All posts by lutfor

নিপুণ-রুমা ৫ দিনের রিমান্ডে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ নভেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিএনপি অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়কে গ্রেফতার করা হয়। আর আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার করা হয় হাইকোর্ট এলাকা থেকে।

অপরদিকে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটক করা হলেও পরে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেবী নাজনীন ও নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় নিপুণ রায় চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়েছে।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়েছে। তিন মামলায় মির্জা আব্বাসসহ ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়েছে।

হুকুমের আসামিরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যাত্রাবাড়ী বিএনপির সভাপতি নবীউল্লাহ নবী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আকতারুজ্জামান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন।

উল্লেখ্য, দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই বুধবারের ওই সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। অন্যদিকে, নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষিপ্ত মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। জ্বালিয়ে দেয়া পুলিশের পিকআপ ভ্যানটির নম্বর ২৩১১। পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গাড়িটি ব্যবহার করতেন বলে জানা গেছে।

ওইদিন প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পিকআপ ভ্যানটি জ্বালিয়ে দেয়া ছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। সংঘর্ষে নারীসহ বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া পাঁচজন অফিসার ও দুজন আনসারসহ মোট ২৩ জন পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশে শত ভাগ সুষ্ঠু নির্বাচন হবে না: কবিতা খানম

বাংলাদেশে শত ভাগ সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

১৬ নভেম্বর, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কমিশনার ।

কবিতা খানম বলেন, ‘আমরা চাই না এমন কোনো নির্বাচন এই জনগণকে উপহার দিতে, জনগণকে সবসময় আমাদের জবাবদিহি করতে হবে। কিন্তু হানড্রেড পারসেন্ট (শত ভাগ) নির্বাচন সুষ্ঠু হবে—এটা পৃথিবীর কোনো দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন (করতে হবে), যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।’

‘দেশে নির্বাচনি হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।’

‘কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক’ উল্লেখ করে কবিতা খানম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব।’

এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রত্যাশা করে কবিতা খানম বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে কোথাও অসুবিধা পালনে সমস্যা হলে সেটা কমিশনকে জানাতে দ্বিধা করবেন না। আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবেন। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতার যদি কোনো ব্যত্যয় ঘটে, আমাদের জানাতে এতটুকু দ্বিধা করবেন না। আমরা যে কারো বিরুদ্ধে অবস্থান করব। বিষয়টা আমরা অত্যন্ত কঠিনভাবে দেখব।’

আচরণবিধিমালা পালনের ক্ষেত্রে কবিতা খানম বলেন, ‘আচরণবিধিমালা পালনে যেন কোনো ব্যত্যয় না ঘটে। আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে। তিন মাসের অভিজ্ঞতা আপনাদের চাকরি জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘সবার জীবনে এই সুযোগ নাও আসতে পারে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, ’৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।’

দেশের অনেক জায়গায় এখনো ব্যানার, পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ নির্দেশ দিয়ে বলেন, ‘১৮ নভেম্বরের মধ্যে যাতে এগুলো নামিয়ে ফেলা হয় এবং মনোনয়নপ্রাপ্তরা যাতে ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান।’

সব সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে যোগ দিচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সব সাম্প্রদায়িক শক্তিই এখন ধানের শীষে যোগ দিচ্ছে। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সব সাম্প্রদায়িক শক্তি এখন ধানের শীষে ভর করেছে। যারা এতদিন গণতন্ত্রের বেশে ছিল, মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল, আসলে তারা ছদ্মবেশী।’

কাদের বলেন, ‘বিএনপি-জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যারা নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আঁতাত করে। তাদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই।’

নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ব্যবহার করছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে জনসমর্থনের যে পারদ তাতে বিএনপির অবস্থান নিচের দিকে। বিষয়টি তারা অনুধাবন করতে পেরে হতাশা থেকে বেপরোয়া হয়ে এমন বক্তব্য দিচ্ছে।

তফসিল ঘোষণার পর থেকে কয়েকটি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অভিযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নেই- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগুন দিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলবে, ভাঙচুর করবে, ২০জন পুলিশকে আহত করে হাসপাতালে পাঠাবে, এই অপকর্ম সন্ত্রাস, সহিংসতার কাজ কি বিনা শাস্তিতে ঢাকা পড়ে যাবে? তফসিল ঘোষণার পর এই দুঃসাহস তারা কিভাবে দেখায়? অপরাধ করলে কি অপরাধীর বিরুদ্ধে মামলা হওয়া অপরাধ?

এটা ক্রিমিনাল অফেন্স, এক্ট অব টেররিজম। এ ধরণের অপরাধ বিনা শাস্তিতে যাবে না। পুলিশ কোনও হস্তক্ষেপ করছে না যাতে নির্বাচনটা ভালো ভাবে হয়। দেশের মানুষ যাতে শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পারে এজন্য সরকারি দল হিসেবে আমরা অনেক কিছু সহ্য করে যাচ্ছি। তারা যেন আমাদের সহনশীলতাকে দুর্বলতা না ভাবে।

কাদের আরও বলেন, পল্টনে পুলিশের ওপর হামলা করে তারা প্রমাণ করেছে। তারা তাদের পুরানো পথ, আগুন সন্ত্রাসের পথ, সেই পথ ধরে এগিয়ে যেতে চায়। কারণ তারা জানে বাংলাদেশের জনগণের সমর্থন তাদের পক্ষে নেই। সে কারণে তারা সহিংসতার পথ, নাশকতার পথ বেছে নিয়েছে।

কানাডার আদালত তাদেরকে যে রায় দিয়েছে এই চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে পারবেনা।

এবার ইভিএমের বিপক্ষে বললেন শামসুল হুদা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বর্তমান নির্বাচন কমিশন যখন দৃঢ় প্রতিজ্ঞ। তখন এর বিরোধীতা করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি মনে করেন, সব দল রাজি না থাকলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা ঠিক হবে না।

শনিবার ‘জাতীয় নির্বাচনী অলিম্পিয়াড’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন এ টি এম শামসুল হুদা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকার যে তড়িঘড়ি করছে তা মোটেও জনগণের কাছে বোধগম্য নয়।’

সুজন আয়োজিত এ সেমিনারে অংশ নেয় সারা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী।বর্তমান সরকারের কর্মকাণ্ড ছাড়াও যেখানে আলোচনা হয় জাতীয় নির্বাচনকে নিয়ে। এ সময় সাবেক সিইসি ইভিএম ব্যবহার নিয়ে কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেন।

সাবেক সিইসি ড. এ টি এম শামসুল হুদা বলেন, ‘মদ্দা কথা হচ্ছে, যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান সব দলের অংশগ্রহণে। তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয়, এ রকম বিষয় তো করা উচিত নয়।’

সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা রাজনৈতিক দল অন্যান্য অংশীজনকে ডেকে এটা প্রমাণ করানো। কিন্তু এগুলো কিছুই করে না। আর বিশেষজ্ঞরা বলে, এই জিনিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে, রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে বছরের পর বছর লেগে যাবে।’ তিনি আরো বলেন, ‘কেন এত তড়িঘড়ি করে? কার স্বার্থে?’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন,  ‘সংসদের মেয়াদ ২৮ জানুয়ারি শেষ হচ্ছে। তাই তড়িঘড়ি করে ২৩ ডিসেম্বর নির্বাচন না করে সরকার চাইলে তা সময় আরো বাড়াতে পারত।’

বিএনপি এলে কোনো দলই এককভাবে নির্বাচন করবে না

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেই জাতীয় পার্টি লেভেল প্লেইং ফিল্ড পায়নি। তাই আমরা নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন চাই।
শনিবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা।

জিএম কাদের বলেন, বিএনপি নির্বাচনে এলে কোনো দলই এককভাবে নির্বাচন করবে না। তখন জাতীয় পার্টি মহাজোটে থেকে নির্বাচনে অংশ নেবে। তিন শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির।
জিএম কাদের আরো বলেন, ১৯৮২ সালে বাধ্য হয়েই হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। এরশাদের নয় বছরের দেশ পরিচালনায় দেশের মানুষ সুশাসন, গণতন্ত্র এবং নিরাপত্তা পেয়েছিলেন। কিন্তু ’৯০ সালের পর থেকে মানুষ আর গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়নি।

পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ১৯৮৬ সালের নির্বাচনে সকল দল অংশ নিলেও একটি দল অংশ নেয়নি, তারা ২০১৪ সালের নির্বাচনও বর্জন করেছিল। এবারো নির্বাচনে আসবে কিনা তা বলা যাচ্ছে না।

নির্বাচনে যাওয়া না যাওয়া বিষয়ে সিদ্ধান্ত দু’দিন পর

নির্বাচনে যাওয়া না যাওয়া বিষয়ে দু’দিন পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। ২০ দলীয় জোটের বৈঠক শেষে শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ কথা জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন। পরে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির জরুরি ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান প্রমুখ।

এখন সবার মনে একটাই প্রশ্ন বিএনপি কি আদৌ নির্বাচনে অংশ নেবে নাকি আন্দোলনের পথে হাঁটবে।

 

টেস্টে দেড় যুগে বাংলাদেশের যত অর্জন

একে একে ১৮টি বসন্ত অতিক্রান্ত হলো। টেস্ট ক্রিকেটাঙ্গনে ১৯ বছরে পা দিল বাংলাদেশ। ঠিক এদিনেই ক্রিকেটের অভিজাত সংষ্করণে অভিষেক ঘটেছিল টাইগারদের। ২০০০ সালের ১০ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল ভারত।

ক্রিকেটে বাংলাদেশের প্রথম বড় সাফল্য ছিল ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। এর বদৌলতে ১৯৯৯ সালে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা। ক্রিকেটের বৈশ্বিক আসরে প্রথমবার অংশ নিয়েই চমকে দেয় সবাইকে। বিশ্বমঞ্চে হারান তখনকার সমশক্তি স্কটল্যান্ড এবং পরাশক্তি পাকিস্তানকে।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে অভূতপূর্ব সাফল্য পাওয়ায় টেস্ট মর্যাদা পাওয়ার জন্য উঠেপড়ে লাগে বাংলাদেশ। দেশের সর্বস্তরের মানুষের সমর্থন ছিল সঙ্গে। ওই সময়ের বিসিবি বস সাবের হোসেন চৌধুরীর হাত ধরে টেস্ট স্ট্যাটাস অর্জন করে টাইগাররা। দিনটি ছিল ২৬ জুন।

এরই ধারাবাহিকতায় ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ খেলে ফেলে বাংলাদেশ। সাদা পোশাকে দেশের প্রথম অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি। ম্যাচটির উদ্বোধন ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন পর্যন্ত ১০৯টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১০ জয়ের বিপরীতে হার ৮৩টি, ড্র ১৬টি। প্রথম টেস্ট জেতে ২০০৫ সালে দেশের মাটিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। এ দলটির বিপক্ষেই রোববার সিরিজ হার এড়াতে নামবে মাহমুদউল্লাহ বাহিনী।

এর আগে একনজরে দেখে নেব ক্রিকেটের আদি ফরম্যাটে দেড় যুগের পথচলায় বাংলাদেশের যত অর্জন-

১. নিজেদের অভিষেক টেস্টে সেঞ্চুরি (১৪৫) হাঁকান আমিনুল ইসলাম বুলবুল। দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনিসহ মাত্র তিনজনের এ কীর্তি আছে। তার আগে অস্ট্রেলিয়ার চার্লস বানারম্যান ও জিম্বাবুয়ের ডেভ হটন এ রেকর্ড গড়েন।

২. টেস্ট অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডটি এক বাংলাদেশির। ২০০১ সালে টেস্ট অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ বছর ৬৩ দিন বয়সে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মোহাম্মদ আশরাফুল। স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের মূল ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় লিটল মাস্টার।

৩. সবচেয়ে কম বয়সে ১০ উইকেটের রেকর্ডটি এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ১২ উইকেট শিকারের ম্যাচের শুরুর দিন তার বয়স ছিল ১৮ বছর ৪০ দিন।

৪. অভিষেকে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ রানের ইনিংসটিও এক টাইগারের। ২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে সবশেষে নেমে সেঞ্চুরি (১১৩ রান) হাঁকান আবুল হাসান রাজু।

৫. এক টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিকের অনন্য রেকর্ড সোহাগ গাজির। ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েন তিনি।

৬. ইতিহাসে এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট শিকার করা তৃতীয় খেলোয়াড় সাকিব আল হাসান। ২০১৪ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং ম্যাচে ১০ উইকেট নেন তিনি। তার আগে কেবল ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের এ কীর্তি ছিল।

৭. টেস্টে টানা ১৩ ইনিংসে ফিফটি করেছেন মুমিনুল হক। তিনি ছাড়া শুধু স্যার ডন ব্র্যাডম্যানের এ নজির আছে।

 

প্যারিসে ট্রাম্প, রবিবার পুতিনের সঙ্গে বৈঠক হচ্ছে না

ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি প্যারিসে পৌছান। এই সময় তার সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছিলেন। এদিকে আগামীকাল রবিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক হচ্ছে না। খবর সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের যুদ্ধে নিহতদের স্মরণ করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প দেশের রাজনীতি এখানে এড়িয়ে চলবেন। তবে তিনি শরণার্থীদের বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন বলে সূত্র জানিয়েছে। এই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ছাড়া আরো কোনো বিশ্ব নেতার সঙ্গে বৈঠকের সূচি নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানকে মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক এই বৈঠকে তেমন গুরুত্ব পাবে না বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে কাল রবিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিল ক্রেমলিন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই বৈঠক হবে না।

মুলারকে নিয়ে আশংকা

প্রেসিডেন্ট ট্রাম্প প্যারিসে গেলেও দেশের ভেতর তাকে বিক্ষোভ মোকাবেলা করতে হচ্ছে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করার পর নানা আশংকা দেখা দিয়েছে ওয়াশিংটনে। বিশেষ করে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে রাশিয়ার জড়িত থাকার বিষয়ে তদন্ত করছেন সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার। ট্রাম্প বিরোধীরা ধারণা করছেন, তদন্ত বাধাগ্রস্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্প মুলারকেও সরিয়ে দিতে পারেন। এজন্য বুধবার ওয়াশিংটনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মুলারকে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করতে না পারেন সেই বিষয়ে পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহবান জানান বিক্ষোভকারীরা।

ইভিএম পরিচালনায় সেনা থাকবে: ইসি সচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেখানে দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, সেখানে দায়িত্বে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। তাদের ইভিএম পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা সশস্ত্র বাহিনীকে অনুরোধ জানাবো। তারা যদি গ্রহণ করে তাহলে নির্বাচন কমিশন এমন পরিকল্পনা নেবে। তবে এখনও সিদ্ধান্ত হয়নি।

ইভিএম মেলার বিষয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ১২ নভেম্বর ইভিএম নিয়ে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা হবে। এতে আমরা রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ জানিয়েছি। তারা যদি তাদের টেকনিক্যাল টিম দিয়ে ইভিএম পর্যবেবেক্ষণ করতে চায়, তা পারবে।

জোটগতভাবে নির্বাচনের তথ্য দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রোববারের (১১ নভেম্বর) মধ্যে দলগুলোকে জোটের তথ্য ইসিতে দিতে হবে।

‘এক্ষেত্রে জোটের তথ্য না দিলে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আর সময় বাড়ানোর কোনো আবেদন এখনও আমরা পাইনি। নির্বাচন কমিশন চাইলে সময় বাড়াতে পারে।’

হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী মঙ্গলবার থেকে রিটার্নিং কর্মকর্তাদের (জেলা প্রশাসক) আমরা প্রশিক্ষণ দেবো। আর তার তিনদিন পর সহাকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবো।

ভোটের তারিখ পেছাতে বিএনপির দাবি পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি তফসিল দিয়েছে। এখন পর্যন্ত ভোটের তারিখ পেছানোর কোনো চিন্তা নেই। তবে সবগুলো দল চাইলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে ইসি সচিব বলেন, আমরা প্রত্যেক রিটার্নিং কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিয়েছি, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। সাতদিনের মধ্যে সব ধরনের প্রচার সামগ্রীও সরিয়ে ফেলতে বলেছি। এর মধ্যে সরানো না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দলগুলোর মনোনয়নপত্র বিক্রি সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটি এরিয়ার মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করেবে। এতে আচরণ বিধি প্রতিপালন না হওয়ার কিছু দেখছি না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বর।

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হলে স্থায়ী বহিষ্কার: ওবায়দুল কাদের

কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কোনো কোনো আসনে তো ১৪-১৫ জন প্রার্থীও আছে, কিন্তু মনোনয়ন তো দেবো একজনকে। এরপরেও যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে এবার অপেক্ষা নয় সরাসরি বহিষ্কার করা হবে।’

এরআগে, শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে ভিড় করেন ধানমন্ডিতে।

পাশাপাশি গতকাল যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা অনেকেই আজ ফরম জমা দেন। ফরম বিক্রির প্রথম দিন গতকাল বিক্রি হয়েছে এক হাজার সাত’শ মনোনয়ন ফরম।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর, যাচাই বাছাই প্রক্রিয়া ২২ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর।