All posts by lutfor

নির্ভয়ে ভোট দিন, আমরা আপনাদের পাশে থাকবো

নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও সেনা সদস্য মোতায়েন করা হবে।

একাদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ডিসেম্বর সারাদেশে সেনা মোতায়েন করা হয়। এরপর সেনাবাহিনী প্রধান শনিবার রাজধানীর বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন বলে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

মিঠুন চক্রবর্তী অসুস্থ

কোমরে আঘাতজনিত কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাতে গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বেশ আগে কোমরে আঘাত পেয়েছিলেন তিনি। সেই পুরনো ব্যাথা আবার নতুন করে দেখা দেয়াতেই পরিবার থেকে  চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে ৬৬ বছর বয়সী এই অভিনেতাকে। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত  ছেলে ও ছেলের বউয়ের তত্ত্বাবধানে  লস অ্যাঞ্জেলেসের হাসপাতালেই থাকবেন তিনি।

২০০৯ সালের মাঝামাঝি সময়ে ‘লাকি’ সিনেমার একটি মারামারির দৃশ্য করতে গিয়ে কোমরে আঘাত পান মিঠুন। তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেয়া হলেও ব্যাথা বহন করে বেড়াচ্ছেন এখনও। ২০১৬ সালে মেরুদণ্ডে ব্যথাজনিত কারণে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পুরোপুরি নিরাময় হয় নি। একারণেই যুক্তরাষ্ট্রে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিনেতার পরিবারের পক্ষ থেকে।

সম্প্রতি পর্দায় অনিয়মিত হলেও এই অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক ব্যাবসাসফল চলচ্চিত্র। শুধু কলকাতাতেই নয় বাংলাদেশেও সমান জনপ্রিয় তিনি। ডান্স রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর বিচারক ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে ওই অনুষ্ঠান থেকে অব্যাহতি নেন তিনি। এমনকি রাজনীতি থেকেও নীরবে সরে দাঁড়িয়েছেন এই অভিনেতা।

মিঠুন অভিনীত সর্বশেষ সিনেমা বলিউডের ‘জিনিয়াস’। চুক্তিবদ্ধ হয়েছেন রামগোপাল ভর্মার একটি ভৌতিক চলচ্চিত্রে। যেটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের মাঝামাঝি সময়ে।

মাঠে অস্ট্রেলিয়া-ভারত লড়াই; গ্যালারিতে চুমু খাওয়ার প্রতিযোগিতা

মাঠে অস্ট্রেলিয়া-ভারত লড়াই; গ্যালারিতে চুমু খাওয়ার প্রতিযোগিতা
জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্ট। বড়দিনের ছুটির আমেজে এমসিজির দর্শকাসন কানায় কানায় পরিপূর্ণ। প্রচুর যুগলও এসেছেন খেলা দেখতে। মাঠের ভেতর যখন জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা তখন দর্শকাসনে বসে ‘কিস ক্যাম’ খেলায় মেতে উঠেন সেইব যুগল।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া বড় বড় ক্রীড়া প্রতিযোগিতায় ‘কিস ক্যাম’ একটি জনপ্রিয় ট্রেন্ড। এই ট্রেন্ড অনুসারে দর্শকাসনে চুম্বনরত যুগলদের ক্যামেরা বন্দি করে স্টেডিয়ামের বড় পর্দায় তুলে ধরা।

বক্সিং ডে টেস্টের প্রথমদিনে যখন কোহালি ও পূজারা যখন ব্যাট করছিল তখন এক যুগলকে চুম্বনরত অবস্থায় দেখা যায় বড় পর্দায়। তারপর স্টেডিয়ামের দর্শকাসনে ছড়িয়ে পড়ে সেই ট্রেন্ড। বিভিন্ন বয়স এবং জাতিগোষ্ঠীর যুগলরা প্রিয় মানুষটিকে চুমু খেতে শুরু করেন। সম্প্রচারকারী প্রতিষ্ঠান সুযোগ বুঝে শুরু করে দেয় ‘কিস ক্যাম’ খেলা।

এক এক করে অনেক যুগলেরই চুম্বন দৃশ্য ক্যামেরা বন্দি হয়। ক্রিকেট ছেড়ে দর্শকরা তখন কিস ক্যাম নিয়েই মেতে ওঠেন। স্টেডিয়ামের বড় পর্দায় রীতিমতো ‘কিস ক্যাম’ ট্যাগ লাগিয়ে সেইসব দৃশ্য দেখানো হয়। মেলবোর্ন টেস্টের সেই ‘কিস ক্যামের’ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাইকের পাশাপাশি প্রচুর মানুষ শেয়ার করেছেন এটি।

জার্মানিও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবে

আফগানিস্তান থেকে মার্কিন সেনা সদস্য কমানো হলে জার্মানির সেনাদের নিরাপত্তা বিপন্ন হবে। এ জন্য জার্মান সেনাদেরকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে।

জার্মানির সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হ্যারাল্ড কুজাত দেশটির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছে। যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তানে তার বাহিনীকে ছোট একটি কন্টিনজেন্টে পরিণত করে তাহলে আমাদের পক্ষে আর দেশটিতে সেনা মোতায়েন করে রাখা সম্ভব হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আফগানিস্তান থেকে সাত হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই নির্দেশ বাস্তবায়িত হলে আফগানিস্তানে মোতায়েন বর্তমান মার্কিন সেনাসংখ্যা অর্ধেকে নেমে আসবে।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের আওতায় আফগানিস্তানে প্রায় এক হাজার ১০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে যাদের অবস্থান মাজার-ই-শরীফ শহরের কাছে।

দেশের বাইরে জার্মান সেনা মোতায়েনের জন্য দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার অনুমোদনের বর্তমান মেয়াদ ২০১৯ সালের মার্চ মাসে শেষ হবে।

পরাজয় নিশ্চিত জেনে বিএনপিতে হতাশার সুর: কাদের

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গত কয়েক দিন থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কণ্ঠে হতাশার সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা করেন।

নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে করে ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবেই। শেখ হাসিনার নেতৃত্বে মহাজেট সরকার গঠন করবে।

তিনি বলেন, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। এই নির্বাচন ভোটার শুন্য হবে না। যে গণজোয়ার দেখা যাচ্ছে, উৎসব বিরাজ করছে তাতে জয়ের ব্যাপারে কোন সন্দেহ নেই। ঐক্যফ্রন্ট জনবিচ্ছিন্ন হয়ে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ভালোর জন্য আশাবাদী, মন্দের জন্য প্রস্তুত আছি। ঐক্যফ্রন্ট বলেছিলো- তারা লাঠি-সোটা নিয়ে কেন্দ্র পাহারা দেবে। সে ক্ষেত্রে আমরাও বলেছিলাম- তারা যদি কেন্দ্র পাহারা দেয় তাহলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কেন্দ্র রক্ষা করবো।

নির্বাচন কমিশনের ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা সন্তুষ্ট। তবে নির্বাচন কমিশনের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। কিন্তু নির্বাচন কমিশন তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয়।

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে পাঁচ সদস্যকেই ঐকমত্যে যেতে হয়, সিদ্ধান্তে একমত হতে হয়। একজন যদি ভিন্নমত পোষণ করে তাহলে সিদ্ধান্ত আটকে যায়। সেটা নিরাপত্তা পরিষদে। কিন্তু নির্বাচন কমিশনে একজন মাত্র ভিন্ন মত পোষণ করছে কোনো কোনো ব্যাপারে, সব ব্যাপারে নয়। সেটার জন্য তো মেজরিটির যে সিদ্ধান্ত সেটা তো আটকে থাকতে পারে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কমিশন রাইট ট্রাকে চলছে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যে রকম নির্বাচন হয় ঠিক সেভাবেই সরকার তার সহায়ক ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

প্রেস ব্রিফিংয়ে নোয়াখালী-৪ আসনের মহাজোট প্রার্থী ও জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু , জেলা আওয়ামী লীগ সদস্য মাহমুদুর রহমান জাবেদ ও জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভদ্রসহ দলীয় নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

গুজব ছড়ানোর অভিযোগে আটক ৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাদের ওপর নজরদারির ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে আটজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জনগণ ভোটের মাধ্যমে পরিস্থিতি বদলে দেবে

 

জনগণ ভোটের মাধ্যমে এবার পরিস্থিতি বদলে দেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও জেলা রির্টানিং কর্মকর্তার সাথে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনে কর্মীদের জন্য শেষ বার্তা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি শুধু কর্মীদের জন্য একটি বার্তা দিতে চাই। তা হলো- জনগনকে সাথে নিয়ে ভোট দিতে যেতে হবে। ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।’

নিজ দলের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, ‘শুক্রবার বিএনপির যেসব কর্মীকে আটক করা হয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ নেতা। আমি এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও এসপি সাহেবকে জানিয়েছি। তবে এরপরেও কিন্তু আমাদের সাধারণ ভোটারদের কেউ হতাশ করতে পারবে না। আমরা আশা করি, যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে।’

বিএনপিতে নির্বাচন নিয়ে কোনো বিরোধ আছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো সমস্ত সরকারের কূটচাল। একেবারে ভিত্তিহীন। এগুলো কোনোটাই সঠিক নয়। বিএনপি নির্বাচনে আছে, থাকবে।’

এ সময় জেলা বিএনপির বিভিন্ন নেতা-কর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসএমএস ও অনলাইনে জেনে নিন আপনার ভোটকেন্দ্র কোথায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র কোথায় তা জেনে নেওয়া যাচ্ছে মোবাইল ফোন থেকে পাঠানো এসএমএসের মাধ্যমে। এছাড়া অনলাইনে ভোটকেন্দ্রের তথ্য জানতে এ নিউজের শেষে লিংক দেখুন।

এসএমএসের মাধ্যমে

যে কোনো মোবাইল অপারেটরের সিম থেকে মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।

যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে 105 নম্বরে।

ওয়েবসাইটের মাধ্যমে

ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভোটকেন্দ্র সম্পর্কে তথ্য জানা সম্ভব। তবে আজ শনিবার নির্বাচনের আগের দিন দীর্ঘক্ষণ ওয়েবসাইটটি অকার্যকর পাওয়া গেছে। প্রযুক্তিবিদরা বলছেন, বহু মানুষ একত্রে এ সাইট থেকে তথ্য নেওয়ার চেষ্টা করায় এমনটা হতে পারে।

ওয়েবসাইটের মাধ্যমে তথ্য জানতে প্রথমে এ নিউজের নিচে দেওয়া ওয়েব ঠিকানায় ঢুকতে হবে। এরপর নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে।

জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ হলেও হবে। সেক্ষেত্রে আপনাকে স্লিপ নম্বর দিতে হবে। পরে জন্মতারিখ লিখতে হবে।

সেখানেই ফরম নম্বর ও এনআইডি নম্বর দেওয়ার অপশন রয়েছে। আপনার যদি ভোটার আইডি নম্বর থাকে তাহলে এনআইডিতে সিলেক্ট করুন। অন্যথায় ফরম নম্বর লিখলেই হবে।

এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে।

সর্বশেষ ভোটার তথ্য দেখুন ট্যাবে ক্লিক করতে হবে।

সঠিকভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করলে স্ক্রিনে ভেসে উঠবে ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও জাতীয় পরিচয়পত্র নম্বর।

এ লিংকে দেখুন আপনার ভোটকেন্দ্র কোথায়- https://services.nidw.gov.bd/voter_center

নির্বাচনে যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগের দিন মধ্যরাত থেকে নির্বাচনের দিন মধ্যরাত পর্যন্ত সারা দেশে প্রায় ১৪ ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

এছাড়া গতকাল ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রিকশা ও ভ্যানের (ব্যাটারিচালিত নয়) ওপর নিষেধাজ্ঞা নেই। এছাড়া প্রায় সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহনের ওপরেই নিষেধাজ্ঞা রয়েছে।

নির্বাচনী তথ্যকণিকার তথ্য অনুসারে, ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত যে ১০ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো-
১. বেবিট্যাক্সি,
২. অটোরিকশা,
৩. ইজিবাইক,
৪. ট্যাক্সিক্যাব,
৫. মাইক্রোবাস,
৬. জিপ,
৭. পিকআপ,
৮. কার,
৯. বাস,
১০. ট্রাক,
১১. টেম্পো,
১২. স্থানীয় পর্যায়ে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন,
১৩. লঞ্চ,
১৪. ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট

তবে ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্র থাকলে দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পরিচয়পত্র থাকলে সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজ, যেমন: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ, সংবাদপত্র বহনকারী, বিমানবন্দরে যাত্রী পরিবহন ইত্যাদি কাজে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর শক্তিশালী একাদশ প্রকাশ

ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। এদিকে ১৪ সদস্যের এই দলে তেমন কোন চমক নেই। ওয়ানডে সিরিজের দলটাই প্রায় রেখে দেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে। এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেহেতু টি-টোয়েন্টি খেলেন না, স্বাভাবিকভাবেই তিনি এই দলে থাকবেন না।

তাছাড়া টি-টোয়েন্টি দলে নেই ওয়ানডে সিরিজে থাকা ইমরুল কায়েসও। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, গত আগস্টে। যেটিতে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ।

এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে আগামীকাল সোমবার ১৭ ডিসেম্বর সিলেটে। এদিকে উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টির সময় সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল বিকেল পাঁচটার পরিবর্তে ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।