All posts by lutfor

যাদুর ছোয়ায় দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়ি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা নিয়ে, দিনক্ষণ নির্ধারণ করে উন্নত দেশ গড়ার লক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জামালপুরে উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনে জামালপুরেই সর্বপ্রথম উন্নয়ন হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, ভিক্ষুকের জাতির কলঙ্ক মুছে মধ্যম আয়ের দেশ হিসেবে জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার যাদুর ছোয়ায় দেশ তলাবিহীন ঝুড়ি থেকে উপচে পড়া ঝুড়িতে পরিণত হয়েছে।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, বিশ্বের মধ্যে শেখ হাসিনা এমন এক নেত্রী যিনি বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মানের সাহস দেখিয়েছেন।পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব। দেশকে বিশ্বের মধ্যে মাথা উচু করা উন্নত দেশে পরিণত করতে শেখ হাসিনা কাজ করছেন উল্লেখ করে মন্ত্রী আগামী নির্বাচনে জামালপুরের ৫টি আসনে আ.লীগকে ভোট দেয়ার আহবান জানান।

তিনি বলেন,আগের মানুষের কাছে ঘড়ির সময় জানতে চাইলে বলতো ডিজিটাল বলবো না এনালগ সময় বলবো। তারা ডিজিটাল নিয়ে মসকারা করতো। এখন কিন্তু তা বলে না, এখন বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রী জামালপুরের প্রাচীনতম এই পৌরসভাকে আরও আধুনিকায়ন করার আশ্বাস দেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জামালপুর পৌরসভার দেড়শ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক এসডিজি আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা এই মধ্যরাত অবধি চলছে।পালাক্রমে শিল্পীরা সংগীত পরিবেশন করতে থাকেন।মঞ্চে এখন গান পরিবেশন করছেন জনপ্রিয় শিল্পী নগর বাউল খ্যাত জেমস।অনুষ্ঠানে রেকর্ডসংখ্যক দর্শক সমাগম হয়েছে।

বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে উন্নত দেশ হবে না

বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ অর্জন করা যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা যুক্ত, আমেরিকা গেলেও তারা প্রশ্ন ফাঁস করে ফেলবে। এজন্য শিক্ষা ব্যবস্থার রূপান্তর করাকে এখন দেশের অন্যতম চ্যালেঞ্জ।

মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের চাহিদা ও প্রয়োজন মেনে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর এবং হাতে-কলমে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে হবে। এছাড়া বর্তমানের প্রয়োজনের সঙ্গে আগামীর প্রয়োজন মাথায় থেকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।

মন্ত্রী বলেন, দেশে নির্ভরশীল মানুষের সংখ্যা কমছে। ৮০র দশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল ৮০ ভাগ। কিন্তু বর্তমানে সেটি কমে দাড়িঁয়েছে ৫৪ ভাগ। অর্থাৎ আগে পরিবারের ১ জন আয় করলে অন্য সব সদস্য তার ওপর নির্ভর করতো। এখন একজনের ওপর নির্ভরতা কমেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের আকর্ষণীয় স্থান। শুধু বিদ্যুৎ এবং জ্বালানির নিশ্চয়তা দিতে পারলে বিদেশি বিনিয়োগের কোনো অভাব হবে না। মন্ত্রী বলেন, গত এক বছরে দেশে সর্বোচ্চ ৩৭ লাখ কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ১০ লাখ ৩০ হাজার মানুষ বিদেশে গেছে। দেশে কর্মসংস্থান হয়েছে ১৪ লাখ।
এছাড়া এজেন্ট ব্যাংকিং এ ২০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রত্যেক গ্রামে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। বেতনের সঙ্গে যুক্ত হয়েছে দেশের ১৪ লাখ মানুষ।

ব্যাংকিং খাত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করাকে আমি নিরুৎসাহিত করি। চীনে ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্পকারখানা করার নজির কম। অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজার আদর্শ বিকল্প হতে পারে। তবে পুঁজিবাজার যাওয়ার আগে এর সম্পর্কে পড়াশোনা ও জ্ঞান থাকা প্রয়োজন। ব্যাংকিং খাতে বর্তমানের বিপর্যয়ের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, যে অনিয়মগুলো হচ্ছে, সেগুলো বন্ধে বাংলাদেশ ব্যাংকের

অবাক কাণ্ড, রায় দেয়ার পর বলছে সংশোধন হচ্ছে কপি দেয়া যাচ্ছে না : ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে প্রতিদিন মিছিল হচ্ছে, মোবারকবাদ দেয়া হচ্ছে। এখানে একজনকে দু’কোটি কোটির টাকার জন্য জেল দেয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাকে জামিন দেয়ার কথা। অথচ বলা হচ্ছে রায় সংশোধন করা হচ্ছে। অবাক লাগছে। রায় দেয়া হয়ে গেছে তবে কপি দেয়া যাচ্ছে না, কারণ কপি সংশোধন করা হচ্ছে। তিনি দুই কোটি টাকার জন্য যদি সাড়ে ছয় শ’ পাতা লাগে, তাহলে সাড়ে চার হাজার কোটি টাকার জন্য কয় লাখ পাতা লাগবে? আর তা কত বছর লাগবে তা লিখতে? আর কয় বছর লাগবে তা সংশোধন করতে? আর তখন কয় বছর লাগবে এর কপি দিতে? এই যে কপি কপি দেব কপি দেব বলা হচ্ছে … কী প্রহসন হচ্ছে..। আইনকে নিয়ে খেলা করা হচ্ছে।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রসমাজের ভূমিকা শীর্ষক আলোচনায় সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ কার্যকর গণতন্ত্র দেখছে না। তিনি বলেন, এরা যদি নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে থাকে তাহলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না? কেন এ ব্যাপারে রাষ্ট্র নিশ্চুপ। এ ব্যাপারে কী কোনো মামলা শুরু হয়েছে- প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, দেশে যেভাবে হত্যা গুম চলছে তা নিয়ে সবাইকে মুখ খুলতে হবে। জজ সাহেবদের এ ব্যাপারে অসহায়দের পক্ষে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত।

তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে কেন তারা দেশে গুম হত্যা অপহরণের বিরুদ্ধে কথা বলছেন না।

তিনি বলেন, তারা যদি গুম হত্যার বিরুদ্ধে কিছু করতে না পারে তাহলে বেরিয়ে যাক ক্ষমতা থেকে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সভাপতি আজম রূপু।

সঞ্চালন করেন ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, বিকল্প ধারার মহাসচিব মেজর ( অব.) আব্দুর মান্নান এবং গণফোরাম নেতাদের মধ্যে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস ইনস্টিটিউট বাস্তবায়নের নির্দেশ

ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য দ্রুত উপস্থাপনের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে শিগগিরই প্রস্তাব পাঠানোর নির্দেশও দেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্পের বাছাই কমিটির সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।

এ সময় তিনি বলেন, ‘জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সরকারের নিরলস প্রচেষ্টা ও নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন জরুরি। প্রকল্পটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জন্য আধুনিক মানের প্যাথলজি সেবা গ্রহণের সুযোগ আরো সহজতর হবে।’

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক মেজর জেনারেল দেবাশীষ সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সঙ্গে চুক্তি হয়েছে’

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থা ‘ইউএনএইচসিআর’কে সম্পৃক্ত করে চুক্তি হয়েছে। আন্তর্জাতিক এই সংস্থাকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের এমনভাবে স্বদেশে ফেরত পাঠানো হবে যাতে রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে বসবাস করতে পারে। তাড়াহুড়া করলে এই পরিস্থিতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের ৩২ সদস্যের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সকালে ক্যাম্প পরিদর্শনে যান। ওখানে প্রতিনিধিরা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন।

ইইউ প্রতিনিধি দলের প্রধান জিন লামবারট জানান, মিয়ানমারের পরিস্থিতি উদ্বেগজনক। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মহল মনে করে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিস্থিতি তৈরি করবে মিয়ানমার সরকার। মিয়ানমারের আগের যে পরিস্থিতি তা কোনোভাবে রোহিঙ্গাদের অনুকূলে নয়। রোহিঙ্গারা মিয়ানমারে বসবাস করতে পারেনি বলেই বাংলাদেশে পালিয়ে এসেছে।

এ সময় প্রতিনিধি দলের সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন জেমস নিকলসন, রিচার্ড করবেট, ওয়াযিদ খান, সাজ্জাদ করিম, মার্ক তারাবেলাসহ ৩২ জন ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পরিদর্শনের সময় রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ছাড়াও ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তারা।

ধর্ম অবমাননার শাস্তি সুরা মুখস্থ

আন্তর্জাতিক ডেস্ক : খ্রিস্টান ধর্মঅবমাননার দায়ে তিন মুসলমান তরুণকে পবিত্র কুরআনের সুরা আল-ইমরান মুখস্থ করার নির্দেশ দিয়েছে লেবাননের ত্রিপোলির একটি আদালত।

সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ওই তিন তরুণ হজরত ঈসার (আ.) মা হজরত মারিয়াম (আ.) এর অবমাননা করেছিল।

সুরা আল-ইমরানে হজরত মারিয়াম (আ.) ও হজরত ঈসা (আ.) এর সম্মান ও মর্যাদা সম্পর্কে বর্ণনা রয়েছে।

গত সপ্তাহে উত্তর লেবাননের ত্রিপোলির একটি আদালতের বিচারক জোসেলিন মাত্তা জানিয়েছেন, তিনি এই রায়ের মাধ্যমে ওই তরুণকে সহনশীলতা এবং হজরত মারিয়াম (আ.) এর প্রতি শ্রদ্ধা-ভালোবাসার ‌বিষয়ে ইসলামের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে চেয়েছেন।

বিচারক বলেন, ‘আইন মানে কেবল কারাগার নয়, এটি একটি শিক্ষারও মাধ্যম।’

বিচারক মাত্তার এই রায়কে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, এই রায় ন্যায়বিচারের উৎকৃষ্ট দৃষ্টান্ত এবং ইসলাম ও খিষ্ট্রান ধর্মের মধ্যে যে সম্প্রীতির বিষয়টি রয়েছে তা শিক্ষা দেবে।

দেশটির দুর্নীতিবিরোধী প্রতিমন্ত্রী নিকোলাস তুয়েনিও রায়ের প্রশংসা করে বলেছেন, বিচারক মাত্তার রায় সামাজিক সমস্যা সমাধান ও ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার ক্ষেত্রে অনুসরণযোগ্য।

মৌসুমে এই প্রথম গোলহীন বার্সা!

এবারের মৌসুমে প্রথমবারের মতো লা লিগার কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। ঘরের মাঠে গেটাফের সাথে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল বার্সা। আগের ম্যাচে এসপানিওলের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা ।

তবে এবারের লিগে এখন পর্যন্ত অপরাজিতই থাকল বার্সা। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট এগিয়ে আর্নেস্তো ভালভার্দের দল।

ন্যু ক্যাম্পে রোববার বার্সাকে গোলবঞ্চিত রাখতে বড় অবদান গেটাফের গোলরক্ষক ভিসেন্তে গুইতার। এই মৌসুমে ক্রিস্টাল প্যালেস থেকে ফ্রি ট্রান্সফারে গেটাফেতে আসা গুইতা ফিলিপে কুতিনহো ও লিওনেল মেসির শট ঠেকিয়ে দেন।

এই ম্যাচে বার্সার হয়ে লিগে অভিষেক হয়েছে ইয়ারি মিনার। একটি গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তার হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

শেষ দিকে গোল প্রায় পেয়ে যাচ্ছিল গেটাফে। ৩০ গজ দূর থেকে ভিতোরিনোর ফ্রি কিক বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের হাতে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়। কর্নার নেওয়ার মতো সময়ও ছিল না তখন।

চার বিলে রাষ্ট্রপতির অনুমোদন

রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে পাশ হওয়া চারটি বিলে সোমবার তার সম্মতি জ্ঞাপন করেছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক (গণসংযোগ-১) মো. নূরুল হুদা এ তথ্য জানান।

বিলগুলো হলো- বিদ্যুৎ বিল, ২০১৮, বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিল, ২০১৮, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৮।

রূপা ধর্ষণ-হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণের পর হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া চাঞ্চল্যকর এই মামলার রায় দিয়েছেন। এ সময় তিনি ৭৩ পৃষ্ঠার রায়ের অংশ বিশেষ পড়ে শোনান।

মৃতুদণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহণের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫), জাহাঙ্গীর (১৯) ও চালক হাবিবুর (৪৫)। সুপারভাইজার সফর আলীকে (৫৫) সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ছোঁয়া পরিবহণের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৩) রূপার পরিবারকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

ঘটনার ১৭৩ দিন ও মামলার ১৭১ দিনে চাঞ্চল্যকর এই মামলার রায় দিলেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নাছিমুল আক্তার বলেন, এ রায়ে তারা খুশি। মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী আতাউর রহমান আজাদ বলেন, দ্রুততম সময়ে এই মামলায় রায় নজির হয়ে থাকবে।

তবে রায়ে সন্তুষ্ট নন আসামিপক্ষের আইনজীবী শামীম চৌধুরী দয়াল। তিনি বলেন, তারা ন্যায়বিচার পাননি। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এর আগে ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ৫ ফেব্রুয়ারি ছিল উভয়পক্ষের যুক্তিতর্কের সমর্থনে আইন দাখিলের দিন। শুনানি শেষে আদালতের বিচারক রায়ের দিন ধার্য করেন।

গত ৩ জানুয়ারি মামলার বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। পরে মামলায় জব্দ তালিকা, সুরতহাল রিপোর্ট, চিকিৎসক, পাঁচ আসামির ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণকারী চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তাসহ ২৭ জনের ২৩ জানুয়ারি আদালতে সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়।

গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে পরিবহণ শ্রমিকরা ধর্ষণ করেন এবং বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে লাশ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে। পর দিন ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে রূপার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবিরভিত্তিতে বোনকে শনাক্ত করেন।

ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার

নির্দেশনা জারির একদিন পর ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবার সকালে বিটিআরসি সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আপাতত সরকারি নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইন্টারনেট সেবা স্বাভাবিক থাকবে।

এর আগে গতকাল রোববার নির্দেশনা জারির পর পরীক্ষামূলকভাবে রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ইন্টানেট বন্ধ রাখা হয়। এছাড়া আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা ধীর গতি থাকে।

বিটিআরসি নিদের্শনা অনুযায়ী, পরীক্ষার সময় সরকারি নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নিদের্শনা অনুযায়ী এ সময়ে ইন্টারনেটের গতি ২৫ কেবিপিএস করার সিদ্ধান্ত হয়।

আগামী ১৩, ১৫, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৪ ফেব্রুয়ারি পরীক্ষার দিন সকালে আড়াই ঘণ্টা এবং ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকেও আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে বলা হয়েছিল।