All posts by lutfor

প্রধান বিচারপতির চেম্বারে গওহর রিজভী

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে যান গওহর রিজভী। প্রায় ঘণ্টাকাল সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কেন সেখানে গিয়েছিলেন কিংবা তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে গওহর রিজভীর দেখা করার ঘটনা কৌতূহলের উদ্রেক করেছে অনেকের। কারণ ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর‌্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির প্রতি বিষোদগার করছেন সরকারি দলের নেতারা।

এমনকি এত দিন কিছু না বললেও গতকাল সোমবার রাজধানীতে একটি আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র সমালোচনা করেন প্রধান বিচারপতির। তিনি এমনও বলেন, সংসদ নিয়ে মন্তব্য করায় আগেই পদত্যাগ করা উচিত ছিল প্রধান বিচারপিতর। আগামী সংসদ অধিবেশনে ওই রায় নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের এক দিন পরই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন তার পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে গত বুধবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর‌্যালোচনার বিষয়টি আলোচিত হয় বলে জানান ওবায়দুল কাদের।

এরও দিন কয়েক আগে ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসায় গিয়ে তার সঙ্গে আরোচনা করেন।

সংবাদমাধ্যমের খবর, এসব আলোচনার লক্ষ্য প্রধান বিচারপতি যেন তার রায়ের পর‌্যবেক্ষণ থেকে ‘আপত্তিকর’ অংশ এক্সপাঞ্চ করেন।

ওমানে ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশি ১৫০ শ্রমিক

ওমানের রাজধানী মাসকটে কর্মরত একশ থেকে দেড়শ বাংলাদেশি শ্রমিক গত ৯ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। মাসকটে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দূতাবাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সময়মত শ্রমিকদের পারিশ্রমিক না দেয়ার ব্যাপারে অামাদের কাছে বেশকিছু অভিযোগ এসেছে।

দেশটির বারকা শহরের বাংলাদেশি শ্রমিকরা বলছেন, তাদেরকে গত এক বছর ধরে সময়মত পারিশ্রমিক দেয়া হচ্ছে না। একজন কাঠমিস্ত্রির দাবি, আমরা কাজ করছি কিন্তু ঠিকমত বেতন দেয়া হচ্ছে না। দুই থেকে তিন মাস পর অামাদের বেতন দেয়া হচ্ছে। সর্বশেষ ৯ জুলাই বেতন পেয়েছি।

তিনি বলেন, অামি প্রতিমাসে ৯৫ রিয়াল বেতন পাই; এছাড়া অন্যান্য খরচ বাবদ আরো ২৫ রিয়াল পাই। কিন্তু আমরা যদি সময়মত বেতন না পাই, তাহলে আমাদের অবস্থাটা কী হবে একবার ভেবে দেখুন।

ওই কাঠমিস্ত্রি আরো বলেন, সময়মত বেতন না পাওয়ার কারণে অনেক শ্রমিক এই দেশ ছেড়ে চলে গেছেন। অথচ ওমানের আইন অনুযায়ী বকেয়া বেতন পরিশোধের নির্ধারিত সময়ের সাতদিন পর পর্যন্ত শ্রমিকের বেতন আটকে রাখা দণ্ডনীয় অপরাধ।

ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বলছে, শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। যদি বিষয়টি সমাধান না হয়, সেক্ষেত্রে আমরা শ্রমিকদের আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিব।

‘আদালত রায় দিতে অনেক সময় দেরি করে; সেক্ষেত্রে কথা বলে বিষয়টি আপস করাই অনেক ভাল।’

একজন শ্রমিকের অভিযোগ, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। বাড়ি চলে আসার পর টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর কথা বলা হলেও পরে আর তা পরিশোধ করা হয় না।

চলতি মাসের শুরুর দিকে সোহারের একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের শ্রমিকরা অভিযোগ করে বলেন, তাদেরকে চারমাস ধরে বেতন দেয়া হচ্ছে না। এছাড়া বিনা বেতনে তাদের ছুটিতে পাঠানো হয়। এমনকি ঠিকমত খাবারও দেয়া হয় না।

তবে অভিযোগ ওঠার কিছুদিনের মধ্যেই শ্রম মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাস আটশ শ্রমিককে সহায়তার জন্য এগিয়ে আসে।

সূত্র : টাইমস অব ওমান।

বিচারপতি তোমার বিচার করবে জনতা: হানিফ

ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রধান বিচারপতির উদ্দেশ্যে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকারকে আপনি হুমকি দিচ্ছেন। এটা স্বাধীন বাংলাদেশ, পাকিস্তান নয়। মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে আমরা এদেশ স্বাধীন করেছি। বাঙালি বীরের জাতি আমাদেরকে হুমকি দিয়ে কোন লাভ নেই। দেশের জনগণ যদি একবার জেগে যায়, তাহলে অনেকে পালাবার পথ খুঁজে পাবেন না। এখন জনগণের মধ্যে কথা উঠেছে, বিচারপতি তোমার বিচার করবে, এবার এই জনতা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গণি রোডের বিদ্যুৎ ভবনের মুক্তি হলে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) আলোচনা সভায় আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার চলছে। এই হত্যকান্ডের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত। কান্নাকাটির কি দেখেছেন আপনারা? কান্নাকাটি এতদিন জাতি করেছে! এবার আপনাদের কাঁদতে হবে, সামনে অপেক্ষা করুন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামালার নৃশংসতা তুলে ধরে ঘটনায় জড়িত এবং চক্রান্তকারীদের দ্রুত বিচার সম্পন্ন দন্ড কার্যকর করার ব্যবস্থা গ্রহণের দাবি করেন হানিফ।

‘১৫ আগস্ট ও ২১ আগস্ট’ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, গতকাল তিনি বললেন, ‘১৫ আগস্ট এবং ২১ আগস্টের মতো ঘটনা ঘটতেই পারে। এটা নিয়ে এতো কান্নাকাটির কি আছে?’ অবাক হয়ে যাই, এটা রাজনীতি, গণতন্ত্র ও আইনের শাসনের কথা।

হানিফ আরও বলেন, ১৫ আগস্টের বর্বর হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল বলেই এরা বারবার এই হত্যকান্ডের বিচার বন্ধ করে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলাও বিএনপি-জামায়াত সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল। নিজেদের অপরাধকে ধাপাচাপা দেওয়ার জন্য এখন বলছেন, কান্নাকাটির কিছু নাই। আপনারা কান্নাকাটির কি দেখেছেন? ২১শে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত হয়েছে, এখন বিচার চলছে। এই হত্যকান্ডের সঙ্গে আপনার শীর্ষ পর্যায়ের নেতারা জড়িত। হত্যকান্ডের সঙ্গে জড়িত সেই মুফফি হান্নান সাক্ষ্য দিয়েছেন। আপনাদের নেতা তারেক রহমান হাওয়া ভবনে বসে, একাধিকবার হত্যাকারীদের নিয়ে গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেছিল।

“এখন ধামাচাপা দেওয়ার জন্য বলছেন, এটাকে নিয়ে এতো কান্নাকাটি করার কি আছে” উল্লেখ করে হানিফ মোশারফের উদ্দেশে বলেন, কান্নাকাটি এতোদিন জাতি করেছে, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য কেঁদেছে। এরপরে আপনাদের কাঁদতে হবে। এই হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী হিসেবে আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত হওয়ার পরে। আপনি কান্নাকাটির কি দেখেছেন? সামনে কান্নাকাটির জন্য অপেক্ষা করুন !

আয়োজক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চোধুরী নওফেল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ।

২৬ আগস্ট বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ২৬ আগস্ট বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী গাইবান্ধার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর তিনি হেলিকপ্টার যোগে অন্যান্য বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে আসবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর সফর ২৪ আগস্ট নির্ধারণ ছিল। পরবর্তীতে তা ২৬ আগস্ট শনিবার করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বগুড়ার সারিয়াকান্দিতে পৌঁছে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

বগুড়ার সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সংসদ সদস্য আব্দুল মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকালে গাইবান্ধা জেলার বন্যা এলাকা পরিদর্শন শেষে বগুড়ার সারিয়াকান্দিতে আসবেন। তিনি বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।

সিরাজগঞ্জে কয়েলের আগুনে পুড়ে ঝলসে গেছে দুই জন, তিন গরু সহ বাড়ী পুরে ছাই

আল ইমরান মনু-সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিনানই গ্রামের “হারেস দেওয়ান” এর বাড়ীতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন লেগে যায় এতে একজন গুরুতর সহ ঝলসে গেছেন দুই জন।গুরুতর আহত “মোছাঃ হুসনিয়ারা খাতুন”কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুরবানির গরুর হাটে বিক্রির জন্য পালিত একটি ষাড় গরু(প্রায় দের লক্ষ টাকা) সহ একটি গাভী ও একটি বাছুর মিলে মোট তিনটি গরু পুড়ে যায়। ষাড়টি সঙ্গে সঙ্গে মরে যায় এবং মুমূর্ষ আবস্থায় গাভীটি জবাই করা হয়।এদিকে বাড়ীর কয়েটি ঘর ও নারঁকেল গাছ সহ কিছু গাছ পুড়ে যায়। গঠনাটি ঘটে আনুমানিক রাত ১২ টার সময়। প্রত্যাক্ষদর্শী আব্দুল মজিদ ইমন জানান- ঘুমের মধ্যে চিল্লা-পাল্লার শব্দ পেয়ে আমরা বন্যার পানি ভেঙ্গে যেতে যেতে সব কিছু পুড়ে যায় এবং ষাড় গরুটি চোখের সামনেই মরে যায়।বন্যার কারনে শুকনো যায়গা না থাকায় মরা গরুটি রাতে ভাসিয়ে দেয়া হয়।

বর্ষাকালের ৫ টি উপকারী ফল

লাইফস্টাইল ডেস্ক;রাজধানীতে জলাবদ্ধতা আর রাস্তা খোঁড়াখুঁড়ির বার্তা নিয়ে প্রতিবছর একই রকম দৃশ্য নিয়ে এখানে হাজির হয় বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণ এই দুই মাসে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো রোদ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিছুই যেন ভালো লাগেনা। আর সাথে সাথে একের পর এক রোগবালাই তো লেগেই থাকে। তবে এই বর্ষায় অত্যন্ত পুষ্টিকর এই দেশীয় ফলগুলো সে রোগ থেকে অনেকটাই রক্ষা করবে।

আজ আমরা জেনে নিবো বর্ষাকালের উপকারী ৫টি ফল ও তার গুণাগুণ-

পেয়ারা

১. রোগপ্রতিরোধ ব্যবস্থা উন্নত করে।
২. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৩. দাঁত ও মাড়ি মজবুত রাখে।
৪. ডায়রিয়া রোগ নিরাময়ে সাহায্য করে।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৬. দৃষ্টিশক্তি উন্নত করে।
৭. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
৮. ত্বক উজ্জ্বল করে।

জাম্বুরা

১. জাম্বুরা এসিডিটি বা গ্যাস প্রতিহত করে বলে পাকস্থলী সুস্থ থাকে।
২. জাম্বুরায় ভিটামিন ‘সি’ আছে বলে রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
৩. ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
৫. জাম্বুরা ওজন কমাতে সাহায্য করে।
৬. রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।
৭. প্রতিদিন এক গ্লাস করে জাম্বুরার শরবত খেলে ক্যান্সার প্রতিরোধে কাজ করে।

কামরাঙ্গা

১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২. হৃৎপিণ্ডকে সুস্থ ও স্বাভাবিক রাখে এবং বিভিন্ন হৃদরোগ থেকে রক্ষা করে।
৩. বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৫. ওজন কমিয়ে আনতে সাহায্য করে।

** তবে কামরাঙ্গা বেশি খাওয়া ভালো নয়। এত করে শরীরের ক্ষতি হয়ে থাকে।

আমড়া

১. বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে।
২. শরীর চাঙ্গা রাখে।
৩. শরীরের ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে।
৪. হাড় ও দাঁত শক্ত ও মজবুত রাখে।
৫. কোষ্ঠকাঠিন্য দূর করে।
৬. রক্তশূন্যতা দূর করে।

আমলকি

১. সর্দিকাশি ও গলা ব্যথা দূর করে।
২. দৃষ্টিশক্তি উন্নত করে।
৩. হজম ও বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪. ওজন কমাতে সাহায্য করে।
৫. আর্থ্রাইটিসের ব্যথা ও জ্বালাপোড়া কমিয়ে আনতে সাহায্য করে।
৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
৭. রক্ত পরিশোধিত করে।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৯. অনিদ্রা দূর করে।
১০. বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে।
১১. হৃদরোগ হওয়ার ঝুঁকি কমিয়ে আনে।
১২. হাড় মজবুত করে।
১৩. শরীর শীতল রাখতে সাহায্য করে।

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২০০ আইএস জঙ্গি নিহত

সিরিয়ার দেইর আল-জোর শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ২শ জঙ্গিকে হত্যা করেছে রাশিয়ার বিমান বাহিনী। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার হামলায় আইএসের একটি শক্ত ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। রাক্কা প্রদেশের দক্ষিণাঞ্চল এবং হোমস প্রদেশের পশ্চিমাঞ্চল থেকে সিরিয়ার সেনা বাহিনী এবং রুশ বিমান বাহিনীর কাছে পরাজিত হওয়ার পর ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে জঙ্গিরা। তারপর থেকেই দেইর আল-জোর শহরে নিজেদের ঘাঁটি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছিল আইএস।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান হামলায় জঙ্গি সংগঠনটির সামরিক সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। তবে কবে কখন ওই হামলা চালানো হয়েছে তা জানানো হয়নি।

শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

স্মিথ বাহিনী ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দুই দিন আগে থেকেই। কিন্তু বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যাচটি মাঠে গড়ানোর। গতকাল (রোববার) বোর্ড সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানান সোমবার জানা যাবে অস্ট্রেলিয়ান রা খেলবে কি না?

আজ (সোমবার) সকাল পৌনে আটটা বাজতেই ফতুল্লা যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় প্রতিনিধি দল। এ সময় ফতুল্লার কিউরেটর বেলাল উপস্থিত ছিলেন। তারা বেলালের কাছ থেকে মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা নেন এবং উইকেট পরিদর্শন করনে। তাৎক্ষণিকভাবে সেখানে কিছু না জানালেও ফতুল্লার কিউরেটরকে ধন্যবাদ দেন ক্যারল। আর বলেন, শেষ চার-পাঁচদিনে আমি কয়েকবার আসলাম, তোমার অনেক পরিশ্রম করেছ। আমরা ঘণ্টা খানিকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।

এইটুক বলে ফতুল্লা থেকে শেরে বাংলার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে নয়টায় অনুশীলন ছিল অস্ট্রেলিয়া দলের। মিরপুর এসে বেলা সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানান অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রস্তুতি ম্যাচ খেলার চেয়ে একাডেমি মাঠে দুইদিন সেন্টার উইকেটে অনুশীলন করাকেই শ্রেয় মনে করছে অজিরা।’

এদিকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া দাবি করেন, ‘মাঠ-ড্রেসিং রুম শতভাগ খেলার উপযোগী করা হয়েছে। মাঠের বাইরে জমে থাকা পানি নিষ্কাশন এবং দুর্গন্ধ কমাতে নারায়ণগঞ্জ সিটি করপরেশনের সহায়তায় সম্ভাব্য সব কিছু করা হয়েছিল। এখন অজিরা যদি খেলতে না চায়, আমাদের তো কিছু করার নেই।’

প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০, খাসি ২০

কোরবানির পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হবে।

চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ দাম নির্ধারণ করেন।

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি : খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ৩০ অক্টোবর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য থাকলেও শাহবাগ থানার ওসি তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমে ছিল।’

ওই সময় তিনি আরও বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের নামে চলছে দুর্নীতি ও লুটপাট। দলীয় লোকদের জঙ্গি বানিয়ে নিরীহ লোকজনকে হত্যা করছে, সংখ্যালঘুর বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট ও হত্যা করছে। যেমন পুলিশ বাহিনী দিয়ে বিরোধীদলসহ ভালো ভালো লোককে গ্রেফতার, গুম এবং হত্যা করছে।’

‘উন্নয়নের নামে পদ্মাসেতু ও ফ্লাইওভারের কাজ বিলম্ব করে ব্যয়বহুল অর্থ দেখিয়ে লুটপাট করছে। যার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের হুকুম দিচ্ছি, তোমরা প্রতিটি গ্রামে-গঞ্জে নেমে এই সরকারের বিরুদ্ধে সকল জনগণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার ব্যবস্থা কর।’

এ ধরনের বক্তব্য দেয়ায় গত ২৫ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে খালেদা বিরুদ্ধে দায়ের মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।