All posts by lutfor

পর্যটন শিল্প বিকাশে ডিজিটাল উদ্যোগ

পর্যটন শিল্পের বিকাশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ডিজিটাইজেশনের ওপর গুরুত্বারোপ করছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটক বিশেষ করে তরুণ পর্যটক আকর্ষনের জন্য বিটিবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে।এরই অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা বিটিবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক, টুইটার ও উইচ্যাটে নিজস্ব ওয়েব পেইজ পরিচালনা করছে।

বিটিবি’র আইটি ইনচার্জ শাহজাহান কবির বাসসকে বলেন, আমরা পর্যটকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। বর্তমানে পর্যটনের ফেসবুক পেইজে ৫০ হাজার ফলোয়ার আছে।

তিনি বলেন, ”দেশের এবং দেশের বাইরের আগ্রহী পর্যটকরা প্রতিদিন আমাদের পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে নানা তথ্য জানতে চান। পর্যটকদের চাহিদা অনুযায়ী আমরা পর্যটন সংক্রান্ত তথ্য ফেসবুকে ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সাইটগুলোতে দিয়ে থাকি।”

সামাজিক যোগযোগ মাধ্যমকে যে কোন পণ্যের বাজারজাতকরণের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে বিটিবি কর্মকর্তা বলেন, আমরা এই মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক আকর্ষনের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, বিটিবি ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ পর্যটনের বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা নিয়েছে। আগামী অর্থবছরের জন্য ফেসবুক, টুইটার ও ইউটিউিবে বিজ্ঞাপন প্রচারের জন্য বিটিবি কর্তৃপক্ষ ইতিমধ্যেই বাজেট বরাদ্দের আবেদন জানিয়েছে।

দেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর ভিডিও দেখানোর জন্য বিটিবি একটি নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছে। শাহজাহান কবির বলেন, ”বর্তমানে ইউটিউব চ্যানেল সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা তরুণ সমাজ টেলিভিশনের চেয়ে ইউটিউবই বেশি দেখে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিটিবি ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপও তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ভিসা প্রক্রিয়া, থাকা, খাওয়ার জায়গা, পরিবহন ব্যবস্থা, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, ইভেন্ট ক্যালেন্ডার, বিনোদন, কেনাকাটা ও ট্যুর ক্যালকুলেটর সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশে পর্যটনে আগ্রহী যে কোন পর্যটক পর্যটন সংক্রান্ত সব তথ্য পাবেন। এই অ্যাপ প্রমোট করার জন্য আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলায় প্রদর্শনের জন্য কাজ করছি।

বিটিবি পর্যটনের ওয়েবসাইটকেও নতুনভাবে সাজিয়েছে। এই নতুন ওয়েবসাইট এখন আরো অনেক বেশি পর্যটক বান্ধব ও তথ্যবহুল। এতে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর দৃষ্টিনন্দন ছবিও আপলোড করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে এই ওয়েবসাইটে বাংলাদেশ ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, হোটেল, মোটেল এবং রেস্টুরেন্টের লিংক দেয়া আছে।

বাংলাদেশ সরকারের ডিজিটাল উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশ পর্যটন বোর্ড পর্যটনকে ডিজালাইজ করার উদ্যোগ নিয়েছে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (টিওএবি)-এর প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ বলেন, বর্তমান বিশ্বের পর্যটন শিল্প অনলাইন মার্কেটিং-এর ওপর নির্ভরশীল। ওয়েবসাইটে পাওয়া তথ্যের ভিত্তিতেই বিদেশী পর্যটকরা পর্যটনস্থল নির্বাচন করে থাকেন।

তিনি বলেন, ”বর্তমান ইন্টারনেট ভিত্তিক বিশ্বে অনলাইন মার্কেটিং আবশ্যক। ভার্চুয়াল জগতের সাহায্য নেয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। এটি অত্যন্ত আশাব্যাঞ্জক যে আমাদের সরকার পর্যটন শিল্পকে অনলাইনে প্রচারের ব্যবস্থা করেছে।”

বান্দরবানে পাহাড়ধসের প্রভাব: ঈদে পর্যটন ব্যবসা নিয়ে শঙ্কা

দেখে বোঝার উপায় নেই এটি সড়ক। চারপাশে পাহাড় ধসের মাটি, উপড়ে পড়া গাছ। বাধা ডিঙিয়ে সে পথেই এখনো চলাচল করছে দুই একজন যাত্রী। ছবিটি গতকাল সকালে রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের মোনতলা কিজিং আদাম এলাকা তোলা l প্রথম আলো
গত বছর ঈদের ছুটিতে পর্যটকে সরগরম ছিল বান্দরবানের ৫২টি হোটেল-মোটেল ও অবকাশকেন্দ্র। ঈদের আগেই অধিকাংশ হোটেল-মোটেল বুকিং (আগাম ভাড়া) হয়ে গিয়েছিল। এ বছর ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকলেও বেড়াতে আসার জন্য খুব কমসংখ্যক পর্যটকই বুকিং দিয়েছেন। ১৩ জুনের পাহাড়ধসের পর অনেকে বুকিং বাতিলও করেছেন। ফলে এবার ঈদের পর লোকসানের আশঙ্কা করছেন জেলার হোটেল-মোটেল মালিকেরা।

মেঘলা পর্যটন মোটেলের সহকারী ব্যবস্থাপক শাকিল আহমদ বলেন, এখন পর্যন্ত মোটেলের ১৫ শতাংশ কক্ষ আগাম ভাড়া হয়েছে। পাহাড়ধসের পর অনেক পর্যটক বুকিং বাতিল করেছেন।

বান্দরবান জেলা প্রশাসন ও হোটেল-মোটেল মালিকেরা বলছেন, জেলায় পাহাড়ধসের ঘটনা ঘটলেও পর্যটন স্পটগুলোর ক্ষতি হয়নি। পর্যটকেরা নিরাপদে বান্দরবান আসতে পারবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে গণসংযোগ বিভাগের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, বান্দরবানের সড়ক যোগাযোগসহ সবকিছু স্বাভাবিক রয়েছে। পর্যটকদের নিরাপদ এসে ফিরে যেতে কোনো সমস্যাই হবে না।

গতকাল শুক্রবার বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈল প্রপাতসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা যায়, পর্যটক কেন্দ্রগুলোয় অলস সময় কাটাচ্ছিলেন কর্মচারীরা। তাঁরা বলছেন অন্যান্য বছর ঈদের আগেই বিপুলসংখ্যক পর্যটক আসেন। কিন্তু এবার তেমনটা হয়নি।

বান্দরবান-চিম্বুক সড়কের মিলনছড়ি এলাকার হিল সাইড অবকাশযাপন কেন্দ্রের ব্যবস্থাপক রয়েল বম বলেন, অন্য বছরগুলোয় ঈদ উপলক্ষে অনেক বেশি আগাম বুকিং থাকে। কিন্তু এবার কেবল ২৮ ও ২৯ জুনে আগাম বুকিং হয়েছে। দুটি বুকিং বাতিলও হয়েছে।

বান্দরবানের হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জেলা শহর ও শহরতলিতে ৫২টি হোটেল, মোটেল ও অবকাশযাপন কেন্দ্রে পাঁচ হাজার পর্যটকের ধারণক্ষমতা রয়েছে। গত বছর রোজার ঈদের পর এক সপ্তাহ হোটেল-মোটেলে কোনো কক্ষ খালি ছিল না। এ বছর তেমন বুকিং হয়নি। পর্যটকেরা না এলে লোকসানে পড়তে হবে হোটেল-মোটেল ব্যবসায়ীদের।

মওদুদের বাড়ির মালামাল রাজউকের ট্রাকে

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ গুলশানের যে বাড়িতে থাকতেন সেটির মালামাল ট্রাকে ওঠানো হচ্ছে। তবে মালামাল নিয়ে কোথায় যাবেন, সে বিষয়ে মওদুদ সাংবাদিকদেরকে কিছু বলেননি।

বিকালে বাড়ি থেকে মওদুদ আহমেদের ব্যবহৃত জিনিসপত্র, ড্রয়ার, চেয়ারসহ বাসার আসবাবপত্র থেকে শুরু করে সব মালামালই একটি ট্রাকে ওঠাতে দেখা যায়।

এর আগে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়া হয়।

অভিযান চলার আগেই বাড়িটিকে ঘিরে কয়েক প্লাটুন পুলিশ, দুটি জল কামান, একটি রায়ট কার ও কভার্ড ভ্যান অবস্থান অবস্থান নেয় বাড়িটির সামনে। তবে কোনো ধরনের গোলযোগ হয়নি সেখানে।

গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটে এক বিঘা ১৩ কাঠার বাড়িতে মওদুদ তিন দশক ধরে বসবাস করে আসছেন দুদকের রায়ের পর উচ্চ আদালত জানায়, বাড়িটি তিনি অবৈধভাবে দখল করেছেন। ৪ জুন উচ্চ আদালতের রায়ের তিন দিনের মধ্যে বুধবার দুপুরে বাড়িটিতে অভিযানে যায় রাজউকের দল।

বাড়ি উচ্ছেদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘আমি নিরুপায়। আদালতের রায় আমার পক্ষেই ছিল। আমাকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। কোনো নোটিশও করা হয়নি। এটা আইন সম্মত কোনো পদ্ধতি হতে পারে না।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বলেন, ‘উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করতে আমরা এখানে এসেছি। আদালত বাড়িটি রাজউককে বুঝে নিতে বলেছে। সেটি আমরা বাস্তবায়ন করছি।’

এক প্রশ্নের জবাবে অলিউর রহমান বলেন, ‘বাড়ির মালামাল আমরা ট্রাকে ভরছি। জনাব মওদুদ আহমেদ যেখানে নিতে চাইবেন সেখানে আমরা এসব পাঠিয়ে দেব।
সূত্র: ঢাকা টাইমস

জন্মদিনে বাবাকে খুব মিস করি : ফেরদৌস

বিনোদন প্রতিবেদক:চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন না করা হলেও দিনটি স্ত্রী সন্তান, মা ও খুব কাছের কিছু প্রিয়মুখদের নিয়ে ঘরোয়াভাবে উদযাপনন করার বিশেষ পরিকল্পনা আছে বলে জানান তিনি।

ফেরদৌস জাগো নিউজকে বলেন, ‌‘আমার চলচ্চিত্র ক্যারিয়ারে কখনোই ঘটা করে জন্মদিন উদযাপন করা হয়নি। কারণ ঘটা করে তা উদযাপন করতে আমি একটু লজ্জাবোধই করি। ঘরোয়া আয়োজনের, সাধামাটাভাবেই দিনটি উদযাপন করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’

তিনি বলেন, ‘সকালে একটি চ্যানেলের ‘তারকা কথন’ অনুষ্ঠানে হাজির হয়েছি। বিকেলে বাসায় ইফতার করব এবং ভোরে কাছের সব বন্ধুদের নিয়ে একসঙ্গে সাহরী করব। এভাবেই জন্মদিনের বিশেষ দিনটি পালন করব। এছাড়া আর কোনো পরিকল্পনা নেই।’

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। সবার দোয়ায় আগামী দিনগুলোতে ভালো ভালো কাজও করতে চাই। পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘জন্মদিন এলে আমার বাবার কথা খুব মনে পড়ে। ছোটবেলায় নিজের জন্মদিনে বাবার কাছে নানারকম বায়না থাকতো আমার। হয়তো বাবা বেঁচে থাকলে এখনো কোনো না কোনো বায়না থাকতো আমার। আজকাল জন্মদিন এলে বাবার কথা ভেবে মনটা খারাপ হয়ে থাকে।’

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেতা বর্তমানে ‘বিউটি সার্কাস’, ‘পোস্টমাস্টার-৭১’, ‘মেঘকন্যা’, ‘শূন্য হৃদয়’, ‘গন্তব্য’ ‘ইয়াতি অভিযান’ ইত্যাদি ছবিগুলোতে কাজ করছেন। এরমধ্যে ‘ইয়াতির অভিযান’ ছবির শুটিংয়ে আগামী ১৫-১৬ তারিখে প্রথমবারের মত সুইজারল্যান্ডে যাচ্ছেন বলে জানালেন তিনি।
সূত্র: জাগো নিউজ

আল্লাহ মেহেরবান গান নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক‌: ‘বস ২’ ছবির ‘আল্লাহ মেহেরবান’ গানে অশ্লীল পোশাকে নাচানাচির জন্য তোপের মুখে পড়েন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রকাশের পর থেকেই চলচ্চিত্র সমালোচকরা একপ্রকার ধুয়ে দেন ফারিয়াকে। এতদিন তিনি এই গানটি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। এবার মুখ খুললেন ‘আশিকী’ ছবির এই নায়িকা।

নুসরাত ফারিয়া জাগো নিউজকে বলেন, ‘সব ধরনের চরিত্রে অভিনয় করা একজন শিল্পীর গুণ। শিল্পী হিসেবে এ যোগ্যতা আমারও থাকা উচিত। তবে কোন চরিত্রে কীভাবে নিজেকে পর্দায় তুলে ধরব সে সিদ্ধান্ত কিন্তু আমার একার নয়; পরিচালক-প্রযোজনা সংস্থাই বেশি ভূমিকা রাখে। ছবি নির্মাণে যারা জড়িত, তারা সবাই ব্যাপারটা নিয়ে অবগত যে সিনেমায় সবকিছু একজনের হাতে থাকে না। সেটা গান থেকে শুরু কাপড় নির্বাচন সবখানে।’

তিনি বলেন, ‘যাই হোক, আমার বিশ্বাস ছবিটি দেখলেই সবার ভুল ভেঙে যাবে। এখানে কাউকে কোনো ধরনের আঘাত করার উদ্দেশ্য ছিল না। আমার শুধু চেষ্টা ছিল, নিজের কাজে একটা নতুনত্ব আনার। এজন্য টানা তিন মাস পরিশ্রম করেছিলাম গানটিতে পারফর্ম করার জন্য।’

২৬ মে শুক্রবার গানটি প্রকাশের পর থেকে কোণঠাসা হয়ে পড়েন নুসরাত ফারিয়া। এসময় চারদিক থেকে তাকে এতটাই কটু কথা শুনতে হয়েছে যাতে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি বলেন, ‘নেতিবাচক কথাবার্তা শুরু হওয়ার পর কিছুটা সময়ের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বারবার মনে হচ্ছিল, এটা আমি কি করলাম! আবার গানটা নিয়ে আমার অনেক আশা ছিল।

এমনকি গানটি মুক্তি দেয়ার একরাতের মধ্যে অসংখ্য ভিউয়ার দেখে খুশিও হয়েছিলাম। কিন্তু পরের দিন যখন বুঝতে পারলাম ব্যাপারটা অনেকেই নেতিবাচকভাবে নিয়েছে, তখন ভীষণ খারাপ লাগছিলো। এর প্রধান কারণ ছিল, আনুষ্ঠানিকভাবে এটাই আমার প্রথম আইটেম সং। পরিশ্রম যেমন করেছি, প্রত্যাশাও তেমন ছিলো।’

নুসরাত ফারিয়া বলেন, ‘আমি মানছি একটু বোঝাবুঝি হয়ে গেছে। আর আমার ভক্তদের বলতে চাই, আমি এমন কিছু কখনই করব না, যেটা তাদের কষ্ট দেয়। কারণ আমি যত কিছুই করি না কেন, তা শুধু তাদের চাহিদা, ভালো লাগার কথা বিবেচনা করেই করি। নিজের কথা ভেবে আদৌ কিছু করিনি।’

বিতর্ক ছড়ানো ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের তিন দিনের মাথায় সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশার। নোটিশে উল্লেখ করা হয়, গানটিতে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়েছে। এরপর ২৯ মে দিবাগত রাত ২টার পর থেকে গানটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরানো হয়।

‘বস ২’ ছবিতে ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার সুপারস্টার জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই তিন তারকাকে নিয়েই নির্মিত হচ্ছে হাইভোল্টেজ ধামাকা ‘বস ২’। ছবিটি পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব। আগামী ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: জাগো নিউজ

সাব্বির কেন ছয়ে?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে দলে সাধারণত তিনে ব্যাট করে থাকেন সাব্বির রহমান। তবে চ্যাম্পিয়ন্স লিগে সেটা দেখা যাচ্ছে না। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির। শেষ দিকে নেমে ‘ছোট্ট’ ঝড় তুলেছিলেন। ১৫ বলে ৩টি চারে করেছিলেন ২৪ রান। স্ট্রাইক রেট ১৬০.০০!

নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একই পজিশনে (ছয় নম্বর) খেলতে নামেন সাব্বির। এবার আর সুবিধা করতে পারেননি। অস্ট্রেলিয়ার ‘রহস্যময়’ বোলার অ্যাডাম জাম্পার কাছে ধরাশায়ী হয়েছেন সাব্বির। বিদায়ের আগে ১৪ বলে করেছেন ৮ রান।

সাব্বিরের ছেড়া আসা তিন নম্বর পজিশনে খেলছেন ইমরুল কায়েস। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই নাকি সাব্বিরের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। ছয়ে নেমে সাব্বির হাত খুলে খেলতে পারেন। যা দলের জন্য বড় স্কোর করতে সহায়ক ভূমিকা রাখে। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সাব্বিরের ছয় নম্বর ব্যাটিং পরিজশন নিয়ে মাশরাফির ব্যাখ্যা, ‘গত আট ম্যাচে (চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের আগে) তিন নম্বরে ব্যাট করেছে সাব্বির। দলের ভালোর জন্যই তাকে ছয়ে নেয়া হয়েছে। এই পজিশনে নেমে দ্রুত তোলা দরকার। সাব্বির সেটা পারে। তাছাড়া তিনে ব্যাট করা ইমরুলের গড়ও অনেক ভালো।
সূত্র: জাগো নিউজ

ইরানের পার্লামেন্টে আত্মঘাতী হামলার দায় নিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে আত্মঘাতী ও হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বুধবার প্রায় একযোগে দেশটির অত্যন্ত স্পর্শকাতর এ দুই জায়গায় আইএসের হামলায় প্রাণহানি ঘটেছে অন্তত ৭ জনের।
সূত্র: জাগো নিউজ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১২ জুন

ডেস্ক রিপোর্ট: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। ওই দিন মিলবে ২১ জুনের টিকিট। আর ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে ১৯ জুন থেকে। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

সূত্রে জানা গেছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার ভারত ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে বগি। যাতে বাড়ছে আসন সংখ্যা।

ঈদ এলেই পেটের দায়ে ঢাকায় থাকা মানুষজনের মন টানে বাড়ি যাওয়ার। আর ঈদ যাত্রায় প্রতিবারই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় টিকিট। নিরাপদ ও আরামদায়ক হওয়ায় বাড়তি চাপ পড়ে ট্রেনের ওপর।

প্রতিবারের মতো এবারো দশ দিন আগে থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন পাওয়া যাবে ২২ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে টিকিট মিলবে ২৫ জুন পর্যন্ত। ৩০ রোজা হলে ২৬ জুনের টিকিট বিক্রি হবে ১৭ জুন। ফিরতি টিকিট মিলবে ১৯ জুন থেকে।

প্রতিদিন সকাল আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হবে টিকিট বিক্রি কার্যক্রম।
সূত্র: জাগো নিউজ

রোববার থেকে স্বর্ণ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ডেস্ক রিপোর্ট: আগামী রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সব জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সমিতির নেতারা বুধবার বেলা ৩টায় বাইতুল মোকাররমের বাজুস কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেন। একই সঙ্গে তারা শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খানের অপসারণ দাবি করেন।

প্রসঙ্গত, ৬ জুন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, শুধু আপন জুয়েলার্সই নয়, আরও বেশ কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিগত দুই দশকে বাংলাদেশে স্বর্ণ আমদানি না হলেও জুয়েলারি প্রতিষ্ঠানগুলো কীভাবে ব্যবসা করছে, আপন জুয়েলার্সের মতো তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ মিলেছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মইনুল খান বলেন, ‘আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আপন জুয়েলার্সের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ পেয়েছি। যে কারণে তাদের স্বর্ণ জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, এমন আরও কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা সেসব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

apon

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার তার অপসারণ এবং জুয়েলারি দোকানে ‘হয়রানিমূলক অভিযান’ বন্ধ ও ব্যবসাবান্ধব স্বর্ণ আমদানি নীতিমালা বাস্তবায়নের দাবি জানান সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান।

তিনি আরও জানান, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা সব স্বর্ণ ফেরত দেয়ার দাবি জানান তিনি।

দাবি আদায়ের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে আগামী ১২ জুন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ১৫ জুন সমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

৬ জুন কাকরাইলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ড. মইনুল খান জানান, আপন জুয়েলার্সের বাজেয়াপ্ত ৫৬৭ কেজি স্বর্ণের মধ্যে ২৯ কেজি গ্রাহকের অর্ডার করা। তাদের সে স্বর্ণ ফেরত দেয়ার জন্য কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে প্রত্যেক গ্রাহকের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে তাদের স্বর্ণ ফিরিয়ে দেয়া হবে। তবে বাকি ৫৩৮ কেজি স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে দাবি করেন তিনি।
সূত্র: জাগো নিউজ

ওমরানের সেই ছবি ছিল অপপ্রচার!

‘সিরিয়ার লাখো শিশুর প্রতিনিধি’ ওমরান দাকনিশ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পরিবারের সঙ্গে পাঁচ বছরের এই শিশুর সাম্প্রতিক ছবি প্রকাশিত হয়েছে।

গত বছর ওমরানের ধূলি-ধূসর মাথাভর্তি রক্তাক্ত মুখের ভিডিও ভাইরাল হয়। তখন বলা হয়, সরকারি বাহিনীর বিমান হামলায় ওমরানের এই দশা হয়েছে। কিন্তু এখন ওমরানের বাবা ভিন্ন কথা বলছেন। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের আগস্টে ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধারের দৃশ্য গণমাধ্যমে আসে।

ভিডিওতে দেখা যায়, একটি ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধারের পর তাকে এনে বসানো হয় কমলা রঙের অ্যাম্বুলেন্সের মধ্যে একটি চেয়ারে। ওমরানের ছোট্ট শরীরের পুরোটা ধুলাবালুতে আচ্ছন্ন। ধূলি-ধূসর মাথাভর্তি চুলের মধ্য থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্ত মুখের ওপর এসে ধুলার সঙ্গে মিশে পেস্ট হয়ে গেছে। রক্তের ছোপ ছোপ দাগ শরীরের অন্যান্য অংশেও।

ভিডিওটির বিষয়ে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওমরানের ভাইয়ের মৃত্যু হয়েছে।

ওমরানের সেই ছবি ও ভিডিও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।

সূত্র- প্রথম আলো