All posts by lutfor

সাইবার আক্রমণের আশঙ্কা: বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

দেশে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার আক্রমণ মোকাবিলায় বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের তথ্য-প্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবার বিকেলে সব তফসিলী ব্যাংক কর্তৃপক্ষকে সতর্কতার বিষয়টি জানানো হয়। ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পাঠানো ওই চিঠিতে সই করেছেন মহাব্যবস্থাপক লীলা রশিদ।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাংকিং ব্যবস্থা হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এ ক্ষেত্রে সাইবার অপরাধীরা পেমেন্ট সিস্টেমস হ্যাক করে দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে এ অর্থ হাতিয়ে নেয়। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশও এ ধরনের সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং সংক্রান্ত নিরাপত্তা হুমকিতে রয়েছে।

এমন অবস্থায় সাইবার নিরাপত্তা বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্ভাব্য সাইবার আক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধিকল্পে ২০১৬ সালের ৩ মার্চ এবং ২০১৭ সালের ২৪ অগাস্ট জারি করা এ সংক্রান্ত সার্কুলার দুটি পরিপালনসহ সাইবার নিরাপত্তা বিষয়ে নিবিড় তদারকি নিশ্চিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নরসিংদীতে এক বাস কেড়ে নিল বিয়ের সব আনন্দ

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। পুলিশ জানায়, ঢাকা থেকে মিতালী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি হাইয়েস মাইক্রোবাসের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। আহত হন আরও ছয় যাত্রী। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।z

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারা কে এগিয়ে?

আসন্ন ঈদকে ঘিরে নায়কদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পাশাপাশি চলছে নায়িকাদের শ্রেষ্ঠত্বের লড়াই। বছরজুড়ে তাদের আপ্রাণ চেষ্টা থাকে দুই ঈদকে নিজের দখলে রাখতে। সে সঙ্গে প্রেক্ষাগৃহে সেরা ছবিটি দিয়ে দর্শককে আপন করে নিতে। এই প্রত্যয়ে বেশ ছুটছেনও তারা।

ধারাবাহিকভাবে ষাটের দশক থেকে চলছে নায়িকাদের মধ্যে এমনই এক ভিন্ন প্রতিযোগিতা। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এই ঈদে প্রেক্ষাগৃহে রাজত্ব করা নায়িকাদের তালিকায় রয়েছেন তিন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি, শবনব বুবলী, ববি।

এই তিন নায়িকার ঈদকে ঘিরে দর্শকের কাছে প্রত্যাশা কেমন, সে সঙ্গে দর্শকের চাহিদা পূরণে কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন, বিষয়গুলো নিয়ে গো নিউজের সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় এই তিন নায়িকা। শুনিয়েছেন তাদের সম্ভাবনার কথাও।

এই ঈদে সর্বাধিক আলোচিত ছবির মধ্যে রয়েছেন শাকিব-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’। এরই মধ্যে উৎসবে মুক্তির লক্ষে সেন্সরে জমা পড়েছে ছবিটি। তাছাড়া বিষয়টি নিশ্চিতও করেছেন ছবির প্রযোজক সেলিমান খান। মূলত শাকিব-বুবলীর জন্যই আলোচনার কেন্দ্রে রয়েছে এবার ছবিটি।

প্রত্যাশা জানাতে গিয়ে বুবলী বলেন, “উৎসবে ছবি মুক্তি পাওয়া অবশ্যই অন্যরকম আনন্দের। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকেই বড় উৎসবে আমার অভিনীত অন্তত একটি হলেও সিনেমা মুক্তি পেয়েছে। এবারো দর্শকদের জন্য থাকছে ‘ক্যাপ্টেন খান’। এটি নিয়ে বেশ আশাবাদী আমি। কারণ ছবিটির গল্প এবং নির্মাণ দু্টিই দর্শকদের কাছে বেশ প্রশংসিত হবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে আমার চরিত্রটিও দারুণ। যার জন্য আমি সর্বোচ্চ চেষ্টাও করেছি।”

বুবলীর ‘ক্যাপ্টেন খান’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন আর প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। বর্তমানে ছবিটির গানের শুটিং করতে ব্যাংককে রয়েছেন শাকিব-বুবলী।

এদিকে, ঈদুল আজহার মতো বড় উৎসবে দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ছবি ‘জান্নাত’। তবে শুরুতে ঈদের পরে মুক্তির কথা ছিল ছবিটির। পরে হুট করে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সিদ্ধান্ত নিলেন ঈদে মুক্তি দেবেন ‘জান্নাত’।

তবে মুক্তি যখনই হোক, ছবিটি নিয়ে আগে থেকে বেশ আশাবাদী মাহিয়া মাহি। তিনি বলেন, “শুনলাম ‘জান্নাত’ ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে। তাই ডাবল আনন্দ পেয়ে গেলাম। আসলে উৎসবে ছবি মুক্তি পেলে অন্যরকম আনন্দ অনুভব হয়।

তবে আগে থেকে ‘জান্নাত’ ছবিটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অন্যরকম। আশা করি দর্শকরা তার কারণ হলে গিয়ে দেখবেন। তাছাড়া ‘পোড়ামন’ করে আমি ও সাইমন যে সাড়া পেয়েছি ‘জান্নাত’ও তেমন সাড়া পাবো। ছবিটিতে সুন্দর একটি গল্প তুলে ধরা হয়েছে। যে গল্প আমাদেরই গল্প। মূলত প্রেমের গল্প।”

অপরদিকে ঈদে প্রেক্ষাগৃহ কাপাতে আসছেন আরেক জনপ্রিয় নায়িকা ববি। তিনি দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘বেপরোয়া’। এর আগে কথা ছিল, তার অভিনীত ‘নোলক’ ছবিটি ঈদে মুক্তি পাবে। কিন্তু তা আর হয়ে উঠেনি।

শোনা গেছে, পরিচালক ও প্রযোজকের বিরোধের জেরে মুক্তির তালিকা থেকে ছিটকে পড়েছে এই ছবিটি। এতে ববির নায়ক শাকিব খান। আর সুপারস্টারই যেহেতু ছিলেন, সেহেতু এই উৎসবে ছবিটি মুক্তি পেলে বিশাল ধামাকায় না দেখাতে পারতেন।

তবে ‘বেপরোয়া’র আশাও ছাড়েননি এই নায়িকা। তার মতে এই ছবিটিতে বেশ সাড়া পাবেন বলে বিশ্বাস করেন তিনি। কারণ ছবিটির সৃষ্টি, গল্প ও দৃশ্যপটে অনেক নতুনত্ব আনা হয়েছে। যা দর্শকদের হলমুখী করবে বলে মনে করছি।

এদিকে, ‘বেপরোয়া’ ছবিটি দেশীয় প্রযোজনায় কলকাতার পরিচালক রাজা চন্দ নির্মান করেছেন। এতে ববির নায়ক হিসেবে দেখা যাবে রোশানকে। ছবিটির শুধু গানের শুটিং বাকী বলে জানিয়েছেন ববি। বর্তমান কক্সবাজার হয়ে কলকাতায় তারা গানের শুটিং করছেন বলে জানালেন ববি।

তাছাড়া এই ঈদে পরিচালক শাহীন সুমনের ‘মাতাল’ ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন আরেক নবাগতা নায়িকা অধরা খান। এই ছবিতে তার নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক।

এখন দেখার বিষয় এই উৎসবে তিন জনপ্রিয় নায়িকার মিশনে কে হাসবেন বিজয়ের হাসি। কে পারবেন প্রেক্ষাগৃহ নিজের দখলে রাখতে, দর্শকদের বড় ধামাকা দিতে। এখন শুধু প্রতীক্ষার পালা!

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দারুণ সুখবর দিলেন মাহাথির মোহাম্মদ

বাংলাদেশ থেকে লাখ লাখ লোক জীবিকার তাগিদে বিদেশে যায় ,তার মধ্যে অন্যতম দেশ মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি পাড়ি জমিয়েছে।বাংলাদেশ থেকে এখনও মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অনেক বাংলাদেশি ।আর তাদের জন্য চলে এল বিশাল সুখবর।

জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহাম্মদ বলেছেন, আমরা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে সকল বৈধ এজেন্টদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করে দিবো। একটি সিস্টেমের আওতায় বাংলাদেশ, নেপালসহ সকল দেশের শ্রমিক আমদানি করা হবে।

আজ মঙ্গলবার পার্লামেন্টে তিনি এসব কথা বলেন।সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া শ্রমিক রফতানিতে অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ তিনি।তাই তিনি সকল সিন্ডিকেট স্থগিতের ঘোষণা দিয়েছেন। শুধু বৈধ সকল এজেন্ট শ্রমিক রপ্তানি করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিদেশী অবৈধ কর্মীরা আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে উল্লেখ করে মাহাথির মোহাম্মদ বলেন, নিগারা সুম্মার অন্তর্ভুক্ত সকল দেশ থেকে শ্রমিক আনতে শীগ্রই স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয় একটি কমিটি করা হবে। যাদের দায়িত্ব থাকবে সকল বিদেশী শ্রমিক আমদানির বিষয়টি দেখা।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে বিগত সরকারের সময় শ্রমিক আমদানি করার জন্য যেই প্রক্রিয়া ছিল এতে করে মনোপলি কিছু সিন্ডিকেট শ্রমিকদের জিম্মি করে ১৫ থেকে ২০ রিঙ্গিত নেওয়ার মতো অভিযোগ আছে।

আমরা বাংলাদেশ সরকরের সাথে আলোচনা করে সকল বৈধ এজেন্টদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করে দিবো। এবং একটি সিস্টেমের আওতায় বাংলাদেশ, নেপালসহ সকল দেশের শ্রমিক আমদানি করা হবে।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যদি এমন পদক্ষেপ নেয় তাহলে মালয়েশিয়ায় বৈধ ভাবে বাংলাদেশিরা যেতে পারবে।এর আগেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাংলাদেশ থেকে জনবল নেয়ার ঘোষনা দিয়েছিল তা নানা প্রক্রিয়রি মাঝে থেমে যায়।

দেশে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি তাদের সাম্প্রদায়িক দোসরদের নিয়ে দেশে বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‌‘জনগণকে খুশি রাখবেন, জনগণের সাথে ভালো ব্যবহার করবেন, যারা ভুল করেছেন তারা সংশোধন হয়ে যান। অন্যথায় অপকর্মে জড়িতদের সাথে আমি সম্পর্ক রাখব না। আমি জানি কারা এখানে কি করছে, সবাই এক থাকুক এবং ঐক্যবদ্ধ হোন। ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে ঐক্যের বিকল্প নেই।’

মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‌‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দুঃস্বপ্ন দেখছে’। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি বলতে চাই সরকার পরিবর্তনের একটা উপায় নির্বাচন। বিরোধী দলের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে। সরকারের সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। সংলাপ যদি তারা চাইতো তাহলে বেগম খালেদা জিয়ার বাসায় তার সন্তানের মৃত্যুতে শোক জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর মওদুদ আহমদ ও বিএনপির নেতারা দরজা বন্ধ করে দিতেন না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের পাশে আছে। ছাত্র-ছাত্রীদের নিরাপদ সড়ক আন্দোলনে সেখানেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। তাদের ইস্যু হচ্ছে বিদেশিদের কাছে নালিশ করা।

এরপর তিনি ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বসুরহাট পৌর স্বপ্নপুরী মার্কেট উদ্বোধন করেন এবং তার বাড়িতে পিতা মাতার কবর জিয়ারত করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাদল প্রমুখ।

ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩ অক্টোবর

রাজধানীর পূর্ব রাজারবাজারে দুর্বৃত্তদের হামলায় নিহত মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন আগামী ৩ অক্টোবর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার প্রতিবেদন দেয়ার দিন ধার্য ছিল। এদিন পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ এদিন ধার্য করেন।

মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে পূর্ব রাজাবাজারের দোতলা বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের একদিন পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয় জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।

এ হত্যা মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন এখনও কারাগারে রয়েছেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বিউগলে করুন সুর বাজানো হয়। এ সময় তারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৩ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে তার নৃশংস হত্যাকাণ্ড ছিল জাতির ইতিহাসে এক বড় কলংক

আজ জাতীয় শোক দিবস

শোকাবহ ১৫ আগস্ট আজ। জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

১৫ আগস্টকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এবারও সরকারিভাবে পালিত হচ্ছে দিবসটির বিভিন্ন কর্মসূচি। দিবসটিকে এরইমধ্যে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সকাল ৬টা ৩০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরে ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্য শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন।

সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ কর্মসূচি পালন করবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।

জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপিত হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতার আয়োজন করবে।

জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে তারা কর্মসূচি পালন করবে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ঢাকায় ধানমণ্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।

দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে নিজ নিজ কর্মসূচি পালন করবে।

তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থা ও দপ্তরের মাধ্যমে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে আলোকচিত্র প্রদর্শনী, নিরীক্ষা, নবারুণ, সচিত্র বাংলাদেশ ও বাংলাদেশ কোয়ার্টারলির বিশেষ সংখ্যা প্রকাশ, স্মরণিকা ও বিশেষ নিবন্ধ প্রকাশ, আলোচনা সভা ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। গণযোগযোগ অধিদপ্তর প্রয়োজনীয় ক্ষেত্রে শব্দযন্ত্র সরবরাহ করবে।

বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থ দুটির পাঠ আগস্টে মাসব্যাপী প্রচারের ব্যবস্থা করবে এবং কিউরেটর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রয়োজনীয় সহযোগিতা করবে।

দুই দিনব্যাপী আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল ৬টা ৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৭টা ৩০মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। এতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে জাতীয় নেতারা উপস্থিত থাকবেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ।

বাদ আছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া শোকদিবসের পরের দিন বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর স্বঘোষিত প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক আহমেদ বিচারের হাত থেকে খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান ১৯৭৯ সালে ইনডেমনিটিকে আইন হিসেবে অনুমোদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় আসলে ১৯৯৬ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার তিন প্রধান আসামি লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও সাবেক প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে গ্রেপ্তার করা হয়।

একই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর একান্ত সহকারী (পিএ) এ এফ এম মোহিতুল ইসলাম ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি এফআইআর করেন।

১৯৯৬ সালের ১৪ নভেম্বর খুনিদের বিচারের হাতে ন্যস্ত করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি সিআইডি এই মামলায় ২০ জনকে অভিযুক্ত করে মুখ্য মহানগর হাকিমের আদালতে চার্জশিট দাখিল করে এবং একই বছরের ১২ মার্চ ছয় আসামির উপস্থিতিতে আদালতে বিচার শুরু হয়।

১৯৯৭ সালের ১৯ জুন পর্যন্ত বিচারক বিব্রত হওয়াসহ স্বাধীনতা-বিরোধী চক্রের নানা বাধার কারণে আটবার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। এভাবে দীর্ঘ প্রক্রিয়া শেষে ১৯৯৮ সালের ৮ নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল ১৫ জন সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

অন্যদিকে ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ ২৪ দিনের শুনানি শেষে বিভক্ত রায় প্রদান করে। বিচারক এম রুহুল আমিন অভিযুক্ত ১৫ আসামির মধ্যে ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ বজায় রাখেন। কিন্তু অপর বিচারক এ বি এম খায়রুল হক অভিযুক্ত ১৫ জনকেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।

পরবর্তী সময়ে ২০০১ সালের অক্টোবরের সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসলে বিচারকাজ বন্ধ থাকে। দীর্ঘ ছয় বছর পর ২০০৭ সালের ২৩ আগস্ট রাষ্ট্রপক্ষের মুখ্য আইনজীবী বর্তমান সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সুপ্রিম কোর্টে সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করেন এবং ২৩ সেপ্টেম্বর আপিল বিভাগের তিন সদস্যের একটি বেঞ্চ ২৭ দিনের শুনানি শেষে ৫ আসামিকে নিয়মিত আপিল করার অনুমতিদানের লিভ টু আপিল মঞ্জুর করেন।

২০০৯ সালের ১২ নভেম্বর- ২৯ দিনের শুনানির পর চূড়ান্ত আপিল শুনানি শেষ হয় এবং আদালত ১৯ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন। ওই দিন (১৯ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে মৃত্যুদ্বণ্ড প্রাপ্ত ৫ আসামির দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হয়ে গেলে ২৮ জানুয়ারি ৫ আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়।

গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা, খাসি ১৮

ঈদুল আজহার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার ভেতরে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত চামড়ার দাম হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরের জন্য এই চামড়ার দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা।

আর ঢাকার ভেতরে প্রতি বর্গফুট খাসি বা ছাগলের চামড়ার দাম হবে ১৮ থেকে ২০ টাকা। ঢাকার বাইরে এই দাম ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক এ দাম নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের চামড়ার দাম নির্ধারণের বিষয়ে বলেন, আমরা চামড়ার সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে আলোচনা করেছি। চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা হয়েছে। এই মূল্যটা উপযুক্ত মনে করেই আমরা এটা নির্ধারণ করেছি।

চামড়া পাচার রোধ সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া আমাদের দেশের জন্য একটি মূল্যবান সম্পদ। আমরা বরাবরই চামড়া পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে থাকি। এবারও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে।

পবিত্র হজ্ব পালনে যাচ্ছেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো খারাপের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশের। টেস্ট সিরিজে খারাপ করলেও ওয়ানডে এবং টি২০ সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ দল। বাংলাদেশকে সিরিজ জেতাতে ওই দুই সিরিজে দারুণ পারফর্ম করেছেন সাকিব। দেশে ফিরে বিশ্রাম শেষে আঙুলের অস্ত্রপচার করাতে চেয়েছিলেন তিনি।

বাংলাদেশের টেস্ট এবং টি২০ অধিনায়কের অস্ত্রপচারের বিষয়ে অবশ্য এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সুস্থ ও সুন্দরভাবে তিনি যাতে হজ্ব পালন করতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেছেন দেশের মানু্ষের কাছে।

হজ্ব পালনের আশায় দেশ ত্যাগের বিষয়ে সাকিব তার নিজস্ব ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন। সেখানে হজ্ব পালনের সৌভাগ্যের কথা উল্লেখ করেছেন তিনি। সকলের প্রতি জানিয়েছেন তার ভালোবাসাও।

সাকিব তার ফেসবুকে লেখেন, ‘এই পবিত্র জিলহজ মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি।’

দেশের শান্তি সমৃদ্ধির জন্য তিনি দোয়া করবেন জানিয়ে লেখেন, ‘আমার বা আমার পরিবারের করা কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল।’