All posts by lutfor

হজে যেতে বিমানে উঠলে নামিয়ে দেয়া হল নওয়াজের ২ ভাতিজাকে

সৌদি আরবে হজ পালন করতে রওনা দিলে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাতিজাকে। দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরোর(এনএবি) অনুরোধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(এফআইএ) বিমান থেকে তাদের নামিয়ে দেয়।

প্রয়াত আব্বাস শরিফের দুই ছেলে ইউসুফ ও আবদুল আজিজ হজ করতে যেতে বৃহস্পতিবার মদিনাগামী বিমানে উঠেছিলেন। কিন্তু এফআইবির অভিবাসী কর্মকর্তারা তাদের বিমান থেকে নামতে বাধ্য করেন। এই দুই ভাইয়ের নাম জাতীয় জবাবদিহি ব্যুরোতে চৌধুরী সুগার মিলস মামলায় রয়েছে। কাজেই তাদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অর্থপাচার ও আয়বহির্ভূত উপার্জনের অভিযোগ রয়েছে। নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ, মরিয়ম নওয়াজ ও হামজা শাহবাজের সঙ্গে তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বলে খবরে বলা হয়েছে। বুধবার এই মামলায় নওয়াজ কন্যা মরিয়মকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহজনক ব্যবসায়িক লেনদেনের অভিযোগে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের এই ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। পানামা পেপারস কেলেঙ্কারির জেরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছিলেন।

ফেসবুক চালাতে লাগবে ছবি ও মোবাইল নাম্বার

বড় পরিবর্তন আসছে ফেসবুকে। ভুয়া অ্যাকাউন্ট মুছে দিতে এমন চিন্তা করছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার, নিজ সম্পর্কে তথ্য না থাকলেই ফেক অ্যাকাউন্ট! লগ-ইন করার জন্য ফেসবুক চাইবে মোবাইল ফোন নাম্বার ও ছবি। ভেরিফাইয়ের পরই মিলবে লগ-ইন করার সুযোগ।

বে প্রতিদিন যারা ফেসবুক ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়! সমস্যায় তারাই পড়বেন যাদের একাধিক অ্যাকাউন্ট রয়েছে।

একই রকম ছবি দিয়েও খোলা একাধিক অ্যাকাউন্টগুলোও ফেক অ্যাকাউন্টের তালিকায় পড়বে।

অনেকেই ফেসবুক থেকে তাদের সঠিক অ্যাকাউন্ট মুছে ‘নকল’ অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করছেন। অনেক সময় মোবাইল নাম্বার ও ছবি ছাড়াই তারা এসব অ্যাকাউন্ট ব্যবহার করেন।

যে অ্যাকাউন্টগুলো বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ চালানোর জন্য ব্যবহার করা হয়। এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের মোবাইল নাম্বার ও প্রোফাইলের ছবি দিতে বাধ্য করবে ফেসবুক।

কমলাপুরে দীর্ঘ লাইন, অনলাইনে ভোগান্তি

ঈদের সময় যতোই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টি‌কিট প্রত্যাশীদের ভিড়। ১০ আগস্টের টি‌কিট নিতে কমলাপুরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো মানুষ। সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও আগের দিন সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মানুষ। টিকিট প্রত্যাশীদের চাপে স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই।

কাঙিক্ষত টিকিট পেতে গতকাল সন্ধ্যা থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। এছাড়া কেউ রাতে আবার কেউ ভোরের দিকে সামিল হয়েছেন লাইনে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট পাওয়া যাবে কি-না এ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।

ভোর থেকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করছেন সাথী নামে এক নারী। এসে দেখেন তার সামনে অনেকে দাঁড়িয়ে গেছে। তার সিরিয়াল আসতে আসতে টিকিট থাকবে কিনা তা নিয়ে শঙ্কার তার। জানালেন, ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে অনেকে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত টিকিট কপালে জুটবে কিনা তা দিয়ে চিন্তায় আছি। আজ টিকিট না পেলে আগামীকাল আবার আসবেন। আগামীকালও না পেলে এবার ঈদে বাড়িই যাবেন না বলে জানান।

লালমনিরহাট এক্সপ্রেসের টিকিট কিনতে এসেছেন মোস্তফা। তিনি বলেন, টিকেটের জন্য গতকাল বুধবার রাত আটটায় কমলাপুর স্টেশনে আসি। তারপরেও তার সামনে অনেকে বসা। কিন্তু তিনি টিকিট পাবেন বলে আশাবাদী।

এদিকে সকাল নয়টা থেকে স্টেশনে টিকিট বিক্রি শুরু হলেও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ছয়টা থেকে। কিন্তু সকাল থেকে রেলের অ্যাপসে অনেকে ঢুকতে পারছেন না অভিযোগ করেছেন। মাঝে মাঝে কাজ করলেও আবার বিকল হয়ে যাওয়ায় টিকিট কিনতে ভোগান্তিতে পড়ছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

এছাড়া যারা স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছেন তাদের অনেকেও অনলাইনে টিকিট টাকার জন্য চেষ্টা করলেও পারেননি বলে জানান।

রেজাউল করিম স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি দিনাজপুরে ঈদ করতে যাবেন। এজন্য সকাল সাড়ে পাঁচটা থেকে অনলাইনে সচল থাকেন। রেজাউল জানান, সকাল ছয়টার পর দীর্ঘ সময় অনলাইনে টিকিট কাটার চেষ্টা করলেও পারেননি। এছাড়া রেলসেবা অ্যাপেও ঢুকতে পারেননি।

তার মতো আরও অনেকে ট্রেনের টিকিট কেনার জন্য রেলসেবা অ্যাপে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এবার একসঙ্গে লক্ষাধিক মানুষ অ্যাপে হিট নিতে পারবে। অর্থাৎ অনেক মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করলেও সেটি গত ঈদের মতো ডাউন হবে না। অ্যাপের সমস্যার বিষয়ে জানতে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

‘হলুদ কার্ড’ দেখলেন ওয়ার্নার

বিতর্ক দিয়ে শুরু হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বৈরথ অ্যাশেজ সিরিজ। প্রথমে করমর্দন অনুষ্ঠান বাতিল। পরে ডেভিড ওয়ার্নারের উদ্দেশে শিরিশ কার্ড প্রদর্শন। স্বভাবতই এ নিয়ে মাঠের ভেতরে ও বাইরে জমে উঠেছে লড়াই। প্রথম দিনে ময়দানি যুদ্ধটাও হয়েছে হাড্ডাহাড্ডি।

গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি কাণ্ডে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। নির্বাসন শেষে অ্যাশেজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন ঘটেছে এ ত্রয়ীর। দর্শক বিদ্রূপের মুখে তাদের পড়তে হবে, সেই আশঙ্কা ছিলই। বৃহস্পতিবার এজবাস্টনের বার্মিংহ্যামে অজি একাদশে স্মিথের নাম শোনা মাত্রই ব্যঙ্গাত্মক শুরু করেন তারা।

বিষয়টি এখানেই ক্ষ্যান্ত হননি। ডেভিড ওয়ার্নার আউট হলে তা অন্য মাত্রা পায়। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। পথিমধ্যে গ্যালারির একটা অংশের দর্শক দাঁড়িয়ে তাকে ‘হলুদ কার্ড’-দেখান। সেগুলো ছিল শিরিশ কাগজ।

ঘটনা এতেই সীমাবদ্ধ থাকেনি। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের অফিসিয়াল পেজে এর ভিডিও আপলোড করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নামছে বন্যার পানি বেড়েছে দুর্ভোগ

দেশের নদ-নদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। ফলে বন্যা-কবলিত জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বন্যার পানি নামার সঙ্গে তাদের পড়তে হচ্ছে দুর্ভোগে। বিশেষ করে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শরীয়তপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসী মানুষের। টানা কয়েক দিন ডুবে থাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর নিয়ে বিপাকে পড়েছেন তারা। বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের জমি, মাছের ঘের ও গবাদি পশু খামারের।

জামালপুরে ভয়াবহ বন্যায় মৎস্য ও কৃষিখাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগের তথ্যমতে, সাতটি উপজেলায় বন্যার কারণে ৪৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকেই ব্যাংক ঋণ নিয়ে মাছের চাষ করায় পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় তারা। কুড়িগ্রামে বাড়ি ঘর থেকে পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। চারণভূমি দীর্ঘসময় পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ঘাস ও খড়। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্যের সংকট।

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলেও পানি নেমে যাওয়ার পর পরই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। শরীয়তপুরে নড়িয়া উপজেলার বন্যা পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে বেশিরভাগ সড়কের ক্ষতচিহ্ন। রাস্তাঘাট চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এ ছাড়া টাঙ্গাইলে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও এখনো বেশকিছু নি¤œাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে। পানিতে ডুবে প্রায় ১৭ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতিগ্রস্ত হয়েছে।

আ’লীগ নিজেদের অপকর্ম বিএনপির ওপর চাপাচ্ছে: রিজভী

ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের অপকর্ম বিএনপির নেতাকর্মীদের চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

রিজভী বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে যখন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডেঙ্গুর ব্যাপক বিস্তারে দেশবাসী যখন ভয়ে শঙ্কিত, তখন এই ভয়ঙ্কর মহামারী মোকাবেলায় জনবিচ্ছিন্ন সরকারের মাথাব্যথা নেই।

‘দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ এবং ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সব কিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানাও বলা হচ্ছে।’

তিনি বলেন, আমরা এমন এক নিপীড়ক সরকারের অধীনে বসবাস করছি, যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট। প্রকৃতপক্ষে জনগণের ভোটে নয়, বরং নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট চুরির মাধ্যমে জোর করে যারা রাষ্ট্রক্ষমতা দখল করে, তাদের কাছে জনস্বার্থের কিবা মূল্য আছে।

রিজভী বলেন, আওয়ামী নিজেদের অপশাসন বেপরোয়া গতিতে চলমান রাখতে সব অপকর্ম বিএনপিসহ বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে মনে করছে কেউ বুঝি কিছু টের পাচ্ছে না।

‘কিন্তু সব অপকর্মের জবাব দিতে জনগণ ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, সে খবর সরকার জানে না। আওয়ামী সরকারের জুলুম থেকে রক্ষা পেতে জনগণ রাজপথে ধেয়ে আসছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার চরমভাবে শুধু ব্যর্থই নয়, এদের আমলে বছর বছর বৃদ্ধি পাচ্ছে মশাবাহিত রোগ ও রোগীর সংখ্যা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবারে সব বছরের চেয়ে অত্যধিক বেশি।

ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতা উল্লেখ করে রিজভী বলেন, মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি কর্পোরেশনের ওষুধে মশা মরছে না। কোটি টাকা লোপাটে ঢাকার দুই সিটি কর্পোরেশন এখন নিজেরাই গারবেজে পরিণত হয়েছে।

তিনি বলেন, সরকারের রোষানলের শিকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মুখ্য। তাই তার ব্যক্তিগত আক্রোশের শিকার বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে সরকারের পরিণতি শুভ হবে না।

এর আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিকট এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভুয়া জন্মদিন বন্ধ না হলে সম্পর্ক কঠিন হবে : কাদের

১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘ভুয়া’ জন্মদিন উদযাপন বন্ধ না করলে দলটির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শোকাবহ আগস্টের প্রথম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্র শালায় যুবলীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে জড়িতদের মুখোশ উন্মোচন অনেক আগেই হয়েছে। ১৫ আগস্ট হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা পৃষ্ঠপোষকতা করেছে, মদদ দিয়েছে, হত্যাকারীদের পূনর্বাসিত করেছে, দূতাবাসে চাকরি দিয়েছে, ইনডেমনিটি আইন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছে, তাদের একজন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার মঞ্চের নায়ক, নেপথ্যের নায়ক কারা- এটা ইতিহাসই বলে। কিন্তু যারা জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে কেক কেটে ভুয়া জন্ম দিবস পালন করে, তাদের সঙ্গে কর্ম সম্পর্ক কীভাবে হয় আমি জানি না।’

১৯৭৫ সালের ওই দিন ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা খুন হন। শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ওই দিনটিতেই কেক কেটে জন্মদিন পালন করলেও তার আরো জন্ম তারিখের হদিস পাওয়া যায়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্ট, ২১ আগস্টের মত ঘটনার পরও বিভিন্ন দলের সঙ্গে একটা কর্ম সম্পর্ক আমরা রাখতে চাই, রাখছি তার প্রমাণ আছে। তবে আমাদের আবেগে, আমাদের অনুভুতিতে রক্তক্ষরণ হয়। আমি এখনও বলছি, বঙ্গবন্ধু হত্যাকে আপনারা উপহাস করে ভুয়া জন্ম দিবস পালন করেন। এই ভুয়া দিবস বন্ধ না করলে, এই দেশের রাজনীতিতে আপনাদের সঙ্গে কর্ম সম্পর্ক গড়ে তোলা আমাদের পক্ষে কঠিন।’

আগস্ট মাস এলেই সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে উঠে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘আগস্ট মাস এলেই জঙ্গিবাদ, নাশকতা, যা নিষ্ক্রিয় আছে বলে আমরা মনে করি; এই সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে উঠে। একদিকে হারানোর বেদনা অন্যদিকে নতুন করে হারানোর আশঙ্কা আমাদের মধ্যে আতঙ্ক সঞ্চার করে।’

যুব লীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

মশার বংশবিস্তার রোধে জোর প্রধানমন্ত্রীর

ডেঙ্গু জ্বরের ভয়াবহ বিস্তারের মধ্যে এর বাহক এডিস ইজিপ্টি মশার বংশবিস্তার রোধের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোর দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতায়।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে কৃষক লীগ আয়োজিত ‘রক্তদান, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানকারী শেখ হাসিনা জাতীয় শোক দিবসকে সামনে রেখে এই আলোচনায় যোগ দেন মোবাইল ফোনে।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রক্তদান কর্মসূচিতে যে রক্ত পাওয়া যাবে তা ডেঙ্গু রোগীদের জন্য দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইদানীং আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেটা হলো ডেঙ্গুর প্রভাব। সেই ডেঙ্গুর প্রভাবমুক্ত করার জন্য আমি কতগুলো নির্দেশনা দিয়েছি। আমি মনে করি, আমাদের পার্টির প্রত্যেকটা মানুষ সেটা মেনে পরিস্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে মশার বংশবিস্তার যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখা, পরিবারকে সুরক্ষিত রাখা। নিজের ঘরবাড়ি সব কিছুকে সুরক্ষিত করা হয়। সেই ভাবে সকলকে আহ্বান জানাচ্ছি।’

খুব শিগগির দেশে ফেরার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘এখানে আমরা ৩ তারিখে জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি প্রবাসী বাঙালিদের নিয়ে।’

সবাইকে অন্তত পক্ষে একজন তিনটি করে গাছ রোপনের অনুরোধও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জ্বলোচ্ছাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবুজ বেষ্টনী আমাদের একান্তভাবে দরকার। সেই অঞ্চলে যারা বসবাস করেন, আপনাদেরও ব্যাপকভাবে বৃক্ষরোপন করা দরকার। সেই সাথে আমরা আমাদের পরিবেশ যেন রক্ষা করতে পারি।’

দেশের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন দেশের প্রয়োজনে তিনি রক্ত দেবেন। তিনি ঠিকই রক্ত দিয়েছিলেন। তার সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে।’

‘তৃণমূল পযন্ত মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি, উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছি। গবেষণার সুযোগ করে দিয়েছি। আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি এবং পুষ্টির জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশ সার্বিকভাবে আজকে এগিয়ে যাচ্ছে।’

নেতা-কর্মীদেরকে দেশবাসীর কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে একটা কথাই মনে হয়, যখন একটি মাত্র ভালো কাজ হয় দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়। মানুষ একটু ভালো থাকে, আমি চিন্তা করি আমার আব্বার আত্মা শান্তি পায়।’

‘নিশ্চয়ই তিনি বেহশত থেকে দেখেন আজকে তার মানুষগুলো ক্ষুধায় কাতর হবে না, কষ্ট পাবে না। সে কথা চিন্তা করে, তার আদর্শকে বুকে ধারণ করেই জীবনের সব কিছু ত্যাগ করে দেশের মানুষের সেবা করে যাচ্ছি। আমি দেশবাসীর দোয়া চাই।’

‘আমাদের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যারা মুজিব আদর্শে বিশ্বাসী, আমি তাদের এই আহ্বান জানাব তারা যেন আত্মমানবতার সেবা করে, মানুষের জন্য আত্মত্যাগ করে। এর থেকে যে তৃপ্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায় তা ত্যাগেই পাওয়া যায়। মহৎ আদর্শের জন্য মহান ত্যাগের প্রয়োজন বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

রক্ত দান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘রক্ত দিলে, রক্ত কমে না। রক্ত বাড়ে। একজন মুমুর্ষ রোগীর জীবন রক্ষা হয়। এই জীবন রক্ষার জন্য একটু ত্যাগ স্বীকার যে কোনো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানবতার জন্য দরকার।…রক্ত দান কর্মসূচি যেন আরো ব্যাপক ভাবে হয়, যাতে মূমুর্ষ রোগী জীবন ফিরে পায়।’

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

১৯তম বোলার হিসেবে অ্যাশেজের ইতিহাসে শততম উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। গতকাল থেকে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন বল হাতে ৮৬ রানে ৫ উইকেট নেন ব্রড। এরমধ্যে তার শেষ উইকেটটি ছিলো দিনের প্রধান চমক অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। তার উইকেট নিয়েই ১২৮তম টেস্টে ১৭ বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নেন ব্রড। সেই সাথে অ্যাশেজের ইতিহাসে বোলার হিসেবে ২৮ ম্যাচে ১শ উইকেটও পূর্ণ করেন তিনি।

অ্যাশেজ ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৩৬ ম্যাচের ৭২ ইনিংসে তার শিকার ১৯৫ উইকেট। দ্বিতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা। ৩০ ম্যাচের ৬০ ইনিংসে ম্যাকগ্রার শিকার ১৫৭ উইকেট।

পুরুষ সঙ্গী বা অভিভাবক ছাড়াই ভ্রমণ করতে পারবে সৌদি নারীরা

সৌদি আরবের নারীদের দেশের বাইরে ভ্রমণ করতে আর কোনো পুরুষ সঙ্গী বা অভিভাবক লাগবে না। শুক্রবার রাজকীয় এক ডিক্রিতে এই ঘোষণা এসেছে। এর ফলে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই এখন ২১ বছরের বেশি বয়সী যে কোনো নারী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

নতুন ডিক্রি অনুযায়ী সৌদি নারীরা এখন শিশুদের জন্ম নিবন্ধন, বিবাহ ও তালাক নিবন্ধন করতে পারবে। ডিক্রিতে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রও অনেকটা সম্প্রসারিত হচ্ছে। কাজ পাওয়ার ক্ষেত্রে শারিরীক কোনো অক্ষমতা, লিঙ্গ বা বয়সের কারণে কোনো বৈষম্য করা হবে না।

এর আগে সৌদি নারীদের স্বামী, পিতা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট বা বাহিরে ভ্রমণের অনুমতি দেয়া হতো না। ২০১৬ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেয়ার পর থেকে নারীদের বিভিন্ন অধিকার প্রদান করেন। সম্প্রতি কয়েকজন সৌদি তরুণী দেশের বাইরে পালিয়ে যান। তারা দেশে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন।