All posts by lutfor

সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে । শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার বলেন, শ্রীলংকা থেকে ঢাকায় ফেরার পর বিমানবন্দর পার হওয়ার সময় মেহবুব চৌধুরীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারের পর তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে, সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বুধবার মামলা করে ‍দুদক। মামলায় বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী ও এবি ব্যাংকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়।

কুষ্টিয়ার ‘জঙ্গি আস্তানা’ এলাকায় ১৪৪ ধারা

কুস্টিয়ার ভেড়ামারায় সন্দেহভাজন জঙ্গি আাস্তানার আশেপাশের পাঁচশো মিটার এলাকার মধ্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল ৫টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেন।

এর আগে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ক্রাইম সিনের ৫ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলেও এখন পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। কুষ্টিয়ার পুলিশ সুপার মেহেদী হাসান জানান, বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌছানোর পর পুনরায় অভিযান শুরু হবে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ভোর চারটার দিকে উপজেলার বামনপাড়ার তালতলা মসজিদের পাশে টিনশেডের একতলা বাড়িটি ঘিরে রাখা হয়। এরপর সেখানে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন নারী জানিয়েছেন, তাদের একজন বর্তমানে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি, নব্য জেএমবির সেকেন্ড-ইন কমান্ড আরমানের স্ত্রী সুমাইয়া ও তালি বেগম নামে একজন রয়েছেন।

এ সময় তিথি ও সুমাইয়ার কোলে দুই শিশু ছিল। তাদেরও উদ্ধার করা হয়েছে।
এর আগে কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানের নেতৃত্বে কুষ্টিয়া, ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের একটি যৌথদল সেখানে অবস্থান নেয়।

কুষ্টিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান জানান, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ যৌথভাবে ভেড়ামারার বামনপাড়ার একটি বাড়িতে অভিযান শুরু করে।

অভিযানের প্রথম পর্যায়ে জঙ্গি আইয়ুব বাচ্চুর স্ত্রী তিথিসহ তিন নারীকে আটক এবং দুটি সুইসাইড ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন, ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পরিবর্তন

আইনশৃংখলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না জনগণকেও সাথে রাখতে হবে ঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়কও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি নির্মূল করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। আমাদের জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে।
শনিবার সকাল পৌনে ১০ টার দিকে গুলাশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ এসময় আওয়ামীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রেস্তোরাঁর ভেতরে রাতভর জিম্মি ছিলেন অন্তত ২৪ জন, যাদের প্রায় ১১ ঘণ্টা পর পরদিন সকালে সেনা কমান্ডো পরিচালিত অপারেশন থান্ডারবোল্টের সময় উদ্ধার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় দায়ের হওয়া মামলাটি কাউন্টার টেরোরিজম ইউনিট তদন্ত করছে।
উৎসঃ আরটিএনএন

শতাব্দীর সেরা বিয়ে

ফুটবল মাঠে পায়ের কারুকাজে তিনি মুগ্ধতা ছড়ান সবার মাঝে। এবার মুগ্ধ করলেন বিয়ে করে! শুক্রবার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার ছোট বেলার বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর বিয়ে হয়ে গেলো। মেসির শহর রোজারিওতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানকে বিদেশি সংবাদ মাধ্যমগুলো শতাব্দীর সেরা বিয়ে আখ্যা দিচ্ছে।

লিওনেল মেসির ও তার দুই ছেলের মায়ের মধ্যে বিয়ে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সেই ছোট্টটি থাকার সময়ই দু’জনার পরিচয়। ২০০০ সালে মেসির বয়স যখন ১৩ বছর তখন থেকে দু’জনের প্রেমের শুরু। এরপর সম্পর্কটা গড়িয়েছে গভীরে। মেসি-রোকুজ্জোর ঘর আলো করে এসেছে দুই পুত্র সন্তান। তবে এতকিছুর মধ্যে মেসি বিয়ের আনুষ্ঠানিকতাই কেবল বাকি রেখেছিলেন। শুক্রবার যা সেরে ফেললেন।

 

মেসির বিয়ের অনুষ্ঠান হয় রোজারিও সিটি সেন্টার কমেপ্লেক্সে। যেখানে ছিল প্রায় ২৫০ জন অতিথি। এক কথায় যা তারার মেলা। নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও তার স্ত্রী কলম্বিয়ান পপস্টার শাকিরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান কাভারের জন্য ১৫০ জন সাংবাদিক আমন্ত্রিত ছিলেন।

বিয়েতে মেসি পরেছিলেন কালো স্যুট-প্যান্ট। স্যুটের নিচে সাদা শার্ট। অন্যদিকে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরেছিলেন বার্সেলোনার বিখ্যাত ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা পোশাক।

সেঞ্চুরিটা করলেন না আমলা

হাশিম আমলা একজন ব্যাটসম্যান বটে। বিরাট কোহলিকে বাদ দিলে তিনিই বিশ্বের সেই একমাত্র ক্রিকেটার এখন সব ফরম্যাটেই যার ব্যাট হেসে চলেছে দীর্ঘদিন। খুব ধারাবাহিক এই ব্যাটসম্যান ভালো ব্যাটিংয়ে চোকার দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব পার করাতে পারেননি। কিন্তু ব্যক্তিগত মাইলফলক একের পর এক টপকেছেন রান করে। দীর্ঘ সফরে প্রোটিয়ারা ইংল্যান্ডে। সেখানে ওয়ানডে, টি-টুয়েন্টির পর এবার বড় দৈর্ঘ্যের ক্রিকেটেও রানের ফুলঝুরি ছোটাচ্ছেন আমলা। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে সেটা না করেই ফিরলেন!
টেস্ট সিরিজের আগে এখন প্রস্তুতি চলছে দক্ষিণ আফ্রিকার। ওস্টারের নিউ রোডে ৩ দিনের ম্যাচ চলছে। আবহাওয়ার বাধায় প্রথম দিন খেলা হয়েছে ২০ ওভার। শুক্রবার দ্বিতীয় দিনে হলো ৭৭.৩ ওভার। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড লায়ন্সের বোলাররা প্রথম দিনে নিতে পেরেছেন মাত্র একটি উইকেট। ১৬ রানে অপরাজিত থেকে পরের দিন ব্যাটিং শুরু আমলার। তার উইকেটটা তো পেলেনই না ইংল্যান্ডের বোলাররা, সারা দিনে মাত্র ৩ ব্যাটসম্যানকে আউট করতে পেরেছেন।
হেইনো কুন ওপেনার। টেস্ট খেলার অপেক্ষায়। তবে ৮০ রান করে আঘাত পেয়ে অবসর নিয়েছেন। প্রোটিয়াদের চার ব্যাটসম্যান ফিফটি করেছেন। ব্যাটিং প্র্যাকটিস তো একেই বলে। ৪ উইকেটে ৩৮২ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আমলা ১৪৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৯১ রান করেছেন। সেঞ্চুরির যখন সামনেই দেখতে পাচ্ছেন তখন আমলা অবসর নিয়ে নিলেন। অন্যদের সুযোগ করে দিলেন।
টেম্বা বাভুমা ৩ ঘণ্টার বেশি ব্যাট করে ৮৫ রানে অপরাজিত থেকেছেন। কুইন্টন ডি কক যথারীতি ফর্মে। অল্প সময়ের ইনিংসটা ৫১ রানের। তবে আলোচনায় কুন। হ্যাম্পশায়ারের বিপক্ষে গোলাপি বলে ফ্লাড লাইটের নিচের ২০০ রানের ইনিংস খেলেছিলেন। তারপর লায়ন্সের বিপক্ষে করলেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল থেকে ঢুকে পড়লেন মূল দলে। বৃহস্পতিবার লর্ডসে শুরু প্রথম টেস্টে তার জায়গা পাওয়াটা প্রায় নিশ্চিত এখন।

জিম্বাবুয়ের কাছে হেরে ক্ষেপে গেলেন ম্যাথুজ

দিন কয়েক আগেই শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী ক্রিকেটারদের সমালোচনা করায় বেজায় চটেছিলেন লাসিথ মালিঙ্গা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পেছনে বাজে ফিল্ডিংয়ে দায়ী করেছিলেন ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। মালিঙ্গা যা সইতে না পেরে মন্ত্রীকে বানর পর্যন্ত বলেছিলেন। যে কারণে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা নিয়েই শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মালিঙ্গা। কিন্তু সেই প্রতিবাদী মালিঙ্গাই কিনা ম্যাচে ক্যাচ ছাড়লেন!
জিম্বাবুয়েকে শুক্রবার ৩১৭ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কা। দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে যেটি তাদের প্রথম হার। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩১৬ রান করে স্বাগতিকরা। জিম্বাবুয়ে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ৬ উইকেট আর ২.২ ওভার হাতে রেখেই। ঘরের মাঠে ৩০০ রানের বেশি স্কোর গড়ে এর আগে কখনো হারেনি শ্রীলঙ্কা। অথচ জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এদিন ৬ উইকেটে হার! পুরো ম্যাচে মালিঙ্গার ক্যাচটিসহ মোট তিনটি ক্যাচ ফেলেছেন লঙ্কান ফিল্ডাররা। যার মধ্যে দুটি ক্যাচই আবার সেঞ্চুরিয়ান ও ম্যাচ উইনার সলোমন মাইরের। ম্যাচ হারার পর তাই ফিল্ডারদের প্রতি ক্ষোভ আগলে রাখতে পারেননি লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। হারের জন্য সরাসরি বোলিং এবং বাজে ফিল্ডিংকেই দুষলেন তিনি, ‘বোলিং এবং ফিল্ডিংয়ে আবারো যাচ্ছেতাই পারফরম্যান্স ডুবিয়েছে আমাদের।’

দুই বছর ধরেই ক্রমাগত ক্যাচ মিসের খেসারত দিয়ে আসছে শ্রীলঙ্কা। বর্তমান সময়ে শ্রীলঙ্কার বাজে ফর্মের কারণে এই বিষয়টি আরো বেশি করে ফুটে উঠছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ মিসের বড় মূল্য দিতে হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ীদের। বিদায় নিতে হয় গ্রুপ থেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে একই চিত্র। ম্যাথুজ তাই বলছেন, ‘আমরা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছি। যা বলে বোঝানো যাবে না। অনুশীলনে ফিল্ডিং নিয়ে আমরা অনেক পরিশ্রম করে আসছে। কিন্তু যেই না গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মুখোমুখি হচ্ছি, আমরা ক্যাচ মিস করছি। যা খেলায় আমাদের পরাজিত করছে।’

 

১১৭ রান করে ম্যাচ সেরা সলোমন ১৭ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলাকে। ব্যাক্তিগত ৯৪ রানে থাকা অবস্থায় মালিঙ্গাও ক্যাচ ছেড়েছেন সলোমনের। শেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়েছেন দানুশকা গুনাথিলাকা। এত কিছুর পর একজন অধিনায়ক চুপ থাকেন কি করে, ‘যখন কেউ চাপে থাকে এবং তখন তার কাছে ক্যাচ আসে, তখন সেটি আমরা মিস করি। কিন্তু চাপ এমন একটি বিষয় যা আমরা দিনের পর দিন বয়ে বেড়াতে পারি না। চাপ জয় করেই খেলতে হয়। সত্যিই আমরা অনেক পরিশ্রম করছি। কিন্তু এটা খুব দুঃখজনক যে সেরা ফিল্ডাররা ক্যাচ ছাড়ছে।’

তারপরও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ম্যাথুজের কণ্ঠে, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমরা যখন ফিল্ডিংয়ে নামি তখন আমাদের মনোভাব বদলানো এবং ক্ষিপ্রতা বাড়ানো উচিৎ। আজ সেটি খুবই খারাপ ছিল। আমাদের হাতে মাত্র একদিন সময় আছে। এবং আশা করি আমরা ফিরে আসবো এবং জয় তুলে নিতে পারবো। রান রেটের চাকা থামাতে ও ক্যাচ নিতে আমাদের বেশি মনোযোগী হওয়া চাই।’ গলে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে রোববার।

ম্যাথুজ বিশ্বাস করেন ৩১৬ রান জয়ের জন্য যথেষ্ট ছিল। লঙ্কান অধিনায়কের কণ্ঠে তাই দ্বিতীয় ওয়ানডেতে পরিবর্তনের ইঙ্গিত, ‘বোলারদের পারফরম্যান্স প্রত্যাশা মতো ছিল না। এই উইকেটে ৩১৬ ভালো স্কোর। বোলাররা ভালো করতে পারেনি এবং আমি পরবর্তী ম্যাচ নিয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলতে চাই।’ পরিবর্তন

চড়ুই পাখিগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে

এক লোক ঘরে ঢুকে দেখে তার স্ত্রী কান্না করছে। কারন কী? স্ত্রী জবাব দেয় “বাসার পাশের গাছের উপর যে চড়ুই পাখিগুলো বসে ছিলো, সেগুলো হিজাব ছাড়া আমাকে দেখে ফেলেছে। আল্লাহর অবাধ্য হলাম কিনা, সেই ভয়ে কান্না করছি!” লোকটা স্ত্রীর দুই চোখের মাঝে চুমু খায় তার পরহেজগারিতা ও আল্লাহ ভীতি দেখে। এরপর একটা কুড়াল এনে গাছটা কেটে ফেলে।

এক সপ্তাহ পর কাজ থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে বেডরুমে গিয়ে দেখে, তার স্ত্রী পর পুরুষ এর হাতের উপর হাত রেখে ঘুমিয়ে আছে। লোকটা কিছু না বলে, নিজের প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে রাগে-দুঃখে নিজের শহর ছেড়ে অন্য শহরে চলে যায়। দূরের এক শহরে পৌছে দেখে মানুষেরা সবাই রাজার প্রাসাদের কাছে জড়ো। কারন কী? মানুষ উত্তর দেয় “রাজার ভান্ডার চুরি হয়েছে।” এমন সময়ে পাশে দেখে এক লোক পায়ের আংগুলের উপর ভর দিয়ে দিয়ে চলছে। প্রশ্ন করলো উনি কে? উত্তর আসলো “উনি এই শহরের শাইখ, পায়ের আংগুলের উপর ভর দিয়ে চলেন, যেনো পিঁপড়া মাড়িয়ে দিয়ে আল্লাহর অবাধ্য হন কিনা, সেই ভয়ে” লোকটা বলে উঠলো “আল্লাহ্’র কসম, আমি চোরকে পেয়েছি। আমাকে রাজার কাছে নিয়ে চলো” রাজার কাছে গিয়ে বললো “আপনার রাজ ভান্ডার চুরি করেছে শহরের ঐ শাইখ। যদি তা না হয় তবে আমার কল্লা কেটে ফেলবেন।” রাজার প্রহরীরা শাইখকে ধরে আনে, জিজ্ঞাসাবাদের পর ঐ শাইখ চুরির কথা স্বীকার করে।

রাজা লোকটিকে জিজ্ঞাসা করে “কিভাবে বুঝেছিলে সে চোর?” লোকটা জাবাব দেয় “যখন দেখবেন যে কেউ গুনাহ থেকে বাঁচার জন্য বা সাওয়াবের কথায় মাত্রাতিরিক্তি বাড়াবাড়ি করছে, তখন বুঝে নিবেন সে নিজের কোনো বড় গোনাহকে ঢাকছে।”

বর্তমান সমাজে এমন মানুষের অভাব নাই যারা কিছু বেদাআত অর্থাৎ কিছু আমল নিয়ে বাড়াবাড়ি করে। সমাজে ভাগ-বিভাজন তৈরি করে।
আর ফরজগুলোকে উপেক্ষা করে।
ফেসবুক থেকে

সন্তানকে কারা জঙ্গি বানাল? : ইন্ধনদাতাদের শাস্তি না দেওয়াটা জঘন্যতম অপরাধ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত দুই জঙ্গি শফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম। তাঁদের মা-বাবা এখনো জানেন না, সন্তানকে কারা জঙ্গি হতে মদদ জুগিয়েছিল। সন্তানের কৃতকর্মের জন্য তাঁরা লজ্জিত। কিন্তু আড়াল থেকে কলকাঠি কে নেড়েছিল, সে প্রশ্ন ঘুরে বেড়ায় মনে। উত্তর মেলে না।

শফিকুল ইসলামের বাবা বদিউজ্জামানের বাড়ি বগুড়ায়। নিজেকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করে বদিউজ্জামান বলেন, ‘ছেলে ঢাকার আশুলিয়ায় বেসরকারি একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা ও টিউশনি করত। গুলশানে রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে নিহত হওয়ার আগ পর্যন্ত এমনটাই জানতাম। কিন্তু কারা তাকে জঙ্গি হামলায় মদদ জুগিয়েছিল, কাদের ইন্ধনে ভয়ংকর কর্মকাণ্ডে জড়িয়েছিল, সেটা এখনো অজানা।’

বদিউজ্জামান আরও বলেন, ‘ছেলের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। গত বছরের ওই জঙ্গি হামলার ঘটনায় দেশবাসীর কাছে আমি লজ্জিত ও অনুতপ্ত। বিশেষ করে গুলশান হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিক ও তাঁদের পরিবারের কাছে ক্ষমা চাইছি ছেলের কৃতকর্মের জন্য। ছেলের লাশ পাইনি, তাতে দুঃখ নেই। কিন্তু আর কোনো ছেলের যেন এমন কলঙ্কজনক মৃত্যু না হয়। আর কোনো বাবাকে যেন ছেলের জন্য এমন লজ্জিত হতে না হয়।’
শফিকুলের চাচা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন নিজেকে ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি দাবি করে বলেন, ‘আমরা গোটা পরিবার আওয়ামী লীগ করি। আমাদের পরিবারে জঙ্গি দূরে থাক, কেউ জামায়াত-শিবিরও করে না। শফিকুল জঙ্গিবিরোধী অভিযানে নিহত হওয়ার পর থেকে মানুষকে মুখ দেখাতে পারি না। সবাই জঙ্গি পরিবার বলে উপহাস করে। অথচ কারা তাকে জঙ্গি কর্মকাণ্ডে ইন্ধন জুগিয়েছিল, সেটা এখনো অজানা। ছেলের শোকে তার বাবা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছেলের কর্মকাণ্ডে অনুতপ্ত ও বিব্রত তিনি। যারাই তাকে ওই অনিশ্চিত সন্ত্রাসী পথে টেনে নিয়ে যাক না কেন, পথটা ছিল অন্ধকার, অনিশ্চিত।’

 

গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত আরেক জঙ্গি খায়রুল ইসলাম ওরফে পায়েল (জেএমবিতে বাঁধন নামে পরিচিত)। তাঁর বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামে। পড়তেন বাড়ির পাশে বিহিগ্রাম আহছানিয়া দারুল উলুম সেন্ট্রাল ফাজিল মাদ্রাসায়। গুলশান হামলার বছর খানেক আগে অনার্সে ভর্তি পরীক্ষার কোচিং করার কথা বলে বাড়ি থেকে এক সহপাঠী ডেকে নিয়ে গিয়েছিলেন খায়রুলকে। কখনো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবার কখনো ঢাকা কলেজে ভর্তির হওয়ার চেষ্টার কথা বলেন তিনি। গুলশান হামলার ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় খায়রুলের মা পিয়ারা বেগম ছেলের নিখোঁজের কথা জানিয়ে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
মা পিয়ারা বেগম বলেন, তিনি নিশ্চিত, কোচিং করার কথা বলে খায়রুলকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যান সহপাঠী আবদুল হাকিম। এই আবদুল হাকিমই ফুসলে তাঁর ছেলেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছেন।

গুলশান হামলার পর থেকেই হাকিম পলাতক ছিলেন। পরে বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের পর থেকে র‍্যাবের হেফাজতে রয়েছেন তিনি।

পিয়ারা বেগম বলেন, সন্তান হারানোর যন্ত্রণা কতটা নির্মম, কষ্টকর, তা মা ছাড়া কেউ বুঝবে না। তিনি বলেন, ‘এখনো বিশ্বাস হয় না, আমার ছেলে গুলশান হামলার মতো জঘন্য কাজ করতে পারে! তবে যদি সত্যিই কারও ইন্ধনে এমন জঘন্য কাজ করেই থাকে, তবে মা হিসেবে দেশবাসীর কাছে ক্ষমা চাইছি।’

তবে এই মায়ের প্রশ্ন, গুলশান হামলা জঘন্যতম অপরাধ হলে অবুঝ যেসব ছেলেকে সেখানে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ইন্ধনদাতাদের শাস্তি না দেওয়াটা জঘন্যতম অপরাধ। তিনি বলেন, ‘যারা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জঙ্গি বানাল, সেই নেপথ্যের নায়ক আবদুল হাকিমদের প্রতি সরকারের কোনো অনুকম্পা দেখতে চাই না। তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ উৎসঃ প্রথমআলো

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে আলিবাবা

আগামী ২০ বছরের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেনের অর্থনীতিকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এমন মন্তব্য করেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

চীনের হাংঝু’তে আলিবাবার প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমানে সুইডেন, পোল্যান্ড, ইরান, নরওয়ে এবং অস্ট্রিয়ার তুলনায় বৃহত্তম আলিবাবার অর্থনীতির পরিধি।

বর্তমানে ২ হাজার কোটি গ্রাহককে সেবা দিচ্ছে আলিবাবা, যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, যা যেকোন দেশের সরকারের যোগ্যতার চেয়ে বেশি।

২০২০ সাল নাগাদ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে তুরস্ক এবং সৌদি আরবকে টেক্কা দেয়ার পরিকল্পনা রয়েছে ই-কমার্স জায়ান্টটির। ২০৩৬ সাল নাগাদ ১০ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে আলিবাবার।

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। চব্বিশ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে ঈদ যাত্রার ছোট-বড় বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭টি যানবাহন পারাপার হয়।

ঢাকায় সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। এর আগে গত বছর ঈদুল ফিতরের দুইদিন আগে ২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায় হয়েছিল।
এদিকে শনিবার দুপুরে টোল প্লাজায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল যন্ত্র বিকল হয়ে পরে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিকলের জেরে ২৫ কিলোমিটার যানজট তৈরি হয়ে যায়।

উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্তত ২৮ জেলার যানবাহন চলাচল করে।