All posts by lutfor

১২ হাজার টাকাই পাওয়া যাবে রোবট

ছোট একটা রোবট হলো কজমো রোবট। গাট্টা-গুট্টা আকারের এই রোবটটি ছোট্ট হলেও এর কাজ কিন্তু ছোট নয়। আশেপাশের যে কারো চেহারা ও নাম মনে রাখার মত চমৎকার কাজ করে এই রোবট। রোবটদের মধ্যে সবচেয়ে কমদামি রোবট হিসেবে পরিচিত কেই কজমো রোবট।

কজমো রোবটটি গেম খেলতে পারে, ভৌগলিক নানা সাহায্য করতে পারে, এমনি প্রোগ্রামিং শিখতেও সাহায্য করে। কজমো নির্মাতাদের দাবি, রোবট খেলনা বলতে শুধু কিছু রোবোটিক মুভমেন্ট আর মাঝে মাঝে শব্দ করে ওঠা না, এই কজমোকে তৈরি করা হয়েছে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা হলেও জীবন্ত অনুভূতি দেবার জন্য।

রোবটি ছোট হওয়ায় সাধারণত শিশুদের খুব পছন্দের কজমো। ১৭৯ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকায় অনলাইন ষ্টোরে পাওয়া যাচ্ছে এই রোবট।

সুত্র:সময়নিউজ.কম

মিশরে মসজিদে বোমা হামলা ও গুলির সঙ্গে জড়িতরা বিমান হামলায় নিহত

মিশরের সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে শুক্রবার বোমা হামলা ও গুলির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অনেকেই বিমান হামলায় নিহত হয়েছে।

শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র তামের রিফাই এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

সেনাবাহিনীর মুখপাত্র রিফাই বলেন, মিশরের বিমান বাহিনী ওই সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এবং তাদের বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে সন্দেহভাজনরা নিহত হয়।

এর আগে হামলাকারী সন্ত্রাসী গোষ্ঠীকে কঠোর জবাব দেয়ার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি।

শুক্রবারের ওই হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। আহতের সংখ্যাও শতাধিক।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস ) ওই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক বছরগুলোতে সিনাইয়ে আইএস সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বাড়ায় ঘটনার জন্য তাদেরই সন্দেহ করা হচ্ছে।

২০১৫ সালে রাশিয়ার একটি বিমান ধ্বংস করে ২২৪ জনকে হত্যার ঘটনাতেও আইএসপন্থি জঙ্গিরা জড়িত ছিল বলে সন্দেহ করা হয়।

কায়রো থেকে ১৩০ মাইল দূরে বির আল আবেদ শহরের মসজিদে ভয়াবহ ওই বোমা হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশরের সেনাবাহিনী আইএসের বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, জঙ্গি গোষ্ঠীটির মজুদ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। মসজিদে হামলায় ব্যবহৃত কয়েকটি গাড়ি চিহ্নিত করে সেগুলোর ওপরও বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি মুখপাত্রের।

কয়েক দশকের মধ্যে প্রাণঘাতী এ হামলার পর মিশরে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কায়রোর লড়াই থামিয়ে দিতেই জঙ্গিরা মসজিদে বোমা হামলা ও গুলি চালিয়েছে। সর্বশক্তি দিয়ে আমরা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ, আরব লিগ প্রধান আহমেদ আবদুল গেইতের পাশাপাশি ইরান, ফ্রান্স, ইসরায়েল ও সৌদি আরব এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরে জঙ্গি হামলার মাত্রা বেড়ে গেছে। একের পর এক জঙ্গি হামলায় শত শত পুলিশ, সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন।

এসব ঘটনার জন্যই আইএসসংশ্লিষ্ট সিনাই উপত্যকার জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। এর মধ্যে কয়েকটি হামলার লক্ষ্য ছিল মিশরের কপটিক খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনা।

স্থানীয়রা বলছেন, আল রাওদা মসজিদে সুফিবাদীরা নিয়মিত নামাজ পড়তে আসেন। আর আইএসসহ বিভিন্ন জিহাদি গ্রুপ সুফিবাদের বিরুদ্ধে।

‘জনগণকে ধোঁকা দিতে রোহিঙ্গা চুক্তি’

  রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে সম্পাদিত চুক্তির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোঁকা দিতে এ চুক্তি করা হয়েছে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে জনগণ সরকার ও কমিশনকে পর্যবেক্ষণ করছে। জবাবদিহিতার বাইরে থেকে আগামী দিনে কোন নির্বাচন সম্ভব নয়।

আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ প্রসঙ্গে আমির খসরু বলেন, রাজনৈতিক সমাবেশ করার অধিকার সবারই আছে। কিন্তু বিরোধি দলের সমাবেশে কোন অনুমতি পাওয়া যায় না। কিন্তু আজকে সমাবেশে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের আসতে বাধ্য করা হয়েছে তার সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, বিএনপির সবাবেশে আওয়ামী লীগ রাস্তাঘাট বন্ধ করে বিভিন্নভাবে বাধা দিয়েছিলো। এরপর ও জনসমুদ্রের ঢেউ ঠেকাতে পারে নাই। দীর্ঘ পথ পায়ে হেঁটে সাধারণ জনগণ সমাবেশে এসেছেন।

নির্বাচন নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।সেই নির্বাচনে সব দলের অংশ গ্রহণ থাকবে। আর বিএনপি নির্বাচনে আসবো বলে দর কষাকষি করছে, তার দাম বাড়াচ্ছে।

আজ শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে মাহবুবুল আলম হানিফ বলেন, আজকে রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে। বিএনপি এই দেশে একটি অগণতান্ত্রিক পস্থায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা দল। ওই দলের নীতি আদর্শের মধ্যে একটি গোজামিল রয়েছে। অতএব ওই দলের কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করে না।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকীম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, থানা অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকীমের ছেলে আশিক মাহমুদ মিতুলসহ প্রমুখ।

ইতিহাস বিকৃতকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আর যেন রাজকার-আলবদর-আলশামস, খুনি ও ইতিহাস বিকৃতকারীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে। আগামীর বাংলাদেশ হবে অর্থনৈতিক মুক্তির ও সমৃদ্ধির বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় আজ শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘদিন সাতই মার্চের ভাষণ প্রচার করতে দেওয়া হয়নি। এই ভাষণ এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সত্য ইতিহাস চির ভাস্বর। ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এত দূরদর্শী ও এত নির্দেশনা বিশ্বের আর কোনো ভাষণ ভাষণে নেই। এই ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের কথা বলেছিলেন, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন। তিনি জয় বাংলা বলে তাঁর ভাষণ শেষ করেছিলেন। বঙ্গবন্ধু এ দেশের মানুষকে রাজনৈতিক মুক্তি দিয়েছেন, অর্থনৈতিক মুক্তি দেওয়ার পথে হাঁটা শুরু করেছিলেন। দেশ ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু তখনই স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়। বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া। তিনি বলেন, সেদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যাই করা হয়নি, তাঁর আদর্শ নষ্ট করে এ দেশে রাজাকার-খুনিদের ক্ষমতায় বসানো হয়েছিল।

বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়ার কারণে তিনি ইউনেসকোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই স্বীকৃতি যাঁরা স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রাম করেছেন তাঁদেরও স্বীকৃতি। এই ভাষণে যে কেবল নির্দেশনা ছিল তা–ই নয়, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, সেটাও বঙ্গবন্ধু বলেছেন। শেখ হাসিনা আরও বলেন, ‘বিশ্বে এখন আমরা উন্নয়নের রোল মডেল। শিগগিরই এই জাতি অর্থনৈতিক মুক্তি পাবে। ২০২১ সালে এ দেশ মধ্যম আয়ের দেশ হবে, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধশালী দেশ।’

সমাবেশ উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ছিল লোকে লোকারণ্য। দুপুর থেকে উদ্যানে আসতে থাকেন রাজনীতিবিদ, মন্ত্রী, সরকারি চাকুরে, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর থেকেই চলে নানা আয়োজন। নাচ, গান, কবিতা আবৃত্তি উপভোগ করেন আগত অতিথিরা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সরকারি চাকুরেদের সমাবেশে ভাষণ দেবেন।এদিকে রাজধানীর রাসেল স্কয়ার থেকে দুপুর সোয়া ১২টার দিকে শোভাযাত্রা নিয়ে সরকারি চাকুরেরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেন। তবে এর ঘণ্টাখানেক আগে থেকেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা আশপাশের সড়কগুলোয় অবস্থান নিতে শুরু করেন। বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারসহ শুক্রাবাদ, ধানমন্ডি ২৭, স্কয়ার হাসপাতালের সামনে থেকে রাসেল স্কয়ারের দিকে যেতে থাকেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ঢাকঢোলসহ এসেছেন। তাঁরা নানা রঙের টি-শার্ট পরেছেন। বহন করছেন ব্যানার। আনন্দ শোভাযাত্রায় রাখা হয় হাতিও।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়গুলো বিভিন্ন অধিদপ্তরকে একই নির্দেশ দিয়েছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। গত ৩১ অক্টোবর এই স্বীকৃতি দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

রিচার গোপন বিয়ে

গোপনে বিয়ে করেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রিচা গাঙ্গুলী। তার ছোটবেলার এক বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

রিচা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই তার বাল্যবন্ধুকে গোপনে বিয়ে করেছেন। তবে তার বর কে তা জানা যায়নি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ে ব্যক্তিগত একটি বিষয়। তাই এই অভিনেত্রীও বিয়ের বিষয়টি গোপন রেখেছেন। এ বিষয়ে রিচা গাঙ্গুলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০১২ সালে শোনা গিয়েছিল, অভিনেতা সুন্দর রামুর সঙ্গে প্রেম করছেন রিচা। তামিল ভাষার ‘মায়াক্কাম’ সিনেমার শুটিং করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেসময় গুঞ্জন উঠে, বিয়ের জন্য রিচাকে চাপ দিচ্ছেন সুন্দর। শুধু তাই নয়, খুব শিগগির রিচা তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন তিনি। পরবর্তীতে রিচা জানান, সুন্দর রামু তার খুব ভালো বন্ধু, অন্য কিছু নয়।

২০১০ সালে তেলেগু ভাষার ‘লিডার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রিচা। এরপর বেশ কিছু তামিল, তেলেগু ভাষার জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। শুধু দক্ষিণী সিনেমা নয় তিনি অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ‘বিক্রম সিং’ সিনেমায় প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। সর্বশেষ তার অভিনীত তেলেগু ভাষার ‘ভাই’ সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। এরপর অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন রিচা।

অ্যাশেজে বোল্টের পরামর্শ নিচ্ছে অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের জন্য এবার গতি তারকা উসাইন বোল্টের সহযোগিতা নিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। ক্রিকেটারদের রানিং বিটউইন দ্য উইকেট আরো দ্রুত করার জন্যই বোল্টের পরামর্শ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১০০ ও ২০০ মিটারে রেকর্ড আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান এই গতি তারকা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সাথে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছসিত। হেরাল্ড সান পত্রিকায় বিশ্বের দ্রুততম এই মানব বলেছেন, ‘এটা সম্পূর্ণই নিজের গতিকে উন্নত করার সাথে জড়িত। আমি ক্রিকেটে একটি বিষয় লক্ষ্য করেছি, দৌড়ের সময় তারা মোটেই এই বিষয়টির উপর গুরুত্ব দেয় না। তারা এটাকে আসলে সেদিক থেকে বিবেচনা করেনি। সঠিক দিক নির্দেশনা পেলে অবশ্যই তাদের এই মান উন্নত হবে।’

৩১ বছর বয়সী বোল্ট গত আগস্টে লন্ডনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরেই এ্যাথলেটিক্স থেকে বিদায় নেন। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে কিভাবে দৌড়ানোর গতি বাড়ানো যাবে সে সম্পর্কে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের টিপস দিবেন বোল্ট। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান পিটার হ্যান্ডস্কম্ব জানিয়েছেন বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হওয়া প্রথম টেস্টে আগে বোল্টের এই টিপস দারুণ কাজে আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হ্যান্ডস্কম্ব বলেছেন, নিজের গতিকে আরো কিছুটা দ্রুত করার জন্যই বোল্ট আমাদের পরামর্শ দিয়েছেন। এখানে প্রথম দুই থেকে তিনটি ধাপই গুরুত্বপূর্ণ। সেগুলো যদি সঠিকভাবে করা যায় তবে বাকিটা অবশ্যই দ্রুত হবে। তার মত একজন দ্রুততম মানবের সাথে কাজ করতে পেরে আমরা দারুণ আনন্দিত।

এদিকে বোল্ট জানিয়েছেন ফুটবল থেকে অবসরের পরে তার ইচ্ছা ছিল ফুটবলে কাজ করার। সেই লক্ষ্যে ইতোমধ্যেই বুন্দেসলিগা জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড থেকে কাজ করার প্রস্তাব পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নিশিপে হ্যামস্ট্রিং ইনজুরির পরে চিকিৎসকরাও এখন বোল্টকে ফিট ঘোষণা দিয়েছেন। সে কারণেই নতুন করে কাজ শুরু করতে আর কোন বাঁধা নেই।

পদত্যাগ করবেন না মুগাবে

পদত্যাগ না করে আগামী কয়েক সপ্তাহের জন্য ক্ষমতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির এক টেলিভিশনে দেয়া ভাষণে মুগাবে জানান, আগামী ডিসেম্বরে ক্ষমতাসীন দলের কংগ্রেসে সভাপতিত্ব করবেন তিনি।

এর আগে খবর ছড়ায় যে, জিম্বাবুয়েরে ‘গৃহবন্দি’ প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করছেন। তার আগে, তাকে দল থেকে বরখাস্ত করে জানু-পিএফ পার্টি। প্রেসিডেন্ট মুগাবেকে (৯৩) পদত্যাগের জন্য আজ সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয় তার নিজের দল জানু-পিএফ। পদত্যাগ না করলে তাকে অভিশংসনেরও হুমকি দেয় দলটি।

এর আগে গতকাল রবিবার দলের এক সম্মেলনে তাকে দলের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেয়া হয়। মুগাবের স্ত্রী ফার্স্ট লেডি গ্রেসকেও দল থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় দেশটির ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)। গ্রেস দলের পলিটব্যুরোর সদস্য ছিলেন। পাশাপাশি জানু-পিএফ ওমেনস লিগের প্রধান ছিলেন।

পদত্যাগে রাজি করাতে মুগাবের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন সেনা অধিনায়করা। সরকারি মিডিয়াতে দেখা গেছে, কয়েকজন সিনিয়র জেনারেল এবং পুলিশ প্রধান হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে তার সঙ্গে করমর্দন করছেন। সাবেক মুক্তিযোদ্ধাদের এক নেতা হুঁশিয়ার করেছেন, মুগাবে পদত্যাগ না করলে রাস্তায় সহিংসতা শুরু হবে। বিবিসি ও সিএনএন।

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানসহ চারজনের বিচার শুরু

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, তারেক রহমান ছাড়া মামলায় ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, সাংবাদিক মাহাথীর ফারুকী ও কনক সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন। মামলা নম্বর-১৩(১)১৫। পরে এ ঘটনায় ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।
তারেক রহমান তাঁর বক্তব্যে- দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রুল

বাংলাদেশের স্বাধীনতা বেগবান করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রদান উপলক্ষে ৭ মার্চকে কেন জাতীয় দিবস ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ ছাড়া রুলে সোহরাওয়ার্দী উদ্যানের যেসব মঞ্চে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেন, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে ও ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়- সেই সব মঞ্চ পুনর্নির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উঁচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ রুলের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ১২ ডিসেম্বর আদালতকে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

আওয়ামী লীগপন্থী আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন।

রিটের শুনানিকালে আদালত বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে শুধু যে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তা নয়, এখানে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে, ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেখানে যাতে ঐতিহাসিক নিদর্শন থাকতে না পারে, সেই জন্য শিশুপার্ক নির্মাণ করা হয়েছে।

এ সময় এক মাসের মধ্যে সরকারকে একটি প্রকল্প নেয়ার নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানান রিট আবেদনকারী বশির আহমেদ।

এর জবাবে আদালত বলেন, আমরা রুল দিচ্ছি। এরপর আদালত রুল জারি করেন।

প্রসঙ্গত, সম্প্রতি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে।

এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার আহ্বানসংবলিত এ ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কো ঘোষিত ৪২৭টি বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে।