All posts by lutfor

বাংলাদেশ-ভারত সম্পর্ক অন্যদের জন্য রোল মডেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুবছর ধরে বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, ‍সুনাম ও বিশ্বাসের কারণে দু’দেশের সম্পর্ক আজ পরিপক্কতা পেয়েছে। অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।

বাংলাদেশ-ভারত বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার বিশ্বাস দুই প্রতিবেশি দেশের এই সম্পর্ক বিশ্বের অন্যান্য অংশের মানুষের জন্য রোল মডেল হিসেবে গণ্য হবে।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের কুষ্টিয়ায় নবনির্মিত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই প্রতিবেশি দেশ একটি সুসম্পর্ক বজায় রেখেছি। এই সুসম্পর্ক আমাদের দুদেশের পাস্পরিক সমৃদ্ধিকে কাজে লাগবে। এর ফলে আমাদেশের দুদেশের মানুষজন লাভবান হচ্ছে। আমাদের এই মিত্রতা স্থায়ীত্ব পাবে। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমাদের উন্নয়নে সমর্থন করায় ধন্যবাদ জানাচ্ছি।

স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভারত যেই সহায়তা করেছে সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। এটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে চিরদিনই মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বহুদূর এগিয়ে গেছি।

বিদ্যুৎ খাতে ভারতের সহায়তার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বর্তমানে ভারত থেকে আমরা ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আরও ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চেষ্টা চলছে। গত কয়েক বছরে আমাদের বিদ্যুৎ উৎপাদন ৩২০০ মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।

তিনি বলেন, আমরা আরও ৫৫ টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছি। এগুলো সফলভাবে কাজে লাগলে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে সহজেই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী সম্পর্ক সৃস্টি মহান মুক্তিযুদ্ধে সক্রিয় সহযোগিতার মধ্য দিয়ে। ৪ যুগ পেরিয়ে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট নানা চুক্তির মাধ্যমে। এর ধারাবাহিতায় বাংলাদেশ-ভারত রেল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দ্বার উন্মোচন হয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, কুলাউড়া-শাহবাজপুর এবং আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগের মাধ্যমে যুক্ত হতে চলেছে যোগাযোগের নতুন দিগন্ত। পাশাপাশি ভারত থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ৫শ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিও নিশ্চিত করেছে।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

গুজব ছড়ানোর মামলায় ১২ শিক্ষার্থী রিমান্ডে

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার সময় গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সেই ১২ শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নিরু মিয়া আসামিদের আদালতে হাজির করেন সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে দুদিন করে রিমান্ডের আদেশ দেন।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন, কামাল হোসেনসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

রিমান্ডে যাওয়া শিক্ষার্থীরা হলেন- তারেক আজিজ, তারেক, জাহাঙ্গীর আলম, মো. মোজাহিদুল ইসলাম, মো. আল আমিন, জহিরুল ইসলাম, মো. বোরহান উদ্দিন, ইফতেখার আলম, মেহেদী হাসান রাজিব, মো. মাহফুজ, সাইফুল্লাহ ও রায়হানুল আবেদিন।

এরআগে সোমবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা দুটি মামলায় ১২ শিক্ষার্থীকে গ্রেফতার দেখায় পুলিশ।

ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া এলাকা থেকে রোববার ১২ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা দুটি মামলায় গ্রেফতার করা হয়।

মো. মাসুদুর রহমান দাবি করে বলেন, তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের মনোগ্রামসহ ১২ সেট ইউনিফর্ম, ১৩টি ফিতাসহ আইডি কার্ড (গ্রেফতার ছাত্ররা কেউই ওইসব স্কুল-কলেজের শিক্ষার্থী নয়), হ্যান্ডমাইক, ম্যাগনিফাইয়িং গ্লাস, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, তিনটি ল্যাপটপ, ইসলামী ছাত্রশিবিরের কর্মপদ্ধতির বিভিন্ন ফর্ম, শিশু-কিশোরদের মাসিক ম্যাগাজিন কিশোর কণ্ঠসহ বিভিন্ন ইসলামি বই, বিভিন্ন কার্যক্রমের বিষয়ে লেখা ডায়েরি ও ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ভিডিওসহ ছবি উদ্ধার করা হয়।

গ্রেফতার ছাত্রদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তারা গত ২৯ আগস্ট শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নিরাপদ সড়কের আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করতে ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন উসকানিমূলক লেখা,পোস্ট,ফটো ও ভিডিওর মাধ্যমে গুজব ছড়ায়।

এর আগে রোববার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ওইসব ছাত্রের অভিভাবকরা অভিযোগ করে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ১২ জন ছাত্রকে ৪ দিন ধরে অন্যায়ভাবে আটক রেখে নির্যাতন করা হচ্ছে। অথচ তাদের আটক বা গ্রেফতারের বিষয়টি স্বীকার করা হচ্ছে না। এমনকি তাদের আদালতেও সোপর্দ করা হচ্ছে না।।

অভিভাবকরা দাবি করে বলেন, গত ৫ সেপ্টেম্বর রাতে তেজগাঁও-মহাখালী এলাকায় অভিযান চালিয়ে আমাদের সন্তানসহ অনেক ছাত্রকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ডিবি কার্যালয় থেকে বেশ কয়েকজনকে ছেড়ে দেয়া হলেও আমাদের আরও ১২ সন্তানদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

ওইদিনই এ বিষয়ে জানতে চাইলে ডিবি পুলিশের উপকমিশনার মশিউর রহমান বলেন, সংবাদ সম্মেলনে যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ সঠিক নয়। ৫ সেপ্টেম্বর বা ৭ সেপ্টেম্বর আমরা কাউকে গ্রেফতার করিনি। যারা পেশাদার অপরাধের সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে প্রায়ই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান এখনো অব্যাহত আছে।

জুমার নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিদের যে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন রাসূল (সা.)

মালেক ইবনে শিহাব থেকে বর্ণনা করেছেন, তিনি ইবনে সাব্বাক থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) কোনো এক জুমার দিনে বললেন, ‘হে মুসলিম সম্প্রদায়! আল্লাহতায়ালা এই দিনটিকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন।’ আরবি শব্দ জুমুআ-এর অর্থ একত্র হওয়া। শুক্রবারকে বলা হয় ইয়াওমুল জুমাআ বা জুমার দিন। বিনা বারণে জুমার নামাজ ছেড়ে দেয়ার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি।

রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, জুমা হচ্ছে শ্রেষ্ঠ দিবস। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি সুন্দর রূপে ওজু করা করে জুমা নামাজ পড়তে আসবে তার পূর্ববর্তী জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত সংগঠিত গুনাহসমূহ মাফ হয়ে যায়।

পবিত্র কুরআনে সূরা আল জুমায় ইরশাদ করা হয়েছে, যখন সালাতের জন্য জুমার দিবসের আহবান জানানো হয়, তখনই আল্লাহকে স্মরণের উদ্দেশে চলে এসো এবং ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।

জুমার নামাজ না পড়ার পরিণাম:
রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর তিনটি জুমা বিনা ওজরে ও ইচ্ছা করে ছেড়ে দেবে, আল্লাহ তাআলা ঐ ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবেন। (তিরমিযী,আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)।

অপর এক হাদীসে রাসূল (সা.) বলেছেন, জুমা ত্যাগকারী লোকেরা হয় নিজেদের এই খারাপ কাজ হতে বিরত থাকুক। (অর্থাৎ জুমার নামাজ আদায় করুক), নতুবা আল্লাহ তাআলা তাদের এই গোনাহের শাস্তিতে তাদের অন্তরের ওপর মোহর করে দেবেন। পরে তারা আত্মভোলা হয়ে যাবে। অতপর সংশোধন লাভের সুযোগ থেকেও বঞ্চিত হয়ে যাবে। (মুসলিম)।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পর পর তিনটি জুমা পরিত্যাগ করবে, সে ইসলামকে পিছনের দিকে নিক্ষেপ করল। (মুসলিম)।

তবে আবার রাসূল (সা.) বলেছেন, চার শ্রেণির লোক ব্যতিত জুমআ’র নামাজ ত্যাগ করা কবিরা গোনাহ। চার শ্রেণির লোক হল- ক্রীতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্ত বয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। (আবু দাউদ)।

মহান আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত জুমার নামাজ আদায় করে ভয়াবহ শাস্তি থেকে সবাইকে হেফাজত করুন। আমীন

ব্রাজিলে প্রেসিডেন্ট প্রার্থীকে ছুরিকাঘাত

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন কট্টর ডানপন্থী নেতা বোলসোনারো। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিও ডি জেনিরো থেকে ২০০ কিলোমিটার উত্তরের শহর জুইজ ডি ফোরাতে এ হামলার ঘটনা ঘটে।

ব্রজিল পুলিশ বলছে, ফিলানথ্রপিক ক্যান্সার হাসপাতালে প্রচারণা চালানো সময় ৬৩ বছর বয়সী এ রাজনীতিবিদের পেটে ছুরিকাঘাত করে অজ্ঞাতনামা হামলাকারী। তারা ওই হামলাকারীকে আটক করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোলসোনারোর পেটে নিচের অংশে একটি ছুড়ি দিয়ে আঘাত করা হয়। ল্যাটিন আমেরিকার বৃহত্তম এই জাতির দুর্নীতি দমনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

গ্লোবো নিউজ নামে ব্রাজিলের ২৪ ঘন্টার একটি নিউজ চ্যানেলের সংবাদে জানা যায়, বোলসোনারোকে জুইজ ডি ফোরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার পেটে অস্ত্রোপচার করা হয়। এই হামলার কারণে ডানপন্থী এই নেতার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে বলেও জানান তারা।

ব্রাজিলের একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অক্টোবরে আসন্ন প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে বোলসোনারো ২২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন বলে দেশটির ইন্সটিটিউট অব পাবলিক অপিনিয়ন এন্ড স্ট্যাটিসটিকস নামের একটি প্রতিষ্ঠানের জনমত জরিপে জানা যায়।

ব্রাজিলের নির্বাচনী আদালত সাবেক প্রেসিডেন্ট এবং জনপ্রিয় বামপন্থী লুইজ ইনাসিও ডি সিলভা লুলাকে নির্বাচনে অবৈধ ঘোষণা করার পর এটি প্রথম জনমত জরিপ। এর আগের জনমত জরিপে এগিয়ে থাকা লুলাকে দূর্নীতির অভিযোগে ১২ বছরের কারাদন্ড দেয় দেশটির আদালত।

বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ গোলশূন্য

ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থক বেড়ে গেছে বাংলাদেশের। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাই দর্শকরা প্রায় ভরিয়ে দিয়েছে গ্যালারি। তবে সমর্থকদের মন ভরাতে পারছেন না জামাল ভুঁইয়ারা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

বাংলাদেশ এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে ইংলিশ কোচ জেমি ডে একাদশে রেখেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

প্রথমার্ধে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।

বাংলাদেশ : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

ইয়াবাসহ ধরা খেলেন এমবিবিএস ডাক্তার

র‍্যাবের অভিযানে ইয়াবাসহ কক্সবাজারের উখিয়া উপজেলার চোয়ানখালী এলাকায় ধরা পড়েছেন মো. মেরাজ উদ্দিন (৩০) নামে একজন এমবিবিএস চিকিৎসক ।

মেরাজ বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিসিডিডিআরবি) মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

র‍্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, ‘ র‌্যাব গোপন সূত্রে জানতে পারে উখিয়ার চোয়ানখালির রাসেল ষ্টোরের সামনে মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।’

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আইসিডিডিআরবির চিকিৎসক মেরাজ উদ্দিন ও আইসিডিডিআরবির কর্মচারী মো. মোক্তার হোসেনকে (৩৬) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৯ হাজার ৮০০টি ইয়াবা পাওয়া যায়।

আটককৃত দ্বিতীয় ব্যক্তি, আইসিসিডিডিআরবির আরেক কর্মকর্তা মোক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার কড়াইপুর পাহাড়তলা গ্রামের মৃত ধন মিয়া প্রকাশ ফারুক মিয়ার ছেলে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় আটক চিকিৎসক মেরাজ উদ্দিন ও কর্মচারী মোক্তার হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাসিক নির্বাচন বাতিল চেয়ে বুলবুলের মামলা

রাজশাহী সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

বৃহস্পতিবার বিকালে বুলবুল তার আইনজীবী আবুল কাশেমের মাধ্যমে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন।

আইনজীবী আবুল কাশেমের সহকারী পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘মামলার সময় সিনিয়র আইনজীবী আবুল কাশেমের নেতৃত্বে পাঁচ আইনজীবী শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালতের বিচারক আবু সাঈদ মামলাটি আমলে নিয়েছেন। মামলায় তিনি ১৩৮টি কেন্দ্রে অনিয়ম ও ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।’

বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে। তাই আমি মনে করি এ নির্বাচন বাতিল হওয়া উচিত।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ভোট পান এক লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান। তিনি এখনও ঢাকায় রয়েছেন। আগামী রোববার তার দায়িত্ব নেয়ার কথা রয়েছে।

নির্বাচনকালীন সরকারে সম্ভবত থাকছি : অর্থমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারে আমি সম্ভবত থাকছি।’ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আমি আর অংশগ্রহণ করছি না। আমার পরিবর্তে সিলেট-১ আসন থেকে আমার ছোট ভাই মোমেন (জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন) নির্বাচন করবে। তার প্রতি আমার সমর্থন আছে এবং থাকবে। তবে আওয়ামী লীগের নির্বাচনী বোর্ড ওই আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ এর আগে অর্থমন্ত্রীর হাতে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশের চেক হস্তান্তর করে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংকের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকটি এখন বেশ ভালোই চলছে। তবে ড. ইউনূসকে (ড. মুহাম্মদ ইউনূস) গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করায় সে দেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক খারাপ হয়েছে।’

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে ড. কামাল হোসেনসহ বিভিন্ন মহলের দাবির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তাঁরা যেটা বলছেন, সেটা অবাস্তব, অবান্তর ও বোগাস। নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। সেটা তাদের ভুল ছিল। তাই বলে কেউ তো বলছে না যে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি? শেখ হাসিনার অধীনে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার মাঠপর্যায়ের জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসে তালিকা প্রকাশ করা হয় বলে জানান ইসির সহকারী সচিব রৌশন আরা।

“৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে তালিকা পাঠাতে বলা হয়েছে। সবার কাছ থেকে তালিকা পেলে জানা যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কতগুলো ভোটকেন্দ্র ও কক্ষ থাকবে,” বলেন তিনি।

ইসির যুগ্মসচিব আবুল কাসেম সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে একীভূত তথ্য জানানো সম্ভব হবে। খসড়া তালিকায় প্রাশিত ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের বিষয়ে দাবি-আপত্তি নিষ্পত্তি হয়েছে। চূড়ান্তভাবে এ সংখ্যা খসড়ার চেয়ে কম-বেশি হতে পারে।

কমিশনের অনুমোদনের পর তা গেজেটে প্রকাশ করা হবে।

আগামী ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর ভোটের ২৫ দিন আগে ইসি অনুমোদিত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র লাগছে। তাতে ভোটকক্ষ থাকবে অন্তত দুই লাখ।

সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা হয়েছে।

সর্বশেষ দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি।

বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকারের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত উত্তর কোরিয়ার হ্যাকারের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তার নাম পার্ক জিউন হিউক। যুক্তরাষ্ট্রের সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগে সাইবার হামলার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করছে বিচার বিভাগ। গতকাল বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর এনবিসি নিউজ ও রয়টার্সের

মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস জানিয়েছেন, বিচার বিভাগের জন্য এই তদন্ত ছিল অত্যন্ত জটিল প্রকৃতির। ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলার মূল কারিগর ছিলেন পার্ক জিউন হিউক। একইসঙ্গে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতেও মূল প্রোগ্রামারের দায়িত্বে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই দাবি করে আসছে উত্তর কোরিয়ার হ্যাকাররাই সাইবার হামলার জন্য দায়ী। সনি পিকচার্সে সাইবার হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়া হয়।

গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তারা কম্পিউটার ইন্টারনেট অ্যাড্রেস এবং হ্যাকিং টুলস নিয়ে অনুসন্ধান করে জানতে পেরেছে যে, এরা উত্তর কোরিয়ার হ্যাকার। আর এদের সঙ্গে উত্তর কোরিয়া সরকারের যোগাযোগ রয়েছে। তবে যার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে সেই পার্ক জিউন হিউককে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের টাকা ফেরত পাওয়ার বিষয়ে নিউ ইয়র্কের আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রী সম্প্রতি জানান, মামলার প্রস্তুতি হিসাবে যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেয়া হবে। সূত্র জানায়, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে। যেহেতু জানুয়ারির মধ্যেই মামলা করতে হবে সেজন্য নভেম্বরের মধ্যে প্রাথমিক সব কাজ সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান আইনজীবী আজমালুল হোসেন কিউসি বাংলাদেশ ব্যাংকের পক্ষের বিষয়গুলো দেখভাল করছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি করে নেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনের জুয়ার আসরে। এ ঘটনার প্রায় একমাস পর ফিলিপাইনের একটি পত্রিকার সংবাদের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ জানতে পারে।