All posts by lutfor

কার্ডিফ যাত্রায় ভোগান্তিতে মাশরাফিরা

ভাগ্যিস ট্রাফিক জ্যাম ব্যাপারটা মাশরাফি-সাকিবদের জন্য নতুন নয়। যাত্রাপথে রাস্তাতেই ঘণ্টা দুয়েক বেশি কাটানোয় খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। তবে চোখেমুখে ক্লান্তির ছাপটা স্পষ্ট তামিমদের। এমন সময় রাস্তায় ৫ মিনিট বেশি থাকতেই অসহ্য লাগে। এই ভোগান্তিটুকু সঙ্গে নিয়েই কার্ডিফে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। জ্যামের কারণে ৩ ঘণ্টার যাত্রা শেষ হয়েছে ৫ ঘণ্টায়।

কাল বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) লন্ডন থেকে বাসে করে কার্ডিফের উদ্দেশে যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। কার্ডিফে এসে পৌঁছায় স্থানীয় সময় ৪টার দিকে। গতকাল দল কোনো অনুশীলন করেনি। আজ পূর্ণ অনুশীলন করার কথা আছে। পরশু এ মাঠেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
সোফিয়া গার্ডেনের এ মাঠের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় জড়িয়ে আছে। এ নিয়ে গত কিছু দিনে অনেক কথা হয়েছে। সব কথাই বৃথা যাবে যদি না বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা জেতে। এ ম্যাচ যে দুই দলের জন্যই বাঁচা-মরার। বাংলাদেশ এ ম্যাচ জিতলে টিকে থাকবে সেমিফাইনালে যাওয়ার আশা। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড তখন অস্ট্রেলিয়াকে হারালেই হবে।
বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মপ্রত্যয় নিয়ে মাঠে নামবে। সর্বশেষ দেখায় নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে।

আইসিইউতে আল্লামা শফী

ডেস্ক রিপোর্ট:হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় তাকে রাজধানীর ধুপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালটির কাস্টমার কেয়ার অফিসার মো. শোয়েব হোসেন জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা শফী বর্তমানে আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। কী ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আল্লামা শফী হাসপাতালে ভর্তি হয়েছেন জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
সূত্র: ঢাকা টাইমস

সিগারেটে শুল্ক বাড়ানোর দাবি বিড়ি শ্রমিক নেতাদের

ডেস্ক রিপোর্ট: সিগারেটের শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিক নেতারা। তারা বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতি হাজার বিড়ির ট্যারিফ মুল্যে ১০০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। অথচ বিদেশি কোম্পানির সিগারেটে মাত্র ১ শতাংশ রাজস্ব বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটাকে অযৌক্তিক দাবি করে অবিলম্বে সিগারেটের শুল্ক বাড়ানোর পাশাপাশি বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির নেতারা বাজেটে বিড়ির উপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিশ্বের ১০-১৫ টি দেশে বিড়ি রপ্তানি করে বাংলাদেশ সুনাম অর্জন করছে। এই সময়ে বাজেটে পক্ষপাতমূলক শুল্কারোপ দেশের বাজার ব্রিটিশদের হাতে তুলে দেয়ার পরোক্ষ উদ্যোগ।

তিনি বলেন, অর্থমন্ত্রীর প্রস্তাবনা এই শিল্পের সাথে জড়িত ২০ লক্ষ মেহনতি মানুষের আর্থ সামাজিক জীবনকে ঝুকিপুর্ণ করে তুলবে। বিড়ি শিল্পের শ্রমিকদের ৯০ শতাংশ নারী।

অনুষ্ঠানে বিড়ি ও সিগারেটের তুলনামূলক স্বাস্থ্য ঝুকির উপর আলোচনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আব্দুস সবুর। তিনি বলেন, সিগারেটের তুলনায় বিড়িতে নিকোটিনের পরিমান কম থাকে। একটি সিগারেটে যেখানে নিকোটিনের মাত্রা সর্বনিম্ন ৪৮ শতাংশ সেখানে একটা বিড়িতে নিকোটিনের পরিমান গড়ে ৩০ শতাংশ। ফলে এখানে স্বাস্থ্য ঝুঁকি কম থাকে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রংপুর বিড়ি মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন ঝন্টু, মামুনুর রশিদ, বগুড়া বিড়ি মালিক সমিতির আহ্বায়ক আনোয়ার হোসেন রানা।
সূত্র: ঢাকা টাইমস

অস্তিত্ব রক্ষায় সরকার পাল্টানোর বিকল্প নেই: ফখরুল

ডেস্ক রিপোর্ট : নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এই সরকার পাল্টানো ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মন্ত্রিসভায় দ্রুতবিচার আইনের সাজার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে বিরোধীদলের নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেখিয়ে ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চাইছে আওয়ামী লীগ সরকার। তাই তারা নির্বাচনের আলোচনা আসায় এই সংশোধনী করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দ্রুতবিচার আইনে সাজার মেয়াদ আগের থেকে দুই বছর বাড়ানো হয়েছে। আগে ছিল দুই থেকে পাঁচ বছর। এখন করা হয়েছে দুই থেকে সাত বছর।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের রাজনৈতিক সামাজিক পরিবেশসহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। তাই এই সরকারকে পাল্টানো ছাড়া কোনো কিছুই ঠিক হবে না।’

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে বাজেট দিয়েছে এর মধ্যে অনেক খাতকেই কোনো রকম গুরুত্বই দেয়া হয়নি। শিক্ষা, স্বাস্থ্য খাত এদের মধ্যে উল্লেখযোগ্য।’

ফখরুল বলেন, ‘সরকার আগে বলত, গণতন্ত্রের আগে উন্নয়ন কিন্তু এখন তারা আর এ কথাগুলো বলে না, কারণ তারা উপলব্ধি করতে পারছে যে আগে গণতন্ত্র পরে উন্নয়ন। আর এই বাজেটে তারই প্রমাণ দেখা গেছে।’

নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন এ দেশে আর হবে না। আপনারা ভালো ভালোয় সুষ্ঠু নির্বাচন দিন। না হলে অতীতে স্বৈরাচারীদের যে অবস্থা হয়েছে আপনাদেরও সেই অবস্থা হবে। আপনারা নির্বাচন না দিলে এদেশের মানুষ নিজেদের ভোটের অধিকার আদায় করে নেবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ড. অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড. রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সত্র: ঢাকা টাইমস

তরুণী ধর্ষণ: প্রতিবাদ করায় ভাইয়ের দুই হাত ভাঙল দুর্বৃত্ত

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের মির্জাপুরে তরুণীর গোপন ভিডিও ধারণ করে তা ইন্টানেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে এক বছর ধরে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে এক জনের বিরুদ্ধে। লাঞ্ছনার শিকার তরুণীটি বিষয়টি তার ভাইকে জানালে প্রতিবাদ করেন তিনি। আর এ কারণে তার দুই হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
মির্জাপুরের তরফপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী তরুণীটি মির্জাপুর থানায় এসে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তিনি জানান, বখাটের ভয়ে চারদিন ধওে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, আসিফ মোল্লা নামে একজন স্থানীয় কলেজের স্নাতকের ছাত্রীর গোপন ভিডিও ধারণ করেন। পরে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসিফ ওই তরুণীকে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে বাধ্য করে।
গত ২৩ মে একইভাবে ওই তরুণীকে ধর্ষণ করা হলে তিনি বিষয়টি তার বড় ভাইকে জানান। আর তিনি এ ঘটনার প্রতিবাদ করলে ২৮ মে আসিফ মোল্লা তার সহযোগীদেরকে নিয়ে বান্দারচালা এলাকায় তার ওপর হামলা চালায়। এতে তার দুই হাত ভেঙে যায়, বড় দিয়ে পেটানো হয় সারা শরীরে।
ওই তরুণীর ভাইকে প্রথমে জামুর্কী হাসপাতালে এবং পওে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, ‘ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ঢাকা টাইমস

কুয়েতের মধ্যস্থতা চাচ্ছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক:প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় বেশ বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য দেশটি এখন আলোচনার পরিকল্পনাকে সমর্থন করছে। চলমান সংকট সমাধানে কাতার সরকার কুয়েতের সহযোগিতা চাচ্ছে। খবর বিবিসির।

উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থন ও মদদ দেয়ার অভিযোগে গতকাল সোমবার কাতার সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও মালদ্বীপ।

আরব দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে মদদ দিচ্ছে কাতার। ইয়েমেন বাদে বাকি দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থগিতের ঘোষণাও দিয়েছে।

কুয়েত এই বিরোধের মধ্যে জড়িত দেশগুলোর মধ্যে নেই। তবে দেশটি এই সংকট নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।কাতার বলছে, তারা আলোচনা প্রস্তাবে রাজি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী তামিম বিন হামাদ আল-থানি আল জাজিরাকে বলেছেন, কুয়েতের আমির আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরব যাবেন।

তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, কাতার একটি উদার ও সৎ আলোচনা প্রত্যাশা করছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা বলছে, সরাসরি আলোচনার মাধ্যমের এই সংকট সমাধানে কুয়েত আগ্রহী।

বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত(ইউএই) কাতারের নাগরিকদের তাদের দেশ ছাড়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে।
সূত্র: ঢাকা টাইমস

বেতন ১০০০ থাকলেও ৩০০০ টাকায় সাইকেল কিনে দেন বাবা: সালমান

বিনোদন ডেস্ক:মোটেই সোনার চামচ মুখে করে জন্মাননি তিনি। বলিউডের প্রবাদপ্রতিম চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে হওয়া সত্ত্বেও ছোটবেলায় আর্থিক অনটন দেখেছেন। নিজের সংস্থা বিইং হিউম্যানের এক অনুষ্ঠানে এ কথা বললেন সালমান খান।

সুপার ডুপার হিট এই নায়ক জানিয়েছেন, বাবা সেলিম খান তাঁকে সাইকেল চালাতে শেখাতেন। স্ক্রিপ্ট লিখে বাবা রোজগার করতেন মাসে মাত্র ৭৫০-১,০০০ টাকা। তবুও বড় ছেলেকে ৩,০০০ টাকা দিয়ে সাইকেল কিনে দেন তিনি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিইং হিউম্যানের নিজস্ব দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল প্রকাশ করলেন সালমান। ৪০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে এই সাইকেলের দাম, উঠবে ৫৭,০০০ পর্যন্ত। তরুণ প্রজন্মকে তাঁর উপদেশ, শহরের রাস্তায় ও রাজপথে মোটর বাইক নিয়ে গতির ঝড় তোলার বদলে তা রেসিং ট্র্যাকেই করা ভাল। তার থেকে তাঁরা বরং বাইসাইকেল ব্যবহার করুন। তরুণদের পক্ষে মোটর সাইকেল অত্যন্ত বিপজ্জনক।

বান্দ্রার বাড়ি থেকে সাইকেলে চড়ে মেহবুব স্টুডিওর অনুষ্ঠান স্থলে আসেন সালমান ও তাঁর ভাই সোহেল খান। তিনি জানিয়েছেন, কেরিয়ার শুরুর ম্যায়নে পেয়ার কিয়াই হোক বা এখন মধ্যগগনে কিক, পর্দায় সাইকেল চালানোর সুযোগ পেলে বরাবরই উত্তেজিত হয়ে পড়েন তিনি। সাইকেল এতটাই প্রিয় তাঁর।
সূত্র: ঢাকা টাইমস

ইংল্যান্ডের হাসি, বাংলাদেশের খুশি

ক্রীড়া প্রতিবেদক:খুব আশা করেছিল বাংলাদেশকে হারিয়ে সেমির অর্ধেক রাস্তা হেঁটে শেষ করবে অস্ট্রেলিয়া। কিন্তু সেই পথে জল ঢেলে দিল বেরসিক বৃষ্টি। ভেসে গেল স্মিথ-ওয়ার্নারদের জয়ের হাসি। সমান পয়েন্ট নিয়ে আশা জিইয়ে রাখল লাল-সবুজের বাংলাদেশ।

বৃষ্টিই সবকিছু ওলট-পালট করে দিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওজিদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। এরপর সোমবার ওভালেও বৃষ্টির জয়। ওজিদের কাছ থেকে ম্যাচটা হাতিয়ে নিয়ে অর্জনের ভাগীদার করল বাংলাদেশকে। মনে হচ্ছে মাশরাফির সঙ্গে হাত মিলিয়ে বৃষ্টি বলেছিল, ‘আরে নো চিন্তা, আমি থাকতে হারতে হবে না।’

টানা দুই ম্যাচে বৃষ্টির কাছেই যেন হেরে গেল অস্ট্রেলিয়া। এখন অবধি ‘গ্রুপ-এ’ তে বাংলাদেশ, নিউজিল্যান্ডের পয়েন্ট সমান এক। দুই পয়েন্ট করে ঝুলিতে পুরেছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমন সমীকরণের মাঝে বাংলাদেশের সেমির আশাটা জ্বলজ্বল করছে। সেক্ষেত্রে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি জিততে হবে ইংল্যান্ডকে। অর্থাৎ ইংল্যান্ডের হাতে এখনও দুই ম্যাচ।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। এ ম্যাচে যদি ইংল্যান্ড জিতে যায় তবে বাংলাদেশের আশা আরও বেড়ে যাবে। ৯ জুন নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে হবে বাংলাদেশকে। আর ১০জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচে বাংলাদেশ খুব করে চাইবে ওজিরা হেরে যাক। যদি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ওজিদের হারিয়ে দিতে পারে ইংল্যান্ড, তবেই সেমিতে বাংলাদেশ। বাদ পড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এককথায় বললে, পরবর্তী ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালেও লাভ হবে না যদি কি-না ইংল্যান্ড তাদের দুই ম্যাচের একটিতে হেরে যায়। সেজন্য সেমির টিকিট হাতে পেতে বাংলাদেশের জয়ের সঙ্গে লাগবে ‘অজেয়’ ইংল্যান্ডকে।

উল্লেখ্য, আজ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।
সূত্র:ঢাকা টাইমস

পদ্মাসেতু নির্মাণ: বিশ্বের সবচেয়ে বড় হ্যামার বাংলাদেশে

ডেস্ক রিপোর্ট: পদ্মাসেতু নির্মাণে তিন হাজার কিলোজুল ক্ষমতার একটি হাইড্রোলিক হ্যামার আনা হয়েছে মুন্সিগঞ্জের মাওয়ায়। নেদারল্যান্ডস থেকে আনা এই হ্যামারটির বিভিন্ন অংশ একসঙ্গে জোড়া দিয়ে কাজের জন্য উপযোগী করতে এক সপ্তাহের মত সময় লাগবে। ১১ জুন থেকে পুরোদমে পাইলিংয়ের কাজে এর ব্যবহার শুরু হবে।

রবিবার রাতে হ্যামারটি মাওয়ায় এসে পৌঁছে। সেতু বিভাগের কর্মকর্তারা জানান, এত দিন তিনটি হাইড্রোলিক হ্যামার দিয়ে সেতুর কাজ করা হচ্ছিল। এর একটি এক হাজার, একটি দুই হাজার এবং অপরটি ‍দুই হাজার ৪০০ কিলোজুল ক্ষমতার। এর মধ্যে সবচেয়ে ছোটটি প্ল্যাটফর্ম তৈরিতে ব্যবহার হতো। বাকি দুটি দিয়ে পাইলিংয়ের কাজ চালানো হয়েছে। এখন কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় দুই পারে একসঙ্গে পাইলিং চালানো যায় না। এ জন্য নতুন হ্যামার আনা হয়েছে।

মোট ৪২টি পিলারে বসবে পদ্মাসেতু। এসব পাইলের নিচে ২৭২টি পাইল বসাতে হবে। এর একেকটি ৮৬ থেকে ১২৮ মিটার পর্যন্ত মাটির গভীরে ভারী হ্যামার দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এর মধ্যে ৩৮টি পাইল পুরোপুরি বসানো হয়ে গেছে। আর ২১টির অর্ধেক কাজ শেষ হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী সেতুর ৪১ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। ২০১৮ সালের মধ্যে সেতুটি চালু করতে হলে দেড় বছরে আরও প্রায় ৫৯ শতাংশ কাজ করতে হবে।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা নির্মাণ কাজের মধ্যে এখন পর্যন্ত মূল সেতুর কাজ দৃশ্যমান হয়নি। তবে জুলাইয়ের শেষের দিকে সেতুর একটি বা দুটি স্টিলের কাঠামো (স্প্যান) খুঁটিতে বসাতে চাইছে নির্মাতা প্রতিষ্ঠান। এটি বসানো হবে নদীর জাজিরা প্রান্তে।
সূত্র: ঢাকা টাইমস