All posts by lutfor

কিডনির ক্ষতি হয় যেসব অভ্যাসে

শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো কিডনি। এটি হচ্ছে শরীরের ছাঁকুনি। দেহের নানা বর্জ্য পদার্থ, অব্যবহৃত খাদ্য এবং বাড়তি পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি। ফলে আমরা সহজেই সুস্থ থাকি। তবে দেহের সুস্থতার পাশাপাশি কিডনির সুস্থতা রক্ষা করাও অনেক বেশি জরুরি। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায়, আমরা কিডনির দিকে ঠিকমতো নজর দেই না। এতে করে কিডনির সমস্যা বেড়ে যায়। আর প্রতিবছর এ সমস্যায় অনেক মানুষ মারা যায়। অথচ কিছু অভ্যাস আছে যেগুলো পরিত্যাগ করতে পারলেই কিডনির ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।

 

এক্ষেত্রে জেনে নিন কিডনির ক্ষতি করে এমন কিছু অভ্যাসের কথা-

 

# পর্যাপ্ত পানি পান না করা

 

কিডনির প্রধান কাজ হলো শরীর থেকে পরিপাক প্রক্রিয়ার বর্জ্য অপসারণ করা এবং লোহিত রক্ত কণিকার ভারসাম্য রক্ষা করা। কিন্তু পর্যাপ্ত পানি পান না করলে কিডনির রক্তপ্রবাহ কমে যায়। ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। কাজেই সুস্থ থাকতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করা উচিত।

 

# অতিরিক্ত লবণ খাওয়া

 

বাড়তি লবণ খাওয়ার কারণেও কিডনির অনেক ক্ষতি হয়। লবণ রক্তচাপ বাড়াতে ভূমিকা রাখে যা কিডনির উপর এক ধরনের চাপ সৃষ্টি করে। তাই দৈনন্দিন জীবনে পরিমিত লবণ খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

# প্রস্রাব আটকে রাখা

 

দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলেও কিডনির অনেক ক্ষতি হয়। এতে কিডনির ওপর অনেক বেশি চাপ পরে এবং কিডনি সাধারণ কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই কিডনি সুস্থ রাখতে বেশি সময় প্রস্রাব ধরে রাখবেন না।

 

# অতিরিক্ত মিষ্টি খাওয়া

 

অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মূত্রের সাথে প্রোটিন নির্গত হয় যা কিডনির জন্য ঝুঁকিপূর্ণ। কাজেই কিডনি সুস্থ রাখতে মিষ্টি জাতীয় খাবার বেশি না খাওয়াই ভালো।

 

# ভিটামিন ও মিনারেলের অভাব

 

ভিটামিন বি ৬ ও ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কাজেই সুস্থ থাকতে প্রতিদিন প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়ার বিকল্প নেই।

 

# অতিরিক্ত প্রাণিজ প্রোটিন গ্রহণ

 

অতিরিক্ত প্রাণিজ প্রোটিন গ্রহণ করলে কিডনির মেটাবোলিক চাপ বেড়ে যায়। কাজেই যত বেশি প্রোটিন গ্রহণ করবেন কিডনির উপর চাপ তত বেশি বৃদ্ধি পাবে। ফলে কিডনি দ্রুত অকেজো হয়ে যাওয়ার সম্ভবনা বৃদ্ধি পায়।

 

# ঘুমের অভাব

 

রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমালে কিডনির ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো সেরে ওঠে। অন্যথায় শরীরের বিশ্রাম হয় না এবং কিডনির ক্ষতি হয়।

 

# অতিরিক্ত কফি পান

 

অতিরিক্ত কফি পান করলে তা রক্তচাপ কিছুটা বাড়িয়ে দেয় এবং কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তখন খুব দ্রুতই কিডনি অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কাজেই সুস্থ থাকতে অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন।

 

# পেইন কিলার গ্রহণ

 

কেউ কেউ সামান্য ব্যথাতেই পেইন কিলার খেয়ে থাকেন। এটা ঠিক নয়। ঘন ঘন পেইন কিলার খেলে দ্রুত কিডনি ও লিভার নষ্ট হয়ে যায়।

 

# মদ্যপান

 

অতিরিক্ত মদ্যপানের ফলে কিডনির স্বাভাবিক কার্যকলাপে ব্যাঘাত ঘটে এবং কিডনিতে চাপ সৃষ্টি হয়। সেই সঙ্গে লিভারেরও ক্ষতি হয়। কাজেই কিডনি সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলার বিকল্প নেই।

 

সাধারণত প্রাত্যহিক জীবনে অনিয়ম করলে এর প্রভাবটা সরাসরি কিডনির উপর পড়ে। কাজেই এ সম্পর্কে আগে থেকেই সচেতন হউন। কিডনির সুস্থতায় উপরোক্ত অভ্যাগগুলো ত্যাগ করার চেষ্টা করুন। তাতে কিডনির পাশাপাশি আপনিও সুস্থ থাকবেন।

 

যেসব কারণে রক্ত দূষিত হয়

রক্তের প্রবাহ যতো সুষ্ঠুভাবে হয় আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যও ততো ভালো থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, কোনো ব্যক্তির রক্তের স্বাস্থ্য যেমন, তার স্বাস্থ্যও ঠিক তেমন হবে। রক্ত দূষিত হয়ে পড়লে আমাদের স্বাস্থ্যের বিপর্যয় অনিবার্য। এর ফলে সামান্য অসুস্থতা থেকে শুরু করে হৃদরোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে রক্ত দূষণের প্রধান কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক:

অস্বাস্থ্যকর খাবার: অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে অতিরিক্ত কোলেস্টেরল, ফ্যাট ও অন্যান্য দূষিত পদার্থ রক্তস্রোতের সঙ্গে মিশে গিয়ে ধীরে ধীরে ধমনীর গায়ে জমা হতে থাকে। আবার রক্তস্রোতে উপস্থিত অতিরিক্ত ফ্যাটে রক্ত কণিকা ও প্লাটিলেটগুলো জমাট বেঁধে যায়। ফলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে তার অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যায়।

থাইরয়েডের ত্রুটি: থাইরয়েড গ্ল্যাণ্ডের কর্মক্ষমতা নিম্নমানের হলে স্নেহ জাতীয় পদার্থ ঠিকমতো হজম হয় না। ফলে রক্তে কোলেস্টেরল ও ফ্যাটের মাত্রা বেড়ে যায়। থাইরয়েডের কর্মক্ষমতা নিম্নমানের হয় খাবারের আয়োডিন বা ভিটামিন বি ১-এর অভাবে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলেও ভিটামিন বি ১-এর অভাব হতে পারে।

ধূমপান: ধূমপানের ফলে বিষাক্ত কার্বন মনো অক্সাইড গ্যাস রক্তে মিশে রক্তে অক্সিজেনের ভারসাম্য নষ্ট করে। তাছাড়া, রক্ত চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভিটামিন সি ধূমপানের কারণে নষ্ট হয়। নিকোটিনের প্রভাবে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং ধমনীগুলো সংকুচিত হয়ে পড়ে।

মদ্যপান: মদ্যপানের ফলেও রক্তকণিকাগুলো জমাট বেঁধে যায়, রক্তে ফ্যাটের মাত্রা বেড়ে যায়, নষ্ট হয় বহু প্রয়োজনীয় পরিপোষক। সেই সঙ্গে কয়েকটি এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ার ফলে শরীরে অক্সিজেন সরবরাহে ঘাটতি দেখা দেয়। সূত্র: জিনিউজ

শিগগিরই ‘গোল্ডেন রাইস’ আনছে সরকার

ধানের নতুন জাত ‘গোল্ডেন রাইস’ উন্মুক্ত করতে যাচ্ছে সরকার। শিগগিরই উন্মুক্ত করা হবে। সাধারণ মানুষের ভিটামিন-এ’র ঘাটতি পূরণে এই ধান আনা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি) ও ইরি মিলে গোল্ডেন রাইস আবিষ্কার করেছে। এটা এখন আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের অপেক্ষায় আছে। এটা যাতে তাড়াতাড়ি রিলিজ হয় সে ব্যাপারে আলাপ হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমেরিকার ড্রাগ অ্যান্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই চালের ক্লিয়ারেন্স দিয়েছে। কানাডা ও অস্ট্রেলিয়ারও এটার ক্লিয়ারেন্স দিয়েছে যে, গোল্ডেন রাইস নিরাপদ, শরীরের জন্য এতে কোনো ঝুঁকি নেই, এটা নিরাপদ।

তিনি বলেন, বিআর-২৮ ও বিআর-২৯ এর মতোই গোল্ডেন রাইসের উৎপাদন পাওয়া যাবে। চালটার রং হবে গোল্ডেন। খরচ সাধারণ চালের মতোই হবে। অতিরিক্ত খরচ হবে না।

এশিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ইরির একটা বিরাট অবদান রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের গরিব মানুষ অনেক সময়ই পুষ্টিকর খাবার খেতে পারে না। যেখানে ভিটামিন-এ একটা বিরাট সমস্যা। আর এই চালে ভিটামিন-এ পাওয়া যাবে।

মাঠ থেকে সরাসরি হাসপাতালে তাসকিন

বিপিএলের শেষমূহুর্তে এসে বড় ধাক্কা খেলেন তাসকিন! পায়ে চোট পাওয়া সিলেটের পেসার তাসকিন আহমেদ বর্তমানে হাসপাতালে আছেন। মাঠ থেকে সরাসরি এক্সরে করানোর জন্য তাসকিনকে মিরপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

সিলেট ও চট্রগ্রামের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। চট্রগ্রামের ইনিংসের দশম ওভারে অলক কাপালির বলে মোসাদ্দেক হোসেন লং অন বাউন্ডারি ছাড়া করেন।

বাউন্ডারি লাইনে থাকা তাসকিন বল থামাতে গিয়ে বাউন্ডারি কুশনে ডান পা দিয়ে চোট পান।

এবারের বিপিএলে দারুণ ফর্মে ছিলেন তাসকিন আহমেদ। টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় শীর্ষে আছেন এই ফাস্ট বোলার।

১২ ম্যাচ খেলে ২২ উইকেট শিকার করেছেন তাসকিন, বল হাতে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদ পারফর্মেন্স দিয়ে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন।

নিউজিল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হয়েছিল তাসকিনকে। তবে বিপিএলে সিলেটের শেষ ম্যাচে এসে পায়ের গোড়ালিতে চোট পাওয়া দীর্ঘ এক বছর পর দলে সুযোগ পাওয়া তাসকিনের জন্য দুর্ভাগ্যজনক।

পারমাণবিক উপাদান ধ্বংস করবে উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া তাদের পুরো পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দেশটির জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিফেন বাইগান।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বাইগান জানান, গত অক্টোবরে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া ভ্রমণ করেন; তখন দেশটির পক্ষ থেকে এ অঙ্গীকার করা হয়।

তিনি বলেন, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের চুক্তির ক্ষেত্রে এর আগেই উত্তর কোরিয়াকে সমস্ত পারমাণবিক উপাদানের তালিকা দিতে হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এই যুদ্ধ’ শেষ করতে চান বলেও মন্তব্য করেন বাইগান।

অবশ্য বৃহস্পতিবারই দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এক বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

বাংলাদেশ,রাশিয়া, ভেনিজুয়েলা ও ইরানের কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার

কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একাউন্টগুলো পরিচালনা করা হত বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে। দেশগুলো হচ্ছে, রাশিয়া, ভেনিজুয়েলা ও ইরান।

ভুয়া খবর ছরানো ও ঘৃণা ছড়ানোর অভিযোগে এসব একাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার।
বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে এ খবর দিয়েছে কোম্পানিটি। এতে বলা হয়, গত অক্টোবর থেকেই বিশ্বব্যাপী একাউন্টগুলোতে নজরদারি শুরু করেছে টুইটার। আজ আমাদের সেবার বিশুদ্ধতা রক্ষায় ক্ষতিকর একাউন্টগুলো মুছে দেয়া হয়েছে। টুইটারের উচ্চপদস্থ কর্মকর্তা ইয়োয়েল রোথ বলেন, ভুয়া তথ্য প্রতিরোধে টুইটারের অভিযানের অংশ হিসেবে ৩ হাজারেরও অধিক একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এরমধ্যে ভেনিজুয়েলারই রয়েছে ২০০০ এরও অধিক একাউন্ট। এছাড়া সৌদি আরব ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির কারণ দেখিয়ে ইরানের বেশ কয়েকটি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। রোথ জানান, বাংলাদেশ থেকে খুবই অল্প কয়েকটি একাউন্ট মুছে ফেলা হয়েছে। এসব একাউন্ট থেকে সম্পূর্ন বাংলা ভাষায় টুইট করা হত এবং তার সবই স্থানীয় রাজনীতি কেন্দ্রিক।

প্রধানমন্ত্রীর চা-চক্রে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর চা-চক্রে ঐক্যফ্রন্টের না যাওয়ার সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি সংসদ বর্জন করে তাহলে তারা আরও বড় ভুল করবে। দেশের মত বিদেশের বন্ধুদের থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে দলটি।

ঐক্যফ্রন্টের সংসদে আসার প্রয়োজনীয় প্রসঙ্গে তিনি বলেন, ৮ জন সংসদ সদস্য যদি সংসদে জোরালো ভাষায় যুক্তিতর্ক দিয়ে কথা বলে, তাহলে সংসদের ভেতরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারে।

তিনি বলেন, আন্তরিকতা নিয়ে দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে না যাওয়া নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ।

গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্র আজ

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র আজ। গণভবনে শনিবার বিকাল সাড়ে ৩টায় এ আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম।

চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

ঐক্যফ্রন্টের প্যাডে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা-চক্রে অংশ না নেয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হরণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছেন। নতুন নতুন মামলায় অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।’

নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। ওই সংলাপে নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে ৩০ ডিসেম্বর সব রাজনৈতিক দলের অংশগ্রহণের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পায়।

তবে নির্বাচনকে প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করে আসছে জাতীয় ঐক্যফ্রন্ট। এরই মধ্যে ঐক্যফ্রন্টসহ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া সব নেতাকে শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের জন্য আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

সংলাপে অংশ নেয়া ঐক্যফ্রন্টের নেতারা ২৬ জানুয়ারি আমন্ত্রণ পাওয়ার পর থেকেই চা-চক্রে যাবেন না বলে জানিয়ে আসছেন। বৃহস্পতিবার জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ দাওয়াত তাদের কাছে ‘প্রহসন’। সেখানে যাওয়ার প্রয়োজন আছে বলে তারা মনে করে না।

অন্যদিকে শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঐক্যফ্রন্টের চা-চক্র বর্জনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘এটাই তাদের নেতিবাচক রাজনীতির ধারা।

থ্রিজি ও ফোরজি বন্ধের নির্দেশ

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

বিটিআরসি সূত্রে এই তথ্য জানাগেছে।

মোবাইল ফোন অপারেটররা জানিয়েছেন, বিটিআরটির নির্দেশ পেয়ে আমরা থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু করেছি।

এই নির্দেশনার ফলে টু জি ইন্টারনেট সেবা চালু সেবা থাকবে। এই ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না।

এরআগে বৃহস্পতিবার রাতে ১০ঘন্টার জন্য থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয়া হয়।


সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনি এলাকায় সেনা টহলের পাশাপাশি রয়েছে র‍্যাব-পুলিশ ও বিজিবি। বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি।

ভোটের দিন এগিয়ে আসায় কড়া নিরাপত্তার আওতায় বরিশাল। নির্বাচনি এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। মাঠে রয়েছে র‍্যাব ও পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ ২৩টি জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি।

সিলেটের প্রতিটি উপজেলায় মোতায়েন রয়েছে ৫০ জন করে সেনা সদস্য। পাশাপাশি কাজ করছেন পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্যরা।

নির্বাচন নির্বিঘ্ন রাখতে বগুড়ায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৪ হাজার সদস্য। মাঠে পোশাকধারীদের টহলের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে নজরদারি। কড়া নজরদারিতে খুলনা নগরীর প্রতিটি প্রবেশপথ। সন্দেহ হলেই চালানো হচ্ছে তল্লাশি।