All posts by lutfor

রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি সদস্যদের সহায়তা চাইলো বাংলাদেশ

আইসিজেতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় ওআইসি সদস্য রাষ্ট্রের অধিকতর সহায়তা চেয়েছেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার (৩০ সেপ্টেম্বর), রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির এ্যাডহক মন্ত্রিসভা কমিটি এক পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূত এ আহ্বান জানান। এতে বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান, ও জিবুতির স্থায়ী প্রতিনিধিগণ এবং ওআইসির মানবাধিকার কমিশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবকে আইসিজে মামলায় রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সকলের সহায়তা কামনা করেন। তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের এ সমস্যা চলতে পারেনা এবং গণহত্যার দায়ে দোষীরা শাস্তি এড়াতে পারেনা।

সভায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন রোহিঙ্গাদের দুর্দশা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংবেদনশীল করতে ওআইসির গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন, যা রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে। বিশেষতঃ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলার কাঠামোর মধ্যে। ওআইসি মহাসচিব রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া ও তাদের নিরাপদ প্রত্যাবসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন আইসিজেতে মামলা পরিচালনা করার ব্যায়ভার বহন করার জন্য যারা ইতিমধ্যে তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের প্রশংসা করেন। তিনি অন্যান্য সদস্য দেশগুলোকে মানবাধিকার রক্ষায় এই মামলায় সহায়তা করার আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা মামলার অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন এবং সমর্থনের বিষয়ে একমত প্রকাশ করেন।

এর আগে, ২৮ সেপ্টেম্বর জাবেদ পাটোয়ারী ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এর কাছে তার ক্রেডেনশিয়াল পেশ করেন। এসময় রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে সংস্থাটির আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার বিষয় উল্লেখ করলে মহাসচিব মামলার তহবিল বাড়াতে সম্পূর্ণ সহায়তা প্রদান ও বাংলাদেশকে এ বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিষয়ে ওআইসির পদক্ষেপ গ্রহণের জন্য মহাসচিবকে অনুরোধ করেন।

বাংলাদেশকে ওআইসির সক্রিয় সদস্য হিসাবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন যা সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমুহে ওআইসির সদস্যভুক্ত নাগরিকদের বৃত্তির তথ্য প্রদানের অনুরোধ করা হয় যা ওআইসির ডাটাবেজে প্রকাশ করা হবে।

বাংলাদেশকে নারীর ক্ষমতায়নের রোল মডেল হিসাবে প্রশংসা করে মহাসচিব বলেন, এ সফলতা অর্জনে বাংলাদেশের জন্য ওআইসি গর্বিত। বৈঠকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্মভুমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও আইসিজেতে রোহিঙ্গাদের গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ওআইসি সর্বদা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন মহাসচিব।

ঝুলন্ত তার অপসারণ করে ঢাকাকে জঞ্জালমুক্ত করা হবে : আতিক

ঢাকা শহরে যত ঝুলন্ত তার রয়েছে তা অপসারণ করে একটি জঞ্জালমুক্ত নগরী গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে অবৈধ ঝুলন্ত তার অপসারণ কাজের উদ্বোধনকালে এ কথা বলে তিনি।

মেয়র বলেন, ‘তারের জঞ্জাল আজ থেকে ১০ বছর আগে যে অবস্থা ছিল, এখনো একই অবস্থা। কিন্তু এই শহরকে এভাবে চলতে দেয়া যায় না। মনে হচ্ছে ঝুলন্ত তার মানেই ঢাকা শহর, ঢাকার আসল চিত্র। কিন্তু ঢাকার এই চিত্র আমরা কেউ দেখতে চাই না। তাই আমি গত কোরবানির ঈদের আগে বলেছিলাম, ১ অক্টোবর থেকে আমরা ঝুলন্ত তারগুলোকে নামিয়ে দেবো।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) গুলশান এভিনিউতে ঝুলন্ত তার অপসারণের মাধ্যমে (পাকিস্তান অ্যাম্বেসি থেকে শুটিং ক্লাব পর্যন্ত) ডিএনসিসি এলাকায় ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় মেয়র বলেন, ‘আমরা ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সাথে সভা করেছি, সবাইকে নিয়ে সিরিজ অফ মিটিং করেছি, সমস্যাটি সমাধানের জন্য। যখনই মিটিং করছি, এনটিটিএন, আইএসপিএবি, কোয়াবের সাথে, যখনই মিটিং শুরু করি, মনে হয় একজনের সাথে আরেকজনের শত্রুতা। আইএসপিএবি দোষ দেয় এনটিটিএনকে, এনটিটিএন দোষ দেয় কোয়াবকে।’

আতিকুল ইসলাম বলেন, এখানে এনটিটিএন কাজ করছে না, আমি মনে করছি এটি এনটিটিএন এর ব্যর্থতা। তারা ১০ বছর যাবৎ লাইসেন্স নিয়েছে, তারা কেন মাটির নিচ দিয়ে লাইন নেয় নাই? সুতরাং আমি সাব্যস্ত করেছি, তাদের সাথে মিটিং করে, রাস্তার পাশে যে সসার ড্রেনগুলো আছে এগুলোর নিচ দিয়ে পাইপ বসিয়ে দেবো। উনারা রাজি হয়েছেন। এ বাবদ ডিএনসিসিকে তারা ভাঙা দেবেন। আমি ইতিমধ্যে প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি, যত নতুন রাস্তা হবে, সেই রাস্তাগুলোর নিচ দিয়ে লাইন নেওয়ার জন্য ব্যবস্থা রাখা হবে। আমরা চাই একটা স্থায়ী সমাধান।

তিনি জানান, গুলশান এভিনিউর তার অপসারণের পরে গুলশান ১ থেকে রাস্তার পূর্ব ও পশ্চিম পাশে, গুলশান ২ থেকে পূর্ব ও পশ্চিম দিকে সকল তার অপসারণ করা হবে।

ঝুলন্ত তার অপসারণকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, কোয়াব-এর সভাপতি এস এম আনোয়ার কবির, আইএসপিএবি’র সভাপতি মো. আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।

দেশের ১৬টি পুরাতন সুগার মিলকে আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে আখঁচাষী, মিল শ্রমিক কর্মচারীদের সারাবছর আয়ের ব্যাবস্থা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং চিনি শিল্পকে লাভজনক করতে ঠাকুরগাঁওসহ দেশের ১৬টি পুরাতন সুগার মিলকে নতুন করে আধুনিকায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সুগার মিলস্ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

তিনি বলেন, বন্ধ নয়, ঠাকুরগাঁও সুগারমিলকে আরো আধুনিকায়ন করা হবে। মিলটির সাথে জড়িতদের স্বার্থ দেখার জন্যই আমরা এসেছি। কিভাবে মিলটিকে আরো অত্যাধুনিক করা যায় সেই ব্যবস্থাই নেয়া হচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করা। আয়ের ব্যবস্থা করার জন্য বিনিয়োগের মাধ্যমে কিভাবে লাভজনক করা যায় তার উদ্যোগ নেয়া হচ্ছে। এ কারণে চিনি শিল্পকে নতুন করে সাজানো হচ্ছে।

মন্ত্রী আরও জানান, সারাদেশের চিনি চাহিদা পূরণের জন্য দেশের সব চিনিকলগুলোর নিজস্ব যে জমি রয়েছে সেগুলো ফেলে না রেখে সারাবছর আখঁ ও সুগার বিট আবাদ করার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। কম সময়ে বেশি ফলন ও রস আহরণের জন্য গবেষনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাখওয়াত হোসেন, রাজনৈতিক ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

বাগেরহাটে হবে নতুন বিমান বন্দর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক প্রাচুর্য থাকা সত্ত্বেও নদীকেন্দ্রিক পর্যটনের বিকাশ ঘটেনি দেশে। সরকার নদী ও পানি সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, নৌ ও সড়ক পথের পাশাপাশি আকাশপথেরও আধুনিকায়ন করা হচ্ছে। বাগেরহাটে নির্মাণ করা হবে নতুন একটি বিমান বন্দর।

দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমান খাতের সার্বিক উন্নয়ন কার্যক্রমে এবার সম্প্রসারিত হচ্ছে দেশের অন্যতম এই স্থাপনাটি। পরিকল্পনা অনুযায়ী এখানে ৩৫ হাজার বর্গমিটারের নতুন টার্মিনাল ভবন নির্মিত হবে। থাকবে স্বয়ংক্রিয় কার্গো হ্যান্ডলিং সুবিধা, প্রতিবছর সেবা পাবেন ২০ লাখ যাত্রী।

এদিকে ঢাকার গ্রিনরোডে নবনির্মিত ১২ তলা বিশিষ্ট পানি ভবন, আগারগাঁওয়ে পর্যটন ভবন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকে জাতির জনকের ম্যুরাল ও এয়ারপোর্টের অভ্যন্তরে মুজিব কর্নার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী আয়োজনে শেখ হাসিনা বলেন, দেশের পানি সম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। দেশের ৯৮ শতাংশ মানুষের এখন সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।

পর্যটন ও বিমান খাতের উন্নয়ন, বড় অঙ্কের রাজস্ব আয়ের উৎস হতে পারে উল্লেখ করে সরকার প্রধান বলেন, নতুন অভ্যন্তরীণ বিমান বন্দর হবে দক্ষিণবঙ্গে।

বিশ্বের দূরবর্তী রুট গুলোতে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনায় সরকার আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নির্মাণশিল্পে এএসি ব্লকের ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন নির্মাণশিল্পে অটোক্লেভ এরিয়েটেড কনক্রিট ব্লকের (এএসি) ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। আজ রাজধানীর দারুসসালামে অবস্থিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের বর্তমান অগ্রগতি  পরিদর্শণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৫৫ হাজার বর্গমাইলের এই দেশের লোকসংখ্যা প্রায় ১৬ কোটি।  দেশের বেশিরভাগ মানুষ জীবিকার জন্য এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের নির্মাণশিল্পে যে পোড়ামাটির ইট ব্যবহার হয় তা কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে তৈরি করা হয়। এভাবে চলতে থাকলে কৃষিকাজে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষিকে রক্ষা করতে হবে। কৃষিকাজ নির্বিঘ্ন রাখতে কৃষিজমি ও কৃষিতে ব্যবহৃত উর্বর মাটি রক্ষা করতে হবে। একারনে পোড়ামাটির তৈরি ইটের বিকল্প  সিমেন্ট ও বালির তৈরি অটোক্লেভ এরিয়েটেড কনক্রিট ব্লকের (AAC ব্লক) ব্যবহার সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এজন্য সরকারি বেসরকারি সকল স্থাপনা নির্মাণে এই ব্লক জনপ্রিয় করে তুলতে হবে।

পরিদর্শণকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং স্থায়ী কমিটির  সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপস্থিত ছিলেন। অতিথিগণ প্রতিষ্ঠানের নির্মাণাধীন অটোক্লেভ এরিয়েটেড কনক্রিট ব্লক তৈরির প্লান্ট প্রত্যক্ষ করেন  এবং এই প্লান্টের বিভিন্ন কারিগরী বিষয়াদী সম্পর্কে অবগত হন।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা হ্যাকারদের

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে চীনের হ্যাকার গ্রুপ।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করছে চীন, ইরান এবং রাশিয়ার হ্যাকাররা। এ বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট।এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপকারী রুশ হ্যাকার গ্রুপ স্ট্রনটিয়াম সম্প্রতি রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিভিন্ন সংস্থাসহ অন্তত দুই শতাধিক সংগঠনকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। স্ট্রনটিয়াম গ্রুপটি রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা গ্রু’র মদদপুষ্ট বলে অভিযোগ রয়েছে।এদিকে চীনের জিরকোনিয়াম নামের হ্যাকার গ্রুপ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রচারণা লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের বিশিষ্ট ব্যক্তির ইমেইলও হ্যাক করার চেষ্টা করেছে চীনা হ্যাকাররা।এছাড়া, ইরানি হ্যাকার গ্রুপ ফসফরাস গত মে-জুন মাসে হোয়াইট হাউস কর্মকর্তা এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে হানা দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে মাইক্রোসফট।

শিক্ষা ঋণ চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু করার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)আয়োজিত করোনাকালে ই-লার্নিং শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের সহজে শিক্ষা চালিয়ে নিতে শিক্ষা ঋণ দেওয়া যেতে পারে। আমি সংসদে বলেছি, প্রধানমন্ত্রী মাথা নেড়ে সম্মতি জানিয়েছেন। আমরা এখন থেকে শিক্ষা ঋণ দেওয়ার কথা ভাবছি। কীভাবে শিক্ষার্থীদের সক্ষম করে তুলবো, যেখানে যতটুকু প্রয়োজন আছে সেটা যেন তারা মেটাতে পারেন। এসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। কোনওভাবেই যেন শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়।

ই লার্নিং ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব সারে এর উপ-উপাচার্য অধ্যাপক ওসামা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. কারম্যান জেড লামাংনা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইশতিয়াক আজিম প্রমুখ।

বোনের কোটি টাকার সম্পত্তি দখল করেছেন ওসি প্রদীপ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ দাশের বিরুদ্ধে এবার বোনের কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে।এরমধ্যে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগে করেছেন প্রদীপের সৎবোন রত্নাবালা।শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুদক কর্মকর্তারা জানান, অভিযোগ অনুসন্ধানের অনুমতি চেয়ে দুদকের প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছে।

আরও জানা গেছে, প্রদীপ দাশের সৎবোন রত্নাবালা চট্টগ্রামের মুরাদপুর এলাকায় তার ১২ শতক জমি ও একটি চারতলা ভবন দখল করে নেয়ার অভিযোগ জানান দুদক জেলা কার্যালয়ে। এসব সম্পত্তি প্রদীপ দাশ এক কোটি ৩০ লাখ টাকায় তার স্ত্রী চুমকির নামে বায়না করেছেন বলে অভিযোগ করা হয়।

তবে বায়না বাবদ রত্নাবালাকে প্রদীপ কোনো টাকা দেননি; বরং প্রতিবাদ করায় রত্নবালার ছেলে বিবেক রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়েছেন প্রদীপ দাশ। এতে রঞ্জন চৌধুরীকে জেলখানায়ও থাকতে হয়েছে।এই ঘটনায় টেকনাফের নিলুফা নামের এক নারীকে মামলার বাদী সাজানো হয়েছে। রঞ্জনের মেয়ে বেবী চৌধুরীকেও লাঞ্ছিত করা হয়েছে।

রত্নাবালা জানান, তার বাবা প্রেম লাল প্রজাপতি ও মা যুগল রানী প্রজাপতি। দুই মেয়েকে রেখে রত্নাবালার বাবা মারা যান। এরপর রত্নাবালার মা হরেন্দ্র লাল দাশ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। সেই ঘরে প্রদীপ দাশসহ রত্নাবালার তিন ভাইয়ের জন্ম। রত্নাবালার আপন বোন অল্প বয়সে মারা যান। এরপর থেকে বাবার সম্পত্তি হিসেবে শহরের ১২ শতক জমি ও ভবনের মালিক রত্নাবালা।

এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন জানান, প্রদীপ দাশের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ প্রধান কার্যালয়ের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতির পর অনুসন্ধান শুরু করা হবে।

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে

 রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন। ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাস্তবায়নাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দোহাজারী-কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কক্সবাজার সদরের ঝিলংজা হাজিপাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে রেলের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় রেল স্টেশনের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ এবং জেলা প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রেলমন্ত্রী বলেন, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প সমাপ্ত ও ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল শুরু হবে। তার আগে ক্ষতিগ্রস্তদের টাকা যথা নিয়মে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণের বাইরে থাকবে না। বক্তব্য শেষে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পাঁচজন ভূমি মালিককে প্রায় এক কোটি টাকার চেক প্রদান করেন রেলমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন- কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদ উল্লাহ মারুফ প্রমুখ।

আগামীকাল থেকে ‘প্লেন ভরে’ যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো

আগামীকাল রোববার থেকে প্লেনের সিটগুলোতে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন।বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম আর থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসতে পারবে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও বাহরাইনের বিমান যোগাযোগ চালু হয়েছে। ইতোমধ্যে এই দুই দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তিন বিদেশি এয়ারলাইন্স।

এর আগে গত মে মাসে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশকিছু নির্দেশনা ঠিক করে দেয় বেবিচক। সে সময় তারা বলেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে উড়োজাহাজের এক সিটে বসবেন যাত্রী, পাশের সিট থাকবে ফাঁকা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই ফ্লাইট পরিচালিত হবে- সেটা অভ্যন্তরীণ রুট হোক বা আন্তর্জাতিক রুট। আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী একটি গাইডলাইন তৈরি করে দেশের এয়ারলাইন্সগুলোর সঙ্গে মতবিনিময় করে বেবিচক।

বেবিচকের নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও উড়োজাহাজের ভেতরে দুজন যাত্রী পাশাপাশি বসতে পারবেন না। যে সিটে যাত্রী বসবেন তার পাশের সিটটি রাখতে হবে ফাঁকা। যদি প্রতি সারিতে তিনটি করে মোট ছয়টি সিট থাকে তাহলে প্রতি সারির মাঝের সিটটি ফাঁকা রাখতে হবে। যদি প্রতি সারিতে দুটি করে চারটি সিট থাকে তাহলে একটি সিটে যাত্রী থাকবে, অপরটি থাকবে ফাঁকা।

বেবিচকের নির্দেশনায় আরও বলা হয়, প্রতিটি ফ্লাইটের সামনে অথবা পেছনে একটি সারির সিট খালি রাখতে হবে। ফ্লাইটের মাঝে কোনো যাত্রী যদি অসুস্থ বোধ করেন তাহলে তাকে ওই সারিতে আলাদাভাবে বসাতে হবে।