All posts by lutfor

অতিরিক্ত জেলা জজ হলেন ৬৯ বিচারক

যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ৬৯ জন বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতির এ আদেশটি বুধবার (২৩ মে) প্রকাশ করা হয়। ১৬ মে স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেয় আইন ও বিচার বিভাগ।

পদোন্নতির সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।

এছাড়া কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেমায়েত উদ্দিনকে অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি দিয়ে আলাদা আরেকটি আদেশ জারি করা হয়েছে।

মোদী চাইলে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চান তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার বিকেলে (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন পশ্চিমবঙ্গ সফর সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে এমন প্রশ্নে মাহমুদ আলী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চান, তাহলে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অতিথি হিসেবে যোগ দিতে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জিও যোগ দেবেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে সকালে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। পরদিন ২৬ মে সন্ধ্যায় তিনি ঢাকা ফিরবেন।

ইয়াবা নিয়ে দেশবাসীর কাছে এমপি বদির চ্যালেঞ্জ

মাদক নির্মূলে ৪ মে থেকে সারাদেশে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে অনেক মাদক ব্যবসায়ী যেমন ধরা পড়ছেন, তেমনি অভিযানের সময় বন্দুকের গুলিতে মারা গেছেন অনেকেই। কিন্তু অনেকে লেখক, সাংবাদিক ও বিশিষ্টজনেরা বলছেন- ছোট মাদক ব্যবসায়ীদের হত্যা না করে, বড় বড় যারা রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা দরকার।

বিশেষ করে ইয়াবা সম্রাট নামে পরিচিত ক্ষমতাসীন দলের সাংসদ কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম বারবার সামনে আসছে।

গত এক দশক ধরে বদিকে ঘিরেই তৈরি হয়েছে সরকারী সকল সংস্থার ইয়াবা ব্যবসায়ীদের তালিকা। সরকারী সকল সংস্থাও গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে এমপি বদির বিরুদ্ধে।

২০১৪ সালে সরকারি এক তালিকায় বদির নাম উঠে আসে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা ব্যবসায়ীদের ওই তালিকায় বলা হয়েছে,আব্দুর রহমান বদির ছত্রছায়ায় আরো অনেকে ইয়াবা ব্যবসা করছেন।

ইয়াবা ব্যবসার সঙ্গে নিজে ও পরিবারের অন্য সদস্য জড়িত নয় বলে বারবার দাবি করেছেন ইয়াবা নিয়ে বহুল আলোচিত সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। এই নিয়ে দেশবাসীর প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

বদি বলেছেন, দেশের যেকোন নাগরিক, সাংবাদিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি তার (এমপি বদির) ইয়াবা ব্যবসা বা ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্টতা দেখাতে পারে তাহলে যেকোন ধরনের শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন।

তিনি জীবনেও ধূমপান ও মাদক গ্রহণ করেননি। তার শরীরে কোনো ধরনের অবৈধ আয়ের ছোঁয়া লাগে না বলেও দাবি করেন তিনি। এটি তার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র।

মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারে দেওয়ার পক্ষে বলে নিজের মত জানিয়ে এই আলোচিত সংসদ বলেন, ক্রসফায়ার আরও আগে শুরু হওয়া উচিত ছিল। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত রাখতে হবে। এ জন্য আমাদের সবারই সহযোগিতা করা প্রয়োজন। যুব সমাজকে বাঁচাতে এটা অপরিহার্য।

এদিকে মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান।

তালিকায় নাম থাকলে এমপি বদিও ছাড় পাবে না: ওবায়দুল কাদের

মাদকের সঙ্গে জড়িত সরকারি দলের কেউ হলেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আব্দুর রহমান বদি কেনো, আরো প্রভাবশালী কারোর নাম যদি তালিকায় আসে তারাও ছাড় পাবে না। মাদক তালিকায় তো অনেক এমপির নামও পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ যে, মাদক ব্যবসায়ীর সঙ্গে মাদক ডিলিংসের সঙ্গে জড়িত যত প্রভাবশালীই হোক তাদেরকে অবশ্যই এই অভিযানের তালিকার আওতায় আনতে হবে।’

মাদকবিরোধী ক্রসফায়ার নিয়ে প্রশ্ন উঠেছে : ফখরুল

বিএনপি মাদকবিরোধী অভিযান চায় তবে সেটা অরাজনৈতিক হতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্রসফায়ারের মাধ্যমে নয়; বরং আইনের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।

আজ বুধবার সাকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাদকবিরোধী অভিযানে সরকার যেভাবে এটাকে প্রয়োগ করছে এ ব্যাপারে এরই মধ্যে আপনার সিভিল সোসাইটিতে, রাজনীতিক মহলে এবং দেশের মানুষের মধ্যে কিছু কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে। এমন একটা সময়কে বেছে নেওয়া হয়েছে যে সময়টা আগামী নির্বাচন আছে সামনে, দ্বিতীয়ত হচ্ছে- এটা হচ্ছে সরকারের শেষ বছর।’

‘এই সময়ে কোনো যুদ্ধ ঘোষণা করা হয়েছে এ রকম একটা অবস্থা চলছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে, বিভিন্ন জায়গায় অল্প দিনের মধ্যে প্রায় ৩০ জনকে এই ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এইটা নিয়ে একদিকে যেমন একটা প্যানিক তৈরি হয়েছে আরেকদিকে তৈরি হয়েছে যে এটার উদ্দেশ্যটা কী?’

সরকার বিরোধীপক্ষকে নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিএনপিও মাদকবিরোধী অভিযান চায় তবে সেটাই অরাজনৈতিক হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আইনের আওতায় এনে অভিযুক্তদের শাস্তি দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সরকার গোলকধাঁধার মধ্যে ফেলেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, গাজীপুরের পুলিশ সুপার আওয়ামী লীগের মানুষ হিসেবে পরিচিত। তাঁকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাঁকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার তাঁকে জামিন দিতে গড়িমসি করছে।’

এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে চলছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসি দেন

মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যার কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝোলান।

বুধবার কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর (ক্রসফায়ার) নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। মাদক নিমূর্লে আগামী সংসদ অধিবেশনই সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজট মুক্ত করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল আলম রুবেল প্রমুখ।

নৌকায় ভোট দিয়েছিল বলেই আজ মহাকাশে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ উচ্চ মর্যাদা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দেশের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আর এই কাজের ফলেই আজ আমরা বাংলাদেশকে মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পেরেছি।

শনিবার সকালে রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ স্যাটেলাইটের আমাদের সার্বিকভাবে কাজে লাগবে। এটা ব্যবহার করে আমরা শিক্ষা, বিনোদন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারবো। আমাদের আশেপাশের বিভিন্ন দেশে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারবো।

আজ আন্তর্জাতিক নার্স দিবস। ১৮২০ সালের এই দিনে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। তার সম্মানে ১২ মে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে থাকে।

তাই বাংলাদেশের নার্সিং বিষয়ে তিনি বলেন, কোরিয়া সফরকালে সে দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের নার্সিং সেবা উন্নয়নের বিষয়ে আমার আলোচনা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগরে আমরা হাসপাতাল বৃদ্ধি করেছি। মুগদার এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার নার্স বের হবে এবং মানুষকে সেবা দেবে। স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী তার এলাকায় নিজের পয়সায় একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করবেন, এর অনুমতিও দেওয়া হবে।

দেশে এসেছে ডিজিটাল কন্ট্যাক্টলেস ভিসা কার্ড

দেশে প্রথমবারের মতো কন্ট্যাক্টলেস কার্ড ও কিউআর ভিত্তিক পেমেন্ট সল্যুশন নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বাংলাদেশে ভিসার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া ও ভারতের গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র।

শিগগিরই বাংলাদেশের বাজারে কিউআর ভিত্তিক পেমেন্ট সল্যুশন নিয়ে আসার ঘোষণা দিয়ে টিআর রামাচন্দ্র বলেন, আমরা প্রতিনিয়ত ডিজিটাল পেমেন্ট প্রযুক্তিতে নতুনত্ব আনার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো কন্ট্যাক্টলেস কার্ড উন্মোচন করা হলো।

রামাচন্দ্র বলেন, ডিজিটাল পেমেন্ট সল্যুশনকে আরও জোরদার এবং গতিশীল করতে ৩০ বছর ধরে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান, অংশীদার ও মার্চেন্টদের সঙ্গে আমাদের শক্তিশালী সম্পর্ক তৈরি হয়েছে। দেশের অর্থনীতিতে শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট সল্যুশন সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অব্যাহত ভূমিকা রাখতে পারায় আমরা গর্বিত।

ভিসা কনজ্যুমার পেমেন্ট এটিটিউস স্টাডি ২০১৭ অনুযায়ী, বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ নতুন পদ্ধতির পেমেন্ট সল্যুশন গ্রহণ করতে প্রস্তুত যেখানে ৭৪ শতাংশ মানুষ মনে করে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে লেনদেন অনেক সহজভাবে করা যায়।

অংশীদার ব্যাংকগুলোর মাধ্যমে দ্রুত কন্ট্যাক্টলেস কার্ড ব্যবসায়িকভাবে চালু করার প্রক্রিয়ায় রয়েছে ভিসা। ইএমভি চিপ প্রযুক্তির মাধ্যমে কন্ট্যাক্টলেস পেমেন্ট সল্যুশন প্রদান করবে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা তাদের কন্ট্যাক্টলেস কার্ডটি কন্ট্যাক্টলেস রিডারের কাছাকাছি ধরলে মুহূর্তেই পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। এক্ষেত্রে ব্যবহারকারীর স্বাক্ষর কিংবা পিন নম্বরের প্রয়োজন পড়বে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশ চ্যাপ্টারের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সুমিয়া বসু। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ইএমভি ভিত্তিক ইন্টারপেরেবল কিউআর পেমেন্ট সল্যুশন আনার ঘোষণা দিয়েছে ভিসা। দেশের প্রায় ১৪৯ মিলিয়নের বেশি মোবাইল ব্যবহারকারী (বিটিআরসি’র তথ্য মতে) যেখানে ফিচার ফোন ব্যবহারকারীর অন্তর্ভুক্ত, ফলে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে কিউআর প্রযুক্তির বিশাল একটি বাজার রয়েছে।

রাষ্ট্রীয় ক্ষমা পাচ্ছেন আনোয়ার ইব্রাহিম

সদ্য শপথ নেওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘কারাবন্দি নেতা আনোয়ার ইব্রাহিমকে রাষ্ট্রীয় ক্ষমা করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে বিরোধী জোটের নেতৃত্ব নেওয়ার সময়ই মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আনোয়ারের মুক্তি নিশ্চিত করে দুই বছরের মধ্যে তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার।

বন্দি অবস্থায় হাসপাতাল থেকে জোটের নেতা মাহাথির মোহাম্মদের শপথ অনুষ্ঠান দেখেছেন আনোয়ার ইব্রাহিম। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাঁর মুক্তির খবর জানালেন ৯২ বছর বয়সি নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।

মাহাথির মোহাম্মদ বলেন, ‘রাজা আভাস দিয়েছেন তিনি শিগগির আনোয়ার ইব্রাহিমকে মুক্তি দিতে ইচ্ছুক। আমরা তাঁর পূর্ণাঙ্গ ক্ষমার ব্যাপারে প্রক্রিয়া শুরু করব। ক্ষমা পাওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন আনোয়ার। মুক্তি পেয়ে উপনির্বাচনে জিতলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বলেছেন, ‘কয়েকদিনের মধ্যেই তাঁর স্বামীকে মুক্ত করা হবে।’ তিনি জানান, এক সপ্তাহের মধ্যেই রাষ্ট্রীয়ভাবে ক্ষমা করা হবে আনোয়ার ইব্রাহিম।

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ এক সময়ে মিত্র ছিলেন। কিন্তু রাজনৈতিক মত পার্থক্যের জেরে মাহাথির ১৯৯৮ সালে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন। মাহাথির কেবল তাঁকে বরখাস্তই করেননি, তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও সমকামিতার অভিযোগ এনে তাঁকে কারাগারে ঢোকান। আটক হওয়ার সময় দেশটিতে মাহাথির পরবর্তী সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে ভাবা হতো আনোয়ার ইব্রাহিমকে।

এসব মামলায় ছয় বছর কারাভোগের পর মুক্তি পেয়ে ‘পাকাতুন হারাপান’ জোট গঠন করে ২০১৩ সালে নির্বাচনও করেছিলেন ইব্রাহিম। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতায় আসতে পারেননি তিনি।

ওই নির্বাচনে জিতে নাজিব রাজাক ক্ষমতায় আসার পর ইব্রাহিমের বিরুদ্ধে মাহাথিরের মতো একই অভিযোগ এনে তাঁকে কারারুদ্ধ করেন। আনোয়ার ইব্রাহিম কারাগারে থাকলেও তাঁর ২০ বছরের গণতান্ত্রিক সংগ্রামকে দমিয়ে রাখা যায়নি।

নাজিব রাজাককে হটাতে অবসর ভেঙে আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির পাকাতুন হারাপান জোটে যোগ দিয়ে ইব্রাহিমের মিত্রে পরিণত হন। নির্বাচনে বিজয়ী হয়ে সৃষ্টি করেন অনন্য ইতিহাস।

রাজার কাছ থেকে ক্ষমা ও কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রীর আসনে আনোয়ার ইব্রাহিমকে দেখার অপেক্ষায় আছেন তাঁর সমর্থকরা।

গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯৫৭ সাল থেকে ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের পতন হলো। এক সময় এই জোট থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মাহাথির। বর্তমানে ওই জোটের নেতৃত্বে আছেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সরকারি ফলাফলে দেখা গেছে, মাহাথিরের নেতৃত্বাধীন জোট ‘অ্যালায়েন্স অব হোপ’২২২টির মধ্যে ১১৩টি আসন নিশ্চিত করেছে। আর ৭৯টি আসন পেয়েছে নাজিব রাজাকের জোট।

রমজানের আগেই পণ্যের দাম বাড়া শুরু

আগামী সপ্তাহে শুরু হবে রমজান। এর আগেই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আদা ও চিনিসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। সবজির দামও কিছুটা বাড়তি। বরাবরের মতো খুচরা বিক্রেতারা দাম বাড়ার জন্য পাইকারদের দুষছেন। পাইকাররা দাবি করছেন, বাড়তি চাহিদার কারণে দর বৃদ্ধি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর ও মধুবাগ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, রোজায় বেশি চাহিদার পণ্যের মধ্যে বাড়ছে মসলা জাতীয় কিছু পণ্যের দাম। সপ্তাহের ব্যবধান কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা। যা ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগের সপ্তাহেও সব ধরনের পেঁয়াজ কেজিতে ১০ টাকা দাম বেড়েছিল। সপ্তাহের ব্যবধানে কেজিতে গড়ে ১০ টাকা বেড়ে চীনা রসুন ১২০ থেকে ১৩০ টাকা এবং কেজিতে ২০ টাকা বেড়ে দেশি রসুন ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে বাজারে সপ্তাহখানেক আগে যে আদা বিক্রি হতো ৭৫ টাকায় সেটি এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিত্যপণ্যের তথ্য অনুযায়ী, পেঁয়াজের দর কেজিতে গড়ে ৫ টাকা বেড়েছে। রসুনের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা কমে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, রমজানে পেঁয়াজ, রসুন ও আদার বাড়তি চাহিদা রয়েছে। এই তিন পণ্য অনেকটা আমদানিনির্ভর। রমজানের আগে মাসের শুরুতে ৯ দিনের মধ্যে ৭ দিন ছুটির ফাঁদে ছিল। এতে বন্দরে পণ্য খালাসে ধীরগতি থাকায় সরবরাহ কম হয়েছে। তা ছাড়া বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে পণ্য সরবরাহ কম হচ্ছে। এদিকে বাজারে রমজানের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। ফলে পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে বলে জানান তিনি।

শান্তিনগর বাজারের ক্রেতা শফিকুল ইসলাম জানান, সংযমের মাসে পণ্যের দাম কমার কথা। উল্টো পণ্যমূল্য বাড়ানোর সুযোগ নেন ব্যবসায়ীরা। যৌক্তিক কারণ না থাকলেও অতি মুনাফার জন্য পণ্যের দাম বাড়ছে। এতে বেকায়দায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে সরকারের বাজার তদারকি জোরদার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, রমজানে ১০ থেকে ১২ পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এবার এসব পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ আছে। কোনোভাবেই দর বৃদ্ধির কথা নয়। এর পরেও চাঁদাবাজি, পরিবহন ব্যয় বৃদ্ধি, যানজট ও বন্দরে জাহাজজট এসব কারণে বৃদ্ধির কথা বলছেন ব্যবসায়ীরা। অনেক ক্ষেত্রেই তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দরবৃদ্ধি করছেন। এ বিষয়ে সরকারের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত। এতে দরবৃদ্ধি স্থায়ী হবে না। তিনি রমজানে বাজার স্বাভাবিক রাখতে একসঙ্গে বেশি পণ্য না কেনার জন্য ক্রেতাদের আহ্বান জানান।

টিসিবির সয়াবিন তেল প্রতিকেজি ৮৫ টাকায় খোলাবাজারে বিক্রি হচ্ছে। কোম্পানির বোতলজাত সয়াবিন তেল ১০৫ থেকে ৭ টাকা লিটারে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল কেজিতে ৫ টাকা বেড়ে ৯০ টাকায় উঠেছে। টিসিবি খোলাবাজারে প্রতিকেজি আখের চিনি ৫৫ টাকায় বিক্রি করেছে। বাজারে সাদা চিনি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্যাকেটজাত চিনিও একই দরে বিক্রি হচ্ছে।

মিরপুর শাহ আলী বাজারের খুচরা সবজি বিক্রেতা নাসির উদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে সবজি সরবরাহ কম হচ্ছে। এ কারণে পাইকারিতে দাম বেড়ে গেছে। খুচরায় সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজি কাঁচামরিচ ৬০ টাকায় উঠেছে। প্রতিকেজি বেগুন ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহে ছিল গড়ে ৩৫ টাকা। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গাসহ অন্যান্য সবজি কেজিতে ৫ টাকা থেকে ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।