All posts by lutfor

দুদকের মামলায় রানার ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় প্রদান করেন। তিন বছর কারাদণ্ড ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট মামলার যুক্তি-তর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আদালত। মামলার বিচারকাজ চলাকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলায় অভিযোগ করা হয়, রানা প্লাজার মালিক সোহেল রানা তার নিজের, স্ত্রী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ ও সম্পত্তি, দায় দেনা, উৎস এবং তার অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের জন্য ২০১৩ সালের ২২ মে বিবরণী নোটিশ ইস্যু করে দুদক। এর আগে থেকেই রানা কাশিমপুর কারাগারে থাকায় তার নামে সম্পদবিবরণী নোটিশ জারি করা হয়নি। পরবর্তীতে কারাগারে নোটিশ ইস্যু করার সিদ্ধান্ত হয়।

দুদক ২০১৫ সালের ১ এপ্রিল রানার নামে কাশিমপুর কারাগারে সম্পদবিবরণী নোটিশ জারি করে। ওই বছর ২ এপ্রিল জেল সুপারের মাধ্যমে নোটিশটি সোহেল রানার কাছে পৌঁছায়।

২০১৫ সালের ২৬ এপ্রিল সোহেল রানা সম্পদবিবরণী ফরম পূরণ না করে তা দুদকের কাছে ফেরত পাঠায়। কিন্তু ২০১৫ সালের ৪ এপ্রিল নিজ স্বাক্ষরে বিবরণী নোটিশ গ্রহণ করে রানা। কিন্তু নোটিশের বিধি মোতাবেক সাত কার্যদিবসের মধ্যে রানা সম্পদবিবরণী দাখিল করেনি। ওই অভিযোগে একই বছর ২ মে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগ এনে রানার বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম আদালতে রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ২৩ মার্চ সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

আনোয়ারাকে প্রধানমন্ত্রীর অনুদান ৩০ লাখ টাকা

চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রবিবার বিকেলে গণভবনে অভিনেত্রী আনোয়ারার কাছে এই চেক হস্তান্তর করেন শেখ হাসিনা । এই সময় আনোয়ারার সঙ্গে ছিলেন তার মেয়ে রুমানা ইসলাম মুক্তি ।

কিছুদিন আগে অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে ।

সংবাদটিতে বলা হয় , তিনি সাহায্য চান না ,স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান । আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এই সংক্রান্ত সংবাদটি দেখার পর শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্য ।

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ না হওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ না হওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ। নাগরিকদের প্রতি এই সহিংস আচরণে ক্ষোভ জানিয়ে মিয়ানমারকে দেয়া হয়েছে বিবৃতি। পাশাপাশি শরণার্থী ফিরিয়ে নিতে আবারও জানানো হয়েছে জোর আহ্বান। সংকট সমাধানে শুধু আন্তর্জাতিক নয় আঞ্চলিক চাপ বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সহিংসতায় আশ্রয়ের প্রত্যাশায় সীমান্তে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। বিজিবির টহল বাড়লেও পুরোপুরি বন্ধ হচ্ছে না অনুপ্রবেশ। আর এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার।

কফি আনান কমিশন রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রতিবেদন দিলেও তাতে আগ্রহ দেখাচ্ছে না মিয়ানমার। এর আগে একই তাগিদ দিয়েছে ওআইসিও।

এ অবস্থায়, বিশেষজ্ঞদের পরামর্শ, বিষয়টি নিয়ে জোর গবেষণা চালিয়ে তা তুলতে হবে আন্তর্জাতিক ফোরামে। যেসব দেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্যসহ স্বার্থগত সম্পর্ক আছে রোহিঙ্গা প্রশ্নে চাপ আসতে হবে তাদের পক্ষ থেকে।

এদিকে এরই মধ্যে ঢাকায় মিয়ামারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে মন্ত্রণালয়। উদ্বেগ জানিয়ে দেয়া হয়েছে বিবৃতি। পাশাপাশি নেয়া হয়েছে কূটনৈতিক চাপ আরো বাড়ানোর উদ্যোগ।

টস জিতেছে মুশফিক

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতিক্ষীত সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ সময় সকাল ১০টায় শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
আজ ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

বিচারপতি মানিকও স্পিকারের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন : তোফায়েল

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আদালতে ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘তিনিও (বিচারপতি মানিক) আদালতে সংসদকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। সংসদকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি সে সময় আদালতে বসে স্পিকারের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে সময় সংসদে তাঁর এই কথা নিয়ে আলোচনা হয়েছিল। সংসদ সদস্যরা তাঁর বক্তব্যের নিন্দা জানিয়েছিলেন এবং আলোচনা করেছিলেন।’

আজ রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে গতকাল শনিবার এক আলোচনা সভায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্দেশে বলেন, ‘সবচেয়ে বড় কথা, তুমি শুধু প্রধান বিচারপতির পদ ছাড়বা না, এই দেশ ছাড়তে হবে। এ দেশে থাকার কোনো অধিকার তোমার নাই।’

এ বিষয়টি উল্লেখ করে আজ একজন সাংবাদিক বাণিজ্যমন্ত্রীর মন্তব্য জানতে চান। জবাবে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিচারপতি মানিকের এই কথার বিষয়ে আমি কিছু বলতে চাই না। তিনি নিজেও সংসদকে নিয়ে অনেক কথা বলেছেন।’

২০১২ সালের ২৯ মে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও একজন সংসদ সদস্য বক্তব্য দেন। ওই বক্তব্য নিয়ে ওই বছর ৫ জুন হাইকোর্টের তৎকালীন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সড়ক ভবন-সংক্রান্ত এক মামলার শুনানিতে সংসদে দেওয়া স্পিকারের ওই বক্তব্যের বিষয়ে আদালতে মন্তব্য করেন। ওই দিনই সংসদের অধিবেশনে বিচারপতির ওই বক্তব্যের প্রতিবাদ করেন কয়েকজন সংসদ সদস্য এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি মানিকের অপসারণ দাবি করেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন স্পিকার আবদুল হামিদ সংসদে রুলিং দেন। সেখানে এ বিষয়ে প্রধান বিচারপতিকে ব্যবস্থা নিতে বলা হয়।

এদিকে অন্য এক প্রশ্নের জবাবে আজ বাণিজ্যমন্ত্রী বলেন, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রয়েছে বিশ্বে এর নজিরই বেশি। যুক্তরাষ্ট্রে সিনেট অনেক শক্তিশালী। দেশটির সংসদ বিল ক্লিনটনকেও অভিশংসনের উদ্যোগ নিয়েছিল। একজন প্রেসিডেন্টকে যদি পার্লামেন্ট অভিশংসন করতে পারে, তাহলে বিচারপতিকে কেন পারবে না—সে প্রশ্নও রাখেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে সংসদই শক্তিশালী। এ সময় তিনি কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সংসদের কার্যকারিতার কথা উল্লেখ করেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘সামনে আমাদের সংসদ অধিবেশন রয়েছে। সংসদে এ বিষয় নিয়ে আলোচনা হবে।’

এ সময় জানতে চাওয়া হয় যে, অনেক মন্ত্রী এবং সরকারি দলের নেতা প্রধান বিচারপতির অপসারণ দাবি করছেন। বাণিজ্যমন্ত্রীও তাই চান কি-না?

জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এ প্রশ্নের কোনো জবাব দেবো না। এ বিষয়ে কথা বলার জন্য আইনমন্ত্রী রয়েছেন। রায়ের পর্যবেক্ষণে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা সেগুলোকেই তুলে আনছি।’

বাংলাদেশ জঙ্গি দমনে রোল মডেল : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের যথেষ্ট অবদান রয়েছে। হলি আর্টিজানে জঙ্গি হামলার পর পুলিশ ২৩টি জঙ্গিবিরোধী অভিযান অত্যন্ত সফলতার সঙ্গে পরিচালনা করেছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ এখন জঙ্গি দমনে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এসব কথা বলেন।

কুষ্টিয়া ও রাজধানীর পান্থপথে সফল অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আইজিপি আরো বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিট প্রতিষ্ঠার পর থেকে এর অগ্রযাত্রা অব্যাহত আছে। যা সমন্বিত প্রচেষ্টা এবং পেশাদারিত্বের ফলে সম্ভব হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। সঠিক সময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের কারণেই আমরা জঙ্গিবিরোধী অভিযান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

সভায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সফল জঙ্গিবিরোধী অভিযানে বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ডিএমপি কমিশনার এবং সিটিটিসি প্রধানের হাতে প্রণোদনার অর্থ তুলে দেন শহীদুল হক।

৩৫০ হজযাত্রীর টাকা নিয়ে উধাও ৭ এজেন্সি

অন্তত সাড়ে তিনশ হজযাত্রীকে টাকা নিয়েও টিকিট না দিয়ে গা-ঢাকা দিয়েছে ৭টি এজেন্সি। তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছে হজ অফিস। এদিকে ভিসা পাওয়া প্রায় সব যাত্রীই জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন রাতে। আর নতুন পাওয়া ৮টি স্লটের যাত্রাও শুরু হচ্ছে কাল। দুপুরে এসব কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।

আশকোনা ক্যাম্পে এক সপ্তাহ ধরে অপেক্ষমান টাঙ্গাইলের ৯৩ হজযাত্রী। মদিনা এয়ার ইন্টারন্যাশনাল নামে এক এজেন্সিকে প্যাকেজের পুরো টাকা দিয়ে ভিসা পেলেও এখনও পাননি বিমানের টিকেট।

আল বালাদ এজেন্সির বিরুদ্ধেও পাওয়া গেছে একই অভিযোগ।

হজ অফিস জানাচ্ছে অন্তত সাড়ে তিনশ যাত্রীকে ক্যাম্পে রেখে গা-ঢাকা দিয়েছে মদিনা এয়ার আল বালাদসহ সাত এজেন্সি। তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এদিকে অভিযুক্ত এজেন্সগুলোর আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে হাব।

আর ভিসা পাওয়াদের জন্য টিকিটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পাশাপাশি হজযাত্রায় জটিলতা কমাতে আগামী বছর সরকারি ব্যবস্থাপনার কোটা বৃদ্ধি ও নীতিমালার সংশোধন করা হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রনালয়।

গরুর ট্রাকের চাপে তীব্র যানজটের কবলে দুই মহাসড়ক

তীব্র যানজটের কবলে পড়েছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। আজ রোববার ভোর পাঁচটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট সৃষ্টি হয়েছে। আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট ভোগড়া বাইপাস পার হয়ে পূর্ব দিকে মিরের বাজার ও উলুখোলা পর্যন্ত বিস্তৃত হয়েছে।

স্থানীয় প্রতিনিধি, গণমাধ্যম ও যাত্রীদের দেওয়া তথ্য মতে রাজধানী ও চট্টগ্রাম মুখি গরুর ট্রাকের কারণেই সড়কে বাড়তি চাপ পড়েছে। যার ফলে ভোগান্তি বেড়েছে ওই দুই সহাসড়কের যাত্রীদের।

আজ সকাল ৭টার দিকে চট্টগ্রামগামী একটি বাসে উঠেছেন হাসিবুল ইসলাম। কিন্তু সাড়ে দশটার দিকে তিনি মুঠোফোনে এইচএমনিউজকে জানান, সোনারগাঁয়ের মোগড়াপাড়ায় সাড়ে ৮টার দিকে যানজটে আটকা পড়েন। সেখান থেকে মেঘনা সেতু যেতে তার আড়াই ঘণ্টা সময় লেগেছে।

এবিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট আলমগীর হোসেন বলেন, রাতে অনেক বৃষ্টি হয়েছে। যার কারণে গরুর ট্রাকসহ ভারী যানবাহন সড়কের বিভিন্ন স্থানে আটকা ছিল। সে কারণেই সকালে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় এসে জট সৃষ্টি হয়েছে।

তবে এই যানজট আধা ঘণ্টার মধ্যেই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃষ্টির কারণে গত রাত থেকে যানজট সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোরের দিকে পর্যন্ত এই জট কিছুটা কমলেও সাড়ে আটটার পর আবার জটের সৃষ্টি হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া জানান, বৃষ্টি ও পশুবোঝাই যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরো জানান, রাতে বৃষ্টির কারণে মহাসড়কে যানজট বাড়তে থাকে। কিন্তু সকালে রোদ ওঠায় যানজট কমতে শুরু করেছে।

ইসির সংলাপ সঙ্কটের সমাধান দেবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ দেশের বিদ্যমান সঙ্কট সমাধানে কোনো কাজে আসবে না। প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে বলেছেন যে, ইসি সংলাপ খুব একটা সফল পাওয়া যাবে না। এটা রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ। কারণ রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সংলাপের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ নয়। কাজেই আমরা মনে করি, ইসি সংলাপ চলমান মূল সঙ্কট সমাধানে কোনো কাজ করবে না।

আজ শনিবার দুপুরে সদ্য কারা মুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদেরকে এসব বলেন। এসময় যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সহায়ক সরকার ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যে বিষয়টি সামনে এসেছে সে ব্যপারে এই সংলাপ কোনো সমাধান দেবে না। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিলের মধ্যে দিয়ে ক্ষমতাসীন অবৈধ ও অনৈতিক সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর ক্ষমতাসীন সরকার প্রধান থেকে শুরু করে নেতারা যে ভাষায় কথা বলছেন সেটা বেআইনি ভাষা। তারা বিচারবিভাগ ও প্রধান বিচারপতিকে যে ভাষায় কটাক্ষ করে কথাবার্তা বলছেন সেটা আইনের শাসনের ভাষা নয়। বরং এটা আদালত অবমাননাকর। এর মাধ্যমে এটাও প্রমাণিত ক্ষমতাসীন আওয়ামী লীগ আইনের শাসনে বিরোধী। মূল উদ্দেশ্য হচ্ছে বিচারবিভাগের স্বাধীনতা নষ্ট করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের নেতারা এমন সব কথাবার্তা বলছেন যা আমি মনে করি তারা নিজেরাও জানেন না, তারা কী বলছেন? মূল কথা ষোড়শ সংশোধনী বাতিলের রায় ক্ষমতাসীনদের আসল চেহারা দেশের জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে। তারা কিভাবে দেশ পরিচালনা করছেন? আর তাই এখন অমূলক কথাবার্তা বলে যাচ্ছে।

নৌকা ছাড়া গতি নাই : প্রধানমন্ত্রী

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য বগুড়ার সারিয়াকান্দিতে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের পাশে আছে। আমরা গরীব দুঃখীদের পাশে আছি। আর আপনাদের কাজ শুধু একটাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা। কারণ নৌকা ছাড়া গতি নাই।

শনিবার বেলা আড়াইটায় বগুড়ায় ত্রাণ বিতরণে এসে প্রধানমন্ত্রী আরো বলেন, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের প্রত্যেককে আমরা ঘর করে দেবো। রাস্তা ঘাট ঠিক করে দেবো। আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দেবো। আমরা নদী ভাঙন প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছি। জাতির পিতা সর্বদা দুঃখী মানুষের পাশে ছিলো। আমি আর আমার ছোট বোন, আমাদেরও একটাই লক্ষ্য। দেশের মানুষের পাশে থাকা।

এরআগে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের ঈদগাহ মাঠে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী। সেখানে বন্যাকবলিত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘জানবেন, সব সময় আপনাদের পাশে আছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’

বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেগুলো মেরামতের ব্যবস্থা করছেন। শিগগিরই বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট ঠিক করা হবে বলে তিনি জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা হবে বলে জানান তিনি।