All posts by lutfor

‘বঙ্গবন্ধু হত্যায় অনেক রাঘববোয়াল জড়িত’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রায় নিয়ে এখন কিছু বলবো না, যা বলার কোর্টে বলবো।

মঙ্গলবার সুপ্রিমকোর্টে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রক্তাদান কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে গিয়ে আমি দেখেছি এর সঙ্গে অনেক রাঘববোয়াল জড়িত।

তিনি বলেন, এই মামলার তদন্ত দুর্বলতার কারণে সেই রাঘববোয়ালদের আমরা কিছু করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।

প্রধান বিচারপতি বলেন, এই রক্তদান কর্মসূচি গত দুই বছর যাবৎ আমি করে যাচ্ছি। আমার উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুর যে রক্ত ঝরেছে- এর মাধ্যমে অন্তত কিছুটা হলেও ঋণ পরিশোধ হবে।

এসময় সেখানে অন্যান্য বিচারপতি, সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আবারও বাড়ছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার নতুন দর কাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সই করেছেন।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দর বাড়ার পর ৮ মে মাসে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি। সর্বশেষ গত ২৮ জুলাই সোনার দাম ভরিতে ১ হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতনপদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

সারা দেশের সোনার দোকানগুলোতে আজ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৬৫৮ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হচ্ছে। কাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা এবং সনাতনপদ্ধতির সোনার ভরিতে ৫৮৩ টাকা দাম বাড়বে।

সোনার দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। আগের মতোই প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকা বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।

ধেয়ে আসছে ভারতের পানি, তিস্তায় রেড অ্যালার্ট

তিস্তার উজানে ভারতে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের দৌমহনী থেকে পানি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে।

এ অবস্থায় তিস্তার উজানে ভারতের অংশে ভারতীয় সেচ মন্ত্রণালয় শনিবার সন্ধ্যা ৬টার দিকে রেড অ্যালার্ট জারি করেছে। পাশাপাশি তিস্তার ডালিয়া পয়েন্টে বিশেষ সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

সেই সঙ্গে তিস্তা অববাহিকার সব ইউপি চেয়ারম্যানের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তিস্তায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, তিস্তার উজানে ভারতে পানি বিপদসীমা অতিক্রম করায় সব ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে নদীতে বসবাসরতদের সরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিস্তায় বসবাসরতদের বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নেয়ায় ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে।

তিস্তার উজানে ভারতের গজলডোবা বাঁধের সব গেট খুলে দেয়ার শনিবার বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে তিস্তার পানি। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

একদিকে মুষলধারে বৃষ্টি অন্যদিকে তিস্তার পানি বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে তিস্তার পাড়ের বন্যাদুর্গত এলাকার লোকজন। উজানের ঢলের পানি ঘোলা, বিভিন্ন গাছের পাতা ও কচুরিপানা থাকার কারণে এলাকাবাসীর ধারণা উজানে বন্যার পানি আসছে।

তিস্তা নদীর উজানে বসবাস করা পূর্ব ছাতনাই ইউনিয়ন ও পূর্ব খড়িবাড়ি গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। সেই তিস্তা উপকূলীয় এলাকায় বসবাসরত বিভিন্ন গ্রামে মাইকিং করে রেড অ্যালার্ট সম্পর্কে বলা হয়েছে।

পূর্ব খড়িবাড়ি গ্রামের মিরাজ উদ্দিন বলেন, পানির স্রোতের অবস্থা দেখে বুঝা যায় আশপাশের গ্রামগুলো সব ডুবে যাবে। সেই সঙ্গে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে।

পাউবো অফিসে সূত্রে জানা যায়, তিস্তার টানা কয়েকদিনে বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তায় বন্যা দেখা দিয়েছে। তিস্তার ব্যারেজের ৬০ কিলোমিটার উজানে ভারত গজলডোবা বাঁধটি ১৯৯৮ সালে নির্মাণ করেন।

গজলডোবা বাঁধটির ৫৪টি গেটের মাধ্যমে উজানে বন্যা হলে সকল গেট খুলে দিলে ধেয়ে আসছে বন্যার পানি ও বাংলাদেশের অংশে ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে এলাকায় বন্যা দেখা দেয়।

পাউবো অফিসে সূত্রে আরও জানা যায়, বর্ষার সময় ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের সৃষ্টি হলে গজলডোবার ৫৪টি জল কপাট খুলে দেয়। ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।

সন্ধ্যা ৭টার দিকে কিসামত চরের আবুল কালাম জানান, দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি। ছোটখাতা গ্রামের তফেল উদ্দিন বলেন, বিকেল থেকে তিস্তার পানি বৃদ্ধি থেকে মনে হচ্ছে বড় ধরনের বন্যা দেখা দেবে।

ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি শনিবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৪০) ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর শোঁ শোঁ শব্দ আর গর্জন তিস্তা অববাহিকা কাঁপিয়ে তুলেছে। অপরদিকে বুড়ি তিস্তা নদীটি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই এলাকায় বাঁধ ভেঙে গেছে।

এছাড়া তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের জলঢাকাস্থ দুন্দিবাড়ির অদূরে দিনাজপুর প্রধান সেচ ক্যানেলের ডানতীরের বাঁধ দুইটির বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয়েছে।

বিয়ের বয়স পেরিয়ে গেছে ৪০ লাখ সৌদি তরুণীর

সৌদি আরবে ৪০ লাখ তরুণীর বিয়ের বয়স পেরিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। শনিবার দেশটির জাতীয় দৈনিক আল-রিয়াদ এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৫ সালে সৌদি আরবে বিয়ের বয়স পার হয়েছে এমন তরুণীর সংখ্যা ৪০ লাখে পৌঁছেছে। দেশটির সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলোর মধ্যে তরুণীদের বিয়ের বয়স পেরিয়ে যাওয়া অন্যতম একটি। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে।

দেশটির আল-আশা সিটির একটি মসজিদের ইমাম ডা. আহমেদ আলবো আলী বলেন, বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল। ২০১৫ সালে এই সংখ্যা লাফিয়ে ৪০ লাখে পৌঁছেছে। এর মানে হচ্ছে, ৩০ বছরের বেশি বয়সের দুই-তৃতীয়াংশ সৌদি তরুণী গত ১০ বছরে বিয়ে করেননি।

তিনি বলেন, ‘বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের পূর্ণ অধিকার দিয়েছে ইসলাম; তারা চাইলে আবার বিয়ে করতে পারেন। দুর্ভাগ্যবশত অনেক পুরুষই এমন মেয়েকে বিয়ে করতে চান; যার আগে বিয়ে হয়নি। ফলে বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীরা পুনরায় বিয়ের সুযোগ পাচ্ছেন না। এ কারণেই সৌদি বিয়ের বয়স পেরিয়ে যাওয়া নারীদের সংখ্যা বেড়েছে এবং ক্রমবর্ধমান হারে বাড়ছে।’

‘বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীদের কোনো অপরাধ নেই। অনেক ক্ষেত্রে প্রথম বিয়ে যারা করেননি তাদের চেয়ে বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারীদের মধ্যে বিয়ে সম্পর্কে সচেতনতার মাত্রা অনেক ভালো। অনেক তালাকপ্রাপ্ত নারী আবার বিয়ে করেছেন এবং এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।’

আল-উইয়ুন সিটি পরিবার উন্নয়ন কেন্দ্রের পরিচালক মুহাম্মদ আল-সালিম বলেন, আরব সমাজে তালাকপ্রাপ্ত নারীদেরকে ভিন্নভাবে দেখা হয়; সামাজিক কুসংস্কারও আছে। তালাকপ্রাপ্ত নারীদের সঙ্গে সামাজিক কলঙ্ক লেপে দেয়া হয়। ঘর ভেঙে যাওয়ায় অনেকেই তালাকপ্রাপ্ত নারীদেরকে দোষারোপ করেন এবং তাদের সম্পর্কে বাজে চিন্তা-ভাবনাও করা হয়।

সূত্র : সৌদি গ্যাজেট।

মুক্তি পেতে জরিমানা দিতে রাজি নেইমার

কর ফাঁকির অভিযোগ থেকে অব্যাহতি পেতে ব্রাজিলের কর কর্তৃপক্ষকে জরিমানা দিতে রাজি নেইমার। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকির অভিযোগে দুই বছর আগে নেইমারের ৫ কোটি ৫৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কর কর্তৃপক্ষ। সদ্যই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যাওয়া নেইমার চান এই অবস্থা থেকে মুক্তি। কর কর্তৃপক্ষকে বলেছেন, ২৫ লাখ ডলার তিনি জরিমানা গুনবেন। কিন্তু কর কর্তৃপক্ষের নির্ধারিত কর এর চেয়ে অনেক বেশি—৫ কোটি ৯৪ লাখ ডলার।

২০১৫ সালে নেইমারের বিপক্ষে প্রায় ২ কোটি ডলার কর ফাঁকির মামলা দায়ের করে ব্রাজিলের কর কর্তৃপক্ষ। তখন থেকেই আদালতে লড়াই করে আসছেন তিনি। এ লড়াইয়ে ছোটখাটো জয়ও তুলে নিয়েছেন। যেমন আদালত কর্তৃক বাজেয়াপ্ত সম্পত্তির কিছু ছাড়িয়ে নিয়েছেন। কিন্তু প্যারিসে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগে নেইমার মুক্তি চান কর ফাঁকির অভিযোগ থেকে—এমন কথাই জানিয়েছেন তাঁর আইনজীবী মার্কোস নেদের।নেইমার এখন ২৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হলেও ব্রাজিল কর কর্তৃপক্ষ সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের জরিমানার অঙ্কটা তারা এখনো চূড়ান্ত করতে পারেনি। এদিকে নেইমারের আইনজীবী মার্কোস নেদের বলছেন, ‘প্রায় তিন বছর ধরে প্রক্রিয়াটা চললেও সে (নেইমার) জরিমানার অঙ্কের ব্যাপারে একমত নয়। এখন আমাদের লক্ষ্য হলো এটা শেষ করে নেইমারের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা। ’ চলতি মাসের শুরুর দিকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড (২২ কোটি ২০ লাখ ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সূত্র: এএফপি

ক্ষমতা হারানোর ভয়ে সরকার ষড়যন্ত্র খুঁজছে: ফখরুল

ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন সবখানে ষড়যন্ত্র খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের রক্ষক হিসেবে সুপ্রিমকোর্ট ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন। রাষ্ট্র যখন ধ্বংসের পথে, তখন দায়িত্ববোধ থেকেই সুপ্রিমকোর্ট মুখ খুলেছেন। ‘ রায়ে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছেন, এরপর সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার এখনও বন্দুক-পিস্তল নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। বন্দুক-পিস্তল না থাকলে তারা এক সেকেন্ডও রাস্তায় দাঁড়াতে পারবে না। ’

যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।

নতুন ‘ষড়যন্ত্রে’ বিএনপি, সতর্ক থাকার আহ্বান কাদেরের

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় নিয়ে বিএনপি নতুন করে ষড়যন্ত্রের জাল পুঁতেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ছাত্র সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবসকে সামনে রেখে ছাত্রলীগের ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না, তারা সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ, নির্বাচনে হেরে যাবে বলে তারা অংশ নেয়নি। তারা আন্দোলন করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে। সরকার হটাতে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।

‘আমাদের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। এই ষড়যন্ত্রের খুঁটি কোথায় কোথায় আছে, তা আমরা জানি।’

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপির জন্ম হয়েছে বন্দুকের নল দিয়ে। অন্ধকার আর ষড়যন্ত্রের পথ দিয়েই তারা এগিয়ে যাচ্ছে। সেভাবেই ২০০১-এর ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছিল, আবার মনে করছে সুপ্রিম কোর্টের রায়ের পর সেই ষড়যন্ত্রমূলক নির্বাচন হবে। কিন্তু সেই রঙিন খোয়াব কর্পুরের মতো উড়ে যাবে।’

‘মওদুদের কথায় লাফাবেন না’

বিএনপি নেতা মওদুদ আহমদকে ‘ডিগবাজির চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে কাদের বলেন, তার কথায় বিএনপি লাফালাফি করছে। মওদুদের কথা শুনলে বিএনপি আরও ডুবে যাবে বলেও মনে করেন তিনি।

‘মওদুদ আহমেদ যখন আদালতের রায়ে তার দখলকৃত বাড়িটি হারালেন, তখন বললেন বিচার বিভাগ স্বাধীন নয়। আবার যখন সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করল তখন বললেন, বিচার বিভাগ স্বাধীন। এটা তার দুমোখো আচরণ যা বানরের সংগীত গাওয়ার মত।’

বিএনপির উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনারা এমনিতেই অর্ধেক ডুবে গেছেন। আর যদি মওদুদের কথায় লাফালাফি করেন ও তার পরামর্শ শোনেন তাহলে বাকি অর্ধেকও ডুবে যাবেন।’

‘এই মওদুদ সাহেব জিয়াউর রহমানের সরকার থেকে পদত্যাগ করেছিলেন, ভুলে গেছেন বিএনপির লোকেরা? বন্যার্দুগত এলাকায় যাওয়ার সময় চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত বেগম জিয়া যখন কুমিল্লা হাসপাতালে, তখন মওদুদ সাহেব তাকে হাসপাতালে রেখে এরশাদ সরকারে যোগ দিয়েছেন। এই মওদুদ সাহেব একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, আবার বিএনপি। কী করে তার পরার্মশ নেন খালেদা জিয়া?’

জনগণ বিএনপির সঙ্গে নেই

বিএনপি আট বছরে আট মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি বলেও মন্তব্য করেন কাদের। বলেন, ‘পারেননি কারণ, জনগণ আপনাদের সঙ্গে ছিল না। এতদিন যারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে দেখে তাদের সময় কাটত, এখন ঘর থেকে বেরিয়ে এসে এসে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে, যেন আদালত তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এরা এতদিন বিদেশিদের কাছে নালিশ করেছে, যেন বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।’

খারাপদেরকে ছাত্রলীগ থেকে বের করে দাও

দল ভারী করতে খারাপ লোক না নিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, খারাপদেরকে সংগঠন থেকে বের করে দিতে।

‘অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান নেই। আগাছামুক্ত, পরগাছামুক্ত ছাত্রলীগ গড়তে হবে। গুটি কয়েক খারাপ লোকের জন্য ছাত্রলীগের দুর্নাম হতে পারে না। খারাপদেরকে বের করে দাও। এদের আমাদের প্রয়োজন নেই।’

বিশ্বজিৎ হত্যা মামলার প্রধান আসামি রাজনের সমালোচনা করে কাদের বলেন, ‘তার মত ছাত্রলীগের কর্মী আমাদের দরকার নেই। তার মত গুটিকয়েক নেতাকর্মীর কারণে আমাদের দলের সম্মান বিনষ্ট হয়েছে।’

‘সিদ্দিকুরের পাশে থাকব’

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে চোখ হারা তরুণ সিদ্দিকুরকে নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েও আমরা সিদ্দিকুরের চোখের আলো আমরা ফেরাতে পারিনি। তার চোখের আলো আজীবনের জন্য নিভে গেছে। কিন্তু আমরা তার পরিবারের সঙ্গে আছি। আমরা সিদ্দিকুরের পরিবারের সঙ্গে থাকব।’

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

আসছে মুন্নাভাই-৩

বিনোদন ডেস্ক: মুন্নাভাই এমবিবিএস, লাগে রহো মুন্নাভাই (মুন্নাভাই-২) এর পর এবার আসছে মুন্নাভাই-৩। ভারতের আনন্দবাজারের খবরে মুন্নাভাই এর ভক্তদের জন্য এই আনন্দেস খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সঞ্জয় দত্তের আসন্ন ছবি ‘ভূমি’র ট্রেলার এর মুক্তির অনুষ্ঠানে এই কথা জানান ‘মুন্নাভাই’কে গড়ে তোলার নেপথ্য কারিগর বিধু বিনোদ চোপড়া।

তিনি সাংবাদিকদের বলেন, তিন বছর ধরে মুন্নাভাই-৩ লেখার কাজ চলছে। অভিজাত জোশী লিখছেন। স্ক্রিপ্ট তৈরি হলেই আমরা শুটিং শুরু করব।

এর আগে ২০১৬ সালেও একবার শোনা গিয়েছিল সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পেলেই মুন্নাভাই-৩ এক কাজ শুরু হবে।

২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৬-এ মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’। দুইটি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়।

পাশাপাশি ‘মুন্নাভাই’-এর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জয় দত্ত। ফলে ফের ‘মুন্নাভাই’কে বড় পর্দায় দেখার খবরটা সঞ্জয় ভক্তদের জন্য সুখবরই।

পাকিস্তানে যাবে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাওয়া কথা ছিল বিশ্ব-একাদশের। সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার পরিকল্পনা ছিল

বিশ্ব একাদশের সেই দলের সঙ্গে কোনো ক্রিকেটারকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ডের ক্রিকেট বোর্ড।

কিছু দিন আগেই আইসিসির বোর্ড সভায়ও পাকিস্তানে এই সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হয় পাকিস্তান ছাড়া বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে বিশ্ব একাদশ।

তবে হঠাৎ করেই বেঁকে বসেছে কিউইরা। নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিবদ্ধ একজন ক্রিকেটারকেও পাকিস্তানে পাঠাবে না তারা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, চুক্তিবদ্ধ কেউই পাকিস্তানে ওই সময় যেতে পারছে না। অন্যান্য আন্তর্জাতিক ব্যস্ততা রয়েছে। এই মুহূর্তে আমি এতটুকুই বলতে পারি…আসলে এটাই বাস্তবতা।

তিনি বলেন, আমরা এখনই নিশ্চিতভাবে সিরিজের বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। তবে ওই সময় আমাদের ব্যস্ততা থাকতে পারে। তাই ছেলেরা হয়তো সেখানে খেলতে পারবে না।

ক্রিকেটার না পাঠানোর পেছনে কারণ হিসেবে কিউই বোর্ডের দাবি ‘আন্তর্জাতিক ব্যস্ততা’ হলে মূল কারণ যে নিরাপত্তা-শঙ্কা, সেটি অনুমেয় সহজেই।

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকে ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তান। যদিও বর্তমান সময়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের সূচির তালিকায় পাকিস্তানের নাম দেখার সুযোগ এসেছে।

সামনে অনেকের সাথেই জুটি হিসেবে কাজ করা যাবে: বুবলি

চলচ্চিত্র ক্যারিয়ারের খুব বেশি সময় পার না হলেও এরইমধ্যে অনেক বিষয়েই আলোচনায় এসেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তবে নিজের জায়গাটা বেশ আঁটসাটভাবেই বেঁধেছেন তিনি। একের পর এখন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন। আর মুক্তির তালিকাতেও রয়েছেন ধারাবাহিকতা।

এবার কোরবানির ঈদেও দুটি ছবি মুক্তি পাচ্ছে তার। তবে এখন পর্যন্ত শাকিব খান ছাড়া অন্য কারও বিপরীতে দেখা যায়নি এই নায়িকাকে। এই গুঞ্জন চললেও বিষয়টি খুব স্বাভাবিকভাবেই দেখছেন বুবলি।

তিনি বলেন, ‘আমি অন্য কারও বিপরীতে কাজ করবো না তেমন কোনো কথা নেই। সেরকম গল্প ও সার্বিক বিষয় হলে অবশ্যই কাজ করবো। আর ক্যারিয়ারের ক্ষেত্রে জুটি বিষয়টি ইতিবাচক। ইন্ডাস্ট্রিতে আমার সময়টা খুব বেশিদিন নয়। আমি নিজের কাজে প্রাধান্য দিয়েই চলতে চাই। সামনে সবকিছু ঠিক থাকলে আরও অনেকের সাথেই জুটি হিসেবে কাজ করা যাবে।’

সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন বুবলি। এখানেও শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামে এই ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ।