All posts by lutfor

না.গঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার নান্নু টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে আগুন লাগার পর তা নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে ডেমড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ডেমড়া ফায়ার স্টেশনের দুটি ও কাঞ্চল স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বন্যার কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের প্রায় অর্ধেক অঞ্চল। উত্তরাঞ্চল বলতে গেলে পুরোটাই পানির নিচে। বন্যার্ত মানুষের অবর্ণনীয় দুর্ভোগ সারা দেশের মানুষকেই ছুঁয়ে যাচ্ছে। সামর্থ্যবান মানুষ যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

তবে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিকেলে কল্যাণপুরস্থ একমি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য এবং বিসিবি পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া এ তথ্য জানান।

বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বন্যার্তদের পাশে দাঁড়ানোর। এ কারণে আগামী শুক্রবার (২৫ আগস্ট) সিরাজগঞ্জ গিয়ে বিসিবির পক্ষ থেকে ব্যাপক আকারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

প্রসঙ্গত গত বছর অনুষ্ঠিত বিপিএলের চতুর্থ আসরেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের লক্ষ্য ছিল জমজমাট আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার। এমনকি ভারত থেকে সিনেমার নায়ক, নায়িকা এবং নামকরা গায়ক এনে জমিয়ে তোলার লক্ষ্য ছিল বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

কিন্তু ভয়াবহ বন্যার কারণে এবং উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই অনুষ্ঠানটা বাতিল করে দিল বিসিবি।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর পাকিস্তানের পাশে চীন

আন্তর্জাতিক ডেস্ক : আফগান যুদ্ধে বিতর্কিত ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র কড়া ভাষায় হুঁশিয়ার করার পর পাকিস্তানের পাশে দাঁড়াল চীন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ‘সন্ত্রাসের স্বর্গরাজ’ হিসেবে অভিহিত করেন। তিনি দেশটিকে সতর্ক করে দিয়ে বলেন, আফগানিস্তানের সন্ত্রাসীদের সহায়তা বন্ধ না করলে তাদের আর অর্থ সহায়তা দেওয়া হবে না।

শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প যখন পাকিস্তানকে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করছেন, তখন তিনি ভারতের ভূমিকার প্রশংসা করছেন। আফগান যুদ্ধে জয়ে তিনি ভারতকে পাশে চাইছেন। দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে আফগান তালেবানদের সহযোগিতা করার অভিযোগ আনলেও চীন উল্টো দাবি করছে। চীনের দাবি, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের ভূমিকার স্বীকৃতি পাওয়া উচিত। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তান অনেক কিছু উৎসর্গ করেছে।

মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়ার সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে ওয়াং ই পাকিস্তানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সুনির্দিষ্টভাবে বলেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তান সামনের সারিতে আছে এবং এ ক্ষেত্রে তাদের উৎসর্গকে স্বীকৃতি দেওয়া উচিত। এই যুদ্ধে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

চীনে ওয়াং ই এবং তেহমিনা জানুয়ার বৈঠকের সময় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা ত্রীপক্ষীয় আফগানিস্তান-পাকিস্তান-চীন ফোরামের ওপর গুরুত্বারোপ করেন।

জুন মাসে ওয়াং ই-এর ইসলামাবাদ সফরের সময় তিন দেশের এই ফোরাম গঠিত হয়। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসানের লক্ষ্যে ওই মাসে ইসলামাবাদ সফর করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে, ট্রাম্পের হুঁশিয়ারির পর দিন পাকিস্তানকে আবারো সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। আফগান তালেবানদের সমর্থন না করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া পাকিস্তানে যেসব সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে বলছে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ এশিয়া ভারতের চেয়েও যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ মিত্র পাকিস্তান। ন্যাটো সদস্য না হয়েও যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা পায় পাকিস্তান। প্রতিবছর শত শত কোটি ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এখন সেই মার্কিন প্রশাসন অভিযোগ করছে, পাকিস্তান সন্ত্রাসের লালন-পালন করছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ ‘আফগান যুদ্ধ’। ১৬ বছরেও এ যুদ্ধে বিজয়ী হতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প এ যুদ্ধের ঘোর বিরোধী থাকলেও অবস্থান পাল্টেছেন তিনি। বলছেন, এবার আফগান যুদ্ধ হবে ‘জয়ের জন্য লড়াইয়ের’। আফগানিস্তানে নতুন করে প্রায় ৪ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন-চিফ ট্রাম্প।

বিমান হামলায় সানায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক :ইয়েমেনে বিমান হামলায় কমপক্ষে ৩৫জন নিহত হয়েছে। রাজধানী সানার কাছে সৌদি জোট এ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বুধবার হুতিদের নিয়ন্ত্রিত একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানানো হয়েছে।

আলমাসিরা নামের ওই চ্যানেলটি বলেছে, ‘আরহাব এলাকায় একটি হোটেলে বিমান হামলায় ৩০জনেরও বেশি শহীদ হয়েছে।’ সানার উত্তরের ওই এলাকাটিতে আরো অর্ধশত আহত হয়েছে বলেও জানিয়েছে চ্যানেলটি।

ইয়েমেন রেডক্রিসেন্টের সানা শাখার প্রধান হুসেইন আল তাউইল নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদেহগুলো ধ্বংসস্তুপ থেকে টেনে বের করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে সৌদি জোটের তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়েমেন পোস্টের সাংবাদিক হাকিম আল মাসমারি জানিয়েছেন, শহরের কয়েকটি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘ইয়েমেন সম্ভবত সৌদি জোটের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ দেখলো।’

হাকিম বলেন, ভোরে একটি মোটেলকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মধ্যরাত থেকে সানা ও এর আশেপাশের এলাকায় যে ২৫টি বিমান হামলা চালানো হয়, এটি ছিল তার অংশ।সানার প্রতিটি অংশে বিমান হামলা চালানো হয়েছে। এটা ছিল মৃত্যুর রাত।’

সাপের ছোবল থেকে রেহাই পাবেন না : ওবায়দুল কাদের

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরেকটি ১/১১ করতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

আজ বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল এ মন্তব্য করেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসেছিল সেনাবাহিনী-সমর্থিত সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দীন আহমেদ। এই দিনটি ১/১১ হিসেবে পরিচিত।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই আলোচনায় ওবায়দুল বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা (বিএনপি) আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, হয়তো এই সরকারের রক্ষা নেই। ভেবেছে, তাদের সুবর্ণ বিজয় সমাগত, ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।’

‘পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না।’

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না।’

‘যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন, সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান।

১লা নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

আগামী ১লা নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে। আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড গতকাল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সময় সূচী প্রকাশ করেছে। ১লা নভেম্বর শুরু হয়ে ১৮ই নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। এই তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করতে বলা হয়েছে।

জেএসসি সূচি: ১লা নভেম্বর বাংলা প্রথমপত্র, ২রা নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ই নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ই নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ই নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে। ৮ই নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ই নভেম্বর বিজ্ঞান, ১১ই নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ই নভেম্বর গণিত, ১৩ই নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১৪ই নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংষ্কৃত, পালি, ১৬ই নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ১৮ই নভেম্বর চারু ও কারুকলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) বিষয়ের পরীক্ষা হবে।

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে। বায়তুল মুকাররমের ফাউন্ডেশনের কার্যালয়ে বসেছে চাঁদ দেখা কমিটির সভা।

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকেোর্ট।

একইসঙ্গে আগামী ২৭ আগস্টের পর ঢাকা মহানগরের কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন বাজলে সেই গাড়ি জব্দ করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে মঙ্গলবার তিনি এ রিট দায়ের করেন।

রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়েছিল।

রংপুরে দুই স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়া গ্রামে দুই স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী ইলিয়াছ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার রংপুরের জেলা ও দায়রা জজ হুমসায়ুন কবীর জনাকীর্ণ আদালতে এ রায় দেয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জুলাই রংপুরের মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়া গ্রামে আমজাদ হোসেনের ছেলে ইলিয়াছ আলী রাত সাড়ে ১০টার দিকে ছোট স্ত্রী মকসুদা বেগমকে শুয়ে থাকা অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনা দেখে তার বড় স্ত্রী মোমেনা বেগম আত্মচিৎকার করে বাড়ির বাইরে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্বামী ইলিয়াছ তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় গ্রামবাসী ইলিয়াছকে আটক করে মিঠাপুকুর থানায় খবর দেন। পরে পুলিশ এসে ইলিয়াছকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ দুই গৃহবধূ মাকসুদা ও মোমেনার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই এরশাদ আলী ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আসামি ইলিয়াছ আলীর নামে আদালতে চার্জশিট দাখিল করে।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল মালেক অ্যাডভোকেট জানান, দুই স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা করার অপারাধে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট।

অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী আমজাদ হোসেন অ্যাডভোকেট জানান, এ রায় যথাযথভাবে হয়নি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

দাফন পেছাল নায়করাজের

বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা রাজ্জাক। এ দেশের মানুষ তাকে সম্মান করে নায়করাজ বলে ডাকে। গতকাল সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কথা ছিল আজ বেলা ১১টায় এফডিসিতে রাজ্জাকের প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর বেলা ৩টায় গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বিকেলে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

কিন্তু আজ সকালে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর জানান, নায়করাজের মরদেহ দাফনে সময় পরিবর্তিত হয়েছে। তাকে আগামীকাল বুধবার দুপুর বা বিকেলে সমাহিত করা হতে পারে।

এই অভিনেতা বলেন, ‘গতকাল রাতে আমরা রাজ্জাক ভাইয়ের বাসায় বসে তার পরিবারের সঙ্গে মিটিং করে আজকেই দাফনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মাঝরাতে জানা গেল, রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছে। ভাবি আমাদের অনুরোধ জানিয়েছেন, আরেকটা দিন মরদেহ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হল।’

তিনি বলেন, ‘যেহেতু জানাজা হলে মরদেহ দাফন করা বাধ্যতামূলক, তাই আজ কোনো জানাজা অনুষ্ঠিত হবে না। এফডিসিতে মরদেহ আনা হবে তার কর্মস্থলে শেষ সম্মান জানানোর জন্য। তারপর শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য।’

প্রযোজক নেতা খোরশেদুল আলম খসরু যোগ করেন, শহীদ মিনার থেকে নায়করাজ রাজ্জাকের মরদেহ হিমঘরে রাখা হবে। বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বনানী বুদ্ধিজীবী কবরস্থানেই বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সমাহিত করা হবে।