All posts by lutfor

ওসি-ডিসিরা অভিযোগ না শুনলে আমার কাছে আসুন: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, এলাকার ওসি-ডিসি কেউই আপনাদের অভিযোগ না নিলে আমার কাছে আসুন। আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা আছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে’র এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড সাফল্য করায় কয়েকজনকে পুরস্কার দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কিছু দোষ ত্রুটি থাকলেও সর্বত্রই নিরলসভাবে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন। জনগণের জানমালের নিরাপত্তা থেকে করোনা মহামারিতে মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিয়েছেন। একই সঙ্গে মানুষের অভাব অভিযোগ শুনে করণীয় সব ধরনের ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঢাকা শহরে ৩৫ থেকে ৩৬ হাজার পুলিশ সদস্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু এটাই যথেষ্ট না। সুদৃঢ় নিরাপত্তার জন্য দরকার জনগণের সম্পৃক্ততা। এ কারণেই গত পাঁচ বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দু-চার দিনের মধ্যেই করোনার ভ্যাকসিন আনার চুক্তি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সবসময়ই যোগাযোগ রাখছে সরকার।  ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই চুক্তি হবে।শনিবার (৩১ অক্টোবর) দুপু‌রে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী এ কথা জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ। পরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে শীতের সময় করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।তিনি বলেন, বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেছে।  যারা ভ্যাকসিন (টিকা) তৈরি করছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।  দুই-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে ভ্যাকসিন আনার ব্যাপারে।তিনি বলেন, দেশ থেকে এখনও করোনা চলে যায়নি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মারা গেছে। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি।  স্বাস্থ্যবিধি মেনে চলছি বিধায় আমরা ভালো আছি।  আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া গেলে সেবা না দেওয়ার সিদ্ধান্তের কথাও এসময় স্মরণ করিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী।

আ.লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না। জনগণের প্রতি আমাদের আস্থা আছে।শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের শত্রু নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধিতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে শহর ও গ্রামকে কাছাকাছি এনে প্রতিটা গ্রামকে শহরে রূপান্তরিত করছে। উন্নয়নের ক্ষেত্রে মেয়রদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

দলকানা বিএনপির মুখে শুধুই সমালোচনা : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় ভারত-পাকিস্তানসহ উপমহাদেশ জুড়ে তোলপাড় হলেও দলকানা বিএনপির মুখে শুধু সমালোচনা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে দেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সমিতির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এবং প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা আইএমএফ এর সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসময় ড. হাছান বলেন, আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী এবছরের শেষান্তে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক, মানবিকসহ সমস্ত সূচকে আমরা পাকিস্তানকে বহু আগেই এবং অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছি। বিশেষ করে এখন অর্থনৈতিক সূচক যেমন ‘পার ক্যাপিটা জিডিপি’র ক্ষেত্রেও আমরা ভারতকে ছাড়িয়ে যাচ্ছি।’শুধু আইএমএফ নয়, এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী করোনা মহামারির এবছরে ভারত-পাকিস্তানসহ পৃথিবীর বেশিরভাগ দেশেই যেখানে জিডিপি প্রবৃদ্ধি ঋণাত্মক, সেখানে বাংলাদেশ সেই হাতেগোনা কয়েকটি দেশের একটি যাদের প্রবৃদ্ধি ধনাত্মক উল্লেখ করেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বিশ্বে সর্বোচ্চ আর মাথাপিছু কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন, ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস যে দেশের নিত্যসঙ্গী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমস্ত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সেই বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতি নিয়ে ভারত-পাকিস্তানসহ সমগ্র উপমহাদেশে ব্যাপক আলোচনা-প্রশংসা হচ্ছে। ভারতের গণমাধ্যমে খবর ও টক-শো’তে তাদের বুদ্ধিজীবীরা এবং পাকিস্তানের গণমাধ্যমও সরকারের ব্যাপক প্রশংসা করছে।কিন্তু বরাবরের মতো এদেশের একটি দল বিএনপি এবং তার কিছু মিত্র এই প্রশংসা করতে পারছে না, বলে আক্ষেপ করেন ড. হাছান। তিনি বলেন, বিএনপি শুধু বলে বেড়ায়, সরকার তাদের কথা বলতে দেয় না অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষেদগার করেন, বিকালে আরেকবার করেন। তারা শুধু অহেতুক বিষেদগারই করতে পারে, প্রশংসা করতে পারে না। তার মতে, এটি বিএনপির রাজনৈতিক ও চিন্তা-চেতনার দৈন্য। তারা যে দলকানা অর্থাৎ শুধু দল নিয়ে ভাবে, দেশ ও দশের কথা ভাবে না সেটিরই বহিঃপ্রকাশ।এসময় চলচ্চিত্র প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চেতনায় এদেশে যে চলচ্চিত্রের যাত্রা শুরু, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই চলচ্চিত্র শিল্পের বিকাশে ইতোমধ্যেই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। চলচ্চিত্রে অনুদানের সংখ্যা ও অর্থের পরিমাণ দুই-ই বাড়ানো হয়েছে। নতুন সিনেমা হল নির্মাণ, বন্ধ হল চালু ও সংস্কারের জন্য এক হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

সংসদের বিশেষ অধিবেশনে যেতে পারবেন করোনা নেগেটিভ সাংবাদিকরা

জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনে’ সংবাদ সংগ্রহে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। তবে, এক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। ফলাফল নেগেটিভ আসলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ৮ নভেম্বর এ অধিবেশন শুরু হবে। তবে ৯ নভেম্বর এতে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি। ওইদিন সাংবাদিকদের প্রবেশের সুযোগসহ কিছু গুরুত্বপূর্ণ অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। করোনাভাইরাস মহামারির মধ্যে সংক্রমণ ঠেকাতে এর আগে পরপর তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ ছিল না।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, আগামী ৬ তারিখ সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। যাদের ফলাফল পজিটিভ আসবে তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয়ের উদ্যোগে এই টেস্ট করানো হবে।

তিনি জানান, প্রতি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে কোভিড-১৯ টেস্ট করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে। ৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেয়া হবে। একদিনেই নেগেটিভ রিপোর্ট পাওয়া সাংবাদিকদের ৯ নভেম্বরের অধিবেশন কাভার করার সংসদ পাস দেয়া হবে।

৩৫তম স্প্যানে দৃশ্যমান হলো পদ্মা সেতুর সোয়া ৫ হাজার মিটার

  ৩৫তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর পাঁচ হাজার ২৫০ মিটার। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর টু-বি স্প্যানটি বসানো হয়।এর আগে সকাল সোয়া ৯টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে পিলারের কাছে নিয়ে আসে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন, শুক্রবার স্প্যানটি বসানোর কথা ছিল। নাব্যতা সঙ্কটের কারণে শিডিউল পরিবর্তন হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারাদিন ড্রেজিং করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয় ভাসমান ক্রেন তিয়ান-ই নোঙরের জন্য। এরপর শনিবার সকালে ক্রেন দিয়ে স্প্যানটি নেয়া হয় নির্দিষ্ট পিলারের কাছে। দুপুর ২টা ৪০ মিনিটে স্প্যানটি স্থাপন করা হয় ৮ ও ৯ নম্বর পিলারের ওপর।২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। এ পর্যন্ত ৩৫তম স্প্যান বসানো হলো।

বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ

রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার (৩১ অক্টোবর) সকালে ওবায়দুল কাদের নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর খুনী ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে হাওয়াভবন তন্ত্রের কুশীলবদের গাত্রদাহ তো হবেই।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বলেন গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

বস্তিবাসীদের গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে বসবাস করা বস্তিবাসীদের নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার মুজিববর্ষ উপলক্ষে ১৬০টি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সচিবগণ গৃহহীন এসব পরিবারের হাতে চাবি ও নগদ টাকা তুলে দেন। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র্য থাকবে না জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, সরকার সকলকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেবে। ঢাকার বস্তিবাসীদের নিজেদের যার যার গ্রামে পাঠিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা করা হবে।খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের কোনো জমি অনাবাদি রাখা যাবে না। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার ব্যবস্থা করে দেয়া হবে। করোনাকালে গ্রাম পর্যায়ে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।অনুষ্ঠানে নিজ এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, সবাই মিলেমিশে কাজ করলে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না এবং বেশ দ্রুত এগিয়ে যাবে দেশ।

তৃণমূলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কমিউনিটি পুলিশিং- পূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন সমাজের তৃণমূলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি পুলিশিং। শনিবার ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, পারিবারিক জীবন হতে রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত সর্বত্র শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকের বিস্তার রোধ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এমনকি ভূমিদস্যুদের প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ বাহিনী। তাদের সহযোগিতার মাধ্যমে কমিউনিটি পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থা কিংবা সরকারের একার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা অনেকটাই দুরূহ কাজ।সমাজের প্রতিটি স্তরের সকল শ্রেণী-পেশার মানুষ যদি আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে তাহলে এই কঠিন কাজটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠে। আর এ কাজটি খুব দক্ষতার সাথে পরিচালনা করছে কমিউনিটি পুলিশের সদস্যগণ। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পাশাপাশি তৃণমূল পর্যায়ে এ বিষয়ে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে কমিউনিটি পুলিশের সদস্যগণ। ট্রাফিক নিয়ন্ত্রণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি এমনকি গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য প্রদানের মাধ্যমে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে পুলিশ বাহিনীকে। ভবিষ্যতে কমিউনিটি পুলিশিং ধারণার আরো আধুনিক সংস্করণ বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই কর্মকাণ্ডকে আরও বেগবান, যুগোপযোগী এবং কার্যকরী করে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সেক্টরে কাঙ্খিত উন্নয়ন এর পাশাপাশি পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগের মাধ্যমে বাহিনীর কর্মক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। ফলে পুলিশ বাহিনীতে গতিশীলতা বৃদ্ধির এবং সদস্যদের কর্মস্পৃহা, কর্মদক্ষতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে সন্তোষজনক অবস্থায় রয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

দৈনিক সকালবেলা’র সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হক আর নেই

 

দৈনিক সকালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিএসপি র মহাসচিব সৈয়দ এনামুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন) । আজ (মঙ্গলবার) আনুমানিক বিকেল ৪টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত কিডনি-ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর, তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

সৈয়দ এনামুল হকের জন্ম ১৬ই এপ্রিল ১৯৫৬ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুর গ্রামে। বাবা মরহুম ডাঃ সৈয়দ আবদুল মজিদ। তিনি বাংলাদেশ বেতার ঢাকার একজন ইংরেজী সংবাদ পাঠক ছিলেন। ১৯৭৯ সালে খুলনা বেতারে বাংলা সংবাদ পাঠের মাধ্যমে কাজ শুরু করেছিলেন। কর্তৃপক্ষের ইচ্ছায় ২০০২ সালে বাংলা সংবাদ থেকে ইংরেজী সংবাদ পাঠ শুরু করেন। শিক্ষা জীবনে তিনি বিএ (অনার্স), এমএ (রাষ্ট্রবিজ্ঞান), এলএলবি পাশ করেন। অত্যন্ত সদালাপী ও মিষ্টভাষী জনাব হক সকলের কাছেই প্রিয় একজন মানুষ। একাধারে প্রেস ও ইলেকক্ট্রনিকস মিডিয়ায় রয়েছে তাঁর সমান পদচারনা। বিভিন্ন ক্ষেত্রে তিনি আকাশছোঁয়া সাফল্য পেয়েছেন। ৯০ ‘এর দশকের গোড়ার দিকে তিনি বিবিসি বাংলা বিভাগে contributing broadcaster হিসেবেও কাজ করেছেন। সে সময় ফারাক্কা বাঁধের উপর তথ্য ও উপাত্ত সমৃদ্ধ তার একটি প্রতিবেদন শ্রোতা নন্দিত হয়েছিল।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশে সংবাদপত্র মালিকদের সংগঠন, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ’র (বিএসপি) মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন।

৮০’র দশকে দু’টি জাতীয় দৈনিকের খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। দু দু’বার করে খুলনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হয়ে পেশাগত মান উন্নয়নে সাংবাদিক সমাজকে সঠিক নেতৃত্ব দিয়ে উজ্জীবিত করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন তাঁকে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে। লাভ করেন বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ পদক, বাংলাদেশ ইয়ুথ বিজনেস ফোরাম স্বর্ণ্পদক ও ফেডারেশন অব বেসরকারী সংগঠন পদক প্রভৃতি।

সৈয়দ এনামুল হক ১৯৯৭ সালে প্রকাশ করেন সাপ্তাহিক সকালবেলা, যা ২০০১ সালে জাতীয় দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। পত্রিকাটি ২০১৭ সালে ৮ম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেছে।

তিনি জাতীয় দৈনিক সকালবেলা ও The Daily Morning Times- এর সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

মরহুমের স্ত্রী অধ্যাপিকা নিলুফা বেগম জানান, সৈয়দ এনামুল হক’র জানাজা আগামীকাল বাদ জোহর পল্লবী বাইতুস সালাম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সবশেষ মিরপুর সাড়ে এগারো’র জান্নাতুল মাওয়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।