All posts by lutfor

বাংলাদেশ ভ্রমণে আবারো যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

বাংলাদেশে নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকি অব্যাহত রয়েছে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত এবং বাংলাদেশে ভ্রমণেচ্ছু মার্কিন নাগরিকদের প্রতি এ সতর্কতা দেয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন ও সতর্ক থাকার পাশপাশি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত থাকার পরামর্শ দেয়া হয়েছে মার্কিনিদের।

শনিবার বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪শে আগস্ট বৃহস্পতিবার থেকে এই সতর্কতা কার্যকর হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশি নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তবে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড আশ শাম (আইসিস) এবং আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) দেশজুড়ে সন্ত্রাসী হামলা পরিকল্পনা বা হামলা চালানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্চ মাসে ঢাকার হজরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দু’টি আত্মঘাতী বোমা হামলার চেষ্টা চালানো হয়। আর সিলেটে এক বিস্ফোরণে ৭ জন নিহত হন। এ ঘটনা দুটো ২০১৬’র ১লা জুলাই ঢাকার কূটনৈতিক পাড়ার একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের হাতে এক মার্কিন নাগরিকসহ ২০ জনের প্রাণহানি হওয়া হামলার পর প্রথম উল্লেখযোগ্য হামলা।

সতর্কবার্তায় আরো বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে আইসিস হুমকি দিয়েছিল-বাংলাদেশের সব চেয়ে ‘সুরক্ষিত এলাকাগুলোতে’ তারা ‘অভিবাসী, পর্যটক, কুটনীতিক, গার্মেন্ট বায়ার, মিশনারি এবং স্পোর্টস টিমগুলোকে’ টার্গেট করে হামলা চালাবে। নিয়মিত হুমকি এবং সন্ত্রাসী তৎপরতার প্রেক্ষিতে দূতাবাস মার্কিন সরকারি কমকর্তাদের কঠোর নিরাপত্তা দিকনির্দেশনার অধীনে বাংলাদেশে বসবাস, কাজ এবং ভ্রমণ করার নির্দেশ দিয়েছে।

নতুন সতর্কবার্তা মোতাবেক, এখন থেকে মার্কিন সরকারী কর্মকর্তাদের স্বামী-স্ত্রী বা সঙ্গি-সঙ্গিনী ঢাকায় থাকার বা ফেরার অনুমতি পাবেন। এর আগে শুধুমাত্র মার্কিন সরকারের নিয়োগ পাওয়া ব্যক্তিদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের ঢাকায় থাকা বা ফেরার অনুমতি ছিল। কর্মকর্তাদের পরিবারের অপ্রাপ্তবয়স্কদের জন্য ঢাকায় থাকার নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। ঢাকাস্থ দূতাবাসের মার্কিন সরকারী কর্মকর্তা ও তাদের পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের পায়ে হেটে, মোটরসাইকেলে, বাইসাইকেলে, রিকশায় বা অন্য কোন অরক্ষিত যানে চলাচলের অনুমতি নেই। তারা সাইডওয়াকেও চলতে পারবেন না। এছাড়া, বাংলাদেশে বড় কোন জনসমাগমের স্থান বা অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়েছে, মার্কিন দূতাবাস চালু থাকবে এবং সকল প্রকার কনস্যুলার সেবা দেয়া অব্যাহত থাকবে। নতুন এই সতর্কবার্তা চলতি বছর ৫ই জানুয়ারি জারি করা সতর্ক বার্তার বদলে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

খুলনায় ইউপি চেয়ারম্যানকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

খুলনায় নাহিদ হোসেন মোল্লা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। নাহিদ হোসেন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, নাহিদ মোল্লা বৃহস্পতিবার রাতে খুলনা ও নড়াইলের সীমান্তবর্তী দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার সংলগ্ন বাড়ির দোতলায় জানালা খুলে ঘুমিয়েছিলেন। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে তাকে গুলি করে। গুলি তার পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাহিদ মোল্লা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

স্থানীয়রা ধারণা করছেন, এলাকায় প্রভাব বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে ইউপি চেয়ারম্যান নাহিদ মোল্লাকে হত্যা করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হত্যার কারণ উদঘাটন ও হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেসবুকে পরিচয়, প্রেমের টানে মালয়েশীয় তরুণী টাঙ্গাইলে

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পরিচয়। ছয় মাস ধরে কথা বলতে বলতে প্রেম। সেই প্রেমের টানে এক তরুণীর এক মাস ধরে বাংলাদেশে আসার চেষ্টা। অবশেষে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসেন সেই তরুণী।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কলেজপড়ুয়া মনিরুল ইসলাম ভালোবাসার মানুষটিকে স্বাগত জানাতে মা-বাবা ও বোনদের নিয়ে বৃহস্পতিবার রাতে হাজির হন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ শুক্রবার ভোরে মালয়েশিয়ার বিমানটি অবতরণ করে। পরে বেলা ১১টার দিকে সবাই মিলে সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের বাসায় পৌঁছান তাঁরা।

ওই তরুণীর নাম জুলিজা (২২)। বাবার নাম কামিস। ভাঙা ভাঙা ইংরেজিতে জুলিজা জানান, তিনি পড়াশোনা শেষ করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাবার বেকারির ব্যবসা পরিচালনা করেন। তিনি বলেন, ‘মনিরুলের কাছে এ দেশের প্রকৃতি সম্পর্কে জেনেছেন। বাংলাদেশ ও মনিরুলকে দারুণ পছন্দ হয়েছে। আমি খুব খুশি।’

মনিরুলের বাবা ইমান আলী মোটর মেকানিক। ইমান আলী জানান, আজ শুক্রবার রাতে ছেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ওই মেয়ের বিয়ে দেওয়া হবে। মনিরুলের মা মনোয়ারা বেগমও জুলিজাকে পেয়ে খুশি।

মনিরুল ২০১৫ সালে স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে বাড়ির পাশের কলেজে ভর্তি হন। ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। মনিরুল বলেন, জুলিজা তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাবে বলে কথা দিয়েছে।

এদিকে মালয়েশিয়া থেকে প্রেমের টানে তরুণী চলে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ দিনভর মনিরুলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে।

সখীপুরে বিয়ে নিবন্ধনকারী (কাজি) শফিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আজ কাবিন হবে বলে ছেলের পরিবার তাঁকে জানিয়েছে। ছেলেমেয়ের বয়স ঠিক থাকলে ও দুই পক্ষের সম্মতি নিয়ে বিধি মোতাবেক বিয়ে নিবন্ধন করা হবে।

দেশ ছেড়ে পালালেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

আজ শুক্রবার ইংলাকের দল পুয়ে থাই পার্টির সূত্রের বরাত বিবিসি জানায়, চালে ভর্তুকি দেওয়ার নামে দুর্নীতির মামলায় আদালতে হাজির হওয়ার কিছুক্ষণ আগেই তিনি পালানোর সিদ্ধান্ত নেন।

ইংলাকের আইনজীবীরা আদালতকে বলেছেন, তিনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এরপর আদালত তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিচারকরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় রায় ঘোষণা স্থগিত করেন। আজই এ রায় ঘোষণার কথা ছিল।

ইংলাক কোনো দুর্নীতি করেনননি বলে আদালতকে জানিয়েছেন। চাল ভর্তুকির মধ্য দিয়ে রাষ্ট্রের শতকোটি ডলার অপচয় হয়েছে। তিনি দোষী প্রমাণিত হলে তাঁর ১০ বছর কারাদণ্ড এবং রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন।

ইংলাকের দলীয় সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তিনি দেশ ছেড়ে চলে গেছেন এটা নিশ্চিত। তবে এর বেশি কিছু জানাননি।

থাইল্যান্ডের সামরিক বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা বলেন, দেশ ছেড়ে যাওয়ার সব পথে নজরদারি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি মাত্র শুনলাম তিনি আদালতে হাজির হননি। আমি সীমান্তের তল্লাশিচৌকিতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছি।’

২০১১ সালের মে মাসে ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর চালে ভর্তুকি দেওয়ার কর্মসূচি চালু করেন। ২০১৪ সালের জানুয়ারিতে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ভর্তুকি কর্মসূচিতে দুর্নীতির তদন্ত করে। একই বছর মে মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর কয়েক সপ্তাহ পর সেনাবাহিনী তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করে।

২০১৫ সালের জানুয়ারি সেনাসমর্থিত আইনসভা দুর্নীতির অভিযোগে ইংলাককে অভিশংসন করে। এরপর তিনি পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির বিচারও শুরু হয়।

বন্যাদুর্গতদের কাছ থেকে কিস্তি আদায় নয় : এলজিআরডিমন্ত্রী

বন্যাদুর্গত এলাকার মানুষের কাছ থেকে এনজিওর কিস্তি না নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের ওপর জুলুম চালিয়ে তাদের কাছ থেকে কিস্তি আদায় করবে না। যদি পারেন তাহলে এই বিপদে তাদের পাশে দাঁড়ান।

শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাটে বন্যাকবলিত ২ হাজার ৩৯৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এনজিওগুলো কিস্তি আদায়ে বন্যাদুর্গত মানুষের ওপর কোনো চাপ প্রয়োগ করবেন না। দুর্যোগ কাটিয়ে যখন সামর্থ্য হবে, তখন কিস্তির টাকা পরিশোধ করবেন ঋণগ্রহণকারীরা। তবে কিস্তি প্রদানের সামর্থ্য থাকলে তাদের অবশ্যই তা পরিশোধ করার আহ্বান মন্ত্রী।

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তুহিনূর রহমান মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় বক্তব্য দেন, জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

বিচারপতিদের গ্রীষ্মকালীন ছুটির সাথে সরকারের সম্পর্ক নেই :তথ্যমন্ত্রী

প্রধান বিচারপতিসহ বিচারপতিদের গ্রীষ্মকালীন ছুটির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন শেষে, ‘প্রধান বিচারপতি শিগগীরই দীর্ঘ ছুটিতে যাবার খবরের সাথে সরকারের কোনো যোগ আছে কিনা’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘বিচারপতিদের গ্রীষ্মকালীন অবকাশ একটি নিয়মিত বিষয়। সরকারের সাথে এর কোনো সম্পর্ক নেই।’

বংগবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিশুদের তুলিতে জাতির পিতা ও তার পরিবারের যে ছবি ফুটে উঠছে, তা তাদের ভালোবাসা থেকে উৎসারিত। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট এবং তাদের বড়ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘১৬শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতিই বিতর্ক সূচনা করেছেন, সরকার নয়। এবং বিতর্ক নিরসনে তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়াবার বিষয়টি ভাবতে পারেন।’

রায়ের বিষয়ে মন্ত্রী গত বৃহস্পতিবারের মন্তব্য পুণর্ব্যক্ত করে বলেন, ‘ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য রায় ও রায়ের পর্যবেক্ষণ পুণর্বিবেচনার আইনী প্রক্রিয়ার গদ্ধতি পর্যবেক্ষণ করছে সরকার।’

চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজক সংগঠন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ দম্পাদক হাসান-উজ-জামান মনি, বরেণ্য শিল্পী সমরজিত রায় ও নিসার হোসেন এসময় উপস্থিতিতে মন্ত্রী শতাধিক শিশুর চিত্রাংকন ঘুরে দেখেন ও বিশেষ শিশুদের হাতে অভিনন্দনপত্র ও মেডেল তুলে দেন।

শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর গুলশান-২ এলাকায় পুলিশের শটগানের গুলিতে তিনি আহত হন।

বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, এক পুলিশ সদস্যের অসাবধানতার কারণে শর্টগানের গুলি তার গায়ে লেগেছে বলে শুনেছি। উনি এখন সুস্থ আছেন। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।

বারো মাসে চায়না লেবু চাষ করে বেকার যুবক আর্থিক ভাবে সাবলম্বী

কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুলতলা গ্রামের মাঝের পাড়ার প্রান্তিক চাষী মোঃ গোলাম বিশ্বাসের সু-যোগ্য পুত্র তরুন বেকার যুবক আব্দুল আলীম প্রাকৃতিক ভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চায়না লেবুর চাষ করে আর্থিক ভাবে সাবলম্বী হয়েছেন ।

জানা গেছে ,তিনি গত বছর বাড়ীর পার্শ্ববতী কুলতলা মাঠে নিজেস্ব ১ বিঘা’ জমিতে চায়না লেবু চাষ করেন। ৮ হাত দূরত্বে ৮ হাত। ১ শত ১ টি লেবু গাছ আছে। প্রতিটি লেবু গাছ থেকে সর্বোচ্চ ১ হাজার পিচ লেবু পাওয়া যায়। যার ১ হাজার লেবুর আনুমানিক মূল্য মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা । ১বিঘা জমিতে ১ বছরে খরচ হয়েছে মাত্র ৮ হাজার টাকা। এ বাগান থেকে ১ বছরে সর্বমোট ৬ লাখ টাকা আয় করে। ১ বিঘা জমিতের অল্প খরচে বেশি বা অধিক লাভ হওয়ার এ খবর শুনে বিভিন্ন এলাকার চাষীরা লেবু বাগান সরেজমিন পরিদর্শন বা ক্ষেত দেখতে ছুটে আসেন । এলাকায় লেবু চাষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। চায়না লেবুর চাষে বাম্পার ফলন হওয়ায় চাষী আব্দুল আলীমের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে।সরকারী সহযোগীতা পেলে জীবননগর উপজেলায় ব্যাপক ভাবে লেবু চাষে আগ্রহী হবে।

চুলের যত্নে অ্যারোমা

রূপ পরিচর্যায় ভেষজ সামগ্রীর কদর ছিল সবসময়। তাই অ্যারোমা থেরাপির সাহায্যে চুলের পরিচর্যা করতে চান আজকাল অনেকেই। নভীনসের রূপ বিশেষজ্ঞ আমিনা হক জানাচ্ছেন অ্যারোমা থেরাপির সাহায্যে কিভাবে চুলের পরিচর্যা করা যায় তারই নানা দিক।
এসেনসিয়াল অয়েল চুয়েল জন্য খুবই উপকারী। এসেনসিয়াল অয়েল নিয়মিতভাবে চুলে ম্যাসাজ মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায় যা চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং এর প্রভাবে চুলের গোড়া শক্ত করে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এসেনসিয়াল অয়েল ব্যবহার করার পর খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়।
বিভিন্ন ধরনের চুলের জন্য ভিন্ন ভিন্ন ধরনের তেল রয়েছে। যেমন স্বাভাবিক চুলের জন্য রয়েছে আঙুর, জেরনিয়াম, ইলাং ইলাং। শুষ্ক চুলের জন্য- ল্যাভেন্ডার, চন্দন, চামোমাইল। তৈলাক্ত চুলের জন্য- টিট্রি, পিপারমিন্ট, লেমন, চেডারউড। চুলের ডিপ ক্লিনজিং করার জন্য ব্যবহার করতে পারেন- লেমন, জেরানিয়াম, টি ট্রি।
হাল্কা চুলের জন্য- চামোমাইন, লেমন।
ঘন কালো চুলে ব্যবহার করতে পারেন- হোলিফ, হোউড, রোজমেরি ও প্যাটচোলি। কন্ডিশনারের সাথেও এসেনসিয়াল অয়েল ব্যবহার করা যায়।

চুলপড়া বন্ধে এসেনসিয়াল অয়েল : চেডারউড, আঙুর, জোজোবা, ল্যাভেন্ডার লেমন, রোজমেরি প্রভৃতি এসেনসিয়াল অয়েলের যেকোনো একটা থেকে দুই ফোঁটা নিয়ে অল্প পানির সাথে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। একটি প্লাস্টিকের ব্যাগ মাথায় পরুন। এবার গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিন। এই গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখুন দুই থেকে তিন ঘণ্টা। মাঝে দু-একবার নতুন করে তায়ালে ভিজিয়ে নিন একইভাবে। তোয়ালে খুলে চুল সারা রাত একইভাবে রাখুন সকালে মৃদু কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। কখনো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করবেন না। এই পদ্ধতিতে চুলে সেরামের ভারসাম্য বজায় থাকে।

চুলের গ্রোথ বাড়াতে : থাইম এসেনসিয়াল অয়েল- দুই ফোঁটা, এটলাস সেডারউড এসেনসিয়াল অয়েল- দুই ফোঁটা, ল্যাভেন্ডার এসেনসিয়াল অয়েল- তিন ফোঁটা, রোজমেরি এসেনসিয়াল অয়েল- তিন ফোঁটা, জোজোবা অয়েল- চার চা চামচ, আঙুরের বীজের তেল চার চা চামচ
ওপরের প্রথম চারটি উপকরণ এক সাথে একটি ছোট কাচের বোতলে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বাকি দুটো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিন। প্রতিদিন রাতে এই তেল দিয়ে ছয় মিনিট ধরে মাথায় ত্বকে ম্যাসাজ করুন। তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চুলে পেঁচিয়ে রাখুন। সকালে শ্যাম্পু করে নিন।

স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধ করে আমড়া!

আমড়া! আমাদের দেশের অত্যন্ত সহজলভ্য ও জনপ্রিয় একটি ফল। টক ও কচমচে স্বাদের জন্যই এটা সবার প্রিয়।

আর বর্ষাকাল হচ্ছে আমড়া ফলের শ্রেষ্ঠ সময়। কারণ এ সময়েই এই ফল বাজারে আসা শুরু করে। সাধারণ ফল বিক্রেতাদের কাছে তো বটেই, ভ্রাম্যমাণ ফল ও আচার বিক্রেতাদের কাছেও মেলে এই ফল।

পরিপক্ব কিন্তু কাঁচা আমড়াই ফল হিসেবে সবাই বেশি ভালোবাসে। কারণ পেকে গেলে এর কচকচে ভাবটা কমে যায়। আমড়া লবণ-মরিচের গুঁড়ো দিয়ে মেখে খেতে খুবই চমৎকার লাগে। আমড়া ফল হিসেবে তো বটেই আচার বানিয়েও খাওয়া যায়। এছাড়াও আমড়া দিয়ে চাটনি, ভর্তা, তরকারি ইত্যাদিও তৈরি করা হয়। আসুন জেনে নিই প্রতি ১০০ গ্রাম

আমড়ার পুষ্টিগুণ :

খাদ্যশক্তি- ৪৬ কিলোক্যালরি,আমিষ- ০.২ গ্রাম,চর্বি- ০.১ গ্রাম,শর্করা- ১২.৪ গ্রাম,ক্যালসিয়াম- ৫৬ মিলিগ্রাম ফসফরাস- ৬৭ মিলিগ্রাম,আয়রন- ০.৩ মিলিগ্রাম,ক্যারোটিন- ২০৫ আইইউ,থায়ামিন- ০.০৫ মিলিগ্রাম,রিবোফ্লেভিন- ০.০২ মিলিগ্রাম,ভিটামিন সি- ৩৬ মিলিগ্রাম

উপকারিতা:

প্রয়োজনীয় খাদ্য উপাদানে সমৃদ্ধ আমড়া আমাদের শরীরের বিভিন্ন উপকার সাধন করে-

১. আমড়া রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. আমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম। মাঢ়ি ও দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে আমড়া সাহায্য করে।

৩. এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

৪. খিঁচুনি, পিত্ত ও কফ নাশক হিসেবে আমড়ার ব্যবহার রয়েছে।

৫. এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

৬. অরুচি ও শরীরের অতিরিক্ত উত্তাপকে নিষ্কাশনে সাহায্য করে আমড়া।

৭. ত্বক, নখ ও চুল সুন্দর রাখে আমড়ার গুণাগুণ। ত্বকের নানা রোগও প্রতিরোধ করে।