=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.


শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতে জাতি উদ্বিগ্ন : মির্জা ফখরুল

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১৭, ২০১৭
news-image

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পর রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা ব্যক্ত করেন।

গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা গতকাল দেখলাম প্রধানমন্ত্রী স্বয়ং নিজে এ্যাটর্নি জেনারেল এবং আইন মন্ত্রীকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ। এরআগেও আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন।

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতা রাষ্ট্রদ্রোহীতার সামিল। এজন্য ভবিষ্যতে তাদের জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা এবং দেশের মানুষ মনে করে বর্তমান রাজনীতিতে এ রায়ে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা খুব গুরুত্বপূর্ণ। দেশের মানুষের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য এ রায় শুধু যুগোপযোগী নয় ঐতিহাসিক। আমি মনে করি এটি একটি দলিল।
তিনি বলেন, এখানেই আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। সরকার দেখছে যে তাদের পায়ের নিচে মাটি নেই।

আওয়ামী লীগ যে অবৈধভাবে দীর্ঘ দিন শাসন চালিয়ে আসছে তার প্রকাশ ঘটেছে এই রায়ের মধ্য দিয়ে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বিচার বিভাগ নিজেরাই বলেছে, সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
সরকারের দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।এসময়, এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ৯৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলটির আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।