All posts by lutfor

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ডোনাল্ট ট্রাম্প প্রস্তাবিত ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি সই না হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে না।

শনিবার সিডনিতে এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যেহেতু ইসরাইলি পার্লামেন্ট নেসেটের অধিবেশন বসে বায়তুল মুকাদ্দাসে এবং ইসরাইলের অনেক দপ্তর রয়েছে সেখানে, সে কারণে বায়তুল মুকাদ্দাস ইসরাইলের রাজধানী।

তিনি বলেন, বাস্তবতার নিরীখে আমরা আমাদের দূতাবাস পশ্চিম বায়তুল মুকাদ্দাসে নিয়ে যাব।

উল্লেখ্য, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে আমেরিকার দূতাবাস সরিয়ে নেন। এ নিয়ে সারাবিশ্বে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তির প্রস্তাব বাস্তবায়নে চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই প্রস্তাব ফিলিস্তিনের স্বার্তের পরিপন্থী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

সূত্র: আল-জাজিরা।

দাঁতের ব্যথার ঘরোয়া সমাধান

দাঁতের সমস্যা যদি বড়সড় হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া ভিন্ন উপায় থাকে না। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগে ব্যথা বা সমস্যা কমার কোনো উপায় জানা থাকলে সে সময় আরাম পাওয়া যায়। ছোটখাটো দাঁতের সমস্যা সারাতেও এসব উপায় কাজে আসে। জেনে নিন এমনই একটি ঘরোয়া উপায় যার মাধ্যমে সহজেই দাঁতের যে কোনো সমস্যা থেকে অনেকটা আরাম পাবেন।

খুব সহজে মেলে এমন দুই উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সমাধান। প্রয়োজন কেবল নারিকেল তেল ও লবঙ্গের গুঁড়া। এবার একটি পাত্রে নারিকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়া মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এই মিশ্রণ ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। দিনে বার তিনেক এমনটা করলে অনেকটা আরাম মিলবে দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা থেকে।

নারিকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সংক্রমণ রোধ করে। এছাড়া লবঙ্গের গুঁড়ায় থাকা ইউজিনল দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। সুতরাং চিকিৎসকের কাছে যাওয়ার আগেই ব্যথাকে কব্জা করার এই সহজ উপায়ে আস্থা রাখলে আরাম পাবেন সহজেই।

শীতকাল দূরে রাখুন পা ফাটাকে

আপনি যদি চান, এই শীতে আপানি পা ফাটা থেকে মুক্ত থাকবেন। তাহলে সহজলভ্য দু’-তিনটি উপাদানই এর জন্য যথেষ্ট। এই উপায়ে পায়ের যত্ন নিলে গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোলায়েম হয়ে উঠবে।

জেনে নিতে পারেন কী উপায়ে পা ফাটা থেকে দূরে রাখবেন নিজেকে।

একটি পাত্রে নারকেল তেল বা অলিভ অয়েল নিন। এতে মিশিয়ে নিন গরম গলানো মোম। মোম জমে যাওয়ার আগেই সামান্য গরম এই মিশ্রণ লাগিয়ে রাখুন পায়ের তলায়। তবে এর পর খুব বেশি হাঁটাচলা করবেন না, তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্রক্রিয়া অবলম্বন করতে পারলে ভাল হয়।

সকালে উঠে পায়ে জমে যাওয়া মোম-তেলের মিশ্রণ ফেলে দিয়ে ধুয়ে নিন। শীতে প্রায় রোজই এই উপায়ে যত্ন নিতে পারেন পায়ের তলার। এতে পা ফাটা দূর হওয়ার সঙ্গে পায়ের তলা পরিষ্কার ও নরম থাকবে। আরও ভাল ফল পেতে সপ্তাহে দু’-তিন দিন এই মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা মধুও মেশাতে পারেন।

 

নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে, সুষ্ঠু ভোট হবে

দেশজুড়ে সরকারবিরোধী নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ থাকলেও, আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, ‘অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘সবাই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন।’

সাভারে জাতীয় স্মৃতিসৌধে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা শ্রদ্ধা নিবেদন করেন।

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা নির্বাচন বানচাল এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।

রোববার ফেনী রাজাঝির দিঘী পাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকার ও আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে নিজেদের হামলার ছকেই নোয়াখালীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নিজেরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, উস্কানি দিয়েছিল। তারা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও দোকানপাট ভাঙচুর করেছে। হামলার ছক তারাই তৈরি করেছে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।’

‘বিএনপি নেতাকর্মীরা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তার গায়ে ছররা গুলি লেগেছে। তাকে হাসপাতালেও থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন। সরকার ও আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে এই হামলার ছক।’

১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী নামানোর দাবি ঐক্যফ্রন্টের

মাঠপর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১৮ ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি জানাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রবিবার (১৬ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশ ধানের শীষের প্রার্থীদের বাধা দিচ্ছে, পুলিশ কর্মকর্তারা প্রার্থী, কর্মী ও সমর্থকদের শাসাচ্ছে । সরকারী দলের সন্ত্রাসী বাহিনী গুলি করছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, গায়েবী মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে, নির্বাচনি অফিস ভাংচুর করা হচ্ছে এবং প্রচারের মাইক ভাংচুর ও  জব্দ করা হচ্ছে। সামগ্রিকভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বন্ধের পথ খুঁজছে ক্ষমতাসীনরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের  শীর্ষ নেতা  ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী ক্যাডারবাহিনী হামলা করলেও প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ  এবং আজ পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি।

সংবাদ বিজ্ঞপ্তি গতকালের (১৫ ডিসেম্বর) হামলার তুলে ধরা হয়,
আজ ১৬ ডিসেম্বর রবিবার নরসিংদীর পাচদোনায় ড. মইন খানের নির্বাচনী মিছিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে মইন খান স্থানীয় নেতাকর্মীদের অবরুদ্ব করে রাখে এবং হামলায় ৫০ থেকে ৫৫ জন কর্মী আহত হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ  সম্পাদক আহসান উল্লাহর স্ত্রী রিনা হাসানকে আটক করেছে পুলিশ ।

ড. কর্নেল অলি আহমেদের গাড়ি বহরে হামলা করেছে আওয়ামী সন্ত্রাসীরা।
চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল তার প্রয়াত বাবা-মার কবর জিয়ারতে গেলে আতর্কিত হামলা চালায় যুবলীগের সন্ত্রাসী বাহিনী। এতে জহির নামে এক কর্মীর মাথা ফেটে যায়।

বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির অফিস পংকজ দেবনাথের নেতৃত্বে  আওয়ামী সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়ে দলীয় সাইন বোর্ড লাগিয়ে মাইকে নৌকার প্রচার করছে। পুলিশ সম্পূর্ন নীরব।

১৪ ডিসেম্বর রাত ১০.২০ মিনিটে মিরপুর থেকে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে আটক করছে পুলিশ।

বরিশালের উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  রোকনুজ্জামান টুলুকে গ্রেফতার করছে পুলিশ।

সাতক্ষীরা পৌর  বিএনপির  প্রচারণায় হামলা করে  ৮০ বছর বয়স্ক এক শিক্ষকসহ বহু কর্মীকে পিটিয়ে আহত করেছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী।

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সভাপত রমিজ উদ্দিন লন্ডনিকে কুপিয়ে আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদসহ আহত হন ২০ কর্মী। মেরিনা নামের এক কর্মীর দুই চোখে স্প্রিনটার বিদ্ধ হয়েছে।

ঝিনাইদহের  শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দীপু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজ্জাদ ও পৌর ছাত্রদল সভাপতি ইমদাদুল ইসলামকে আটক করছে পুলিশ।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৈয়দ মুসফিক, স্বেচ্ছাসেবক দলনেতা জকি চৌধুরী, যুবদল নেতা গুলজার খানকে ডিবি পুলিশ কিছুক্ষণ আগে গ্রেফতার করছে।

পটুয়াখালী-৩ আসনের প্রার্থী গোলাম মাওলা রনির স্ত্রী উপর নগ্ন হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী বাহিনী।

গতকাল সন্ধ্যায় ঢাকা-৬ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী সুব্রত চৌধুরীর উপর হাটখোলা মোড়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। গত পরশু গেন্ডারিয়ায় সুব্রত চৌধুরীর কর্মীদের উপর হামলা হলে যুবদলের সাধারণ সম্পাদক বুলবুলসহ ৫ কর্মী আহত হন। এ সময় পুলিশ বুলবুলকে বিনা উসকানিকেত গ্রেফতার করে নিয়ে যায়। এভাবে ৩০০ আসনে আওয়ামী ক্যাডার ও প্রশাসনের পক্ষ থেকে হামলা-মামলা ও নির্যাতন অব্যাহত।

নির্বাচন হবে কিনা সন্দেহ ড. কামালের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা এই নিয়ে এবার সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সন্দেহ প্রকাশ করেন ড. কামাল।

ড. কামাল অভিযোগ করে বলেন, আমরাতো মাঠ ছাড়ি নাই। কিন্তু কিভাবে আছি তাতো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের উপর হামলা হচ্ছে, প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে।

এমন অবস্থায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা নির্বাচনই হবে কি হবে না তা নিয়ে আশঙ্কা আছে বলে জানান তিনি।

৮২ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইয়াসির

ইতিহাস হাতছানি দিয়ে ডাকছিল তাকে। আবুধাবি টেস্টেই যে, সেই ইতিহাস গড়ে ফেলবেন তা প্রত্যাশিতই ছিল। অবশেষে তাই সত্যি হলো। উইলিয়াম সমারভিলকে ফিরিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের ইয়াসির শাহ। সেই সঙ্গে ভেঙে দিলেন ৮২ বছরের রেকর্ড।

৩২ টেস্টে ১৯৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে নামেন ইয়াসির। রেকর্ড ভেঙে নতুন করে গড়তে দরকার ছিল ৫ উইকেট। সমারভিলকে ফিরিয়ে ক্রিকেটের অভিজাত সংষ্করণে সেই কৃতিত্ব দেখালেন তিনি। গড়লেন দ্রুততম ২০০ উইকেট নেয়ার রেকর্ড।

রেকর্ডটি এতদিন দখলে ছিল অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেটের। ১৯৩৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০তম উইকেট শিকার করেন তিনি। সেটিই ছিল ৮২ বছর ধরে টেস্টে দ্রুততম উইকেটের ‘ডাবল’। ক্যারিয়ারের ৩৬তম টেস্টে এসে এ মাইলফলকের দেখা পান অজি লেগস্পিনার।

সেখানে ৩৩ টেস্টে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ইয়াসির। এখন ক্রিকেটের আদি ফরম্যাটে দ্রুততম (সবচেয়ে কম টেস্ট খেলে) ২০০ উইকেটশিকারী তিনি। ৩৭ টেস্টে এ অংক স্পর্শ করে তৃতীয় দ্রুততম ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল গ্রিমেটের। পুরো ক্যারিয়ারে ৩৭ টেস্টে ২১৬ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে অজি কিংবদন্তিকে ইয়াসির কত দ্রুত ছাড়িয়ে যান তাও দেখার।

যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হুশিয়ারি ভ্লাদিমির পুতিন

স্নায়ুযুদ্ধকালীন চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে বসে থাকবে না রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সে ক্ষেত্রে তাঁর দেশে নিষিদ্ধ হওয়া ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করবে। আজ বুধবার রুশ সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন পুতিন।

ন্যাটো সম্প্রতি অভিযোগ করে বলেছে যে, স্নায়ুযুদ্ধের অবসানের সময় করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি ভঙ্গ করেছে রাশিয়া। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় দুই দেশের স্বল্প ও মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হয়েছিল।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য বলছেন, আইএনএফ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার বাহানা হিসেবেই এমন অভিযোগ করা হচ্ছে। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, আইএনএফ চুক্তিতে যেসব অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করা হয়েছিল, বিশ্বের অনেক দেশ এখন সেগুলো উৎপাদন করছে। তিনি বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, আমাদের আমেরিকান অংশীদাররাও এখন এমন অস্ত্রের প্রয়োজনীয়তা অনুভব করছে। সে ক্ষেত্রে আমাদের প্রত্যুত্তর কী হবে? এটি খুবই সাধারণ বিষয়। তখন আমরাও ওই ধরনের অস্ত্র তৈরি করা শুরু করব।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার কারণে যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমানের প্রচলিত অস্ত্রগুলোর বিপরীতে তুলনামূলকভাবে সস্তা বিকল্প হতে পারে আইএনএফ চুক্তিতে নিষিদ্ধ থাকা ক্ষেপণাস্ত্রগুলো।

গত মঙ্গলবার ন্যাটো অভিযোগ করে বলে, রাশিয়া ওই চুক্তির বিধান অমান্য করেছে। এক বিবৃতিতে ন্যাটো জানায়, আইএনএফ চুক্তিতে নিষিদ্ধ একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্প্রতি চালু করেছে রাশিয়া। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার মুখ খুললেন পুতিন।

সর্বশেষ ২০০২ সালে অস্ত্রবিষয়ক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে যুক্তরাষ্ট্র অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বের হয়ে যায়।

অরিত্রীর শ্রেণি শিক্ষিকা হাসনা কারাগারে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায গ্রেপ্তার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার এজাহারভুক্ত এ আসামিকে রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। আজ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামিকে আদালতে হাজির করেন। তবে ওই শিক্ষিকাকে রিমান্ডে নেওয়ার কোন আবেদন করা হয়নি।

আদালতে শিক্ষিকার জামিন চেয়ে আবেদন করা হয়। তার আইনজীবী জাহাঙ্গীর আলম শুনানিতে বলেন, এ ঘটনায় তার কোন সম্পর্ক নেই। এজাহারে বাদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। এর বিরোধিতা করে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, জামিন পেলে পলাতক হবে। মামলার তদন্ত চলছে। এ অবস্থায় জামিন নাকচ করে কারাগারে পাঠানো হোক।

হাসনা হেনাকে গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আমার কাজ হলো কোনো মেয়ে যদি ঝামেলা করে তাহলে তার বাবা-মাকে নিয়ে প্রিন্সিপালের কাছে দাঁড় করানো। এ ক্ষেত্রে মোবাইল পাওয়ায় আমি তাই করেছিলাম। এ ছাড়া আমার কোনো দায় নেই। অরিত্রির বাবা-মায়ের সঙ্গে আমার কোনো কথা হয়নি। অধ্যক্ষ আমাকে যা বলেছেন আমি তাই করেছি।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে দন্ডবিধির ৩০৫ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষিকা হাসনা হেনাকে আসামি করা হয়।

এদিকে ওই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে তদন্তে অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনার জন্য তাদের চিহ্নিত করার পর বুধবার তিন শিক্ষককে বরখাস্ত তাদের এমপিও বাতিল করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ ও র‌্যাবকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাতেই হাসনা হেনাকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় আগামি ৯ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।