All posts by lutfor

নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ষড়যন্ত্রের হাতিয়ার আঘাত হানতে পারে। তারা কেন্দ্র পাহারা দিলে আওয়ামী লীগকে কেন্দ্র রক্ষা করতে হবে। নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘নির্বাচন এলেই আমাদের দেশে একটা পুরোনো অভিযোগ আছে মনোনয়ন-বাণিজ্য নিয়ে। এই বাণিজ্য আওয়ামী লীগের মনোনয়নে স্পর্শ করেনি, সেটা আমাদের জন্য বড় ধরনের স্বস্তি।’

‘টাকা ছাড়া বিএনপিতে মনোনয়ন কল্পনাও করা যায় না। যারা মনোনয়নের প্রত্যাশায় টাকা দিয়েছে, কিন্তু পাবে না; তাদের প্রতিক্রিয়া দেখার আশায় বসে আছি। যারা টাকা দিয়ে ইঙ্গিত পাচ্ছে না, তারা এখন টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছে বলে খবর পেয়েছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ঐক্যফ্রন্টের মনোনয়নের ধরন, বাদ ও প্রার্থিতা টিকে যাওয়ার ধরন দেখলেই বোঝা যায়। মনোনয়ন-বাণিজ্য রমরমা। ১৩৮ জন বাদ পড়লেও ৫৫৫ জন রয়ে গেছে। এবার সবাই লক্ষ্য করেছে আজ ও কাল তাদের এসিড টেস্ট। দ্বারে দ্বারে ঘুরছে নেতারা।’

‘নিজেদের আসন বণ্টন বিষয়ে আওয়ামী লীগের শরিকদের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে জানিয়ে আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়নের চূড়ান্ত চিঠি দেওয়া শুরু হবে; যা শেষ হবে আগামীকাল,’ বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় বৃহত্তর স্বার্থে জোটের মনোনয়ন মেনে নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

ওবায়দুল কাদের আরো জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়াইয়ের জন্যে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যা থেকে যোগ্যদের বাছাই করা ছিল মূল চ্যালেঞ্জ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জোটের সঙ্গে আমরা টানাপড়েনের কোনো কারণ দেখি না। বারবার আলোচনা করেছি। এর ফলে আমরা একটা ভালো মনোনয়ন দিতে পেরেছি। আমার বিশ্বাস, আমরা জোট থেকে যাদের মহাজোট মনোনয়ন দিয়েছি, শতভাগ আশাবাদী বিপুল ভোটে বেশির ভাগ আসনে জয়ী হবো।’

স্বাধীনতার সুফল ঘরে-ঘরে পৌঁছে দিতে কাজ করেছে আ.লীগ সরকার: প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সহিংসতা আর দেখতে চায় না দেশবাসী।

মাঠ পর্যায়ে দায়িত্বে নিয়োজিত হওয়ার আগে মৌলিক প্রশিক্ষণের বিধান রয়েছে। সে অনুযায়ী জুলাই থেকে পাঁচ মাসের আইন ও প্রশাসনের কোর্স করলেন প্রশাসনের নবীন কর্মকর্তারা।

কোর্স সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আসেন সরকার প্রধান শেখ হাসিনা। সনদ তুলে দেন প্রশাসনে সদ্য যোগ দেয়া কর্মকর্তাদের হাতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন- স্বাধীনতার সুফল ঘরে-ঘরে পৌঁছে দিতে কাজ করেছে তার সরকার। জানান, নির্বাচন নিয়ে সহিংস পরিস্থিতির মুখোমুখি আর হতে চায় না মানুষ।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকানোর জন্য যে বিভৎস জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস হয়েছে আমরা চাই না তা আর ঘটুক। গণতন্ত্রের ধারা বাংলাদেশে অব্যাহত থাকে। তিনি আরো বলেন, ভোটের অধিকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে।

প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, যদি কারো জন্য কোনো ভালো কাজ করে থাকি তবে সেই ভালো কাজের ধারা যেন অব্যাহত থাকে।

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজকে মুক্ত রাখতে হবে। এগুলো সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। যে যেখানেই দায়িত্ব পালন করেন না কেন, এক্ষেত্রে ভূমিকা রাখবেন।

পরে প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের অংশগ্রহণে সাংস্কৃতিক উপস্থাপনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী।

এরশাদের সাথে রাজনীতি করা সমীচীন হবে না

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক রিন্টু আনোয়ার। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন।ওই পদত্যাগ পত্রে তিনি লিখেন, উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতিতে আমার মনে হয় আপনার সাথে রাজনীতি করা সমীচীন হবে না।

দীর্ঘদিন প্রায় দুই দশক ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন রিন্টু আনোয়ার। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৃহত্তর নোয়াখালীর সমন্বয় কমিটির আহবায়ক ও প্রাদেশিক সরকার ব্যবস্থার কেন্দ্রীয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে থেকে এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগসহ দল গঠনে ভূমিকা পালন করেন।সম্প্রতি ২০০৭ সালের এক এগারো সরকারের সময়ে আলোচিত সেনা কর্মকর্তা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।তিনি ওই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দল ও রাজনীতি নিয়ে নানা মন্তব্য করে স্ট্যাটাস দেন। পরে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন।এ বিষয়ে রিন্টু আনোয়ার বলেন, দলের চেয়ারম্যানের উপর অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২০০০ সাল থেকে দল ও চেয়ারম্যানের পক্ষে সারা দেশে কাজ করেছি। কিন্তু তিনি আমাকে না জানিয়ে আমার আসনে আরেক জনকে মনোনয়ন দিচ্ছেন। ফেনী-৩ আসনে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান।

ফখরুলকে কাদেরের চ্যালেঞ্জ!

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে দলটি এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, `বিএনপি অধিকাংশ নেতাকর্মী কোনো না কোনো অপরাধে জড়িত। আগুন সন্ত্রাস, বাস পোড়ানো, ভূমি অফিসে আগুন, গাছ কাটা, রাস্তা কাটা এগুলো তাদের কাজ। তারা এগুলোর সঙ্গে জড়িত।’

সোমবার ( ১৯ নভেম্বর)রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে আইনের দৃষ্টিতে এরা  নিরাপরাধ নয়।  এরা কি একেবারে ধোঁয়া তুলসী পাতা?  কাদের বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এটা প্রমাণ করুন। কোনও নিরপরাধ ব্যক্তি এখানে ভিকটিম হবে না।’

দলীয় মনোনয়নের বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘ইসিতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ নভেম্বর। এর আগেই জানিয়ে দেওয়া হবে। অফিশিয়ালি জানানোর আগে কেউ মনোনীত প্রার্থী দাবি করতে পারবেনা।’

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তালিকা মনগড়া বলে  মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘জোটগতভাবেই দলের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত  তালিকা মনগড়া, এগুলোর বাস্তবসম্মত ভিত্তি নেই।’

তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত তারেক রহমান বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও কলে সাক্ষাৎকার নেয়া নির্বাচনী বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আজকেও একই ঘটনা পুরাবৃত্তি ঘটেছে। নির্বাচন কমিশনকে আশু ব্যবস্থা গ্রহণে জন্য অনুরোধ জানিয়েছি আমরা।  হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে এমন কোনে অপরাধী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের দিকে আছি।’ এ বিষয়ে উচ্চ আদালতের যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে।  সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিলো। শিডিউল ঘোষণার পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। ২০ জনের মত পুলিশ আহত হয়ে হাসপাতালে।’

তিনি বলেন, ‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিলো, শিডিউল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে।’

বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত বলেও অভিযোগ করেন কাদের। তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলছি,  তারা মনোনয়ন ফরম বিক্রির ভুয়া সংখ্যাতত্ব দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক  আবদুস সবুর,  উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

যে নেতারা ‘ইউ-টার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা নয়’: ইমরান খান

পরিস্থিতির দাবি অনুযায়ী যে নেতারা ‘ইউ-টার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা নয়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের উদাহরণও দিয়েছেন।

তার মতে, রাজনীতিতে ‘ইউ-টার্ন’ অর্থাৎ পল্টি খাওয়াই দস্তুর। সময় মতো পল্টি না খাওয়ার জন্যই হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধে হারতে হয়েছিল।

বেশ কিছু দিন ধরেই নীতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আপস করার জন্য ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে সব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন, আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তার মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি।

কখনো ধর্মীয় মৌলবাদীদের দাবি মেনে নেওয়া, কখনো সন্ত্রাসে মদদ দেওয়া, কখনো ঋণের ভিক্ষা পাত্র নিয়ে সৌদি আরব বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের দরজার সামনে দাঁড়ানো, বাদ নেই কিছুই। অথচ, নির্বাচনের আগে ঠিক উল্টো কথাই বলতেন ইমরান। এই ইউ-টার্ন বা পল্টি খাওয়া নিয়েই তাকে শুক্রবার প্রশ্ন করেন সাংবাদিকরা। সেখানেই বেফাঁস মন্তব্য করে বসেন ইমরান।

রামোসের কারণেই রিয়ালে যাননি নেইমার?

স্মৃতির চাকায় চড়ে বছর খানেক আগে ফিরে যাওয়া যাক। গত বছরের এই সময়টাতেই ফুটবল দুনিয়ায় গনগনে গুঞ্জন, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন নেইমার। নভেম্বর-ডিসেম্বর পেরিয়ে ২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেই গুঞ্জন উত্তাপ ছড়ায় আরও বেশি। রিয়ালের কর্তারা সরাসরি ব্রাজিলে গিয়ে নেইমারের বাবার সঙ্গে গোপন বৈঠক করেন। এমনকি পিএসজির কর্তাদের সঙ্গেও বৈঠক করেন তারা। ব্রাজিলের পত্রপত্রিকার খবর অনুযায়ী, নেইমারও নাকি রিয়ালকে ‘হ্যাঁ’ বলে দেন।

কিন্তু সেই ‘হ্যাঁ’ শেষ পর্যন্ত কার্যকর হয়নি। মত পাল্টে নেইমার বরং থেকে গেছেন পিএসজিতেই। কেন রিয়ালকে ‘হ্যাঁ’ বলেও যাননি নেইমার? কারণ হিসেবে এতোদিন জানা গেছে একটা বিষয়ই, পিএসজি তাকে বিক্রি করতে রাজি হয়নি। কিন্তু এবার জানা গেল অন্য একটা কারণও। আসলে নেইমার রিয়ালে যাওয়া থেকে বিরত থাকেন সার্জিও রামোসের কারণে!

না, সরাসরি এমনটা বলা হয়নি যে, রামোসের কারণেই নেইমার রিয়ালে যাননি। তবে রিয়াল মাদ্রিদের মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো যা বললেন, তার অর্থ সেটাই। রিয়ালের এই আর্জেন্টাইন কর্তা স্পষ্ট করেই বলেছেন, রামোসের সঙ্গে খেলতে চান না নেইমার! তিনি এটাও বলেছেন, নেইমারকে আনতে হলে রামোসকে তাড়াতে হবে ক্লাব থেকে! রামোস থাকলে নেইমার আসবেন না।

রামোস বর্তমানে রিয়ালের অধিনায়ক। ভালদানোর দাবি, রামোসকে অধিনায়ক হিসেবেও মানতে নারাজ নেইমার। ব্রাজিলিয়ান তারকা বরং নিজেকেই দলের ‘নেতা’ হিসেবে দেখতে চান। হতে চান দলের ‘তারকা’।

বার্সেলোনায় ৪ বছর থাকাকালে অকেনবারই মাঠে রামোসের মুখোমুখি হয়েছেন নেইমার। কিন্তু তাদের সেই মুখোমুখি হওয়ার রেকর্ডটা সুখকর নয়। প্রতিপক্ষ হিসেবে এমনিতেই সুখকর হওয়ার কথা নয়। তবে বল দখলের লড়াইয়ে নেমে নেইমারের সঙ্গে রামোসের বেধেও গেছেন অনেকবার। সেই ঝগড়া, কথা কাটাকাটি, ধাক্কা-সংঘর্ষের জেরে দুজনের সম্পর্কটা ছিল সাপে-নেউলের মতো।

সেই শত্রুর সঙ্গে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন নেইমার। ডিফেন্ডার হিসেবে রামোস এমনিতেই ‘রাফ অ্যান্ড টাফ’। মেজাজ গরম করে প্রায়শই প্রতিপক্ষ খেলোয়াড়কে অহেতুক কড়া ট্যাকল করে বসেন। খেসারত হিসেবে হলুদকাল্ড, লালকার্ডও পান বারবার। চিরশত্রু বার্সেলোনার মুখোমুখি হলে রামোসের মেজাজ যেন আরও সপ্তমে গিয়ে ঠেকে!

নেইমারও কম নন। মেজাজ হারিয়ে তিনিও অনেক সময়ই বিতর্কিত কাণ্ড করে বসেন। ফলে দুজনে মুখোমুখি হলেই বেধে যেত। এমনকি গত মৌসুমে নেইমার পিএসজির হয়ে খেলার সময়ও বেঁধে যায় রামোসের সঙ্গে। যার জের ধরে দুজনকেই কার্ড দিতে বাধ্য হন রেফারি।

তিক্ত সেই অভিজ্ঞতার কারণেই নেইমার রামোসের সঙ্গে খেলতে রাজি নন। ভালদানোর এই কথাতেই স্পষ্ট, রামোসের কারণেই নেইমার রিয়ালে যাননি। গত মৌসুমে না নিতে পারলেও নেইমারের পিছু ছাড়েনি রিয়াল। বরং প্রানপণ চেষ্টা করে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে ঘরে তোলার। ওদিকে পিএসজিও এখন বিপদে পড়ে গেছে। বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে কিনেছে পিএসজি। কিন্তু নেইমারের সঙ্গে এই চুক্তির ব্যাপারে পিএসজির বিরুদ্ধে দলবদলের আর্থিক ফেয়ার প্লে নীতিভঙ্গের অভিযোগ আছে। সেই অভিযোগ তদন্ত করছে উয়েফা।

গণমাধ্যমের আভাস ইঙ্গিত, উয়েফা শেষ পর্যন্ত নেইমারকে বিক্রি করে দেওয়ার জন্যই চাপ দিতে যাচ্ছে পিএসজিকে। সত্যি এমন চাপ দেয়, তাহলে পিএসজি বাধ্য হবে নেইমারকে বিক্রি করে দিতে। রিয়ালও তাই আঁটসাঁট বেঁধে মাঠে নামছে। কিন্তু ভালদানোর কথায় স্পষ্ট, নেইমার শর্ত দিয়েছেন তাকে নিতে হলে রামোসকে তাড়াতে হবে।

গত মৌসুমেও ঠিক এক রকম একটা শর্তের কথাই উঠেছিল। নেইমার নাকি রিয়াল কর্তাদের শর্ত দেন, তাকে নিতে হলে ক্রিস্তিয়ানো রোনালদোকে বিক্রি করতে হবে। তাকেই বানাতে হবে দলের নেতা। এই গুঞ্জনটা সত্য ছিল কিনা, সেটা এখনো জানা যায়নি। তবে মৌসুম শেষে ক্রিস্তিয়ানো রোনালদো ঠিকই রিয়াল ছেড়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। কিন্তু নেইমার পিএসজি ছেড়ে রিয়ালে আসেননি। রামোস থাকলে ভবিষ্যতেও যে যাবেন, সেটা বললেন রিয়ালের মহাব্যবস্থাপকই।

তাহলে? রিয়াল কর্তারা এখন কি করবে? নেইমারের শর্ত মেনে রামোসকে বিক্রি করে দেবে? নেইমারকে কেনাটা যে স্বপ্ন তাদের!

মুজিব কোর্ট পরে যারা ধানের শীষে যোগ দিয়েছেন তারা ভণ্ড

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা এতদিন বঙ্গবন্ধুর কথা বলে মুজিব কোর্ট পরে এখন ধানের শীষে যোগ দিয়েছেন তারা ভণ্ড ও প্রতারক।

সোমবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিটাল চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা নেয়া উচিত। কারণ নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করে কেউ যদি কোনো বক্তব্য দেয়, আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন কঠোর ব্যবস্থা নেয়।’

সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে আশা প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে এসেছে এটা স্বস্তির খবর, ভালো খবর। আশা করি, তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে এবং জনগণের রায় মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুুষ্ঠু নিরপেক্ষ হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এটা নিশ্চিত। কারচুপির কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশনও তো বলেছে নির্বাচন সুষ্ঠু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করার কথা বলে যারা খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন তারা রাজনৈতিকভাবে ভণ্ড উল্লেখ করে নাসিম বলেন, যারা এতদিন বঙ্গবন্ধুর কথা বলে মুজিব কোর্ট পরে এখন ধানের শীষে যোগ দিয়েছেন তারা ভণ্ড ও প্রতারক। ৩০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়ে বিচার করবে। শুধু ভোটের জন্য খুনিদের সঙ্গে হাত মিলিয়েছে এসব প্রতারকের দল।

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের জন্য অত্যাধুনিক রেজিস্ট্রেশন বুথ ও অটোমেশন পদ্ধতি উদ্বোধনের সময় পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: জাগোনিউজ২৪.কম

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল(অব.) খন্দকার ফরিদুল আকবর, পিএসসি, এমবিএস, লেফট্যানেন্ট কর্নেল(অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, পিএইচপি, লেফট্যানেন্ট কর্নেল(অব.) মো. শহীদুল্লাহ, পিএসসি, এমডিএস প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

গণফোরামে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য গণফোরামে যোগ দেয়া আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এর চেম্বারে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

এর আগে গত বৃহস্পতিবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ড. রেজা কিবরিয়া। ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া। আওয়ামী পরিবারের সন্তান হয়েও হঠাৎ ধানের শীর্ষে নির্বাচন কেন করতে চান- এমন প্রশ্নে রেজা কিবরিয়া গত শনিবার গণমাধ্যমকে বলেন, ‘আমি আওয়ামী লীগের গত ১০ বছরের রাষ্ট্র পরিচালনার সঙ্গে একমত নই।

ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়: ইসি

ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাৎকার নেয়া আচরণবিধি লঙ্ঘন নয়। এতে ইসির করার কিছু নেই বলে জানিয়ে দিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়ায় গতকাল রোববার(১৮ নভেম্বর) কমিশনে লিখিত অভিযোগ করে আওয়ামী লীগ। এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি ইসি সচিব হেলালুদ্দীন আহমদের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ জমা দেয়া শেষে ফারুক খান সাংবাদিকদের জানান, বাংলাদেশে একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত তারেক রহমান নির্বাচনের ক্যান্ডিডেট তাদের সাথে স্কাইপের মাধ্যমে কথা বলতেছেন। যেটা বাংলাদেশে নির্বাচনী আইনের সুষ্ঠু লঙ্ঘন। সেই সাথে সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে, তারেক রহমানের কোনো বক্তব্য কোনো জায়গা প্রচার করা যাবে না। এবং প্রচারণা হবে না। এই ব্যাপারে নির্বাচন কমিশনে আমরা লিখিত লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরো বলেন, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

সাকিব-ওয়ার্নারকে ধরে রাখল হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। নতুন ঠিকানা হায়দরবাদে যোগ দিয়ে গত মৌসুমের অসাধারন পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবকে ধরে রাখার কথা জানালেও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশি এ কাটার মাস্টারকে ছেড়ে দেওয়ার কথা আরো আগেই জানিয়ে ছিল রোহিত শর্মার দলটি।

আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, খেলেছিলেন ছয় মৌসুম। গত মৌসুমের আগে তাকে ২ কোটি রূপিতে দলে নেয় হায়দরাবাদ। নতুন দলটির হয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পান সাকিব। রেড অরেঞ্জদের হয়ে ব্যাট হাতে করেছিলেন ২৩৯ রান, বল হাতে উইকেট নিয়েছিলেন ১৪টি। তার প্রথম মৌসুমেই আইপিএলে রানার্সআপ হয়েছিল হায়দরাবাদ।

হায়দরাবাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে অন্যতম আরেকজন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ ওপেনার গত মৌসুমে সুযোগ পাননি খেলার। অন্যদিকে অ্যালেক্স হেলস ও ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে হায়দরাবাদ।

মুস্তাফিজকে গত মৌসুমে ২ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল মুম্বাই। তবে তাকে ছেড়ে দেওয়া হবে বলে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটাই সত্য হলো। গত মৌসুমে শুরুটা ভালো করলেও পরে সেই ধারা ধরে রাখতে পারেননি বাঁহাতি পেসার। ৭ উইকেট নিয়েছিলেন ৭ ম্যাচে, ওভারপ্রতি ৮.৩৬ রান দিয়েছিলেন এ কাটার মাস্টার।