All posts by lutfor

সবাই নির্বাচনে আসবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা আশা প্রকাশ করে বলেছেন, সবাই নির্বাচনে আসবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে প্রত্যেকটি দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহষ্পতিবার দুপুরে দশম জাতীয় সংসদের নাসিরনগর শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণের ব্যাপারে আলাদা করে কোনো উদ্যোগ নেওয়া হবে না। নতুনভাবে আর কিছু আমরা করবো না।

কে এম নুরুল হুদা আরো বলেন, আমরা ভোটার ও রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কাজ করে যাচ্ছি। দায়িত্ব নেয়ার পর থেকে সবকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আসন্ন উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লার সেক্টর কমান্ডার জোবায়ের হাসনাৎ, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, নাসিরনগর-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লার বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. সাহেদুন্নবী চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

গৌহাটিতে লালগালিচা সংবর্ধনা পেলেন রাষ্ট্রপতি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নয়াদিল্লীতে সোলার সামিট-২০১৮ এবং আসামে ‘ফাউন্ডিং কনফারেন্স অব দ্য ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সে (আইএসএ)’ যোগ দিতে চারদিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার গৌহাটি পৌঁছান। ১১ মার্চ নয়াদিল্লীতে এ সম্মেলন শুরু হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১টা ৪৪ মিনিটে গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আসামের গভর্নর জগদীশ মুখ, ঢাকায় ভারতের হাইকমিশনার, নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার এবং গৌহাটিতে বাংলাদেশ হ্ইাকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৩২ মিনিটে হযরত শাহ্জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি গৌহাটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজ-এ অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নারীদের কিডনি রোগে আক্রান্তের ঝুঁকি বেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেছেন, অপুষ্টি, প্রসবকালীন জটিলতা, অসচেতনতা ও অজ্ঞতার কারণে নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ বিষয়টি আমাদের সবাইকে অনুধাবন করে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো কিডনি রোগ, এর প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া বাণীতে এ কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মূল্যায়ন, ক্ষমতায়নের অন্তর্ভুক্ত কিডনি ও নারীর স্বাস্থ্য’ যথার্থ হয়েছে।

শেখ হাসিনা বলেন, বিশ্বে কিডনি রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করে যথাযথ চিকিৎসা করা হলে এ রোগের প্রকোপ অনেকাংশে হ্রাস করা সম্ভব। তাই কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

তিনি বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিশেষ করে কিশোরী ও মায়ের সুস্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। এ পটভূমিতে এবারের দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে।

 

রাশিয়ার ‘এস-৩০০’-র চেয়ে বেশি শক্তিশালী ইরানের ‘বভার-৩৭৩’

ইরানের তরুণ বিজ্ঞানীদের উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’ বা ‘বিশ্বাস-৩৭৩’ রাশিয়ার এস-৩০০ ব্যবস্থার চেয়েও বেশি কার্যকর।

একথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর খতামুল আম্বিয়া (সা.) বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি। তিনি আরো বলেছেন, ইরানি বিজ্ঞানীরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দিক দিয়ে উন্নত বিশ্বের কাতারে স্থান করে নিয়েছেন।

জেনারেল ইসমাইলি গতকাল (শুক্রবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের এক সামরিক অনুষ্ঠানে এসব কথা জানান। অনুষ্ঠানে ইরানের এ ব্যবস্থার সঙ্গে তুলনা করার জন্য রাশিয়ায় তৈরি এস-২০০ ও এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নমুনা প্রদর্শন করা হয়।

ইরানে তৈরি বভার-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে চলমান যেকোনো ক্ষেপণাস্ত্র ও বিমানকে শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে এ ব্যবস্থা সব ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ দূরপাল্লার যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে অত্যন্ত কার্যকর।

বভার-৭৩৭ ব্যবস্থায়ও রয়েছে অত্যাধুনিক রাডার, যা আগেভাগেই শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা শত্রুর জঙ্গিবিমানকে শনাক্ত করতে পারে। এরপর সেই ক্ষেপণাস্ত্র বা বিমান লক্ষ্য করে এই ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আকাশেই সেগুলো ধ্বংস করা সম্ভব।

প্রধানমন্ত্রীর ভোট চাওয়া আইনের লঙ্ঘন নয়: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি খরচে জনসভা করে ভোট চাওয়ার বিষয়ে বিএনপির সমালোচনার জবাব দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগের সভাপতিও। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। তাতে এখানে কোনও ব্যত্যয় ঘটেনি।’

শনিবার সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

গত ৩০ জানুয়ারি সিলেটে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর ৮ ফেব্রুয়ারি তিনি বরিশাল, ২২ ফেব্রুয়ারি রাজশাহী এবং আজ ৩ মার্চ তিনি খুলনায় জনসভা করছেন।

প্রধানমন্ত্রীর এভাবে জনসভা করে ভোট চাওয়ার সমালোচনা করছে বিএনপি। তাদের দাবি, শেখ হাসিনা সরকারি খরচে এভাবে প্রচার চালাতে পারেন না। আর তাকে থামাতে বিএনপি নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছিল।

বিএনপির এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে যাওয়ার অধিকার নির্বাচিত প্রধানমন্ত্রীর আছে, এখনও নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। এই প্রশ্নটা হতে পারে তখন, যখন নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষণা করবে।’

‘এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি যেসব উন্নয়ন করেছেন সেসব নিয়ে জনগণকে অবহিত করার অধিকার প্রধানমন্ত্রীর আছে।’

গত ২৬ ফেব্রুয়ারি মা বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুর পর আজই ওবায়দুল কাদের প্রথম রাজধানীতে কোনো কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ সময় তার কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চান বিএনপির আন্দোলন মোকাবেলায় সরকার কী ব্যবস্থা নেবে।

জবাবে কাদের বলেন, ‘তাদের কৌশল যদি রাজনৈতিক হয় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তাদের কৌশল যদি সহিংসতার দিকে যায় তাহলে সেটার জবাবও আমাদের জানা আছে। যখন যেটা দরকার সেটাই করব।’

আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথকে বিএনপির চিঠি দেয়ার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিদেশি উপদেশের দিকে আওয়ামী লীগ তাকিয়ে নেই।’

‘একটা অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা করব। আমরা কারও উপদেশ, খয়রাতের দিকে তাকিয়ে নেই। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গণতন্ত্র চলবে, নির্বাচন চলবে। কাজেই এ নিয়ে বাইরে থেকে কে চাপ দিল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’

‘একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের চাপকে গুরুত্ব দেই। আমাদের দেশের গণতন্ত্র আমরাই পরিচালনা করব।’

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে ৭ মার্চে একই উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে বলেও দাবি করেন কাদের।

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় গতকাল শুক্রবার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইদিনব্যাপী অনুষ্ঠান চলছিল। গতকাল বিভাগীয় সভাপতি হিসেবে এর উদ্বোধন করেছিলেন ড. জাফর ইকবাল। আজ শনিবার বিকালে এর সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানিয়েছেন, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, স্যারকে মাথায় আঘাত করা হয়েছে। এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক জানান, ড. মুহম্মদ জাফর ইকবালকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন।

এদিকে, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুল ওহাব জানিয়েছেন, ড. জাফর ইকবালের ওপর হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। হামলাকারীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে বলে আমরা খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আমরা তার পূর্ণ পরিচয় জানতে চেষ্টা করছি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াসুর রহমান বিশ্বাস হাসপাতালে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান, জাফর ইকবাল স্যার এখন চিকিৎসাধীন। চিকিৎসকরা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি আসছেন। তার সঙ্গে প্রতিষ্ঠানের ডিরেক্টরসহ অন্যরাও আসছেন।

এক প্রশ্নের জবাবে ইলিয়াসুর রহমান বলেন, যে ছেলেটি স্যারকে আঘাত করেছে, তার রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’-এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল করছেন ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

দুর্নীতি করলে সাজা পেতেই হবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি করলে সাজা পেতেই হবে, খালেদা জিয়া দুর্নীতি করেছেন বলেই কারাগারে গেছেন। এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জনসভায় বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করলে সাজা পেতেই হবে। খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আদালতের রায়ে তিনি কারাগারে গেছেন, এখানে সরকারের কিছু করার নেই।

নির্বাচনী ইশতেহারের বাইরেও বর্তমান সরকার কাজ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেয়া ইশতেহার সম্পূর্ণভাবে পূরণ করেছে আওয়ামী লীগ। ওয়াদার বাইরেও বর্তমান সরকার কাজ করেছে। দেশের উন্নয়নে কাজ করে যাওয়া বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এদেশের কেউ কুঁড়ে ঘরে বাস করবে না। সবাইকে অন্তত একটা টিনের ঘর তৈরি করে দেব আমরা।

এসময় সরকারের উন্নয়নের নানা দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের জন্য শিক্ষা নিশ্চিত করা থেকে শুরু করে বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসবের মাধ্যমে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হয়। বর্তমান সরকার যুবকদের জন্য প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। বিদেশগামীদের নানা সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করেছে। দেশের ৬৮ লাখ মানুষ এখন ভাতা পাচ্ছেন।

তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বর্তমান সরকারের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার আসার আগে কারও হাতে মোবাইল ফোন ছিল না। বর্তমান সরকার সবার হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। ঘরে বসেই মা ও শিশুদের সমস্যার সমাধানের জন্য হট লাইন চালু করেছে।

খুলনার উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার মংলা পোর্ট বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও মংলা পোর্ট চালু করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো আবারও চালু করেছে। এ অঞ্চলের মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

এই অঞ্চলের মানুষের জন্য বর্তমান সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেললাইন মংলা পর্যন্ত বিস্তৃত করা হবে। ভোলায় পাওয়া গ্যাসক্ষেত্রের গ্যাস পাইপলাইনের মাধ্যমে খুলনাতেও সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী এসময় খুলনাবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

তামিমের ব্যাটে রান, জয়ে অবদান রাখলেন সাব্বির

শেষটা ছিল ড্যারেন স্যামিময়। ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দিয়েছেন দ্বিতীয় জয়ের স্বাদ। কিন্তু তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের ভিত পায় পেশোয়ার জালমি। আরেক বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানও রেখেছেন জয়ে অবদান।

সব মিলিয়ে দলগত পারফরম্যান্সে বৃহস্পতিবার পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৫ উইকেটে হারিয়েছে তামিম-সাব্বিরদের পেশোয়ার জালমি। আগে ব্যাটিং করে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৮ উইকেটে করে ১৪১ রান। জবাবে ২ বল আগে জয় নিশ্চিত করে জালমি।

শেষ ৩০ বলে ৩৫ রান দরকার ছিল জালমির। ১৬তম ওভারে অসি পেসার হ্যাসটিংসের বলে পয়েন্টে ক্যাচ দেন ২৯ রান করা হাফিজ। তার আউটে ভাঙে তামিম-হাফিজের ৫৪ রানের জুটি। ব্যাটিংয়ে আসেন সাব্বির। পরের ওভারে শুরুতে দুই রান নিতে গিয়ে রান আউট তামিম। ৩৮ বলে ৩৬ রান করা তামিমকে হারিয়ে কিছুটা চাপে পড়ে জালমি। সাব্বির ও খালিদ উসমান পরের ১০ বলে যোগ করেন ৮ রান।

১২ বলে দরকার ২২ রান। ১৯তম ওভারে রাহাত আলীর করা দ্বিতীয় বলে চিকি শট খেলে বাউন্ডারি মারেন সাব্বির। ইয়র্কার বল দারুণভাবে বাউন্ডারিতে পাঠিয়ে সাব্বির পেয়ে যান আত্মবিশ্বাস। কিন্তু পরের বলে আউট! লোভনীয় ফুলটস বল ঠিকমতো খেলতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ১১ বলে ১১ রান করে।

এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। পায়ের চোট নিয়ে খেলতে নেমেও ৪ বলে ১৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জালমির অধিনায়ক স্যামি। ১৯তম ওভারের শেষ বলে লং অন দিয়ে ছক্কা মেরে শুরু। ২০তম ওভারের দ্বিতীয় বলও ছক্কা। আনোয়ার আলীকে মারেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে। পরের বল ডট। চতুর্থ বলে বাঁচতে পারেননি আনোয়ার। পাওয়ার ফুল ড্রাইভে লং অফ দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে স্যামি জয় উপহার দেন দলকে।

শেষটা স্যামির ব্যাটে রাঙানো হলেও শুরুটা তামিম ইকবালের। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে দায়িত্বশীল ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। ২৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ডোয়াইন স্মিথকে নিয়ে তামিম যোগ করেন ৩০ রান। স্মিথ (২৩) সাজঘরে ফেরার পর হাফিজকে নিয়ে গড়েন জুটি। হাফিজের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান।

এর আগে শারজাহতে টস হেরে ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের ৪৭ ও রাইলি রুশোর ৩৭ রানে লড়াকু পুঁজি পায় কোয়েটা গ্ল্যাডিয়েটরস। পেশোয়ারের দ্বিতীয় জয়ের বিপরীতে এটি কোয়েটার দ্বিতীয় হার।

আগের ম্যাচে কোয়েটার হয়ে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং কিংবা বোলিংয়ে সুযোগ মেলেনি। ফিল্ডিংয়ে নিয়েছিলেন এক ক্যাচ। কিন্তু এদিন তাকে একাদশের বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহ সুযোগ না পেলেও সাব্বির প্রথমবারের মতো দেশের বাইরে খেললেন ফ্র্যাঞ্চাইজি লিগে। নায়ক হয়ে মাঠ ছাড়তে পারতেন। কিন্তু ভুল এক শটে তাকে ফিরতে হয় সাজঘরে। তবে ফিল্ডিংয়ে সাব্বির ছিলেন চনমনে। তিনটি ক্যাচ নিয়েছেন দারুণভাবেই।

১০ টাকায় চাল বিক্রি শুরু, রোববার থেকে ওএমএস

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের কিছু জায়গায় ১০ টাকা কেজি দরে সিদ্ধ চাল বিক্রি শুরু করেছে সরকার। আগামী রোববার ৪ মার্চ থেকে সারা দেশে শুরু হচ্ছে খোলা বাজারে (ওএমএস) সিদ্ধ চাল বিক্রি। দাম আগের মতোই থাকছে ৩০ টাকা।

বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ১০ টাকা করে কেজি দরে চাল দেওয়া শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। মার্চ থেকে নভেম্বর- এ পাঁচ মাস চাল বিতরণ করা হবে। এ কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার টন চাল দরকার হবে।

এদিকে, আগামী রোববার থেকে সারা দেশে ওএমএসে স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য অধিদপ্তর। ১ টন করে চাল বরাদ্দ পাবেন প্রত্যেক ডিলার। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ওএমএসে ১৭ টাকা কেজি দরে আটা বিক্রি চলমান রয়েছে।

বাজারে চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ওএমএসে আতপ চাল বিক্রি শুরু করে সরকার। দামও ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। পরে ২০ সেপ্টেম্বর থেকে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হয়।

তবে ওএমএসে সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল ও দাম দ্বিগুণ হওয়ায় ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। এর ওপর সরকারি খাদ্য মজুদের পরিমাণ কমে যাওয়ায় গত ডিসেম্বরে আতপ চাল বিক্রিও বন্ধ হয়ে যায়।

বর্তমানে সরকারের গোডাউনে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৬৮ হাজার টন গম মজুদ আছে বলেও খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সেনা, সতর্ক বিজিবি

নাইক্ষ্যংছড়ির তামরু সীমান্তে ভারী অস্ত্র, গোলা-বারুদ নিয়ে মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে বিজিবি শক্ত ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে আলোচনা করতে পতাকা বৈঠকের জন্য মিয়ানমারের প্রতি আহ্বানও জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান।

তিনি বলেন, নাইক্ষ্যংছড়ির তামরু সীমান্তে ৩৪ ও ৩৫ নম্বর পোস্টের মাঝামাঝি এলাকায় মিয়ানমার সীমান্তের দেড়শ গজ ভেতরে সেনা সমাবেশ করেছে। কিছু সেনা পিকআপ, ট্রাক ও লরিতে করে এসেছে। ভারী অস্ত্র মোতায়েন করেছে। সীমান্তের ভারী অস্ত্র মোতায়েন ও সেনা সমাবেশ বর্ডার নর্মসের বাইরে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি, পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের পরিস্থিতিতে বিজিবি সব সময়ই দেশমাতৃকার তরে নিবেদিতপ্রাণ থেকে তাদের যে দায়িত্ব ও কর্তব্য তা পালন করবে।

মুজিবুর রহমান বলেন, বেশ কয়েক দিন ধরেই সীমান্তে মিয়ানমারের সেনারা জিরো পয়েন্টে থাকা রোহিঙ্গাদের ফেরত যেতে মানা করছে। এটি এক ধরনের পুশিং। মিয়ানমার ওই সীমান্তে সেনা বৃদ্ধি করেছে। পাশাপাশি ভারী অস্ত্র, গোলা-বারুদের সংখ্যাও বাড়িয়েছে। তাই সীমান্তে বিজিবিও তাদের জনবল বৃদ্ধি করেছে। কিন্তু পারস্পরিক আলোচনা ও গভীরভাবে পর্যবেক্ষণ করে আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি মিয়ানমারকে। অবশ্যই তারা পতাকা বৈঠকের জবাব দেবে এবং এ পরিস্থিতির সমাধান পতাকা বৈঠকের মাধ্যমেই হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন আগে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তাই এমন কোনো পদক্ষেপ তাদের নেওয়ার কথা নয়। এটি কোনো উস্কানির পর্যায়ে পড়ে না। তাদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। তাদের স্ট্র্যাটেজিক প্ল্যান কী, সেটা জানার জন্যই পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে মিয়ানমারকে।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বলেন, এখনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে, অন্য কোনো বাহিনীর সদস্যদের জানাতে হবে। তবে মিয়ানমার স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বলেই আমরাও বিজিবির জনবল বৃদ্ধি করেছি। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে। অতিরিক্ত সেনা মিয়ানমার কেন মোতায়েন করল, সেটা বৈঠকের পরই আমরা বিস্তারিত জানাতে পারব।