=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পিস্তল বের করে যুবককে গুলি, আ. লীগ নেতা আটক

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ২২, ২০১৭
news-image

চট্টগ্রামে এক যুবককে গুলি করার ঘটনায় উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে শনিবার রাতে ওই গুলির ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জু ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। এক সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গুলিবিদ্ধ যুবক মো. জয়নাল আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই বলে জানান ওসি।

জয়নাল বলেন, রাতে অফিসার্স ক্লাবে তাদের কথা কাটাকাটি হয়। পরে মঞ্জু পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহত জয়নালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর মঞ্জুকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই পিস্তলের লাইসেন্স রয়েছে বলে মঞ্জু তাদের জানিয়েছেন ওসি।তবে কী নিয়ে জয়নালের সঙ্গে মঞ্জুর বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই পুলিশ কর্মকর্তা।

ওসি জানান, গুলির ঘটনায় রোববার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।