All posts by lutfor

ইতালি ফেরত ১৪৭ জন হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে

ইতালির রোমের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ১৪৭ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনে যাবতীয় প্রক্রিয়া শেষে তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরে ইতালি থেকে ফেরত আসা ১৪৭ বাংলাদেশির নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হজ ক্যাম্পে পাঠিয়েছে।

প্রাথমিক স্ক্যানিং শেষে ফেরত আসা কোনো যাত্রীর মধ্যে করোনা ভাইরাসের কোনো ধরনের উপসর্গ পাওয়া যায়নি জানিয়ে আশকোনা কোয়ারেন্টিন সেন্টারের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কর্মকর্তা মোস্তফা কামাল সংবাদ মাধ্যমকে জানান, ক্যাম্পে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ক্যাম্পে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে, ফেরত আসা যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে কি না।

গত ৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া বেশ কজন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপরই ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে সবধরনের ফ্লাইট ও বাংলাদেশি যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহায় ট্রানজিট হয়ে রোমে যাওয়ার পর একটি ফ্লাইটে ১৪৭ বাংলাদেশি যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। পরে বিমানবন্দর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিপৎসীমার উপরে তিস্তার পানি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তার পানি ফের বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল আবারও বন্যায় প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই হাজার পরিবার।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে হঠাৎ বাড়তে থাকে তিস্তার পানি প্রবাহ। যা ক্রমেই বৃদ্ধি পেয়ে দুপুর ১২টার দিকে বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হয়। ফলে ব্যারাজ রক্ষার্থে তিস্তা নদীর মূলস্রোত ধারার সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা, ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে চতুর্থ দফায় তিস্তা নদীতে পানি বৃদ্ধি দেখে তিস্তাপাড়ের মানুষ বড় কোনো বন্যার শঙ্কায় শ্বঙ্কিত তিস্তাপাড়ের মানুষ। করোনা দুর্যোগের সঙ্গে যুক্ত হওয়া বন্যা নিয়ে চরম দুর্ভোগে পড়েছে জেলার নদী তীরবর্তি মানুষ। আসন্ন ঈদুল আজাহার প্রস্তুতি লগ্ন চতুর্থ দফায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন চরাঞ্চলের ছিন্নমুল মানুষগুলো। টানা চার সপ্তাহ ধরে সপ্তাহের শেষে দুই-তিন দিন বন্যার কবলে পড়ছে লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ। পলি ও বালু জমে তিস্তা ভরাট হওয়ায় সামান্যতেই তিস্তার পানি প্রবাহ লোকালয়ে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করে। পানি প্রবাহ কমে এলে তীব্র ভাঙনের মুখে পড়ে তিস্তাপাড়ের মানুষ। তাই নদী খনন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে তিস্তায় পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় চরাঞ্চলের আমন বীজতলা, সবজি, বাদাম ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। অনেক মৎস্য খামারের মাছ পানিতে ভেসে গেছে। অনেকের ফসলের ক্ষেত বন্যার পানিতে ডুবে গিয়ে ফসলহানীর শঙ্কায় চিন্তিত কৃষকরা। তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের পানিবন্দি পরিবারগুলো শিশু বৃদ্ধ ও গবাদি পশুপাখি নিয়ে পড়েছেন বিপাকে।

হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের চর হলদিবাড়ী গ্রামের আব্দুল ও রহিম উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে একটু একটু করে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আবারো বন্যায় ডুবেছে তাদের গ্রাম। টানা এক মাস ধরে থেমে থেমে বন্যা আসছে। মুক্তি হতে না হতেই আবারও পানিবন্দি হয়ে পড়ছি। প্রচণ্ড বেগে ধেয়ে আসছে তিস্তার ঘোলা পানি।

হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম বলেন, এ উপজেলার ছয়টি ইউনিয়ন তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। গত বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে। এরই মধ্যে তারা আবারও কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি প্রবাহ শুক্রবার সকাল থেকে বাড়তে থাকে। দুপুর ১২টার দিকে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তিন ঘণ্টা পর বিকেল ৩টার দিকে বেড়ে গিয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারাজ রক্ষার্থে সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে। তবে ভারতে পানি প্রবাহের উপর নির্ভর করবে বন্যা কতটুকু স্থায়ী হবে।

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিবে বিমান বাংলাদেশ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মালয়েশিয়ায় গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ১৮ জুলাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।কুয়ালালামপুর থেকে ঢাকায় এ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ফ্লাইটে শুধু বাংলাদেশি পাসপোর্টধারীদের ফিরিয়ে আনা হবে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।সেই সাথে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন ফেইসবুক পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।এতে জানানো হয়, করোনার মহামারিতে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফেরাতে এই ফ্লাইট পরিচালনা করা হবে।ফ্লাইটে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চড়তে হবে। ফ্লাইটের টিকিট কেনার জন্য ভিসার কপি জমা দিতে হবে বাংলাদেশিদের। ফ্লাইটের টিকিট চূড়ান্ত হওয়ার পর কোভিড টেস্ট করাতে হবে।বিমান জানায়, কুয়ালালামপুর থেকে ঢাকায় ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার টাকা ধরা হয়েছে। ভ্রমণ ও টিকিটের বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বড় সুখবর

করোনা ভাইরাসের তান্ডব শুরুর পর থেকে অসহায় হয়ে পড়েছে প্রবাসীরা। আর এই ক্ষতিগ্রস্ত অসহায় প্রবাসীদের প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। সরকার থেকে কোনো সুদ ছাড়াই প্রবাসী কল্যাণ ব্যাংককে এ অর্থ দেয়া হবে। প্রয়োজনে এ তহবিলের পরিমাণ বাড়ানো হবে।

ওই তহবিল হতে বিদেশ ফেরত প্রবাসীদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৪ শতাংশ সুদে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ বিষয়ে আগামী রোববার প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি চুক্তি স্বাক্ষর হবে। ওই দিন থেকেই এ ঋণ কর্মসূচি চালু হবে।

এর বাইরে সরকারি খাতে অন্যান্য বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নকারী সরকারি সংস্থা- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) থেকেও আলাদা ঋণ কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। এছাড়া প্রবাসীদের জন্য এসব প্রতিষ্ঠানের চলমান ঋণ কর্মসূচিগুলোও আরও সম্প্রসারণ করা হচ্ছে।

সূত্র জানায়, করোনা মহামারীর কারণে চাকরিচ্যুত হয়ে বা অন্য কোনো কারণে বিদেশ থেকে চলে আসা প্রবাসীদের সহজ শর্তে ও কম সুদে ঋণ দেয়ার জন্য সরকার প্রবাসী কল্যাণ ব্যাংককে ৫০০ কোটি টাকা দিয়েছে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকেও আরও ২০০ কোটি টাকা দেয়া হয়েছে। এই ৭০০ কোটি টাকাই সুদবিহীনভাবে দেয়া হয়েছে।

এ তহবিল থেকে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসা করার জন্য ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হবে। ঋণের বিপরীতে থাকবে গ্রেস পিরিয়ড। ঋণ পাবে ২ থেকে ৫ লাখ টাকা। বিশেষ করে কৃষি খামার, মাঝারি ধরনের কৃষিনির্ভর শিল্প, মুরগির খামার, মৎস্য চাষ, বায়োগ্যাস প্ল্যান্ট, সৌর জ্বালানি, তথ্য-প্রযুক্তিনির্ভর উদ্যোগ, একটি বাড়ি একটি খামার, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প, গরু মোটাতাজাকরণ, দুগ্ধ উৎপাদনকারী খামার প্রকল্পে ঋণ দেয়া হবে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে বিকল্প কর্মসংস্থান গড়ে তুলতে পারেন সে জন্যই এ ঋণ দেয়া হবে। সহজ শর্তে ও স্বল্প জামানতে তারা ঋণ পাবেন। ঋণ পরিশোধ পদ্ধতিও সহজ করা হবে। যাতে ব্যবসা করতে তাদের ওপর বাড়তি কোনো চাপ না পড়ে। প্রাথমিকভাবে ঋণের পরিমাণ ধরা হয়েছে ২ থেকে ৫ লাখ টাকা। পরবর্তীতে ব্যবসা ভালো হলে প্রয়োজনে আরও বেশি ঋণও নিতে পারবেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ব্যাংকের নিজস্ব তহবিল থেকেই এই ঋণ কর্মসূচি আগামী রোববার থেকে শুরু হবে। ইতোমধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকা পাওয়া গেছে। সরকার থেকে ৫০০ কোটি টাকা এখনও ছাড় হয়নি। তবে অচিরেই হবে বলে আশাবাদী।

সূত্র জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন দেশ থেকে ৬ লাখের বেশি বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। তাদের অনেকেই বেকার। এদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও ঋণ দেয়া হবে। এজন্য পিকেএসএফ থেকে সহযোগী সংস্থাগুলোকে অচিরেই নির্দেশনা দেয়া হবে। বিশেষ ক্ষুদ্র ও মাঝারি আয় সঞ্চারী উদ্যোগে এসব ঋণ দেয়া হবে।

এদিকে করোনার প্রভাব কেটে গেলে যেসব প্রবাসী বিদেশ থেকে এসেছেন তারা যাতে আবার বিদেশে যেতে পারেন সেজন্যও ঋণ দেয়া হবে। এছাড়া নতুন করে যাতে চাকরি নিয়ে বিদেশে যেতে পারেন সেজন্যও দেয়া হবে ঋণ। ইতোমধ্যে বিদেশে যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক বিশেষ ঋণ কর্মসূচি চালু করেছে। এ খাতে ৯ শতাংশ সুদে ঋণ দেয়া হয়। ঋণের পরিমাণ আড়াই থেকে ৩ লাখ। ঋণের মেয়াদ ১ থেকে ৩ বছর।

ত্রাণ ও স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও সক্রিয় হচ্ছে দুদক

ত্রাণ ও স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় হচ্ছে বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, করোনার কারণে কমিশনের নিয়মিত অভিযান স্থগিত রাখা হলেও ত্রাণ এবং স্বাস্থ্যখাতে চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও সক্রিয় করা হবে। জনগণের কল্যাণেই এসব অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১০ জুলাই) দুদকের এক বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রতিবেদনের ওপর পূর্ণাঙ্গ কমিশনের এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

দুদক কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সংস্থাটির চেয়ারম্যান বলেন, দুদকের ১৮ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত। দুইজন প্রতিশ্রুতিশীল কর্মকর্তা মারা গেছেন। এরমধ্যেও আপনারা মামলা করছেন, অপরাধীদের গ্রেফতার, অভিযোগ সংশ্লিষ্টদের তলব এবং জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ দুর্নীতির অভিযাগের অনুসন্ধান, তদন্ত, প্রসিকিউশন, প্রতিরোধসহ সব ধরনের দাফতরিক কার্যক্রম চলমান রয়েছে। এটা আপনাদের কৃতিত্ব। সবাই স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে বাসায় বসে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এ ক্ষেত্রে অবশ্যই নথির মুভমেন্ট রেজিস্টার অনুসরণ করতে হবে এবং তা কমিশন সচিবকে অবহিত করতে হবে।

কমিশনের মানিলন্ডারিং অনুবিভাগের কার্যক্রমের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশও করে দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ২০১৯ সালে কমিশন ১১টি মানিলন্ডারিং মামলার ১১টিতেই অপরাধীদের সাজা হয়েছে। ২০১৮ সালেও শতভাগ মামলায় সাজা হয়েছিল। এককভাবে যখন দুদক মানিলন্ডারিং মামলা করতো তখন অসংখ্য মামলা দায়ের হয়েছে। অসংখ্য অপরাধীর শাস্তি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থপাচার বন্ধে দ্রুত সময়ে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে অপরাধলব্ধ সম্পদ উদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে বিএফআইউ, সিআইডি, জাতীয় রাজস্ববোর্ডসহ অন্যান্য সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে।

কীভাবে এসব সংস্থার সঙ্গে কার্যকর সমন্বয় করা যায়, তা কমিশনের কৌশলপত্রের আলোকে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন ইকবাল মাহমুদ।

সাহারা খাতুনের মরদেহ আসছে রাতেই, দাফন শনিবার

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) রাতে ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে।

এরপর শনিবার (১১ জুলাই) নামাজের জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। দীর্ঘদিন নানান রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ’তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি। আর জাতি হারালো এক দক্ষ ও সৎ নারী নেত্রীকে৷তার মৃত্যুতে শোক জানান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও।

করোনা মোকাবেলায় সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে: রিজভী

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে মোকাবেলায় বর্তমান সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ বড় ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় সরকার শুরু থেকেই যে ধরণের ঢিলেঢালা মনোভাব প্রদর্শন করছিলো তার সমূহ বিপদ আঁচ করতে পেরে আমরা সরকারকে আগেই সতর্ক করে বলেছিলাম, করোনা টেস্ট এবং ট্রিটমেন্ট এর ব্যাপারে সরকারের সিরিয়াস হওয়া দরকার।

রিজভী বলেন, একেরপর এক এমন হৃদয় বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভূয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। দেশ-বিদেশের গণমাধ্যমের খবরে আরো জানা গেছে, ইতালী, চীন, জাপান, ভিয়েতনাম, কাতার, আরব আমিরাতসহ অনেকগুলো দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশীদের ইতালিতে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এটা একটা বিব্রতকর পরিস্থিতি। ইতালিতে বাংলাদেশীদের বাঁকা চোখে দেখা হচ্ছে। বাংলাদেশীদের বহনকারী বিমানকে বলা হচ্ছে ‘করোনা বোমা’।

এমনকি শতাধিক প্রবাসী বাংলাদেশী যারা গত বুধবার ইতালির রোমের বিমানবন্দরে গিয়ে পৌঁছেছিলেন, সেখানে তাদের অনেকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্রায় সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ইতালির মুলধারার গণমাধ্যমগুলোতে বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া সার্টিফিকেট কেনা বেচা নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, করোনা নিয়ে সরকারকে সিরিয়াস হতে শুরু থেকেই আহ্বান জানাচ্ছি। গত ২২ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করোনা টেষ্টের গুরুত্ব সম্পর্কে সরকারের প্রতি আহবান জানিয়ে স্পষ্ট করেই বলেছিলেন- ‘করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম দেখিয়ে নিজেদের কাগুজে সাফল্য দেখানোর চেয়ে বেশি জরুরী করোনাভাইরাস টেস্ট নিয়ে দেশে-বিদেশে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা অর্জন। কারণ, গ্লোবাল ভিলেজের এই সময়ে করোনাভাইরাস টেস্টের ব্যাপারে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বিশ্বাসযোগ্যতা হারালে ভবিষ্যতে নাগরিকদেরকে অত্যন্ত চড়া মূল্য দিতে হতে পারে।

এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানকে গতকাল নরসিংদী জেলা শহরের নিজ বাসভবন থেকে গ্রেফতার করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, করোনাকালে সরকারী ব্যর্থতাকে আড়াল করতেই সরকার দেশব্যাপী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, গ্রেফতার ও কারান্তরীণ করা হচ্ছে। এছাড়াও গুমের মতো অমানবিক ঘটনারও যেন হিড়িক পড়ে গেছে।

ভারতীয় সীমান্তে সড়ক-অবকাঠামো বানাচ্ছে চীন

সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরে আসার কথা বলা হলেও হিমালয় অঞ্চলে একের পর এক সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। চীনের সেনাবাহিনী ভারতীয় সীমান্তের কাছে এসব অবকাঠামো নির্মাণ করছে।

হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এ কাজে স্পাইডার এক্সকাভেটরসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে চীন। তাড়াহুড়া করে হিমালয় অঞ্চলে সড়ক ও অন্যান্য অবকাঠামোগুলো নির্মাণ করছে চীনা সেনাবাহিনী।

এর আগে সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সরে এসেছেন দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা, এমন খবর প্রকাশিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম ও চীনের সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে এ খবর ছাপা হয়। যদিও গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভারতীয়রাও সীমান্তে তাদের সেনা সদস্যদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে।

গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিরাজমান উত্তেজনার মধ্যে হিমালয় অঞ্চলে এসব অবকাঠামো নির্মাণের খবর এলো।

দিল্লিতে জামিন পেলেন তাবলিগের ৮২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ার অভিযোগে আটক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত এ জামিন মঞ্জুর করে।

ভিসার শর্ত লঙ্ঘন করে ধর্ম প্রচার এবং করোনা মোকাবিলায় সরকারের গাইডলাইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছিল এই বাংলাদেশিদের বিরুদ্ধে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার রুপি করে মুচলেকা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আটক বাংলাদেশিদের।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছেন।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সাহেদকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে।শুক্রবার (১০ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে যে কাজ করেছে শাস্তি তাকে পেতেই হবে। এতে সে যত ক্ষমতাবানই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।এ সময় সাহেদকে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে তাকে। তবে তারও উচিত আত্মসমর্পণ করা।এর আগে, নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা একে একে সিলগালা করে দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শাহেদের বিরুদ্ধে মামলাও করেছে র‍্যাব। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশের পক্ষ থেকে ইমিগ্রেশন বিভাগকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।