All posts by lutfor

এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত, কমেছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।  অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক দিনে সর্বোচ্চ ৭৮৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৮৩ জনের মৃত্যু হয়েছে।অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪০৩ জন। গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তার বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১২ লাখ ২ হাজার ৮৭০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৩ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯২৯ জন।

ঢাকায় আসছেন চীনের চার বিশেষজ্ঞ

দেশে করোনাভাইরাসের মহামারি ঠেকাতে চীন থেকে চার জন বিশেষজ্ঞ ঢাকায় আসছেন। করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সিস্টেম (এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম) তৈরির জন্য এই দলটি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং সরকারের অন্যান্য এজেন্সির সঙ্গে কাজ করবে।

এ বিষয়ে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, এই দলটির সবাই চীনের রাষ্ট্রায়ত্ত সিনোভাশিও সংস্থায় কর্মরত। এই সংস্থাটি মহামারি নিয়ন্ত্রণ করার জন্য চীন সরকারকে সফলভাবে সহায়তা করেছিল। ইতোমধ্যে তারা ভিসা পেয়ে গেছেন এবং বাংলাদেশে তারা তিন মাস অবস্থান করবেন।

উল্লেখ্য, এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে মহামারির তথ্য সংগ্রহ করে একটি দ্রুত মডেলিং তৈরি করা এবং রোগ নিয়ন্ত্রণ এজেন্সি ও স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষের কাছে গবেষণালব্ধ তথ্য পৌঁছে দেওয়া। এর মাধ্যমে নব্য আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিও আছে।

এদিকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ফেসবুক পোস্টে লিখেছেন, চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে বিশেষজ্ঞদের একটি চীনা চিকিৎসা দল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য বাংলাদেশে আসছে। শুধু তাই না, পুরোপুরি চীনা অর্থায়নে গড়া চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রকে কোভিড-১৯ রোগীদের জন্য একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে।

বক্তব্যের শেষে ‘জয় বাংলা আরও একবার!’ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, চীনা কোম্পানিগুলো এবং জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবা ফাউন্ডেশনের মতো দাতব্য সংগঠনগুলোও বাংলাদেশকে বিপুল সংখ্যক চিকিৎসা সামগ্রী ও উপকরণ দিয়েছে। বাংলাদেশে বৃহৎ প্রকল্পগুলোতে সংশ্লিষ্ট চীনা কোম্পানিগুলো করোনা পরিস্থিতির কারণে সৃষ্ট সব অসুবিধা ও হতাশার পরেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত লি জিমিং আরও বলেন, আমি আপনাদের আবারও নিশ্চিত করছি যে, আরও ভালো ও অংশীদারিত্বমূলক ভবিষ্যতের জন্য এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে চীন বাংলাদেশসহ গোটা বিশ্বের পাশে দাঁড়িয়ে নিবিড়ভাবে কাজ করে যাবে।

জীবিত ও সুস্থ আছেন কিম জং-উন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর স্বাস্থ্যের গুরুতর অবনতি ও মৃত্যুর সংবাদ নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। তবে এবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন।

সোমবার (২৭ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা মুন চাঙ-ইনের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক এক টেলিভিশন চ্যানেল।

উপদেষ্টা মুন চাঙ-ইন বলেন, এ বিষয়ে আমাদের সরকারি অবস্থান খুবই দৃঢ়। কিম জং-উন বেঁচে আছেন এবং সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল থেকে তিনি ওনসান এলাকায় অবস্থান করছেন। এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়নি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র তথ্য অনুসারে, গত ১৫ এপ্রিল পিতামহ ও উত্তর কোরিয়ার জাতির জনক কিম ইল সাংয়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এর চার দিন আগে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সভায় সভাপতিত্ব করেছিলেন তিনি। এরপর থেকেই তার শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা ও পরবর্তীতে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।

নানারকম গুঞ্জনের মধ্যেও কিমের স্বাস্থ্য ও অবস্থানের তথ্য এখন পর্যন্ত গোপন রেখেছে উত্তর কোরিয়া। তথ্য প্রবাহের ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ নীতির কারণে কিম সম্পর্কে এসব গুঞ্জন যাচাই করা কঠিন।

গণস্বাস্থ্যের অভিযোগ প্রত্যাখ্যান করল ওষুধ প্রশাসন

গণস্বাস্থ্য কেন্দ্রকে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ছিলেন এখনও আছেন বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। করোনা ভাইরাস শনাক্ত করার আবিষ্কৃত কিট অনুমোদনের ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদফতর নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন অভিযোগ উঠার পর ওষুধ প্রশাসন অধিদফতরের শীর্ষ কর্মকর্তা এই কথা জানালেন।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মিডিয়া সেল আয়োজিত কোভিড-১৯ পরীক্ষার কিটস সংক্রান্ত বিষয়াদি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, উনি বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ওষুধ প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের দেশের এই মুহূর্তে প্রত্যেক মানুষের সহযোগিতা খুব দরকার। সবার তাদেরও দরকার। গণস্বাস্থ্যের সহযোগিতা আমাদের দরকার। সবাই মিলে আমাদের সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, এখানে যদি অযাচিতভাবে অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয় সেটি অত্যন্ত দুঃখজনক। এটি আমি প্রত্যাখ্যান করছি। আমি অনুরোধ করব এ ধরনের অপপ্রচার যাতে না চালানো হয়।

‘তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তার কাছ থেকে আরও বিজ্ঞানভিত্তিক, সৌজন্যমূলক দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা আশা করব বলেন মহাপরিচালক।মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন ওনারা একটা টেস্ট ডেভেলপ করেছেন। আমাদের দিক থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের দিক থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিলাম এবং এখনও আছি।

দেশে করোনায় আরো ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ৪৯৭

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন।  সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩১ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৭১ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৮ লাখ ৮২ হাজার ৫৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৫২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন।

সব শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী

করোনা মহামারী পরিস্থিতি থাকলে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কাল তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এখনই স্কুল-কলেজ খুলে দেয়া হবে না। সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। যখন করোনা সংক্রমণ থামবে তখন খুলব। তিনি বলেন, আলেমরা মসজিদে সীমিত আকারে জামাত করার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বাসায় বসে ইবাদত করুন। এই মহামারী যাতে কেটে যায় দোয়া করুন।

শেখ হাসিনা আরও বলেন, আমরা এ দুঃসময় কাটিয়ে উঠব। আবার কল-কারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটা আবার চলে যাবে। আবার আলো আসবে। আজ বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উল্লিখিত জেলার প্রশাসক, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল সার্জন, নার্স, রাজনীতিক, সেনা সদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্গে করোনা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।এর আগে প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চার দফা পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৪৮টি জেলার সঙ্গে মতবিনিময় করেন।

করোনায় আক্রান্ত হলে কর্মীকে ৫ লাখ টাকা দেবে নগদ

কোনো কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ।প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। সেই বিশ্বাস থেকে সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। নগদ মনে করে, মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। নগদ তার জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের পাশে থাকার সেই প্রত্যয় থেকে এই দুর্যোগের সময়ও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে নগদের উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মীদের এই শ্রম ও ত্যাগকে গভীরভাবে শ্রদ্ধা করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদ এ উদ্যোগটি নিয়েছে। কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রথম থেকে অনেক বেশি সচেতন ডাক বিভাগের এ প্রতিষ্ঠানটি। যে কারণে ২৫ মার্চ থেকে এর কর্মীরা ‘হোম অফিস’ করছেন। কেউ যেন এই দুর্যোগের সময় আতঙ্কিত না হন, সেজন্য নিয়মিত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। এছাড়া মাঠ পর্যায়ে যারা মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কাজ করছে নগদ। দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগদ মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকেই মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে এনেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩ কোটি ডলার দিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক  :নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র অর্থ সহায়তা বন্ধের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও তিন কোটি ডলার সহায়তা দিচ্ছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গ তীব্র মতবিরোধের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবরকমের আর্থিক সাহায্য ও অনুদান বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর বিশ্বজুড়ে করোনাভাইরানের মহামারী রুখতে সংস্থাটিকে দুই কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় চীন। তার সঙ্গে এখন আরও তিন কোটি ডলার সহায়তা দেবে বলে চীনা বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র জেন শুয়াং জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে, টিকা আবিষ্কার ও ওষুধ তৈরিসহ গবেষণার জন্য বিপুল পরিমান এই অর্থ ব্যয় করা হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চীনের পক্ষে একতরফা ওকালতি করেছ সংস্থাটি। যুক্তরাষ্ট্র চীনের উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানো হয়েছে বলে অভিযোগ করে আসছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের সংক্রমণে চীনের দোষ খুঁজে পায়নি। বরং এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ভাইরাস বলে সাফ জানিয়ে দেন সংস্থার প্রধান। এরপরই বিগড়ে যাওয়া প্রেসিডেন্ট ট্রাম্প উহানের ভাইরাস গবেষণাগারকে কাঠগড়ায় না দাঁড় করিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের স্বার্থরক্ষা করে চলেছে বলে অভিযোগ করেন। ওয়াশিংটন এই দোষারোপ করে সংস্থার পাশ থেকে সরে দাঁড়ায় এবং আর্থিক সাহায্য বন্ধ করে দেয়। এমনকি রিপাবলিকান পার্টির সদস্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়েসুসের বিরুদ্ধে চীনের হয়ে দালালি করার অভিযোগ তুলে তার দাবিও তোলেন। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে তেদ্রোস বলেছেন, তার ইস্তফার প্রশ্নই আসে না। তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। কারণ মানুষের জীবন বাঁচানো একটা মহৎ কাজ। তার লক্ষ্য করোনাভাইরাস মোকাবেলায় সব দেশকে আর মানবজাতিকে সাহায্য করা।

জরুরি সেবা দেয়া সব মন্ত্রণালয়-বিভাগই ছুটিতে খোলা থাকবে

১৮টি মন্ত্রণালয় ও বিভাগ নয়, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে। শুক্রবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

এর আগে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছিল। তাতে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের নাম উল্লেখ করে বলা হয় এগুলো সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে।

জনপ্রশাসন সচিব বলেন, প্রথমে ১৮ মন্ত্রণালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে এমন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু পরে আমরা সেটি প্রত্যাহার করি।তিনি বলেন, এখন নির্দেশনা হলো যে সব মন্ত্রণালয় বা বিভাগ জরুরি পরিসেবা ও কাজের সঙ্গে সম্পৃক্ত সেই সব মন্ত্রণালয় ও সীমিত আকারে খোলা রাখতে পারবে। আমরা কোনো মন্ত্রণালয়ের নাম বলছি না। যেমন বিদ্যুৎ ও জ্বালানি, ত্রাণ, স্বাস্থ্য এমন সব কাজের সঙ্গে সংশ্লিষ্ট যে সব মন্ত্রণালয়-বিভাগ ও সংস্থাগুলো খোলা থাকবে।

সাধারণ ছুটিকালীন ঢাকাসহ সব বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে এসব মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন দফতরগুলো সীমিত পরিসরে খোলা রাখতে বলা হয়েছে বলেও জানান সচিব।

দেশব্যাপী করোনাভাইরাস রোগ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। সর্বশেষ সরকার সেই ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে।