All posts by lutfor

৬ মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর থেকে খুলছে তাজমহল

৬ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর খুলে দেয়া হচ্ছে আগ্রার তাজমহল। ভারতজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করা শুরুর দিকে দেশব্যাপী লকডাউন কার্যকর করার আগে গেল ১৭ মার্চ মুঘল স্থাপত্যশৈলীর এই নিদর্শন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়।

গত শতকের ৬০ এর দশকে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় একবার বন্ধ রাখা হয়েছিল তাজমহল। এরপর এবার করোনাভাইরাসের জন্য তাজমহলের বন্ধ করা হয়েছে।এদিকে, ১ সেপ্টেম্বর আগ্রার অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো খুলে দেয়া হয়েছে। কিন্তু উচ্চমাত্রায় করোনা সংক্রমিত এলাকার কাছাকাছি হওয়ায় এখনও তাজমহল ও লাল কেল্লা বন্ধ রাখা হয়েছে।

তবে, ২১ সেপ্টেম্বর খুলে দেয়া হলেও তাজমহলে দর্শনার্থীর সংখ্যা সীমিত রাখা হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার দর্শনার্থী এই স্থাপত্যকর্ম পরিদর্শন করতে পারবেন।

অবশ্যই তাদের মাস্ক পড়তে হবে। কোন টিকিট কাউন্টার থাকবে না। অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। এসব বিধি-বিধানের কথা জানিয়েছেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের আগ্রা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রত্নতত্ববিদ বসন্ত স্বর্ণকার।

তিনি জানান, তাজমহল পরিদর্শনে করোনার সংক্রমণ রোধে কেন্দ্র সরকারের নেয়া সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। যেমন, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত স্যানিটাইজ করার মতো উপায় অবলম্বন করতে হবে। খুলে দেয়ার পর তাজমহল বন্ধ থাকবে শুক্র ও রোববার আর আগ্রা দুর্গ বন্ধ থাকবে রোববার।

স্বাভাবিক সময়ে তাজমহলের সৌন্দর্য উপভোগে প্রতিবছর ২০ থেকে ৩০ লাখ পর্যটক আসেন ভারতের আগ্রায়, এর মধ্যে ২ লাখের বেশি বিদেশী। ভারতের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে সবচেয়ে বেশি পর্যটক আসে ঠাণ্ডা মৌসুমে অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে।

বায়ূ দূষণকারী যানবাহন তাজমহলের কাছাকাছি আসা নিষিদ্ধ। তাই, পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়।

রোহিঙ্গারা ফেরত না গেলে দেশে সন্ত্রাসবাদের আশঙ্কা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা ফেরত না গেলে বাংলাদেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে। সেই সাথে সংকট সমাধানে আসিয়ানের ভূমিকার বিকল্প নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) ২৭তম আসিয়ান ফোরামের বৈঠকে এ কথা বলেন তিনি। আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেন ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনহ।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে তিনটি চুক্তি সই হয়েছে। মিয়ানমার বলেছে, রোহিঙ্গাদের জন্য সেখানে অনকূল পরিবেশ তৈরি করবে। তবে সেখানে অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় একজন রোহিঙ্গাও ফেরত যাননি। রোহিঙ্গারা ফেরত না গেলে উগ্রবাদের ঝুঁকি রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফেরানোর লক্ষ্যে রাখাইনে আসিয়ান, রাশিয়া, চীন, ভারতসহ অন্য যেকোনো বন্ধু দেশকে পছন্দমতো মিয়ানমার বেসামরিক পর্যবেক্ষক নিয়োগ করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ করোনা ভাইরাস মহামারি মোকাবিলা করছে। তবে খুব কম সংখ্যক রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার টিকা পাওয়া গেলে কোনও ধরনের বৈষম্য ছাড়াই তা বিতরণে জোর দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষ।

তারা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। ৯০ দশকে পালিয়ে আসা আরও ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা তো আগে থেকেই ছিল। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হলেও তা কেবলই এক প্রহসন হিসেবে হাজির রয়েছে।

২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমার কর্তৃক জোরপূর্বক রোহিঙ্গাদের বিতাড়ন ও সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ নিয়ে অনুসন্ধান শুরু করে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০২০ সালের জানুয়ারিতে গণহত্যা প্রতিরোধে মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ ঘোষণা করে।

তবে কিছুই মানেনি মিয়ানমার। দেশের ভেতরে সংঘটিত গুরুতর অপরাধ তদন্তের জন্য জাতিসংঘকেও অনুমতি দেয়নি তারা। নিজেরাও সামরিক নৃশংসতার বিরুদ্ধে নির্ভরযোগ্য কোনও তদন্ত চালায়নি।

আওয়ামী লীগের শক্তি জনগণ, বন্দুকের নল নয়: সেতুমন্ত্রী

বন্দুকের নল নয়, দেশের জনগণ আওয়ামী লীগের শক্তির উৎস বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবির প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বন্দুকের নল নয়। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে গত ৭০ বছর ধরে জনগণের পাশে থেকেছে আওয়ামী লীগ, তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো, তারা বোকার স্বর্গে বাস করছেন।

সেতুমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে -তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে বলেও জানান সড়কমন্ত্রী।আইডিইবি’র সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শকুন সংরক্ষণে সরকার কাজ করে যাচ্ছে : পরিবেশ মন্ত্রী

প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী বি’লু’প্তপ্রায় প্রজাতি শ’কু’ন সংরক্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনতিনি আজ শনিবার তার সরকারি বাস ভবন থেকে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে বন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণে প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী শ’কু’নের অবদান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দিন দিন উপকারী এই পাখিটি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। বি’লু’প্তপ্রায় এই শকুনকে বাঁচাতে গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার শকুন সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।পরিবেশ মন্ত্রী বলেন, নানা কারণে ৯৯ শতাংশ শকুন বিলুপ্ত হয়েছে। বর্তমানে দেশে মাত্র ২৬০টি শকুন রয়েছে। তাই সরকার শ’কু’নের সংখ্যা বৃদ্ধিতে কাজ করছে। এ সময় তিনি শকুন সংরক্ষণ ও প্রজাতিটি সংখ্যা বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি,মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু ও গ্লোবাল থ্রেটেন্ড স্পিসিজ অফিসার ও রয়্যাল সোসাইটি ফর দ্য প্রটেকশন অব দ্য বার্ডসর প্রোগ্রাম ম্যানেজার ক্রিস বাইডেন।

বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “মৎস্য খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ কারণে বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মাছের উৎপাদনে পরিপূর্ণতা এসেছে। এখন কোথাও মাছের সংকট নাই। যে পরিমাণ মাছ আমাদের প্রয়োজন, তার চেয়ে বেশি উৎপন্ন হচ্ছে। এ পরিবর্তনের ম্যাজিশিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) অডিটোরিয়ামে মৎস্য গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৈ, তেলাপিয়া এবং সাদা পাঙ্গাসের জার্মপ্লাজম মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ তৌফিকুল আরিফ ও মোঃ লিয়াকত আলীসহ মন্ত্রণালয় এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, “টেংরা, পাবদা, শিংসহ হারিয়ে যাওয়া যে সকল মাছ খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিলুপ্তপ্রায় সেসব মাছ আমরা আবার ফিরিয়ে আনছি। সেক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। বাঙালির নিজস্ব প্রজাতির মাছ মানুষের দোরগোড়ায় ফিরিয়ে আনার সমস্ত প্রক্রিয়া আমরা সামনে নিয়ে আসছি।

তিনি আরো বলেন, “সারা পৃথিবীতে আমাদের মাছের চাহিদা রয়েছে।  মৎস্য সম্পদের মাধ্যমে আমরা একদিকে পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ করছি, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। মৎস্য খাতকে এমন একটি জায়গায় আমরা নিয়ে যাবো, যেখানে গ্রামীণ অর্থনীতি সচল হবে, বেকার মানুষ উদ্যোক্তা হবে। দারিদ্র্য দূর হবে, পুষ্টির অভাব দূর হবে, খাদ্যের অভাব দূর হবে। অর্থাৎ এই খাতের ব্যবহারের পরিসর অনেক বড় হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো যোগ করেন, “মৎস্য খাতে যারা বিনিয়োগ করছেন তাদেরকে স্বল্পসুদে ও সহজ শর্তে আমরা ঋণ দিচ্ছি। মৎস্য খাতের ক্ষতিগ্রস্থদের আমরা আর্থিক প্রণোদনা দেবো, যেন তারা ঘুরে দাঁড়াতে পারে। শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ বিপন্ন থাকবে না। প্রান্তিক পর্যায়ের একটা পুকুর আমরা ফেলে রাখতে দেবো না। পুকুর খননের জন্য সাহায্য করা হবে, পুকুরে আধুনিক জাতের পোনা মাছ সরবরাহ করা হবে, পুকুরের মাছের খাবারের জন্য ভর্তুকি দেয়া হবে, কারিগরি সহায়তা দেয়া হবে। মৎস্য সম্পদ আমরা সারাদেশে বিস্তৃত করবো।

বর্তমানে মৎস্য সেক্টর একটা শিল্পে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশকে সমৃদ্ধ, আধুনিক, উন্নত সোনার বাংলাতে সত্যি সত্যি পরিণত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হচ্ছে মৎস্য সম্পদ। এ খাতকে আমরা পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।অনুষ্ঠানে মৎস্য খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এদিন সকালে বিএফআরআই ক্যাম্পাসে দেশীয় মাছের লাইভ জীন ব্যাংক উদ্বোধন করেন মন্ত্রী। পরে ইনস্টিটিউটের স্বাদু পানি কেন্দ্রে চলমান গবেষণা কার্যক্রম তথা মাছের জাত উন্নয়ন, বিলুপ্তপ্রায় মাছ সংরক্ষণ ও চাষ, বায়োফ্লক পদ্ধতিতে মৎস্য চাষ, অপ্রচলিত মৎস্য সম্পদ কুচিয়া ও মুক্তা চাষ, মহাশোল ও পাঙ্গাস মাছের প্রজনন ও চাষ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এরপর বন্যাউত্তর পুনর্বাসনের আওতায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন তিনি। বিকেলে বিএফআরআই-এর গবেষণা অগ্রগতি উপস্থাপন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

আ.লীগ সরকারই মেধার মূল্যায়ন করে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, মেধার মূল্যায়ন আওয়ামীলীগ সরকারই করে। আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য নেই। মেধা ভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। নিয়োগ পরীক্ষায় যারা ভালো করছে তারাই বিনা টাকায় চাকরি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ করে বলেন, তোমাদের ভালো করে লেখাপাড়া করতে হবে। সুশিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে। অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করায় দাতা সংস্থা পিকেএসএফ ও আরডিআরএস বাংলাদেশেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন রয়েছে, সেখানে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হয়।

শনিবার দুপুরে রৌমারী উপজেলা কনফারেন্স রুমে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পিকেএসএফের আর্থিক সহায়তায় ও আরডিআরএসের বাস্তবায়নে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার অতিদরিদ্র পরিবারের ২১জন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।

এতে কর্ম সহায়ক প্রকল্পের আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমম্বনয়কারী গৌতম কুমার হালদারের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাব্বি বাবু, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সিনিয়র ক্রেডিট অফিসার ময়েন উদ্দিন পাটোয়ারী, রৌমারী এলাকা ব্যবস্থাপক ফিরোজ জামান ও সাজেদুর রহমান, স্কুল ফিডিং কর্মকর্তা মো. জয়নাল আবেদিন ও মশিউর রহমান প্রমূখ।

খুলনা-৬ আসনের এমপি বাবু করোনায় আক্রান্ত

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর শরীরে করোনা পজিটিভি পাওয়া  ।গতকাল শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।তিনি জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। খুলনা মহানগরে থাকা তার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।

কুয়েতে প্রথম নারী বিচারপতি নিয়োগ

মুসলিম দেশ কুয়েতে ইতিহাসে প্রথম বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন নারীরা। কুয়েত সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া নতুন ৫৪ জন বিচারপতির মধ্যে আটজন নারী রয়েছেন। কুয়েতের সরকারি নিউজ এজেন্সি (কুনা) বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে।

কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল পরিষদের চেয়ারম্যান ইউসেফ আল মাতাওয়া জানিয়েছেন, নারী বিচারপতি হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতদিনের মেয়াদে আট মহিলাকে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

দেশটিতে নারীদের অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন কুয়েত উইমেন্স অ্যান্ড সোশ্যাল কালচারাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল মুল্লা বলেছেন, বিচারপতি হিসেবে নারীদের নিয়োগ আমাদের কাছে বড় জয়। আশা করছি, পুরুষের চেয়ে নারীরা যে কোনো অংশে পিছিয়ে নন, এবার তা প্রমাণ হবে।বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, এই নিয়োগগুলো হৃদয়গ্রাহী এবং আমরা বিশ্বাস করি আমরা উন্নত দেশগুলোর তালিকার দিকে এগিয়ে চলেছি।

রক্ষণশীল দেশ হিসেবে কুয়েতে দীর্ঘদিন নারীদের পর্দানসীন করে রাখা হয়েছিল। ঘরের বাইরে বের হওয়া তাঁদের কাছে ছিল চরম অপরাধ। এমনকী নাগরিক হওয়া সত্বেও দীর্ঘদিন তাঁদের ভোটাধিকার থেকেও বঞ্চিত করে রাখা হয়েছিল। রাজনীতিতে নামারও অধিকার ছিল না। নিজেদের অধিকার পেতে আইনি লড়াইয়ে নামেন কুয়েতের মহিলারা। শেষ পর্যন্ত ২০০৫ সালে দেশের নারীদের ভোটাধিকারের অধিকার দেয় কুয়েত সরকার। তার চার বছর বাদে ২০০৯ সালে প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য পায় কুয়েত।

সূত্র : আল আরাবিয়া।

১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভিতরে কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাশ নাম্বার লেখা ছিলো। ফেরত আসা বেশিরভাগ বয়সেই তরুণ বলে জানা যায় ব্র্যাকের অভিবাসন কর্মীদের কাছ থেকে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আমেরিকার একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় তাদের।ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হন তারা। এরপর বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে এভাবে কর্মীরা ফেরত এসেছেন।

সব মসজিদে এসির বিদ্যুৎ সংযোগ পরীক্ষার নির্দেশ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ তদন্তে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপকের (আব্দুল ওহাব) নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  প্রতিমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সকল বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নারায়ণগঞ্জে মসজিদে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।প্রতিমন্ত্রী এক শোকবার্তায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।