All posts by lutfor

সংসদ নির্বাচন বিতর্কিত হলে ভয়াবহ পরিণতি হতে পারে: সুজন সম্পাদক

আগামী সংসদ নির্বাচন যদি বিতর্কিত হয়, তাহলে দেশ ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে। বিতর্কিত নির্বাচন যাতে না হয় সেজন্য নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে।

শনিবার সিলেটে বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার।

নগরীর একটি হোটেলে আয়োজিত সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় বদিউল আলম মজুমদার আরও বলেন, একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সকলের পরামর্শ নিতে হবে। নাগরিক সমাজ সোচ্চার হলে গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত হয়। দেশ ও গণতন্ত্র রক্ষায় সব অশুভ শক্তির মোকাবেলা করতে হবে।

সুজন সিলেট কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় বক্তৃতা করেন, সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, মৌলভীবাজার সভাপতি ছাদিক আহমদ, সিলেটের সহ সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক একেএম শিবলী, সুনামগঞ্জের সাধারণ সম্পাদক আলী হায়দার, সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনা আক্তার, সিলেট সদরের সভাপতি মিছবাউল বারী লিটন প্রমুখ।

পরিকল্পনা সভায় প্রত্যেক জেলা কমিটির নেতারা ২০১৮ সালের কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন।

উন্নয়নশীল দেশ হওয়ায় কর বাড়বে: মুহিত

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় করের হার বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর কারণ জানিয়ে মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় দেশের অনেক সুযোগ-সুবিধা কমবে। তবে অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে কর আহরণ বাড়ানো হবে।

মঙ্গলবার দুপুরে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুহিত।

জাতিসংঘ উন্নয়নের দিক থেকে বিশ্বের দেশগুলোকে তিন ভাগে ভাগ করে। সবার নিচে আছে স্বল্প আয়ের বা এলডিসি, মাঝে উন্নয়নশীল এবং সবার শেষ ভাগে উন্নত রাষ্ট্র।

১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। আর বাংলাদেশ সময় ১৭ মার্চ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোনেমের কাছে হস্তান্তর করা হয়।

উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিতে মাথাপিছু আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক- এ তিনটির যেকোনো দুটি অর্জন করতে পারলেই স্বীকৃতি মেলে। বাংলাদেশ তিনটি সূচকেই পর্যাপ্ত মান অর্জন করে এ স্বীকৃতি অর্জন করেছে। তবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ ঘটবে ২০২৪ সালে।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের জন্য এই অর্জন যেমন গর্বের, তেমনি কিছু চ্যালেঞ্জের। এলডিসি দেশ হিসেবে স্বল্প সুদে ঋণ আর মিলবে না বলে জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই সঙ্গে অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপিও সংকুচিত হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘বহির্বিশ্ব থেকে এখন থেকে রেয়াতি (কনসেশনাল) সুবিধার পরিবর্তে ঋণ নেয়া হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নির্বাচনী বছরে দেশের জিডিপি কমার কোন সম্ভাবনা নেই।’ অর্থনীতির প্রতিটি খাতই চলমান এবং ভালো আছে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক শাহ আলম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতারণার অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালতে ব্যবসা প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

বিচারক ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী বাদীর জবানবন্দি নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বাদীর আইনজীবী ফেরদৌস আহম্মেদ জানান, মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস ছাড়াও আরো তিনজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।

মামলার নথি থেকে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ গ্রামীণ ব্যাংকের আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করে। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে বাদী ছয় কোটি ৮৫ হাজার ৮৯ হাজার চার টাকা পাওনা হন। কিন্তু তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বালু ভরাটের টাকা দেওয়ার জন্য আসামিদের বললে তাঁরা টাকা দিতে গড়িমসি করেন। এ ঘটনায় বাদী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নালিশি আকারে মামলাটি দায়ের করেন।

খালেদা জিয়াকে আইনি পরামর্শ দেবেন ব্রিটিশ আইনজীবী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া মামলায় তাঁর পক্ষে আইনি পরামর্শ দেবেন ব্রিটেনের আইনজীবী লর্ড কার্লাইভ। এসব মামলার বিচার কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না, সেদিকে লক্ষ রাখবেন তিনি।

আজ মঙ্গলবার সকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়ার আইনজীবী প্যানেলে যোগ দিয়েছেন ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইল। এই আইনজীবী প্যানেলে যুক্ত হওয়ার সম্মতি জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন লর্ড কার্লাইল। সেইসঙ্গে মামলার সব বিষয় গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করার কথাও জানিয়েছেন এই আইনজীবী।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শ দেওয়ার জন্যই ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী লর্ড কার্লাইলকে অনুরোধ করা হলে তিনি আমাদের আইনজীবী প্যনেলের সঙ্গে যোগ দিতে সম্মতি জানান। তিনি এখন থেকে খালেদা জিয়ার পক্ষে মামলায় পরামর্শ দেবেন। তিনি দীর্ঘ অনেক বছর ধরে আইনি পেশা ও রাজনীতির সঙ্গে নিয়োজিত আছেন। প্রখ্যাত এ আইনজীবী হাউস অব লর্ড্সের সদস্য।’

লর্ড কার্লাইল মূলত কী বিষয়ে কাজ করবেন—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তিনি খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার ঠিক থাকছে কি না, তা দেখভাল করবেন।

ব্রিটিশ এই আইনজীবী দীর্ঘ ২৮ বছর খণ্ডকালীন বিচারকের দায়িত্ব পালন করেছেন জানিয়ে মির্জা ফখরুল জানান, তিনি উচ্চ আদালতের বিচারক হিসেবেও যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি নয় বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে সন্ত্রাসবিরোধী আইনের স্বাধীন সমালোচক ছিলেন। ২০১২ সালে রানি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে জাতীয় নিরাপত্তা পরিষেবার জন্য কাজ করেছেন।

কেন ব্রিটিশ এ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে—জানতে চাইলে ফখরুল বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে খালেদা জিয়ার মামলা ও সাজার বিষয়ে তুলে ধরতে কাজ করবেন লর্ড কার্লাইল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

খালেদার জামিন স্থগিতে সরকারের হস্তক্ষেপ নেই : কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি আদালত মানে না বলে তারা ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রাখার আদেশ হয়।

সাবেক এ রাষ্ট্রপতি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ মঙ্গলবার সকালে মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া সেখানে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আসর মরহুম মো. জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার

যশোরের বোনাপোল পুটখালী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল ১০টার দিকে পুটখালী গরু খাটালের সামনে থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭০ গ্রাম।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বিজিবি সদস্যরা পুটখালী গরুর খাঁটালের সামনে অবস্থান নেয়। এসময় স্বর্ণ পাচারকারী একটি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে টুপলাটি উদ্ধার করে খুলে দেখা যায় ১০টি স্বর্ণের বার রয়েছে। স্বর্ণ পাচারের দায়ে অজ্ঞাত নামে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক বার্ন ইউনিটে মেহেদী, স্বর্ণা ও এ্যানি

 নেপালে বিমান দুর্ঘটনায় আহত আরো ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন – মেহেদী হাসান, তাঁর স্ত্রী সাইদা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদী হাসানের ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি। তাঁরা কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
শক্রবার বিকেলে তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
এর আগে শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পৌঁছান তারা। তাঁদের কেবিন ব্লকে নিয়ে যাওয়া হয়।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আলমুন নাহার অ্যানির স্বামী এফএইচ প্রিয়ক ও সন্তান তামারার প্রিয়ক মারা গেছে।
বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন জানিয়েছেন, আহতদের প্রাথমিক পরিচর্যা চলছে। তাঁদের শরীরের কী অবস্থা তা পরে জানানো হবে।
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ নিয়ে চারজন এখন ভর্তি আছে বার্ন ইউনিটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয় আহত শেহরিন আহমেদকে। তিনিও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নিহতদের মরদেহ দেশে আসছে মঙ্গলবার

নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের মরদেহ দেশে আনা হবে মঙ্গলবার। শুক্রবার বিকেলে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, সিআইডির ডিএনএ ল্যাবের কর্মকর্তা এএসপি আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজকের মধ্যেই নিহতের ময়নাতদন্ত শেষ হবে। কাল থেকে শনাক্তকরণের কাজ শুরু হবে। যেসব মৃতদেহ খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হবে সেগুলো মঙ্গলবারের মধ্যে একযোগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে সোহেল আহমেদ বলেন, যেসব মৃতদেহ দেখে শনাক্ত করা সম্ভব হবে না সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে। প্রোফাইলিংয়ের জন্য এসব মৃতদেহের দাঁত, চুল, নখ বা পোশাকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, নিহতদের আত্মীয়-স্বজনেরা চান, সবার মৃতদেহ একসঙ্গে পাঠানো হোক। সে জন্য সবার লাশ একসঙ্গে পাঠানোর চেষ্টা হচ্ছে। সংবাদ সম্মেলনে রবিবার ঢাকার সিআইডির ডিএনএ ল্যাবে গিয়ে নিহতদের আত্মীয়-স্বজনদের যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।

সোমবার ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। কিন্তু দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। এতে বাংলাদেশি ২৬ জনসহ ৫১ জন যাত্রীর প্রাণহানি ঘটে। এই সব মরদেহ কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষা হাসপাতালের ফরেনসিক ল্যাবে রয়েছে।

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বহিষ্কার করছেন ট্রাম্প

রেক্স টিলারসনের পর এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর ম্যাক মাস্টারকে বহিষ্কার করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।

তবে কবে নাগাদ তাকে বহিষ্কার করা হতে পারে সেবিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। হোয়াইট হাউজের ৫ শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ম্যাক মাস্টারকে সরিয়ে অন্য কাউকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা ভাবছেন প্রেসিডেন্ট টাম্প।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জন বল্টনসহ কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে বলে জানানো হয়। এ তালিকায় হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলির নামও রয়েছে।

ম্যাক মাস্টারের আচরণে নাখোশ হওয়ার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন হোয়াইট হাউজ কর্মকর্তারা। তবে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ।

দেশে নির্বাচনের পরিবেশ নেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের কোনো পরিবশে নেই। সরকারের তৈরি করা যে নির্বাচন কমিশন রয়েছে তাদের লক্ষ একটাই আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় বসানো এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা।

এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাগুলোর প্রতিফল ঘটাবেন এটাই আমাদের কাছে এখন ষ্পষ্ট। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে শায়িত বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৭ম মুত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষ সাংকাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ৫টি সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট হচ্ছে দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। এই বিষয়গুলো এড়িয়ে শুধু নির্বাচন করলেই গণতন্ত্র হবে না।

এই নির্বাচন মানেই আওয়ামী লীগকে আরো পোক্ত করা। সুতরাং এই নির্বাচনে জনগণের সমর্থন থাকবে না। আমরাও এই নির্বাচনে অংশ নেবো কিনা তা ভেবে দেখতে হবে। কারণ দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সরাফত আলী সফু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মইনুল ইসলাম খান শান্ত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, কার্যনির্বাহী কমিটির সদস্য রোখসানা খানম মিত,ু বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা গয়েশ্বন চন্দ্র রায়ের মেয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রাপ্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অর্পনা রায় দাস, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক খোন্দকার আকবর হোসেন বাবলুসহ বিএনপির নেতৃবৃন্দ ও দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যরা।