All posts by lutfor

সকলের জন্য পেনশন চালুর আশা অর্থমন্ত্রীর

কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মোট বয়স্ক জনসংখ্যার মধ্যে পেনশন ভোগীর সংখ্যা অতি সামান্য। শুধু সরকারি কর্মচারী এবং কতিপয় বেসরকারি সংস্থার কর্মচারীরা সর্বমোট প্রায় ৭ থেকে ৮ লাখ পরিবার বর্তমানে নিয়মিত পেনশন পেয়ে থাকেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বাইরে হতদরিদ্র ৩৫ লক্ষ লোক মাসিক ৪০০ টাকা হারে বয়স্ক ভাতা পাচ্ছেন, যা মোট বয়স্ক জনসংখ্যার এক চতুর্থাংশ মাত্র।

তাদের ভাতার পরিমাণও মানসম্মত জীবনধারণের পক্ষে যথেষ্ট নয়। লক্ষ্যণীয় যে, জনমিতির স্বাভাবিক ধারায় এক সময় উন্নত দেশের মত আমাদের দেশেও বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়বে। তখন স্বাভাবিক বাজেট বরাদ্দের আওতায় তাদের সহায়তা প্রদান করা দুরূহ হয়ে পড়বে।

অর্থমন্ত্রী বলেন, আমরা অর্থনেতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছাতে চাই, কমাতে চাই বৈষম্য। তাই, বিদ্যমান সরকারি পেনশন কার্যক্রমের বাইরে বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত সকল কর্মজীবী মানুষের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে চাই।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় সরকার পরিচালিত স্কিমে নিবন্ধন করে একজন কর্মজীবী মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা জমা করবে। প্রযোজ্য ক্ষেত্রে তার নিয়োগকারী কর্তৃপক্ষও একটা নির্দিষ্ট অঙ্ক সংশ্লিষ্ট কর্মজীবীর পেনশন হিসাবে জমা করবে।

হতদরিদ্র শ্রমজীবীদের ক্ষেত্রে তাদের অংশের অতিরিক্ত হিসেবে সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ ঐ হিসাবে জমা করবে। এ ব্যবস্থাপনার মাধ্যমে গঠিত তহবিল বিনিয়োগ হতে প্রাপ্ত আয় সার্বজনীন পেনশন তহবিলে জমা হতে থাকবে। ক্রমপুঞ্জিভূত চাঁদা ও আয়ের পরিমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি অবসরকালে মাসিক পেনশন প্রাপ্ত হবেন।

তবে, সার্বজনীন পেনশন প্রবর্তনের জন্য মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন হবে, যা সময় ও ব্যয়সাপেক্ষ ব্যাপার। সরকারি কর্মচারী ও জনগণের মধ্যে সুযোগের ন্যায্যতা (equity) ও সামঞ্জস্য বিধান করার জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা, ধারাবাহিক কৌশলগত পরিবর্তন, প্রাতিষ্ঠানিক কাঠামো সৃজন,

কারিগরি সক্ষমতা ও যথাযথ নীতি-কৌশল প্রণয়ন করা প্রয়োজন। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত সকল কর্মজীবী মানুষের জন্য একটি টেকসই সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের কাজ এ অর্থবছরেই শুরু করার আশা রাখি। অন্ততঃপক্ষে কয়েকটি নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে।

প্রধানমন্ত্রীর কানাডার উদ্দেশে দুবাই ত্যাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে ৪ দিনের এক সরকারি সফরে শুক্রবার ভোরে কানাডার উদ্দেশে দুবাই ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

দুবাইয়ে ৫ ঘণ্টা যাত্রা বিরতির পরে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইউএই-তে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

টরেন্টোর স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) ফ্লাইটটি টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছার কথা রয়েছে।

টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ এবং কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও উপ-প্রধান প্রটোকল জোনাথন সাউভি পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

দুই ঘণ্টা যাত্রা বিরতি শেষে প্রধানমন্ত্রী টরেন্টো থেকে কানাডার প্রাদেশিক শহর কুইবেকে যাবেন। সেখানে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং সে দেশের কেন্দ্রীয় ও প্রাদেশিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুইবেকের জ্যাঁ লেসাগে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবেন।

সন্ধ্যায় শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শনিবার লী ম্যানইর রিচেলিউ হোটেলে জি-৭ আউটরিচ নেতাদের কর্মসূচিতে অংশ নেবেন। রোববার সকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। একই দিন তিনি কুইবেক থেকে টরেন্টোতে ফিরে আসবেন এবং সন্ধ্যায় হোটেল মেট্রোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী সোমবার কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে’র সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানস্থল হোটেল রিজ কার্লটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা সাসক্যাচুওয়ান প্রদেশের উপ-প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন মন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউসি, অভিবাসনমন্ত্রী জেরেমি হ্যারিসন ও সাসক্যাচুওয়ান প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

টরেন্টো ত্যাগের আগে প্রধানমন্ত্রী তার হোটেল কক্ষে কমার্সিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জেবলকের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী দুবাই হয়ে দেশে ফিরবেন।

তথ্যসূত্র : বাসস

বাজেটে যেসব জিনিসের দাম বাড়বে-কমবে

আগামী অর্থবছরের (২০১৮-১৯) জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেশ কিছু পণ্য ও সেবার ওপর কর বা শুল্কহার বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সাথে বেশ কিছু পণ্যের আমদানিতে শুল্ক (সিডি), সম্পূরক শুল্ক (এসডি) বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এছাড়া কিছু পণ্য ও সেবার স্থানীয় উৎপাদনপর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোর পাশাপাশি আয়করেও পরিবর্তন আনা হয়েছে।

ফলে এসব কারণে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতে পারে। দাম বেড়ে যাওয়ার তালিকায় উল্লেখযোগ্য পণ্যগুলো হলো- পুরনো গাড়ি, বাইসাইকেল, মোবাইল ও ব্যাটারি চার্জার, ইউপিএস ও আইপিএস, ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ল্যাম্প হোল্ডার, এনার্জি ড্রিংক, পলিথিন ব্যাগ, বিড়ি সিগারেট, প্রসাধনসামগ্রী, শেভিংসামগ্রী, সিরামিকের বাথটাব, মধু, চুইংগাম, সুগার কনফেকশনারি, চকলেট কোকোযুক্ত খাবার, বাদাম, সিরিয়াল, ওটস, চুলের কিপ ও চুল পড়া রোধকসামগ্রী ইত্যাদি।

মোবাইল ফোন : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সরকার দেশে উৎপাদিত মোবাইল ফোনকে উৎসাহিত করতে মোবাইল সেট আমদানিপর্যায়ে ২ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছেন। একই সাথে মোবাইল ব্যাটারির চার্জারের আমদানি শুল্ক ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে আমদানিকৃত মোবাইল ফোনের দাম বেড়ে যেতে পারে।

চুলের ক্লিপ : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মহিলাদের ব্যবহৃত চুলের কিপ, ও চুল পড়া রোধকসামগ্রীর সম্পূরক শুল্ক শূন্য থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে আলোচ্য পণ্যের দাম বেড়ে যেতে পারে।

বাইসাইকেল : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বাইসাইকেল তৈরি সরঞ্জামে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাইসাইকেলের দাম বেড়ে যেতে পারে।

পুরনো গাড়ি : পুরনো গাড়ির আমদানিকে নিরুৎসাহিত করতে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী পুরনো গাড়ির অবচয় সুবিধা বছরভিত্তিক ৫ শতাংশ হারে কমানোর প্রস্তাব করেছেন। এতে পুরনো গাড়ির দাম বেড়ে যেতে পারে।

আইপিএস ও ইউপিস : লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগণ সাময়িক দুর্ভোগ লাঘবের জন্য আইপিএস ব্যবহার করেন। কিন্তু আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ২০০০ ভোল্ট পর্যন্ত আইপিএস ও ইউপিএস আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে আইপিএস ও ইউপিএসের দাম বেড়ে যেতে পারে। এ ছাড়া ভোল্টেজ স্ট্যাবিলাইজার আমদানিতে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ, ল্যাম্প হোল্ডারস আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের দামও বেড়ে যেতে পারে।

প্রসাধনীসামগ্রী : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রসাধনীসামগ্রী, যেমন : সানস্ক্রিন, পায়ের প্রসাধনসামগ্রীর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে।

সিগারেট, বিড়ি : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সিগারেট পেপার, বিড়ির পেপারের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে সিগারেট ও বিড়ির দাম বেড়ে যেতে পারে।

মধু, চুইংগাম, চকলেট : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মধু, চুইংগাম, সুগার কনফেকশনারি, চকলেট কোকোযুক্ত খাবার, বাদাম, সিরিয়াল, ওটস, খুচরা মোড়কে সরাসরি বিক্রির জন্য আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে।

এছাড়া এনার্জি ড্রিংকের েেত্র সম্পূরক শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। শেভিংসামগ্রী, শরীরের দুর্গন্ধ ও ঘাম দূরীকরণে ব্যবহৃত সামগ্রী (আতর ব্যতীত), সুগন্ধযুক্ত বাথ সল্ট ও অন্যান্য গোসলসামগ্রীতে সম্পূরক শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। সিরামিকের বাথটাব, জিকুজি শাওয়ার, শাওয়ার ট্রের সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য আলট্রা ভায়োলেট, ফিলামেন্ট ল্যাম্পের ব্যবহার কমানোর জন্য সম্পূরক শুল্ক ১০ শতাংশ করা হয়েছে। পলিথিনের ব্যবহার কমানোর জন্য, পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যাগ ও মোড়কের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। হাইড্রলিক ব্রেক ফুইড ও হাইড্রলিক ট্রান্সমিশনসহ অন্যান্য পণ্যে আমদানি শুল্ক ১০ থেকে ১৫ করা হয়েছে। একই সাথে কাশ্মীরি ছাগল ও অন্য প্রাণীর লোম থেকে তৈরিসামগ্রীতে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে।

দাম কমবে

আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। অব্যাহতি দেয়া হয়েছে ভ্যাট থেকে। ফলে এসব পণ্যের দাম কমে যেতে পারে। দাম কমতে পারে তেমন উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে রয়েছে, গুঁড়া দুধ, ওষুধ, মোটরসাইকেল, কার্বন রড, বিলাসবহুল গাড়ি, কর্নফাওয়ার ইত্যাদি।

ওষুধ শিল্প : আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে ১০ ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৫ শতাংশ এবং ১৩১ ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক ৫ ও শূন্য শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যান্সার নিরোধক ওষুধ উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি শুল্কের রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে। ফলে ওষুধের দাম কমে যেতে পারে।

বিলাসবহুল গাড়ি : পুরনো গাড়ির দাম বাড়ানো হলেও ধনীদের ব্যবহৃত বিলাসবহুল গাড়ি যেমন, ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড মোটরগাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে বিলাসবহুল গাড়ির দাম কমে যেতে পারে।
গুঁড়া দুধ : গুঁড়া দুধ আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে গুঁড়া দুধের দাম কমে যেতে পারে।

মুদ্রণশিল্প : দেশীয় মুদ্রণশিল্প রক্ষায় মুদ্রণশিল্পের কাঁচামালে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে মুদ্রণশিল্পে উৎপাদিত পণ্যের দাম কমে যেতে পারে।
পোলট্রি ফিড : পোলট্রি ফিডের প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে পোলট্রি ফিডের দাম কমে যেতে পারে।

টায়ার-টিউব ও মোটরসাইকেল : মোটরসাইকেল উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে। একই সাথে টায়ার-টিউব উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমে যেতে পারে।

এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কার্বন রডের শুল্ক কমেছে। ফিশিং নেট আমদানিতে শুল্ক প্রণোদনার প্রদানের প্রস্তাব করা হয়েছে। কর্নফাওয়ার ও অ্যালুমিনিয়ামের তার আমদানিতে শুল্ক হ্রাস করা হয়েছে। বল পয়েন্ট কলমের কালি আমদানিপর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ছবি ছাপানোর পণ্যসামগ্রীতে শুল্ক কমানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম কমে যেতে পারে।

মাদকবিরোধী অভিযান: তিন ‘মাদক ব্যবসায়ী’ নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা, রংপুর ও দিনাজপুর সদরে মাদকবিরোধী অভিযানে গুলিতে আরো তিন ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম দুই জেলায় কথিত বন্দুকযুদ্ধ এবং শেষের জেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। এ নিয়ে ২৩ দিনে ১৩০ জনের বেশি ‘মাদক ব্যবসায়ী’ নিহত হলেন।

ঠাকুরগাঁও : পুলিশ জানায়, গতকাল রাতে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অভিযান চালায় তারা। এ সময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হন শামীম। পরে লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রংপুর : নগরীর তিন রাস্তার মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু মুসা ওরফে বিছ কালাই নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নামে মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

দিনাজপুর : রাতে সদরের উথরাইল ইউনিয়নের খাড়িপাড়ায় ‘মাদক ব্যবসায়ীদের’ দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদোয়ানুল রহিম জানান, রাতে খাড়িপাড়া এলাকায় দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল, একটি শুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ লাশের পরিচয় পাওয়া যায়নি।

দাম বাড়ছে যেসব পণ্যের

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করছেন।

বৃহস্পতিবার দুপুরে এ বাজেট অধিবেশন শুরু হয়।

বাজেটে নতুন করে কর আরোপ করায় বেশকিছু পণ্যের দাম বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে দাম বাড়ছে কাশ্মিরি শাল, গ্রিন টি, শেভিং ব্লেড, শেভিং জেল, চুলের ক্রিম, চশমার ফ্রেম, সানগ্লাস, লুব্রিকেটিং অয়েল, বিভিন্ন রকম পেপার, পেপার, সানস্ক্রিন, সিরামিক বাথটাব, কাজু বাদাম, ক্যালেন্ডার, পোস্টার, জার্সি, শীতের পোশাক, মোবাইল, ব্যাটারি, চার্জার, ইউপিএস, আইপিএস, সিগারেট ও তামাকজাত পণ্য, পলিথিন, প্লাস্টিক ব্যাগ, মোড়ক, ল্যাম্প হোল্ডার ইত্যাদি পণ্যের।

এছাড়া হেলিকপ্টার সেবার ওপর সম্পূরক শুল্ক আরোপ থাকছে। মদ-বিয়ারের ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি ও জর্দা-গুলের মূল্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে।

আমদানি পর্যায়ে অগ্রিম ট্রেড ভ্যাট ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে আমদানি করা ৬ হাজারেরও বেশি পণ্যের দাম বাড়তে পারে। অন্যদিকে ছোট ফ্ল্যাট কেনায় ভ্যাট বাড়ানো হয়েছে এবারের বাজেটে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করবিহীন বাজেটে জনগণ খুশি, বিএনপি অখুশি: কাদের

করবিহীন জনবান্ধব বাজেটে জনগণ খুশি হলেও বিএনপি অখুশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বৃহস্পতিবার (০৭ জুন) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপি প্রতারণা নিয়ে কি ভাবছে? তারা ভালো বাজেটে প্রতারিত হচ্ছে তাই? বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া বাজেট আসছে এতে তো জনগণ খুশি। জনগণ খুশি হলেই বিএনপি অখুশি হবে এটাই স্বাভাবিক।

কাদের বলেন, সিইসি কি বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন, মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে। সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী যে সংস্থা ইসির অধীনে যাবে, সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই।

তিনি বলেন, আমরাও কিন্তু বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে। তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মাদকসম্রাজ্ঞী লাবনী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে অভিযান চালিয়ে মাদকসম্রাজ্ঞী হিসেবে পরিচিত লাবনী খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে পৌর সদরের ঠাকুরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই প্রসঙ্গে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, লাবনী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় লাবনী ‘মাদকসম্রাজ্ঞী’ নামে পরিচিত।

তিনি আরও জানান, লাবনীকে আটকের জন্য এর আগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

নারী এশিয়া কাপের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মাত্র ৬০ রানে অলআউট করে জয় তুলে নিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এই জয়ের ফলে নারী এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সালমারা শেষ ম্যাচে যদি মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রতিপক্ষ ভারতের কাছে হার মানে তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে রোববার ফাইনাল খেলার।

সংক্ষিপ্ত স্কোর :
থাইল্যান্ড : ৬০/৮ (২০ ওভারে)
বাংলাদেশ : ৬২/১ (১১.১ ওভারে)
ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা : সালমা খাতুন, বাংলাদেশ (৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট)।

আজ বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে থাইল্যান্ডকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশের মেয়েদের বোলিং তোপের মুখে পড়ে ৬০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি শ্যামদেশের মেয়েরা। ৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। মাত্র ১১.১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে সুবিধা করতে পারেনি থাই মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৩ রানে প্রথম, ৯ রানে দ্বিতীয়, ২১ রানে তৃতীয়, ২৬ রানে চতুর্থ, ৩১ রানে পঞ্চম, ৩৬ রানে ষষ্ঠ, ৩৯ রানে সপ্তম ও ইনিংসের শেষ বলে দলীয় ৬০ রানে অষ্টম আউকেট হারায়। তাতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬০ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা।

ব্যাট হাতে থাইল্যান্ডের নাতায়া বোচাথাম সর্বোচ্চ ১৫ রান করেন। ২১ বল খেলে ২ চারে এই রান করেন তিনি।দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন শিরিন্ত্রা সায়েংসাকাওরাত। অধিনায়ক সর্নারিন ত্রিপোচের ব্যাট থেকে আসে অপরাজিত ১৩টি রান।

বল হাতে বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নিয়েছেন। আর ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ।

৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায়। ফিরে যান শামীমা সুলতানা। ১৩ বল খেলে ১ চারে ৮ রান করে যান। এরপর জুটি বাঁধেন নিগার সুলতানা ও আয়শা রহমান। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় উইকেটে তারা দুজন ৫৪ রান তোলেন। নিগার ২৮ বল খেলে ৩ চারে ২৫ রানে অপরাজিত থাকেন। আর আয়শা রহমান ২৮ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

রাজধানীতে ১৫ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনগত রাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৬২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এসি সুমন কান্তি।

বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ১৮, আহত ৯০

ইরাকের রাজধানী বাগদাদের সাদর শহরে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯০ জনেরও বেশি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র জানান, বারুদ বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটেছে। দেশটির নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ইরাকি পুলিশ জানিয়েছে, একটি মসজিদে বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরকটি মসজিদ থেকে পাশে রাখা একটি গাড়িতে নেওয়ার সময় বিস্ফোরিত হয়।

আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন একজন মন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এই বিস্ফোরণ বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা।