাচ্ছিল। বসার সিটের অবস্থাও খারাপ। হলে পাঁচ মিনিট থাকাও সম্ভব হয়নি আমার জন্য। এমন অবস্থায় দর্শক কীভাবে হলমূখী হবেন?’

তাই আগে হলের পরিবেশ ভালো করার আহবান করে এ চম্পা। হলে মানুষ কষ্ট করতে নয় বিনোদনের জন্য যায়। চম্পা বলেন, ‘সিনেপ্লেক্সে ৩০০ থেকে ৫০০ টাকা টিকেটের দাম। তাই সেখানে চড়া দামে টিকিট কিনে সাধারণ মানুষ ছবি দেখতে যেতে পারেনা। সিনেপ্লেক্স তো বাংলা ছবি তেমন একটা চালায়ও না। তাই সাধারণ মানুষের বিনোদন নেয়ার সাধারণ হলগুলোর দিকে হল মালিকসহ সরকারেরও নজর দেয়া দরকার। হলের পরিবেশ এমন থাকলে ভালো ছবিও দর্শকরা হলে গিয়ে দেখবেন না। তাই হলের মনোরম পরিবেশ ভালো চাইবো আগে।’

জঙ্গি আস্তানায় বেশ কয়েকজন জঙ্গি ও গোলাবারুদ রয়েছে : মনিরুল

জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীতে ঘিরে রাখা দুই আস্তানায় বেশ কয়েকজন জঙ্গি ও গোলাবারুদ রয়েছে। পাশাপাশি আস্তানা দু’টি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার সকালে নরসিংদীর মাধবদী পৌরসভার গাঙপাড় এলাকার আফজাল হাজির নিলুফা ভিলার সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, এরই মধ্যে কাউন্টার টেরোরিজমের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দল অভিযানে যোগ দিয়েছে।

জঙ্গিরা আত্মসমর্পণ করলে অভিযানের ধরন হবে এক রকম আর আত্মসমর্পণ না করলে অভিযানের ধরণ হবে আরেক রকম হবে বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

ম্যানইউ কিনছেন সৌদি যুবরাজ?

মালিকানা পরিবর্তন হতে পারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। অভিজাত এ ক্লাবের মালিক হতে পারেন সৌদি আরবের আলোচিত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’ অন্তত এমনটাই বলছে।

অন্য অনেক অঙ্গনের মতো ফুটবল অঙ্গনেও অপরিচিত নন সালমান। চলতি বছরই রাশিয়া বিশ্বকাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের খেলা দেখতে দেখা গেছে তাকে। তিনি এখন ফুটবল ক্লাব কেনার ইচ্ছা পোষণ করেছেন বলে জানাচ্ছে দ্য সান।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ৮৫০ বিলিয়ন পাউন্ডের মালিক সৌদি রাজ পরিবার। সুতরাং অর্থের সেই সাগর থেকে ম্যানইউ কিনতে মাত্র ৩ বিলিয়ন ডলার খরচ হবেন তার!

সানের খবর সত্যি হলে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক প্রতিযোগিতাও দেখা যাবে। কারণ দুবাইভিত্তিক মালিকানার ক্লাব ম্যানইউ’র নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গেই তাদের আসল লড়াই হবে।

এই খবর ঠিক হোক বা নাই হোক। তবুও ম্যানইউর বর্তমান মালিক মার্কিন ব্যবসায়ী গ্লেজার পরিবারকে একটু হলেও চিন্তিত করবে। যদিও স্কাই স্পোর্টস দাবি করেছে, এই মুহূর্তে ক্লাব বিক্রির কোনো চিন্তা নেই স্বত্বাধিকারী ম্যালকম গ্লেজারের।

খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা বেআইনি: আইনজীবী

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার যে দিন নির্ধারণ করা হয়েছে তাকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

আজ মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান রায়ের এ দিন ধার্য করার পর সাংবাদিকদের কাছে আইনজীবী এ মন্তব্য করেন।

ন্যায়বিচার পাননি জানিয়ে খালেদা জিয়ার এই আইনজীবী বলেন, ‘এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। সেই সুযোগ না দেওয়ার কারণে খালেদা জিয়ার রায় ঘোষণার আজকের যে তারিখ দেওয়া হয়েছে, আমরা মনে করি, এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে দেওয়া হয়েছে।’

আইনজীবী আরো বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে এরই মধ্যে উচ্চ আদালতে গিয়েছিলাম। ওখানেও ন্যায়বিচার পাইনি। আবারও আমরা আপিল বিভাগে যাব, সেখান থেকে কী রায় আসে দেখি।’

সানাউল্লাহ মিয়া বলেন, ‘আবারও বলছি, আমরা ন্যায়বিচার পাইনি। হাইকোর্ট বিভাগ থেকে আমরা আপিল বিভাগে যাব। এখন উচ্চ আদালতে যাওয়ার জন্য আজকের একটি অর্ডার এবং আগের একটি অর্ডার নিতে হবে যে আমাদের কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। আর্গুমেন্ট এবং যুক্তিতর্ক করার কোনো সুযোগ না দেওয়ার কারণে আমরা আজকের আদেশের বিরুদ্ধে আদালতে যাব।’

এর আগে সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করা হয়্।

আজ মঙ্গলবার পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়ের জন্য এ দিন ঠিক করেন। আদালতে দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল এবং খালেদা জিয়ার পক্ষে মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।

এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, হাইকোর্ট খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালাতে পারবে বলে যে আদেশ বহাল রেখেছেন আমরা তার বিরুদ্ধে আপিল বিভাগে যাব। খালেদা জিয়া চিকিৎসার জন্য হাসাপাতালে আছেন তাই আদালতে আসতে পারছেন না। তাই মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন করছি।

অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলার কার্যক্রম চালাতে কোনো বাধা নেই। উনারা যেহেতু বক্তব্য দিবেন না তাই বলা যায় তাদের কোনো বক্তব্য নেই। তাই আদালত রায়ের দিন ধার্য করুক। উভয় পক্ষের আবেদনের শুনানি শেষে আদালত রায়ের আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেন।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় চার্জ গঠন করেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাঁকে ওই দিন বিকেলে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ মালয়েশীয় আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে রোববার রাতে ঢাকায় আসা চ্যান গি কিয়ং (৪৭) নামের চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ার এই নাগরিককে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, রাত ১০টার দিকে ঢাকায় নামেন মালয়েশিয়ার নাগরিক চ্যান গি কিয়ং। আগেই পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের নিচে থাকা একটি জ্যাকেটের সাতটি ছোট পকেটে কার্বন পেপারে মোড়ানো অবস্থায় সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, প্রতিটি বারের ওজন এক কেজি। সবমিলিয়ে সাত কেজি স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

এ ঘটনায় চ্যান গি কিয়ংয়ের বিরুদ্ধে মামলা করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঢাকা কাস্টম হাউসের এই কর্মকর্তা।

যুক্তফ্রন্টকে সুকৌশলে বের করে দেয়া হয়েছে: ওবায়দুল কাদের

যুক্তফ্রন্টকে সুকৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে সেতু ভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, এ ধরণের ঐক্য বেশিদিন টিকে না এবং ভবিষ্যতে এ ঐক্য ভেঙ্গে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যতটুকু জানি, যুক্তফ্রন্টকে সুকৌশলে বের করে দেয়া হয়েছে। যুক্তফ্রন্ট এখানে থাকুক সেটা বিএনপির জন্য খুব স্বস্তিদায়ক ছিল না। এ ধরনের ঐক্য একটা ‘ফ্রাজাইল ইউনিটি’। এটা একটা ভাঙনপ্রবণ একতা। এখানে তেলে আর পানিতে মেশানোর যে অপচেষ্টা সেটা অচিরেই ব্যর্থ হবে।’

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের পথ অনুসরণ করে এবার তেল আবিবে থাকা দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে অস্ট্রেলিয়া। এছাড়াও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথাও ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা দায়িত্ববানের মতো প্রস্তাব, কেননা দেশ দু’টির সমস্যা সমাধানে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি আপাতত দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ‘এটা খুব স্পষ্ট করে বলা দরকার, দেশ দুটির পরিস্থিতি ভালো নয়। সংঘাত নিরসনে এখন পর্যন্ত সেরকম কোনও অগ্রগতিও দেখা যায় নি। আর আপনি প্রতিনিয়ত একই কাজ করে অন্যরকম ফলাফল চাইবেন সেটা তো সম্ভব না।’

গত জুনে অস্ট্রেলিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না তারা। দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ওই ঘোষণা দেন।

বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, অস্ট্রেলিয়ার আসন্ন গুরুত্বপূর্ণ উপ-নির্বাচনকে সামনে রেখে প্রতারণামূলক এ কাজটি করে জনসমর্থন আদায় করার চেষ্টা করছেন স্কট মরিসন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ইহুদি-অধ্যুষিত ওয়েন্টওর্থ ইলেকট্রোরেটের উপ-নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন মরিসন। কেননা ওই এলাকায় না জিতলে বর্তমান হাউস অব রিপ্রেজেনটেটিভের সংখ্যাগরিষ্ঠতা হারাবে তার দল। এরই প্রেক্ষিতে জাতিগত ভাবাবেগ কাজে লাগিয়ে নির্বাচনে জেতার কৌশল হিসেবেই এ ঘোষণা দিলেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সরকারের একদলীয় শাসনের স্বপ্ন ভেঙেছে: খসরু

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই জাতীয় ঐক্যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদের একত্র অংশগ্রহণ ও জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।

খসরু বলেন, আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষ ফিরে পাবেন আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, কালো আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ।

জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রকল্প হাতে নিয়েছে সরকার- এমন দাবি করে খসরু বলেন, বর্তমান সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রকল্প। আর সে প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেয়া।

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এ মন্ত্রী বলেন, জাতীয় ঐক্য হয়েছে, এটি নিয়ে বসে থাকলে হবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করা দরকার সব আমাদের করতে হবে। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।

২৯ অক্টোবর মামলার রায়, জামিনে খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ২৯ অক্টোবর পর্যন্ত ধার্য করেছেন আদালত। ২৯ অক্টোবর পর্যন্ত জামিনে থাকবেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলতে বাধা নেই বলে এর আগে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। এদিকে, এ মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে ১৬ অক্টোবর আদেশের দিন ধার্য করেছিলেন বিচারিক আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর স্থবির হয়ে পড়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। পুরানো কারাগারে আদালত স্থানান্তর করেও কাটেনি এ স্থবিরতা। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার আদালতে আসতে চাননি বেগম জিয়া। ফলে এগোই নি মামলার কার্যক্রম।

এ প্রেক্ষাপটে গত ২০ সেপ্টেম্বর বেগম জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার শুরুর আদেশ দেন বিশেষ জজ আদালত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান বেগম জিয়ার আইনজীবীরা। এ সংক্রান্ত রিটটি রোববার( ১৪ অক্টোবর) সরাসরি খারিজ করে দেন উচ্চ আদালত। বেগম জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, তারা এ আদেশে সংক্ষুব্ধ। আদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান।

এদিকে, রোববারও মুলতবি হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ। আগামী ১৬ অক্টোবর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন বেগম জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত। কারাবন্দি বেগম জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।