All posts by lutfor

শিশু-কিশোররা যেন জঙ্গিবাদে না জড়ায়: প্রধানমন্ত্রী

শিশু-কিশোররা যেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসের দিন সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এদিন সমাবেশে শেখ হাসিনার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

বিএনপি নেতা মিনুর স্ত্রী অধ্যক্ষ সালমা সাময়িক বরখাস্ত

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর স্ত্রী এবং রাজশাহী মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাতকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অধ্যক্ষ পদে থেকে কলেজ পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শনিবার কলেজটির সভাপতি শফিকুর রহমান বাদশা স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের আদেশ দেওয়া হয়। ওই আদেশের কপি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শফিকুর রহমান বাদশা বলেন, অধ্যক্ষ সালমা শাহাদাতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তার নানা কর্মকাণ্ডের কারণে। বরখাস্তের আদেশের কপি অধ্যক্ষ সালমা শাহাদাতকেও দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে।

তবে অধ্যক্ষ সালমা শাহাদাত বলেন, ‘শুনেছি আমাকে সভাপতি এককভাবে সাময়িক বরখাস্ত করেছেন। কিন্তু তিনি এটা করতে পারেন না। কলেজ পরিচালনা পর্ষদের সভায় আমাকে বরখাস্তের বিষয়ে অনুমোদন নিতে হতো। তিনি পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপন না করে এককভাবে আমাকে সাময়িক বরখাস্ত করেছেন।’

অধ্যক্ষ সালমা শাহাদাত আরও বলেন, ‘কলেজে নিয়োগ থেকে শুরু করে আমি কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নই। নিয়োগ পরীক্ষার পরে পরিচালনা পর্ষদের অনুমতি নেওয়া হয় না। তাই পরিচালনা পর্ষদ ওই নিয়োগে অনুমোদন না দেওয়ায় আমি উপাধ্যক্ষ নিয়োগ দিতে পারিনি। এখানে আমার কিছু করার নাই।’

তবে বরখাস্তের ওই আদেশে বলা হয়, মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ কর্তৃপক্ষের পরামর্শ আদেশ, নির্দেশ ও গভর্নিং বডির সিদ্ধান্তকে অবমাননার কারণে কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাতকে সাময়িক বরখাস্ত করা হলো। একই সঙ্গে কলেজের ইতহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপিকা মাহমুদা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

প্রধানমন্ত্রীর প্রশংসায় জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে শুভেচ্ছা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন: ‘জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকে রোহিঙ্গা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা এবং তার প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।’

এর আগে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা।

এ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন, ‘শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে আবেদন জানানো হয়েছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার।’

বিবিএস’র মান উন্নয়নে ১৫ মিলিয়ন ডলার অনুদান বিশ্বব্যাংকের

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মান উন্নয়নে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডলারের অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। প্রমাণিত তথ্য-উপাত্তভিত্তিক কর্মপন্থা প্রণয়নের জন্য সময়োপযোগী ও মানসম্মত পরিসংখ্যান তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে।

পরিসংখ্যান বাস্তবায়ন অগ্রগতিতে জাতীয় কৌশল সহযোগিতা প্রকল্প (এনএসডিএস) এই লক্ষ্যে বাংলাদেশে বিবিএস’র সক্ষমতার উন্নতি ঘটাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) রাজশ্রী পারালকার বলেছেন, উন্নয়ন এবং দারিদ্র বিমোচন প্রচেষ্টায় মানসম্মত পরিসংখ্যান বিশেষ প্রয়োজন। সময়োপেযোগী, নির্ভরযোগ্য এবং সর্বসাধারণের কাছে সহজলভ্য পরিসংখ্যান হচ্ছে প্রয়োজনীয়তা উপলব্ধি, পরিকল্পনা গ্রহণ, সম্পদের স্থান ও পরিমাণ নির্দেশ এবং উন্নয়ন প্রক্রিয়ার দেখভালের জন্য মূখ্য বিষয়। এক দশক ধরে বিশ্বব্যাংক বাংলাদেশকে পরিসংখ্যানগত সামর্থ্য বাড়াতে সহযোগিতা করে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ত্রৈমাসিকভাবে দারিদ্র্য ও শ্রম উপাত্ত তৈরির জন্য জরুরি সব পদক্ষেপ নিয়েছে।

২০১৩ সালে বাংলাদেশ ‘পরিসংখ্যান বাস্তবায়ন অগ্রগতিতে জাতীয় কৌশল সহযোগিতা প্রকল্প’ এবং ‘পরিসংখ্যান আইন’ অনুমোদন করে। প্রকল্পটি দ্রব্যমূল্য, শ্রমিক, শিল্প-কারখানা, সামাজিক খাত ও কৃষিসহ মূল পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মানের বৃদ্ধি ঘটাবে।

বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এই ঋণ দিচ্ছে। সুদবিহীন এই ঋণ ৬ বছরের বাড়তি সময়সহ ৩৮ বছরে পরিশোধযোগ্য এবং শুন্য দশমিক ৭৫ শতাংশ সেবাখরচ এতে অন্তর্ভুক্ত।

জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: তোফায়েল

জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ এর প্রতিবেদনে বাংলাদেশকে পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় রাখার বিষয়টি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড মানা হচ্ছে না বলে মন্তব্য করে জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ যে প্রতিবেদন দিয়েছে তার পরিপ্রেক্ষিতে শনিবার এ কথা বলেন তোফায়েল আহমেদ।
তিনি বলেন, এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। জার্মান প্রতিষ্ঠানটি প্রতিবেদনের মধ্য দিয়ে অসত্য তথ্য পরিবেশন করেছে।

ফেসবুকে ‘বিএফএফ’ শব্দ নিয়ে বিভ্রান্তি

বর্তমানে ফেসবুক একটি শক্তিশালী সামাজিক যোগাযোগমাধ্যম। তাই এর ব্যবহারকারীও অসংখ্য। প্রায়ই কারো না কারো আইডি হ্যাকিংয়ের শিকার হচ্ছে। যে কারণে সচেতন হচ্ছেন এর ব্যবহারকারীরা। তাই হঠাৎ করেই ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়া একটি সংবাদে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। চিন্তিত হয়ে পড়েন অনেকেই। কিন্তু আসলে ঘটনা কিন্তু সেটি নয়। তাহলে জেনে নিন আসল ঘটনাটি-

হঠাৎ ছড়িয়ে পড়া স্ট্যাটাসে বলা হয়- ‘আপনি ‘BFF’ লিখে পোস্ট করলে কিংবা কমেন্ট করলে শব্দটি যদি সবুজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলটি সুরক্ষিত। কিন্তু সেটি না হলেই সমস্যা। সে ক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রোফাইলটি সুরক্ষিত নয়। সেটিতে সহজেই হ্যাকাররা অনুপ্রবেশ করতে পারে। এমনকি চুরি করতে পারে আপনার তথ্য। আর তাই অবিলম্বে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।’

কিন্তু ‘BFF’ শব্দটির পূর্ণরূপ দাঁড়ায় ‘best friend forever’ অর্থাৎ ‘ভালো বন্ধুত্ব চিরকালের’। শব্দটি আসলে ফেসবুকের বিশেষ অ্যালগারিদমের অংশ। ঠিক ‘congrats’ বা ‘congratulations’ শব্দের মতো। ফেসবুকে এই শব্দ লিখলে তা কমলা রঙের হয়ে যাচ্ছে। আসলে এগুলো এক ধরনের বিশেষ কমেন্ট। যা ফেসবুকের পক্ষ থেকে তৈরি করা।

সুতরাং এ ধরনের ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু কে বা কারা ‘BFF’ শব্দটি নিয়ে এই বিভ্রান্তি ছড়িয়েছে তা বলা অতোটা সহজ নয়। সে যা-ই হোক, তবে এর সঙ্গে আইডি সুরক্ষিত বা অরক্ষিত থাকার কোনো সম্পর্ক নেই।

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় দ্বিতীয় ঢাকা। সম্প্রতি ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) জরিপে এই তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত এই সূচকে ঢাকার স্কোর ২৩৮।

তালিকার প্রথম অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। শীর্ষে থাকা এ শহরটির স্কোর হলো ২৬৪। যে কোনো শহর বা দেশের বাতাসের প্রতিদিনের গুণগত মান নির্ধারণে কাজ করে এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি। তারাই এই সূচক প্রণয়ন করে।

স্মার্টফোনের একটি এপ্লিকেশন এয়ার ভিসুয়াল দিয়ে বাতাসের ডাটা সংগ্রহ করে এই সূচক করা হয়। এ হিসাবে সবচেয়ে দূষিত থেকে পর্যায়ক্রমে ১০টি শহর হলো নেপালের কাঠমান্ডু, বাংলাদেশের ঢাকা, পাকিস্তানের লাহোর, চীনের শেনিয়াং, বেইজিং, ভারতের কলকাতা, থাইল্যান্ডের চিয়াংমাই, চীনের চেংদু, ভারতের দিল্লি ও চীনের সাংহাই।

নগর বিশেষজ্ঞরা বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার চারপাশে ভরপুর ইটভাটায়। রাস্তায় জ্বালানি পুড়ছে গাড়িতে। তা থেকে বাতাসে উচ্চমাত্রায় ছড়িয়ে পড়ছে সালফার। বায়ুদূষণের জন্য নির্মাণ কাজকে বড় ধরনের দূষণের নিয়ামক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এখানে বাতাসের গুণগত মানের আরও অবনতি হয়। তবে বর্ষাকালে তার কিছুটা উন্নতি হয়। বিশেষজ্ঞরা বলেন, ঢাকার পরিস্থিতি খুবই গুরুতর।

জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ানো বুঝাতে ছয়টি ক্যাটাগরিতে এ সূচক প্রণয়ন করা হয়েছে। কোনো শহর যদি এই সূচকে ৩০০ অতিক্রম করে তাহলে সেখানকার বাতাসের গুণগত মানকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

তালেবানকে অস্ত্র সরবরাহ ও সহায়তা করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

রাশিয়া আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানকে অস্ত্র সরবরাহ ও বিভিন্নভাবে সাহায্য করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন ফোর্সের প্রধান জেন জন নিকলসন। আফগানে সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে রাশিয়ার একাধিক ব্যক্তি জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

নিকলসন বলেন, প্রতিনিয়তই তাজিক সীমান্ত দিয়ে রাশিয়ার তৈরি অস্ত্র চোরাকারবারিদের মাধ্যমে তালেবানের হাতে তুলে দিচ্ছে তারা। যদিও এমন অভিযোগের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। একইভাবে, সম্প্রতি সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাশিয়ার দিকে আঙ্গুল তুলেছে যুক্তরাজ্য।

রওশনের হাত ধরে শপথ এরশাদের

সোহরাওয়ার্দী উদ্যানে পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার জাতীয় পার্টি আয়োজিত সমাবেশের এক পর্যায় মঞ্চে থাকা রওশনের হাত ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ব মোরা। নতুন করে আজ শপথ নিলাম। সমাবেশে এরশাদ আরো বলেন, মানুষ আমার কাছে বার্তা চায়। প্রথম বার্তা হচ্ছে, আমার ইতিহাস সৃষ্টি করব। আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করব।

এ আমার বার্তা। আমরা প্রস্তুত। দেশ প্রস্তুত। ২৫-৩০ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। দুই দল ক্ষমতায় ছিল। তারা জনগণকে কী দিয়েছে? অন্যায়-অবিচার। নারীদের লাঞ্ছনা, বেকারত্ব। জনগণকে তারা কিছু দিতে পারে নাই। শুধু লম্বা লম্বা কথা। তিনি বলেন, উন্নয়নশীল দেশ হলো। অনেক চাকচিক্য। অনেক লাইট। অনেক বাজি পোড়ানো হলো। ঢাকার বাইরে গিয়ে দেখুন, দেশের মানুষের কী অবস্থা। তখন বুঝবেন, কতটুকু উন্নতি করেছেন, উন্নয়নশীল দেশ হয়েছে। খবরের কাগজ খুললেই খুন, নারী ধর্ষণ, শিশু হত্যা। শুধু হত্যা আর রক্ত। কোথাও শান্তি নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। শান্তি শুধু ঢাকায়। ঢাকার বাইরে শান্তি নেই। আমরা ক্ষমতায় আসলে প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে মানুষকে শান্তি দেব

ছাত্রলীগকে দুষ্কর্ম না করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ছাত্রলীগ নেতাকর্মীদের দুষ্কর্ম না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিভ্রান্তিতে ভুগবেন না। দয়া করে কেউ কোনো দুষ্কর্ম করবেন না। কেউ দুষ্কর্ম করলে তাদের যেন বহিষ্কার করা হয়।’

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোপার্জিত স্বাধীনতা প্রাঙ্গণে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজক ছিল বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। আগামী নির্বাচনে জনগণ অন্ধকারে যাবে না। এই নির্বাচনে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে। জনগণের কাছে গিয়ে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। এই দায়িত্ব নিতে হবে ছাত্রলীগকে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যকে অত্যন্ত লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সময়ে আমরা বিশ্বে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন ও একবার দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। বিএনপি সরকারের অদক্ষতা, অসততা ও দুর্নীতিপরায়ণতার কারণে দেশের দুর্নাম হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার সৎ, যোগ্য ও দক্ষ নেতৃতে দিন দিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছে।’

গত ২২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আজকের কর্মসূচি এক বিকৃত তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তাঘাট অচল হয়ে গেছে। জনজীবন হয়ে গেছে সম্পূর্ণভাবে স্থবির, ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে।’

রিজভীর এই বক্তব্যেরই সমালোচনা করেন স্বরাষ্ট্র মন্ত্রী।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চোধুরী রোটন প্রমুখ।

অনুষ্ঠানে ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।