All posts by lutfor

৮ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার, ৩ জনের মৃত্যু

এ মাসের প্রথম আট দিনে রাজধানীসহ সারা দেশে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে মারা গেছে তিন শিশু। এসব শিশুর মধ্যে মেয়ে শিশু ৩৭ জন এবং ছেলে শিশু চারজন। এছাড়া ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো তিন শিশু।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। দেশের ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

দেশে শিশু ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগও প্রকাশ করে মানুষের জন্য ফাউন্ডেশন শিশুদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির সমন্বয়ক শাহানা হুদা রঞ্জনা বলেন, ধর্ষণের শিকার শিশুদের আসল সংখ্যাটি হয়ত আরো বেশি।

নারী ও শিশু ধর্ষণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিমও। তিনি বলেন, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। যারা নীতি-নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের আরো বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সবাইকেই এ নিয়ে আরো বেশি কথা বলতে হবে।

নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায়ও শোক ও নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

ফেসবুক ছাড়া মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে

ফেসবুক প্রথম যখন বার্তা আদান–প্রদানের অ্যাপ বানিয়েছিল, ব্যবহারকারীরা তখন বেশ অবাক হয়েছিল। কারণ, ফেসবুকের সঙ্গেই বার্তা আদান–প্রদানের সেবা যুক্ত ছিল। আলাদা অ্যাপের দরকার কী? কিন্তু নানা সুবিধার মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ধীরে ধীরে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। ফেসবুকের আরেক অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী বেশি হলেও মেসেঞ্জার এখন অনেক মানুষের নিয়মিত যোগাযোগের মাধ্যম।

আরেকটি বিষয় হলো, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আপনি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতে পারবেন। আর সে কাজটি করার জন্য নিচের ধাপগুলো মেনে চলতে হবে।

প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ নামিয়ে নিন।

এবার মেসেঞ্জারে নতুন অ্যাকাউন্ট তৈরির অপশনে ক্লিক করুন।

বিভিন্ন ধরনের অনুমতি চেয়ে বার্তা দেখাবে। বুঝেশুনে তবেই সম্মতি জানান।

এরপর আপনার ফোন নম্বর লিখুন এবং নেক্সট বোতামে ক্লিক করুন।

নম্বর, অক্ষর এবং জ্যোতিচিহ্নের সমন্বয়ে কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যান।

নিজের নাম লিখে আবার নেক্সট চাপুন।

এরপর অ্যাকাউন্ট তৈরির চূড়ান্ত ধাপ দেখতে পাবেন। বোতামে ক্লিক করুন।

এসএমএসের মাধ্যমে আপনার মুঠোফোনে পাঠানো কোডটি দিন। ব্যস, হয়ে গেল।

সূত্র: টেকঅ্যাডভাইজর

৫ বছরে বিশ্ব অর্থনীতিতে কানাডার সমান হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে প্রভাবশালী ২০ দেশের তালিকায় আসছে বাংলাদেশ। কারণ ২০২৪ সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষ যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রাখবে তার মধ্যে বাংলাদেশ থাকবে। ওই সময় বাংলাদেশের অর্থনীতি সেখানে ১শ’ ভাগের দশমিক ৯ ভাগ অবদান রাখবে। একই সময় বিশ্বের অন্যতম উন্নত দেশ কানাডার অবদানও একই হবে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেনসহ  বিশ্বব্যাংক প্রতিনিধিদল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় অর্থমন্ত্রী ভবিষ্যৎ বৈশ্বিক অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গের এক বিশ্নেষণে বাংলাদেশের অর্থনীতির এ সম্ভাবনা উঠে এসেছে বলে জানান।

অর্থমন্ত্রী বলেন, গত ৬ মে আইএমএফ বৈশ্বিক অর্থনীতির যে প্রক্ষেপণ প্রকাশ করেছে সেই তথ্যের ভিত্তিতে ব্লুমবার্গ এ বিশ্নেষণ করেছে।

তিনি বলেন, ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে চীন। চীনের অবদান থাকবে সবচেয়ে বেশি যা ২৮ শতাংশ।

এরপরই রয়েছে ভারত। ওই সময়ে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে ভারতের অবদান দাঁড়াবে ১৩ দশমিক ৭ শতাংশ। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাধর এই দেশটির অবদান থাকবে ১০ দশমিক ৫ শতাংশ। এরপরই রয়েছে ইন্দোনেশিয়া।

আ হ ম ‍মুস্তফা কামাল বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তবে আমাদের অগ্রযাত্রার যে গতি পরিলক্ষিত হচ্ছে তাতে আশা করা যায় এর আগেই আমরা সে আশা পূরণ করতে পারবো। আশা করা যায় অচিরেই বাংলাদেশ জি-২০ দেশগুলোর অন্তর্ভূক্ত হবে।

বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতা, আর্থিক খাত সংস্কারের পদক্ষেপ, নারীদের কর্মস্থান ও নারী ক্ষমতায়নের প্রশংসা করেন এবং আগামীতে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন।

সোনাগাজীর ওসি মোয়াজ্জেম সাময়িক বরখাস্ত

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বিডি জার্নাল

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি মো. সোহেল রানা জানান, পুলিশ সদর দফতরের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ১৩ এপ্রিল ডিআইজি এসএম রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ২ মে প্রতিবেদন পুলিশ সদর দফতরে জমা দেয়।

ফেনীর এসপি জাহাঙ্গীর আলম সরকার এবং সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন, এসআই ইকবাল ও এসআই ইউসুফের গাফিলতির কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনের সুপারিশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ইউনিট অভিযুক্ত পুলিশ সদস্যদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ফেনীর পুলিশ সুপারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পর্তুগাল জার্সিতে ফিরছেন রোনালদো

পর্তুগাল জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনি। যেকোনো ম্যাচেই তাকে পাওয়া মানে নির্ভরতা অনেকখানি বেড়ে যাওয়া। ক্রিস্টিয়ানো রোনালদোও প্রস্তুত জাতীয় দলকে আরও কিছু দিতে। জুভেন্টাসের জার্সিতে তার যে ফর্ম, সেটা তাই উয়েফা নেশন্স লিগে পেতে যাচ্ছে পর্তুগিজরা।

আসছে জুনে উয়েফা নেশন্স লিগে পর্তুগালের জার্সিতে রোনালদো খেলবেন। দলের প্রাণভোমরাকে পাওয়ার স্বস্তির সংবাদটা দিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস নিজেই। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ৫ জুন পর্তুগাল পরীক্ষা দেবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

সিআর সেভেন গত বছর রাশিয়া বিশ্বকাপে ভালোই করেছিলেন। কিন্তু দল বেশিদূর যেতে পারেনি। পরে উয়েফা নেশন্স লিগের বাছাইয়ে খেলেননি। মোট ছয় ম্যাচে সেরা তারকাকে পায়নি পর্তুগাল। অবশ্য চলতি বছর ইউরো-২০২০ এর বাছাইতে খেলেছেন পাঁচবারের বর্ষসেরা ৩৪ বছর বয়সী এ মহাতারকা।

সেমিতে যদি সুইস পরীক্ষায় উতরে যেতে পারেন, তবে ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হতে হবে রোনালদোদের। সেমির চার দিন পরেই, ৯ জুন স্বাগতিক পর্তুগালের পোর্তোয় হবে শিরোপার ফয়সালা।

দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত রাজনীতির জন্য খালেদা জিয়ার ত্যাগ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী। তিনি রাজনীতি করে জেল খেটে এতো কষ্ট না করে সারাজীবন আরাম আয়েশের জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে রাজনীতিতে এসেছেন। বেগম জিয়া দেশকে দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে নারীশিক্ষাসহ প্রতিটি সেক্টরে কাজ করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এশিয়া মহাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ত্যাগী নেত্রী খুঁজে পাওয়া যাবে না। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা আর কোনো রাজনীতিবিদ করেননি। তিনি সত্যিকারার্থে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সংসদীয় গণতন্ত্র চালু করার মাধ্যমে বেগম জিয়া তার সে কাজ শুরু করেছিলেন।

বিএনপিকে ভাঙার জন্য নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা কোনো ভুয়া খবরে কান দিবেন না। বিএনপি দেশনেতা তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। তিনি আমাদের যেই নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকবো।

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

প্রমাণ দিতে না পারলে ১০০ বার কান ধরে ওঠবস করতে হবে: মোদিকে মমতা

জাতীয় নির্বাচন ঘিরে ভারতে রাজনীতিবিদদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বাকযুদ্ধে একে অপরকে ঘায়েলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বনাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মোদি বনাম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই রাজনীতিকদের মধ্যে বাকযুদ্ধটা এবার বেশিই চোখে পড়ছে।

মমতা এবার মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী মাফিয়া- সেটি যদি আপনি প্রমাণ না করতে পারেন, তবে জনসমক্ষে কানে ধরে ওঠবস করতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গালে গণতন্ত্রের চড় বসানোর ইচ্ছা করছে, এমন বক্তব্যের একদিন পরই আবারও মোদিকে ঘায়েল করলেন মমতা।

বৃহস্পতিবার পুরুলিয়ার নির্বাচনী সভায় নরেন্দ্র মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া বলে অভিযোগ করেন। এর জবাবে একই দিন বাঁকুড়া, পুরুলিয়ার নির্বাচনী সভায় মমতা নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, তৃণমূলের কোন প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন। একই সঙ্গে তার হুশিয়ারি, ‘যদি প্রমাণ না হয়, আপনাকে সবার সামনে ১০০ বার কান ধরে ওঠবস করতে হবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রশ্ন ছুড়ে বলেন, ‘কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। রাজ্যের কয়লা খনিগুলো কেন্দ্রীয় পাহারায় থাকে উল্লেখ করে মমতা বলেন, কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!

এর আগে নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন, ‘তৃণমূল কয়লা মাফিয়াকে ভোটে দাঁড় করাচ্ছে।’

এর আগে মঙ্গলবার বাকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রচারে এসে মমতা মোদিকে উদ্দেশ করে বলেন, বাংলায় এসেই মোদি বলেন- মমতার দল তোলাবাজ। শুনলে আমার ওনাকে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে। মমতা বলেন, ‘গোটা জীবন লড়াই করেছি। পা থেকে মাথা পর্যন্ত সিপিএমের হাতে আক্রান্ত। এর পরও নরেন্দ্র মোদি এসে তোলাবাজ বললে গণতন্ত্রের চড় কষাতে ইচ্ছা করে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের জবাবে মোদি বলেছেন- ‘আমি শুনলাম দিদি (মমতা) আমাকে থাপ্পড় মারবেন বলেছেন। আমি আপনাকে দিদি বলে ডাকি। শ্রদ্ধা করি। আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদের মতো।’

মোদির এ মন্তব্যের তাৎক্ষণিক জবাব দেন মমতা। বলেন, আমি কখনও প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারার কথা বলিনি। আমি বলেছিলাম- গণতন্ত্রের থাপ্পড়ের কথা। ভাষা বুঝতে হবে।’

চাকরি নেই, হতাশায় স্ত্রী-সন্তানদের গলা কেটে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: চার মাস ধরে চাকরি নেই। তিন সন্তান আর স্ত্রীকে নিয়ে চরম হতাশায় দিন কাটছিল। কিছুতেই এমন পরিস্থিতি মানতে পারছিলেন না। অবশেষে পরিবারের সবাইকে গলাকেটে হত্যা করলেন এক ব্যক্তি। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদে।

গত ২১ এপ্রিল সন্ধ্যায় পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভিডিও পোস্ট করে স্ত্রী সন্তানদের হত্যাকাণ্ডের কথা নিজে মুখেই স্বীকার করেন সুমিত কুমার। ভিডিওতে তিনি আরও জানান, শিগগিরি নিজেকেও শেষ করে দেবেন তিনি। এই ঘটনা সম্প্রতি সামনে এসেছে।

পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী সুমিত কুমার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত ডিসেম্বর মাস থেকে বেকার ছিলেন তিনি। তখন থেকেই কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল তার পরিবার। গত বছরের অক্টোবরে বেঙ্গালুরুর একটি কোম্পানিতে যোগ দিলেও দুই মাস পরেই চাকরি ছেড়ে দেন তিনি।

চাকরি ছাড়ার বিষয়টি গত মার্চে হোলির ছুটির সময় জানতে পারে সুমিতের পরিবার। এরপর বেঙ্গালুরু ছেড়ে জ্ঞানখন্দের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন তারা।

সুমিতের বোন জানিয়েছেন, ভিডিওতে সুমিত বলেন তিনি তার স্ত্রী ও তিন সন্তানকে খুন করেছেন। আর ৫ মিনিটের মধ্যেই তিনিও আত্মহত্যা করবেন। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সুমিতের বাড়িতে গিয়ে দরজা ভাঙার পর দেখে সুমিতের স্ত্রী ও সন্তানদের মৃতদেহ পড়ে আছে।

সুমিতের শ্যালক পঙ্কজ জানান, বেঙ্গালুরু থেকে ফিরে সুমিত মাদকাসক্ত হয়ে পড়েন। হোয়াটসঅ্যাপের ভিডিওতে সুমিত বলেছেন, এক মাদক পাচারকারী তার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। সেই টাকা এখনও ফেরত পাননি।

প্রতিবেশীরা জানিয়েছেন, সুমিত এবং তার স্ত্রীকে কখনও ঝগড়া করতে দেখেননি। অথচ আর্থিক অনটনে নিজের সন্তানদের আর স্ত্রী হত্যা করলেন তিনি। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এসবি কর্মকর্তার ২ বছরের সাজা

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবির মামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেকুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর সাদেকুলকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করে সাদেকুলকে এক বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাকে আরেক বছর কারাদণ্ড দেয়া হয়।

২০১৬ সালের ৩০ আগস্ট ধানমণ্ডিতে ওই বিচারপতির বাসভবনে গিয়ে তার দুই মেয়ের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার স্ত্রীর কাছে সাদেকুল ঘুষ চান। নিজেকে পুলিশের এসআই আবদুল সালাম পরিচয় দিয়ে সাদেকুল দুই হাজার টাকা ঘুষ দাবি করেন এবং ঘুষ না দিলে পাসপোর্ট ভেরিফিকেশন হবে না বলেও জানান।

ওই ঘটনায় হাইকোর্ট সুয়োমোটো রুল জারি করলে ৩১ আগস্ট সাদেকুল হাইকোর্টে হাজির হন এবং দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ওইদিনই রাজধানীর ধানমন্ডি থানায় সুপ্রিমকোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার বাদী হয়ে সাদেকুলের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রাহিলা খাতুন আসামি সাদেকুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

ওই বছরের ৮ অক্টোবর আদালত আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় মোট চারজনের সাক্ষ্য নেয়া হয়। সাদেকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা থানার চাড়োল গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী।

হিজাব পরায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডাকে হত্যার হুমকি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে সারাবিশ্বের মন জয় করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন। তিনি হিজাব পরে সবার খোঁজ নিয়েছেন, মসজিদে গিয়েছেন, সবার উদ্দেশে বক্তব্য দিয়েছেন। এজন্য তিনি মুসলিমদের মন জয় করলেও তাকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ খবর জানিয়েছে নিউজিল্যান্ডের প্রধান সংবাদ মাধ্যম ওটাগা টাইমস।

দেশটির পুলিশ জানায়, সামাজিকমাধ্যম টুইটারে একটি বন্দুকের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয় ‘পরবতী লক্ষ্য আপনি’। তবে প্রায় ৪৮ ঘণ্টা পরে এই পোস্টটি সরিয়ে ফেলে টুইটার। বিভিন্ন মানুষ রিপোর্ট করার ফলে টুইটার ওই অ্যাকাউন্টটাও সরিয়ে ফেলে। এছাড়া টুইটার ফিরতি টুইট করে ‘আমরা নিউজিল্যান্ডের পাশে আছি’।

এদিকে শুক্রবার দেশটির জাতীয় রেডিও-টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে জুমার আজান। সহমর্মিতার বার্তা নিয়ে শুক্রবার কয়েক হাজার লোক জড়ো হয়েছিল ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদের সামনে। নীরবতা পালনের পর সংক্ষিপ্ত ভাষণে সন্ত্রাসী হামলায় আল-নূর মসজিদে নিহতদের স্বজনদের সান্তনা দিতে যেয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন বলেছেন, আপনাদের সঙ্গে কাঁদছে নিউ জিল্যান্ড। আমরা সবাই এক।

আল-নূর মসজিদের ইমাম গামাল ফৌদা জুমার খুতবায় বলেছেন, আমাদের হৃদয় ভেঙ্গেছে, কিন্তু আমরা ভেঙ্গে পড়িনি। আমরা বেঁচে আছি, আমরা একসঙ্গে আছি, কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে সেজন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। রেডিও-টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা জুমার নামাজের খুতবায় তিনি বলেন, নিহতদের পরিবারগুলোকে বলছি, আপনাদের প্রিয়জনদের মৃত্যু বৃথা যায়নি। তাদের রক্ত আশার বীজে জল সিঞ্চন করেছে।

এর আগে প্রধামন্ত্রী আরদার্ন প্রায় পাঁচ হাজার লোককে সঙ্গে নিয়ে আল-নূর মসজিদের সামনে হ্যাগলি পার্কে দুই মিনিটের নীরবতা পালন করেন। তার সঙ্গে এসময় মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন। আরদার্নের পরনে ছিল কালো জামা ও কালো হিজাব। সেখানে থাকা নারী পুলিশ সদস্যরাও পরেছিলেন কালো হিজাব।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালায় ২৮ বছরের অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। ঠান্ডা মাথায় এই হত্যাযজ্ঞে নিহত হয় ৫০ জন মুসলমান। নিহতরা সবাই পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সোমালিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অভিবাসী নতুবা শরণার্থী।