All posts by lutfor

সংবাদপত্রের অনলাইন নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে : তথ্যমন্ত্রী

মূলধারার সংবাদপত্রগুলোর অনলাইন পোর্টালের নিবন্ধন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একই সঙ্গে সংবাদপত্রের সরকারি বকেয়া বিল পরিশোধে আবারও তাগাদাপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা জানান।এ সময় সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক নঈম নিজাম, প্রথম আলোর সস্পাদক মতিউর রহমান, কালের কন্ঠের সস্পাদক এমদাদুল হক মিলন, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, সম্পাদক পরিষদের সঙ্গে আমাদের নিয়মিত বৈঠক হয়। আজ সে রকম একটি বৈঠক ছিল। আমরা সব সময় সংবাদপত্রের বিশেষ করে মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজ সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে পত্রিকার অনলাইন ভার্সনগুলোকে সহসা রেজিস্ট্রেশন দেওয়া হয়। আমরাও মনে করি যেসমস্ত পত্র-পত্রিকাগুলো বের হয় বিশেষ করে প্রথম শ্রেণির পত্র-পত্রিকার অনলাইনভার্সন রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে খুব বেশি তদন্তের কিছু নেই। কারণ এগুলো তদন্ত করেই পত্র-পত্রিকাগুলো বের হয়। আমরা অগ্রাধিকার ভিত্তিতে পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র-পত্রিকার অনেক বিল আটকে আছে। কোনো পত্রিকার ১০ কোটি, ১৫ কোটি, ২০ কোটি টাকা। এরকম করে কয়েকশ’ কোটি টাকার বিল বিভিন্ন মন্ত্রণালয়ের দফতরে আটকে আছে। ওই বিলগুলো যাতে ছাড় করা হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই সব মন্ত্রণালয় ও দফতরে একটি তাগাদাপত্র দেব। কারণ ইতোপূর্বে পত্র-পত্রিকার বিল ছাড় করার জন্য কেবিনেট ডিভিশন থেকে সব মন্ত্রণালয় ও দফতরে তাগাদাপত্র দেয়ায় কিছু বিল ছাড় হয়েছিল। হাছান মাহমুদ আরও বলেন, যে পরিমাণ বিল বকেয়া আছে আর যে পরিমাণ ছাড় হয়েছে- তা খুবই নগণ্য। সেজন্য আমরা আরও একটি তাগাদাপত্র দেব। আজকে সবার সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন আনছে বেক্সিমকো

করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের ঘোষণা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া। ভারতীয় কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন আনবে বেক্সিমকো।

শুক্রবার (২৮ আগস্ট) কোম্পানি দু’টির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ ও ওষুধের কাচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসআইআই) অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, কোভিড-১৯ ভ্যাকসিন উন্নয়নে এসআইআই-এ বিনিয়োগ করবে বিপিএল। এই বিনিয়োগ অগ্রিম হিসেবে বিবেচিত হবে।

ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন যেসব দেশ সবার আগে নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পাবে তাদের মধ্যে বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করবে এসআইআই।এসআইআই-এর উৎপাদন সক্ষমতা ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিষ্ঠানটির পূর্ববর্তী অঙ্গীকারের ওপর নির্ভর করবে বিপিএল-এর বিনিয়োগের পরিমাণ ও বাংলাদেশের জন্য এসআইআই-এর অগ্রাধিকারমূলক ভ্যাকসিন সরবরাহের পরিমাণ।

বাংলাদেশ সরকারের প্রয়োজন নিশ্চিতের ব্যবস্থাও করবে বিপিএল। বাংলাদেশ সরকার এবং এসআইআই-এরমধ্যে সম্মত হওয়া মূল্যে অগ্রাধিকারমূলক সরবরাহের জন্য চাহিদামাফিক ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তাব দেয়া হবে সরকারকে। এছাড়া, বাংলাদেশের বেসরকারি বাজারের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করবে বিপিএল।

অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন (এজেডডি১২২) হলো অ্যাডিনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ভ্যাকসিন। বর্তমানে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে বৃহৎ আকারে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল চলছে।

যুক্তরাজ্যে ট্রায়াল চলমান এবং এ ট্রায়াল থেকে খুবই উৎসাহব্যাঞ্জক ফলাফল পাওয়া গেছে। আশা করা হচ্ছে ২০২০ সালের শেষ নাগাদ এই ভ্যাকসিন অনুমোদন পাবে। এসআইআই ইতিমধ্যে বৈশ্বিক সরবরাহের জন্য এই ভ্যাকসিনের ১০০ কোটিরও বেশি ডোজ উৎপাদনের লক্ষ্যে অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি গেটস ফাউন্ডেশন ও গ্যাভির সঙ্গে অংশীদারিতে পৌঁছেছে।

এসআইআই-এর মালিক ও প্রধান নির্বাহী আদর সি পুনাওয়ালা ও বিপিএল-এর প্রিন্সিপ্যাল শায়ান এফ রহমান এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছেন যে, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যেসব মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভারত ও বাংলাদেশের দু’টি শীর্ষ স্থানীয় ফার্মা কোম্পানিকে একসাথ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুই দেশের মধ্যে সহযোগিতার যে গভীর সদিচ্ছা, তারই প্রতিফলন হিসেবে এই চুক্তি মাইলফলক হয়ে থাকবে। দুই জাতির প্রতিনিধি হিসেবে, একসঙ্গে আমরা কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট নিরসনে অনেকদূর যেতে পারবো।

নিয়মিত গাঁজা খেতেন সুশান্ত: রিয়া চক্রবর্তী

ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ভারতে চলছে সিনেমার মতো ট্র্যাজিক। একের পর এক চমকের জন্ম দিচ্ছে এই মৃত্যু। অনেকে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছেন। রিয়ার বিপক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর হাতেও। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই গ্রেফতার হতে পারে রিয়া।

এদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই সংবাদমাধ্যম এড়িয়ে চলছিলেন রিয়া। কিন্তু গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিজেকে সাধু জাহির করতে এলেন টেলিভিশনের সামনে। ফাঁটালেন একের পর এক বোমা!

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’ এ অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার আসেন রিয়া চক্রবর্তী। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি সুশান্তের উপরেই অভিযোগ এনে বলেন, সদ্য প্রয়াত ভারতীয় এই তরুণ অভিনেতা নাকি জীবদ্দশায় নিয়মিত গাঁজা সেবন করতো। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় সুশান্ত গাঁজা সেবন করতেন বলেও জানান এই অভিনেত্রী।

রিয়া বলেন, জানি না একজন মৃত ব্যক্তির নামে এগুলো বলা ঠিক হবে কি না। কিন্তু সুশান্ত মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। তাই সে প্রায় নিয়মিতই মারিজুয়ানা (গাঁজা) নিত। একজন প্রেমিকা হিসেবে আপনি বাঁধা দিয়েছেন কি না, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে রিয়া বলেন, সুশান্ত এক কথার মানুষ ছিল। সে একবার যেটা করার সিদ্ধান্ত নিত, সেটা সে করতোই। পৃথিবীর কেউ তাকে থামাতে পারতো না। রিয়া আরও বলেন, নেশা ছাড়ার জন্য আমি ওকে সবসময়ই চাপ দিতাম। কিন্তু সে আমার কথা শুনতো না।

রাজধানীতে ৫ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প-ডলার-টাকাসহ গ্রেফতার ২

রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬০) ও মো. মাসুদ (৫০)।শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়ে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬১) ও মো. মাসুদ (৪০)।গ্রেফতারকৃতের মধ্যে আলফাজ উদ্দিন ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাসুদ জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা তৈরির মূল হোতা।

রমনা জোনের এসি এস. এম. শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক আলফাজ উদ্দিনকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলফাজ উদ্দিনের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, অধিক মুনাফার আশায় আনোয়ার নামে এক লোকের কাছ থেকে জাল স্ট্যাম্প ক্রয় করে বিক্রি করছিলেন। করোনা শুরুর আগে আনোয়ার আলফাজের কাছে এসে জানায় অধিক মুনাফা করতে চাইলে জাল স্ট্যাম্প বিক্রি করতে হবে। জাল স্ট্যাম্প ব্যবসার সঙ্গে জড়িত আনোয়ার তার ছেলে সবুজের সঙ্গেও গ্রেফতার আলফাজ উদ্দিনের পরিচয় করিয়ে দেয়।

গ্রেফতার আলফাজ উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে জাল স্ট্যাম্প বিক্রির হোতা মো. মাসুদকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে চার কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প বানানোর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জানা যায়, এর আগেও জাল-জালিয়াতির অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মাসুদ। মাসুদ দীর্ঘ আট বছর এই জাল জালিয়াতি ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনিই এই ব্যবসার মূল হোতা।

রমনা জোনের এসি আরও বলেন, জাল স্ট্যাম্প, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জাল স্ট্যাম্প বিক্রির সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে না৷ সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার সুযোগ কাউকে দেয়া হবে না।

সাবরিনার জাতীয় পরিচয়পত্র ব্লক করল ইসি

করোনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেপ্তার জেকেজি হেলকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর দুটি জাতীয় পরিচয়পত্রই ব্লক (অকার্যকর) করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মিথ্যা তথ্য দিয়ে দুই এলাকায় ভোটার হন তিনি।একই সঙ্গে অসত্য তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া ও দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় তার বিরুদ্ধে মামলা করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে নির্দেশও দিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, সাবরীনার দুটি জাতীয় পরিচয়পত্রই ব্লক করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে গুলশান থানা নির্বাচন কর্মকর্তাকে তার বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন এবং এ ঘটনায় আমাদের কেউ কোনো অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।সাবরীনা মোহাম্মদপুর ও গুলশান নির্বাচন থানার অন্তর্গত এলাকায় দুইবার ভোটার হয়েছেন। দুটি জাতীয় পরিচয়পত্রে নিজের, বাবা ও মায়ের নাম ভিন্ন দিয়েছেন।এছাড়া বয়স ও ঠিকানাও পরিবর্তন করেছেন সাবরীনা। করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার এই চিকিৎসককে নিয়ে তদন্তে নেমে তার দুটি জাতীয় পরিচয়পত্র পায় দুর্নীতি দমন কমিশন।দুদকের পক্ষ থেকে তা চিঠি দিয়ে জানানো হয় ইসিকে। এনআইডি উইংয়ের অফিসার ইনচার্জ (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানান, দুদকের চিঠির জবাব ও আইনানুগ পরবর্তী করণীয় বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে।

বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়ন করেছেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি নিজে স্বপ্ন দেখতেন এবং জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। জাতির পিতা আমাদের সেই স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বঙ্গবন্ধু, জ্বালানি নিরাপত্তা ও বর্তমান বাংলাদেশ শীর্ষক ওয়েবিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হানিফ বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক নেতা ছিলেন যারা স্বপ্ন অনেক সময় দেখিয়েছেন, কিন্তু স্বপ্ন বাস্তরায়ন করতে পারেননি। জাতির পিতা আমাদের সেই স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন।তিনি যে কত দূরদর্শীপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন তা উঠে এসেছে তার কর্মকাণ্ডের মাধ্যমে।

সোমবার থেকে ইসরায়েল-আমিরাতের বিমান চলাচল শুরু

সম্পর্ক স্বাভাবিকের চুক্তিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমানের বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে। সোমবার ইসরায়েল থেকে আমিরাতের উদ্দেশে ই-১ এ-১ এর একটি বিমান যাত্রা শুরুর মাধ্যমে আকাশপথে দুই দেশের আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হবে।

শুক্রবার ইসরায়েলি বিমানসংস্থা ই-১ এ-১ এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।এতে বলা হয়েছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক রাজধানীখ্যাত আবু ধাবির মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে সোমবার (৩১ আগস্ট)।

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, বাণিজ্যিক এই ফ্লাইটে দুই দেশের মাঝে চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগীরা আমিরাতে পৌঁছাবেন। ই-১ এ-১ এর ফ্লাইটে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারও থাকবেন।

বিমানটি তেলআবিব থেকে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় আমিরাতের উদ্দেশে যাত্রা শুরু করবে। গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মাঝে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন।

ই-১ এ-১ এর ওই মুখপাত্র বলেছেন, পরদিন (মঙ্গলবার) সকালে আবু ধাবি থেকে তেলআবিবের উদ্দেশে বিমানের ফ্লাইটটি ফেরার কথা রয়েছে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের (আইএআই) ওয়েবসাইটে এই বিমান চলাচলের সময়ের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আকাশপথে ইসরায়েলের আনুষ্ঠানিক কোনও যোগাযোগ নেই। তবে বিমান পরিবহনের সময় কমিয়ে আনতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা হবে কিনা সেবিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের আকাশপথে কোনও যোগাযোগ নেই।মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ফ্লাইটের সঠিক রুট এবং অবতরণের সময় নির্ধারণের ব্যাপারে এখনও কাজ চলছে।

এর আগে, গত মে মাসে ইতিহাদ এয়ারলাইন্সের একটি বিমান ফিলিস্তিনিদের করোনাভাইরাস চিকিৎসা সহায়তা দেয়ার উদ্দেশে আমিরাত থেকে তেল আবিবে যায়। এটিই ছিল আমিরাতের কোনও বিমানসংস্থার ইসরায়েলে প্রথম ফ্লাইট।গত ১৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তিতে পৌঁছেছে তারা।

পরে যৌথ এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা শিগগিরই বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ ও অন্যান্য বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের জন্য বৈঠক করবেন। এছাড়াও শিগগিরই উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ ও দূতাবাস স্থাপন করা হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বাস্তবায়িত হলে ইরানের বিরুদ্ধে মার্কিন লড়াই, ফিলিস্তিন ইস্যুসহ মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক পরিস্থিতি খোল-নলচে পাল্টে যেতে পারে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল-আমিরাতের চুক্তিটি রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এটি বাতিল হওয়া উচিত।

পরিস্থিতি অনুকূলে এলেই এইচএসসি পরীক্ষা : মন্ত্রণালয়

চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন পরিস্থিতি অনুকূলে আসবে তখন পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু করোনা একেবারে নির্মূল হচ্ছে না তাই, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে পাবলিক পরীক্ষার আয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়।একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে, সে বিষয়েও একটি প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

রাজস্ব আদায়ে কারওয়ান বাজার-মিরপুরে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শুরু হচ্ছে চিরুনি অভিযান।১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির অঞ্চল-২ (মিরপুর) এবং অঞ্চল-৫ (কারওয়ান বাজার) এর সব ওয়ার্ডে মাসব্যাপী চিরুনি অভিযান শুরু হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও পরবর্তীতে এ চিরুনি অভিযান পরিচালিত হবে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

চিরুনি অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকে আহ্বায়ক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। একজন উপ কর কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ কমিটি কর বহির্ভূত বাড়ি-ঘর এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করবে।

এছাড়া চিরুনি অভিযানে কর বহির্ভূত বাড়ি-ঘর, স্থাপনা এবং নতুন সৃষ্ট ফ্ল্যাট বাড়ি-ঘর এবং স্থাপনা করের আওতায় আনা হবে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও আইনসম্মতভাবে ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে। মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স দ্বারা পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত ও নবায়নের আওতায় আনা হবে।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) বিকালে গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে অনুষ্ঠিত ‘চিরুনি অভিযান সফলের লক্ষ্যে কর্মকৌশল সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম চিরুনি অভিযান সফল করার আহ্বান জানিয়ে বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি করে ডিএনসিসিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চিরুনি অভিযানের লক্ষ্য হচ্ছে জনগণের ট্যাক্স না বাড়িয়ে, যারা ট্যাক্সের আওতার বাইরে আছে তাদেরকে ট্যাক্সের আওতায় আনা। মোট রাজস্ব বৃদ্ধি পেলে নাগরিক সেবার মান আরও উন্নত করা যাবে।

করোনার সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর হার

 দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। গত কয়েকদিন নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭ টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। মাত্র এক সপ্তাহ আগেও নমুন শনাক্তের হার ছিল ২০ শতাংশের বেশি।রোগতত্ত্ববিদরা বলছেন, টানা আরও দু-এক সপ্তাহ শনাক্তের হার কম থাকলেও এ হার পাঁচ শতাংশের মধ্যে এলে দেশে করোনা নিয়ন্ত্রিত হয়েছে বলে বলা যাবে। তবে আবার বৃদ্ধি পেলে সাময়িকভাবে তা কমেছিল বলে মনে করতে হবে।স্বাস্থ্য অধিফতরের দেয়া তথ্য বলছে, নতুন রোগী শনাক্তের হার কমলেও মৃত্যুহার বেড়েছে। গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও মহিলা ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৪ জনে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ২৭৪ জন (৭৮ দশমিক ৪৪ শতাংশ) এবং নারী ৯০০ জন (২১ দশমিক ৫৬ শতাংশ)।গত কয়েকদিন শনাক্ত বিবেচনায় মৃত্যুহার বেড়েই চলেছে। সপ্তাহখানেক আগেও শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ২৮ থেকে ১ দশমিক ৩১ এর মধ্যে থাকলেও গত ২৪ ঘণ্টায় এর হার বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন অপেক্ষাকৃত বয়স্করা, বিশেষ করে ৬০ বছর বয়স যাদের তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট মৃত ৪৭ জনের মধ্যে বয়স্কদের সংখ্যা ২৬ জন। মৃত চার হাজার ১৭৪ জনের মধ্যে দুই হাজার ৫৪ জন অর্থাৎ ৪৯ দশমিক ২১ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।করোনার পাশাপাশি ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগজনিত রোগের কারণে মৃত্যুহার ষাটোর্ধ্বদের বেশি হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা।তবে মৃত্যুহার বাড়লেও ক্রমেই বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৩৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।