All posts by lutfor

মেডিকেলে ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।

নম্বর কেটে মেধা তালিকা তৈরির এই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এই আদেশ দেন। একই সঙ্গে রুলও জারি করেছেন আদালত। রুলে দ্বিতীয়বার অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল সোমবার রিট শুনানির পর আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান করে গত ২১ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তির ৬ নম্বর প্যারায় বলা হয়, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

রিটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাতালিকা থেকে ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল চাওয়া হয়। এর পাশাপাশি ওই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

রিটে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়।

মেক্সিকোতে ৮.১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো দক্ষিণ উপকূলে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরে স্বল্প উচ্চতার সুনামি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে,  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পিজিজিআন শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৩ মাইল গভীরে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের একটু আগে এটি আঘাত হানে।

চিপাস রাজ্যের গভর্নর ম্যানুয়েল ভেলাস্কো জানিয়েছেন, তার রাজ্যে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিবেশী তাবাস্কো রাজ্যের গভর্নর জানিয়েছেন, সেখানে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া তাৎক্ষনিকভাবে হতাহতের আর কোনো সংখ্যা জানা যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর মেক্সিকো উপকূলে ২ দশমিক ৩ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। কর্তৃপক্ষ কিছু উপকূলীয় এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

মেক্সিকোর বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, ১৯৮৫ সালের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই বছর ভূমিকম্পে নিহত হয়েছিল ১০ হাজার মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতের কিছু আগে ভূমিকম্পে আতঙ্কিত লোকজন পায়জামা পরেই বাড়ি থেকে রাস্তায় ছুটে আসে। বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মেক্সিকোর দক্ষিণাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ওয়াক্সাকা রাজ্যের জাচিতান শহরের মিলনায়তন কেন্দ্র, একটি হোটেল, একটি পানশালা এবং কয়েকটি ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানা গেছে।

আগস্টে বেড়েছে রেমিটেন্স প্রবাহ

চলতি বছরের আগস্ট মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এ মাসে ১,৪১৮.৫৮ মিলিয়ন মাকির্ন ডলার রেমিটেন্স দেশে এসেছে।

২০১৬ সালের জুন মাসের পর এটি সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান জানান, প্রবাসী বাংলাদেশিরা যে কোন উৎসবের আগে দেশে অধিক পরিমাণ রেমিটেন্স পাঠায়। পবিত্র ঈদুল আযহার আগে সাধারণত রেমিটেন্স একটু বেশিই আসে। এ বছরও সেটি ঘটেছে। তবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করতে কতিপয় পদক্ষেপ গ্রহণ করায় সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

তিনি আরও জানান, কিছু অনানুষ্ঠানিক চ্যানেলে টাকা পাঠানোর অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারিতে মোবাইল ব্যাংকিং এর অনুমোদন দেয়। একই সঙ্গে অবৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কিছু মোবাইল নম্বর জব্দ করা হয়।

অবৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কারণে ২০১৪-১৫ সালে দেশে রেমিটেন্স প্রবাহ হ্রাস পেয়েছিল। তবে পরবর্তীতে কিছু পদক্ষেপ নেয়ায় পরিস্থিতির উন্নতি হয়। আগস্ট মাসে ১,৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে। এর আগের বছরে এ সময়ে দেশে রেমিটেন্স এসেছিল ২৩৪.৯৭ মিলিয়ন মার্কিন ডলার।

গত জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছে ১.১১৫,৫৭ মিলিয়ন মার্কিন ডলার এবং এর আগের বছরে এ সময়ে এসেছিল ১১০.০৬ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রিয় ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে দেশে রেমিটেন্স এসেছিল ১৫,৩১৬.৯১ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৬ সালে এসেছিল ১৪,৯৩১ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৭ সালে এসেছে ১২,৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার। সূত্র: বাসস

নদীতে গোসলে নেমে ভেসে গেল স্কুলছাত্রী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে গোসল করতে গেলে স্রোতে ভেসে গিয়ে নুরুন নাহার (১২) নামে এক  স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সদর সংলগ্ন গোমতী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুন নাহার উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং কাদিয়ারভাংগা গ্রামের নজরুল ইসলাম প্রধানের মেয়ে।

এলাকাবাসী  জানায়, নুরুন নাহার উপজেলার দোনারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বেলা ১২টার দিকে গ্রামের পাশের গোমতী নদীতে নানীর সাথে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় নুরুন নাহার। পরে নদীর প্রায় আড়াই কিলোমিটার দূরে আনারখাল এলাকা থেকে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমারের সহিংসতায় সহস্রাধিক লোক নিহত হয়েছে : জাতিসংঘ

জাতিসংঘের ঊর্ধ্বতন এক প্রতিনিধি বলেছেন, মিয়ানমারে সহিংসতায় ইতোমধ্যে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের বেশির ভাগ সংখ্যালঘু মুসলমান, যা সরকারি হিসেবের তুলনায় দ্বিগুণ।

তিনি অং সান সু চিকে এ ব্যাপারে নির্ভয়ে খোলামেলা আলোচনা করার জন্য আহবান জানিয়েছেন।

জাতিসংঘ প্রতিনিধি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানান।

জাতিসংঘ বলেছে, গত দু’সপ্তাহে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক পালিয়েছে এসেছে। শরণার্থী শিবিরগুলোতে তাদের থাকার মতো জায়গাই হচ্ছে না।

রাখাইন রাজ্যে সংঘর্ষ চলাকালে পালিয়ে আসার সময় অনেকেই নিহত হয়।

এদিকে প্রদক্ষদর্শীরা বলেছে, গত ২৫ আগস্ট কয়েক দফা সমন্বিত হামলা চালানোর পর থেকে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। এর ফলে সামরিক বাহিনীর নেতৃত্বে অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিনিধি ইয়াংহি লি বলেছেন, ‘সম্ভবত ইতোমধ্যে এক হাজার বা তারও বেশি লোক প্রাণ হারিয়েছে।’

বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। মিয়ানমার সরকার তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায় এবং এদের বাংলাদেশী অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। যদিও তারা দেশটিতে যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে।

বাংলাদেশ সর্বশেষ রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে সীমান্তে শরণার্থী শিবিরে বাংলাদেশ ছয় লাখ ৭০ হাজার মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে।

জাতিসংঘ বলেছে, রাতভর পালিয়ে আসার কারণে এর আগে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা গণনা করা হয়নি। এর আগে জাতিসংঘের হিসেবে অনুপ্রবেশকারীর সংখ্যা ছিলো এক লাখ ৬৪ হাজার।

কিন্তু জাতিসংঘ জানিয়েছে, গত বুধবার অন্তত তিনশ’ নৌকায় করে মিয়ানমারের বিপুলসংখ্যক নাগরিক বাংলাদেশে প্রবেশ করায় এ সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রবল স্রোতের কবলে পড়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। এদের বেশির ভাগ শিশু।

দক্ষিণ কোরিয়ান শিক্ষাবিদ লি এএফপিকে বলেছেন, তিনি আশংকা করছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি বিশ্ব ও মিয়ানমারের জন্য সবচেয়ে ভয়াবহ বিপর্যয়।’

তিনি যে পরিসংখ্যান দেখিয়েছেন, তা সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি।

এর আগে মিয়ানমারের সামরিক বাহিনী বলেছিলো তারা কেবল ৩৮৭ রোহিঙ্গা জঙ্গি হত্যা করেছে।

এদিকে কর্তৃপক্ষ বলেছে, আগস্ট হামলার পর তারা নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যকে হারিয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার মিয়ানমার কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্টের পর রোহিঙ্গাদের ছয় হাজার ৬শ’ এবং ২০১টি অমুসলিমদের বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়া হয়।

তারা আরো জানায়, ওই সময় সংঘর্ষে প্রায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এদের মধ্যে সাতজন রোহিঙ্গা, সাতজন হিন্দু এবং ১৬ জন রাখাইন বৌদ্ধ।

হারিকেন ইরমায় নিল সাত প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী হারিকেন ইরমার আঘাতে তছনছ হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক দ্বীপ। এরই মধ্যে মারা গেছে কমপক্ষে সাতজন। আহত হয়েছে বহু মানুষ।

অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের বরাত দিয়ে এবিসি নিউজের অনলাইনে জানানো হয়েছে, হারিকেন ইরমার আঘাতে বারবুডা দ্বীপের ৯০ শতাংশ অবকাঠামো ও যানবাহন ধ্বংস হয়েছে।

আর নিউ ইয়র্ক ডেইলি জানিয়েছে, আক্ষরিক অর্থে বারবুডা এখন পানির নিচে। অন্যদিকে, বিবিসি অনলাইন জানিয়েছে, বারবুডা দ্বীপ মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

বুধবার ক্যাটাগরি ৫ মাত্রার হারিকেন ইরমা ২৯৫ কিলোমিটার (১৮৫ মাইল) বেগে বারবুডায় আঘাত হানে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফ্রান্সের মালিকানাধীন সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ এলাকাই ধ্বংস হয়ে গেছে। এ দ্বীপের বিমানবন্দর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফ্রান্স জানিয়েছে, সেন্ট বার্টস দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি জানিয়েছে, যে ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, হারিকেন ইরমার আঘাত শেষ হতে না হতেই আবার দুঃসংবাদ এসেছে। আটলান্টিকে উৎপন্ন দুটি শক্তিশালী ঝড় হারিকেনে পরিণত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, পুয়ের্তো রিকো দ্বীপের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে ইরমা। এটি ৫ ক্যাটাগারির হারিকেন, যা হারিকেনের সর্বোচ্চ মাত্রা।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অধিকাংশ দ্বীপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিদ্যু ও পানি সরবরাহ ব্যবস্থা সচল হতে বেশ কয়েক দিন লেগে যাবে।

আটলান্টিক সাগরে উৎপত্তি হওয়া হারিকেন ইরমা গত এক দশকের সবচেয়ে শক্তিশালী ঝড়। ঘণ্টায় ২৯৫ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে ইরমা। বৃহস্পতিবার এটি ডোমিনিকান রিপাবলিকের পাশ দিয়ে অথবা উত্তরাঞ্চল দিয়ে বয়ে যেতে পারে।

বারবুডা দ্বীপে জনসংখ্যা মাত্র ১ হাজার ৬০০ জন। আর অ্যান্টিগুয়ার জনসংখ্যা ৮০ হাজার। বারবুডায় ইরমার আঘাতে একজন মারা গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাউন।

ফ্রান্সের সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস দ্বীপে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ফরাসিদের কাছে জনপ্রিয় পর্যটন স্থান এই দ্বীপ দুটি। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, দ্বীপ দুটির অধিকাংশ অবকাঠামো ভূমিসাৎ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা ইরমার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেছেন, ‘দেখে মনে হচ্ছে, এটি এমন কিছু হতে পারে, যা মোটেও নয়। বিশ্বাস করুন, মোটেও ভালো নয়।’|

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে কী ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে হারিকেন ইরমা, তা এখনো বুঝে উঠতে না পারলেও মার্কিন কর্মকর্তারা বলছেন, রোববার নাগাদ ফ্লোরিডা রাজ্যে আঘাত হানতে পারে এটি। তবে ইরমার মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প আগেভাগে জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছেন।

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে শুক্রবার মৌনমিছিল

নিজস্ব প্রতিবেদক :মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার ঢাকায় মৌনমিছিল করবে গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘আসুন সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মৌনমিছিলে অংশ নিই। সারা বিশ্বকে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে আছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ সেখানকার সামরিক জান্তার গণহত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। প্রতিদিন বাংলাদেশ সীমান্তে আসছে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লক্ষ লক্ষ মানুষ। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানব শিশুর লাশ। নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের সরকারকে এই গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে।

ট্রেন থেকে পড়ে এমপি আহত : স্টেশন মাস্টার বরখাস্ত

সংসদ সদস্য তানভীর ইমাম ট্রেন থেকে নামতে গিয়ে আহতের ঘটনায় উল্লাপাড়া স্টেশনের মাস্টার শামছুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার রাতে তাকে বরখাস্ত করা হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার জানান, আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠানামার সময় তিন মিনিট হলেও এমপি তানভীর ইমামের জন্য সাড়ে চার মিনিট সময় দেওয়া হয়। এরপর সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন ক্লিয়ারেন্স দিলে এমপি সাহেব নামতে গিয়ে পা পিছলে পড়ে সামান্য আহত হন। বাতেন নির্দোষ ছিলেন।তবু তাকে অহেতুক মারধর করেছে এমপির লোকজন।

তিনি আরো জানান, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নেমে যাবেন, সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেন তা জানতেন না । শামছুল আলমের দায়িত্বে কিছুটা অবহেলা প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

স্থানীয় সাংসদ তানভীর ইমাম বলেন, ‘স্টেশন মাস্টারদের ভুলে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। সাধারণত এ স্টেশনে পাঁচ মিনিট দেরি করে ট্রেন। কিন্তু মাত্র চার মিনিট পর ট্রেনটি ছেড়ে দেয়। আর আমি নামতে গিয়ে পড়ে যাই।’

মিয়ানমারের সরকারি ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকারদের হানা

অন্যায়ের প্রতিবাদে বরাবরই সরব বাংলাদেশের অন্যতম হ্যাকার গ্রুপ ‘সাইবার ৭১’। দেশের হয়ে সাইট হ্যাক করে প্রতিবাদ জানিয়ে থাকে হ্যাকার গ্রুপটি। এ কারণে দেশে বিদেশে আলোচিত হ্যাকার গ্রুপ সাইবার ৭১।

এবার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার রাতে মিয়ানমারের গুরুত্বপূর্ণ বেশ কিছু সরকারি-বেসরকারি ওয়েবসাইট অচল করে দিয়েছে সাইবার ৭১।

ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে যৌথ ডিডস আক্রমণ চালিয়ে মিয়ানমারের রাষ্ট্রপতি অফিস (www.president-office.gov.mm), তথ্য মন্ত্রণালয় (www.moi.gov.mm), কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট (www.cbm.gov.mm) ডাউন করা ছাড়াও, মিয়ানমারের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এমকে কোম্পানিজের ওয়েবসাইট (www.mkgroup.com.mm) নিজেদের দখলে নিয়েছে সাইবার ৭১। এমকে কোম্পানিজের সাইট হ্যাক করে রোহিঙ্গা নির্যাতন বন্ধের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া আজ দুপুর দেড়টার দিকে আসিয়ান ইকোনমিক কমিউনিটির মিয়ানমারভিত্তিক ওয়েবসাইটটি (www.aec.com.mm) হ্যাক করে সেখানে রোহিঙ্গা নির্যাতন বন্ধের ব্যানার ঝুলিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপটি।

সাইবার ৭১ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘মিয়ারমার লঙ্ঘন করেছিল আমাদের আকাশ সীমা, প্রতিবাদে আমরা লঙ্ঘন করলাম তাদের সাইবার স্পেসের সীমা। এছাড়া মিয়ানমার যতক্ষণ না পর্যন্ত রোহিঙ্গা নির্যাতন বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাইবার স্পেসে আক্রমণ পরিচালনা করবো’।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিট নিশ্চিতে সক্রিয় একঝাঁক তারকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী একঝাঁক তারকা। মনোনয়ন লড়াইয়ে মাঠে নেমেছেন চলচ্চিত্রের নায়ক-নায়িকা, কণ্ঠশিল্পী ও সাবেক ফুটবলাররা। মনোনয়ন পেতে নানাভাবে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছেন তারা। তারকাদের মনোনয়ন দেওয়ার অতীত রেকর্ড তেমন একটা নেই বিএনপির। তবে আগামী জাতীয় নির্বাচনে বেশ কয়েকজন স্বনামধন্য তারকাকে নির্বাচনী মাঠে নামানোর জন্য সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত দলটির নেতারাও প্রচেষ্টা চলাচ্ছেন বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি ঘরনার বাইরেও সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকজন তারকাকে দলে ভেড়াতে ভেতরে-ভেতরে কাজ চালাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস। ববিতাকে ঢাকার আশপাশের যে কোনো একটি আসন থেকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা এ নিয়ে জোর চেষ্টা চালাচ্ছেন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ঢাকা মহানগরের একটি আসন থেকে মনোনয়নের জন্য আলাপ-আলোচনা চলছে। কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে রাজশাহীর (বাঘা-চারঘাট) আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। জেমসকে নওগাঁ সদর আসনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে।

বিএনপির রাজনীতির সঙ্গে যেসব তারকা রয়েছেন, তাদের মধ্যে এবার দলের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বিশিষ্ট গীতিকার-সুরকার গাজী মাজহারুল আনোয়ার, গীতিকার-সুরকার মনিরুজ্জামান মনির, চিত্রনায়ক আশরাফউদ্দিন উজ্জ্বল, চিত্রনায়ক হেলাল খান, অমিত হাসান, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, কনকচাঁপা, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, অভিনেতা বাবুল আহমেদ, কণ্ঠশিল্পী নাজনিন মুনিরা ন্যান্সি, টিভি উপস্থাপিকা কাজী জেসিন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার ঢাকা মহানগরের একটি আসন থেকে মনোনয়ন চাইবেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। গীতিকার ও সুরকার মনিরুজ্জামান মনির সুনামগঞ্জের একটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন। চিত্রনায়ক উজ্জ্বল সিরাজগঞ্জের একটি আসন থেকে মনোনয়ন চাইবেন। তিনি বিএনপির সাংস্কৃতিক সম্পাদক। অভিনেতা বাবুল আহমেদ মুন্সীগঞ্জের (লৌহজং) থেকে মনোনয়ন চাইবেন। তিনিও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। চিত্রনায়ক হেলাল খান সিলেটের (গোলাপগঞ্জ) আসনে মনোনয়ন লাভের জন্য গণসংযোগ চালাচ্ছেন।

এই চিত্রনায়ক বিএনপির অঙ্গসংগঠন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। কণ্ঠশিল্পী বেবী নাজনীন নীলফামারী জেলার সৈয়দপুর আসন থেকে মনোনয়ন চাইবেন। এই শিল্পী বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। কণ্ঠশিল্পী হাসান চৌধুরী রাজশাহীর যে কোনো একটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন। তিনি জাসাসের সহ-সভাপতি পদে আছেন। চিত্রনায়ক অমিত হাসান টাঙ্গাইলের একটি আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন রয়েছে। কণ্ঠশিল্পী কনকচাঁপা সিরাজগঞ্জের একটি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। কণ্ঠ শিল্পী ন্যান্সি ও টিভি উপস্থাপিকা কাজি জেসিন নেত্রকোনার নিজ নিজ এলাকার আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। ফুটবলার আমিনুল ঢাকা-১৫ আসন থেকে মনোনয়ন চাইবেন। এই ফুটবলার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক। চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা ফরিদপুরের ভাঙ্গা থেকে মনোনয়ন চাইবেন। এই নায়িকা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন। উৎস : দৈনিক আমাদের সময়