All posts by lutfor

কাতার এয়ারওয়েজের কানাডা গেলেন আওয়ামীলীগ নেতা হানিফ

অনলাইন নিউজ ডেস্ক: কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর। গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তাঁর আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।

তারিকুল ইসলাম টুটুল জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।

করোনাভাইরাসে আক্রান্ত মাশরাফি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফীর বন্ধু বাবুল।

এর আগে ক’দিন হলো কিছুটা জ্বরে ভুগছিলেন মাশরাফী। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তবে, মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

এর আগে মাশরাফী শাশুড়ী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি।

শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।

ওয়েব সাইটে জানা যাবে কোথায় খালি আছে আইসিইউ

মহামারি করোনাভারাসকালে নানা রকম অসুবিধার মধ্যে পরেছে দেশের হাসপাতাল গুলো। সেই সাথে সমস্যার মধ্যে আছে রোগিরাও। করোনা সংকটে মুমূর্ষু রোগীদের জন্য বিরাজ করছে আইসিইউ-এর প্রচণ্ড সংকট। করোনায় আক্রান্ত রোগিরাই হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না।

শুধু তাই নয়, তথ্য ব্যবস্থাপনার অভাবে রোগীর কাছে পৌছাচ্ছে না তথ্য। রোগীর কাছে তথ্য না থাকায় কোন হাসপাতালে গেলে কভিড-১৯ বেড ও আইসিইউ সংক্রান্ত সহায়তা পাওয়া যেতে পারে, সেটিও জানা যাচ্ছে না। এমতাবস্থায় অন্তত বর্তমানে থাকা আইসিইউ সুবিধা আর কভিড-১৯ বিশেষায়িত বেডের তথ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান প্রয়োজন। আর এই সব সমস্যার সমাধানের জন্য দেশের হাসপাতালগুলোতে খালি আইসিইউ ও কভিড-১৯ বেডের রিয়েল টাইম তথ্য নিয়ে তৈরি হয়েছে ওয়েবসাইট।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশব্যপী বিভিন্ন মেডিক্যাল কলেজের একদল স্বেচ্ছাসেবক দল এই সমস্যার সমাধানের তৈরি করেছে https://icufinder.web.app নামে একটি ওয়েবসাইট– যেখানে জানা যাবে, দেশের সকল হাসপাতালের আইসিইউ আর কভিড-১৯ বিশেষায়িত বেডের মোট সংখ্যা এবং একেকটি হাসপাতালে ফাঁকা থাকা আইসিইউ আর কভিড-১৯ বেডের রিয়েল টাইম তথ্য।

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী মেয়ো গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগ এনে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ওবাদিয়াহ মোয়োকে আদালতে হাজির করা হবে।

দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে বিষয়টি নিশ্চিত করে জানান, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে।

সিজিটিএন আফ্রিকা জানায়, তার বিরুদ্ধে ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

সিজিটিএন আরো জানায়, ড্রাক্স ইন্টারন্যাশনাল সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানা সত্ত্বেও স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার তাদের পাইয়ে দিয়েছিলেন মোয়ো। জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়েই এ চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি।

এ ঘটনায় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর আগে জিম্বাবুয়ের সাবেক পর্যটন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সূত্র- রয়টার্স, আল জাজিরা।

বলিউড তারকাদের প্রতি চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান

বিনোদন ডেস্ক :  চীনা পণ্যের বিজ্ঞাপন না করার জন্য বলিউড তারকাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) এই আহ্বান জানিয়েছে।ইন্দো-চীন সীমান্তে উত্তেজনার কারণে অনেকেই বেশ কিছুদিন ধরে ভারতে চীনা পণ্য বর্জনের ডাক দিয়ে আসছেন। সম্প্রতি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের পর চীনের উৎপাদিত পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সিএআইটি।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক খোলা চিঠিতে আমির খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ক্যাটরিনা কাইফসহ অন্যদের চীনা পণ্যের বিজ্ঞাপন না করার আহ্বান জানায়। এছাড়া অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিতসহ বেশ কয়েকজন তারকাকে চীনা পণ্য বর্জনের জন্য ‘ভারতীয় সামান-হামারা অভিমান’ ক্যাম্পেইনে যোগ দিতে অনুরোধ করেছে ব্যবসায়ীক সংগঠনটি।

এর আগে আরশাদ ওয়ার্সি, মিলিন্দ সুমন, রণবীর শোরের মতো বলিউড তারকারা চীনা পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি নিজেরাও চীনা পণ্য ব্যবহার করবেন না বলে জানান।

সশস্ত্র বাহিনীতে ৪ হাজারের বেশি করোনায় আক্রান্ত

সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সবাই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।

এদিকে শনিবার (২০ জুন) সকাল ১০টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী।

এছাড়া দেশে শুক্রবার দুপুরের আগে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

সীমান্তে চীনকে শিক্ষা দিয়েছে ভারতীয় সেনারা: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারত সংঘর্ষের পর উভয় দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কয়েকদফা সামরিক পর্যায়ে আলোচানাও হয়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন।

শুক্রবার সেই বৈঠকে মোদি বলেন, ‘তারা (চীন) আমাদের সীমান্তে অনুপ্রবেশ করেনি, কোনো তল্লাশি চৌকিও দখল করেনি। আমাদের ২০ জওয়ান শহীদ হয়েছে। কিন্তু যারা ভারতমাতার দিকে চোখ তুলে দেখেছেন, তাদের শিক্ষা দিয়ে গেছেন।’

দেশটিতে স্থানীয় সময় বিকাল ৫টায় মোদির ডাকা এই সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন ২০টি দল। বৈঠকে মোদির সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ভারতের সামরিক শক্তি সম্পর্কে তিনি বলেন, ‘আজ আমরা এমন সামর্থ্য অর্জন করেছি য়ে কেউ আমাদের এক ইঞ্চি জমির দিকেও চোখ তুলে তাকাতে পারবে না। ভারতের সামরিক বাহিনী একই সময় একাধিক সেক্টরে যেতে সক্ষম।’

লাদাখ সীমান্তে নজরদারি প্রসঙ্গে তিনি বলেন, নতুন পরিকাঠামোর ফলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর আমাদের টহলদারির ক্ষমতা বেড়েছে। ফলে সতর্কতাও বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কী কী গতিবিধি হচ্ছে, তা সময়ে নজরে চলে আসে। আগে যে এলাকাগুলোতে বেশি নজর রাখা হত না, এখন সেখানে ভালোভাবে নজরদারি চালাচ্ছেন সেনারা। এখনও পর্যন্ত যাদের কেউ আটকাত না, জিজ্ঞাসা করত না, এখন আমাদের সেনারা আটকাচ্ছেন।

চীনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোদি বলেন, ‘ভারত শান্তি ও বন্ধুত্ব চায়। কিন্তু সার্বভৌমত্ব বজায় রাখা সবথেকে গুরুত্বপূর্ণ।’বৈঠকের শুরুতে নরেন্দ্র মোদিকে একগুচ্ছ প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।কংগ্রেস নেত্রী জানতে চান, চীন যে এত বড় সৈন্য সমাবেশ করছে, সরকার কি সে খবর পায়নি? উপগ্রহ চিত্রে কি নজর রাখা হয়নি? এই বৈঠক আগে কেন ডাকা হয়নি, সেই প্রশ্নও করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চীন গণতান্ত্রিক দেশ নয়। তাদের দেশে স্বৈরতন্ত্র চলে। তারা যা খুশি করতে পারে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হয়েই চলতে হবে। ভারত জিতবে, চীন হারবে। ঐক্যবদ্ধ হয়ে কথা বলুন, ঐক্যবদ্ধ হয়ে ভাবুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমরা এই ইস্যুতে সব সময় কেন্দ্রের পাশে রয়েছি।

প্রসঙ্গত, সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যাকায় ভারত-চীনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ২০ ভারতীয় সেনা নিহত হন। এ ছাড়া ৭৬ জন গুরুতর আহত হন। তবে চীনের পক্ষ থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি।

এদিকে বৃহস্পতিবার রাতে চীনের হাতে আটক ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে বেইজিং। আটক হওয়া ১০ সেনা সদস্যের মধ্যে চার সেনা কর্মকর্তাও রয়েছেন।তবে, চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হাতে কোনো ভারতীয় সেনা সদস্য আটক হয়নি।

ডিএমপির ২৮ উপ-কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৮ জন উপ-কমিশনারকে (ডিসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট, ওয়ারীসহ ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ট্রাফিকের সব বিভাগ ও গোয়েন্দা পুলিশের ডিসিকে বদলি করা হয়েছে।আর এই আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার থেকে চলবে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট

রোববার থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।শুক্রবার (১৯ জুন) বেবিচক সূত্রে এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানায়, সপ্তাহে তিন দিন শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট পরিচালনা করতে পারবে বিমান সংস্থাটি। ফলে কাতার ও যুক্তরাজ্যের পর এবার ঢাকা থেকে আরব আমিরাতের ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, ঢাকা থেকে ইউএই’র নাগরিক এবং অন্য সব দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তাম্বুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরেন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন।

বেবিচক সূত্রে জানা গেছে, ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশে আসবে ইকে-৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে-৫৮৫ ফ্লাইট। সূত্র আরও জানায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চলাচল করবে।

এসব ফ্লাইটে চলাচলের জন্য যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক। তাছাড়া যাত্রীরা যে দেশে যাবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমে বলেন, শুধু ট্রানজিট যাত্রীরা এমিরেটসের ফ্লাইটে যেতে পারবেন। আমিরাতে যেসব বাংলাদেশির বসবাসের অনুমতি রয়েছে তারা যেতে পারবেন। তবে শ্রমিকরা চলাচল করতে পারবেন না।

অব্যাহত থাকবে বৃষ্টিপাত, সমুদ্রে ৩ নম্বর সতর্কতা

স্টাফ রিপোর্টারঃ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী দুই দিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় চার সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চার সমদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ করতে বলা হয়েছে।

এদিকে শনিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চাল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ কারণে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।